Home Blog Page 304

আপনাদের কি কোনো যোগ্যতা নেই!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিয়মিত কাজ করছেন নাটক ও ওয়েব কনটেন্টে। পাশাপাশি নাম লিখিয়েছেন সিনেমাতেও। সরকারি অনুদানের দুটি চলচ্চিত্রে অভিনয় শেষ করেছেন তিনি। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয়ে সামাজিক মাধ্যমেও সরব এই অভিনেত্রী। এরইমধ্যে গতকাল বুধবার দুপুরে ফেসবুক লাইভে ভক্তদের মাঝে ধরা দেন প্রভা।

কথা বলার সময় এক দর্শক প্রভাকে জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া প্রোফাইল চালানো হচ্ছে। এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘হ্যাঁ, অনেকগুলো ফেক আইডি দেখেছি। কালকেও একটা দেখেছি। এমনকি ওই আইডি থেকে আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হয়েছে- ‘আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন’। এগুলো মোটেই আমার নয়।’ ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় প্রভা আরও বলেন, ‘আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে আমার ছবি বা কাজ দিয়ে ফেইক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।’ তিনি স্পষ্ট করে দেন, তার নামে খোলা কোনো ভুয়া আইডি থেকে কেউ রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী কথা বা অর্থ দাবি করলে তা যেন কেউ বিশ্বাস না করেন। প্রভার ভাষায়, ‘আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। আপনারা দয়া করে বিচার করবেন না।’

কোমরব্যথা সমাধানে যা করবেন

লোয়ার ব্যাক পেইনকে অনেকেই তুচ্ছ করে দেখেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই অবহেলাই কোমর ব্যথাকে বড় বিপদের কারণ হতে পারে। সামান্য কোমরব্যথা জীবনের গতি থামিয়ে দিতে পারে। মূলত এই ব্যথা কোমরের নিচের অংশে হয়।

অর্থোপেডিক ও স্পোর্টস সার্জন ডা. ওবায়দুর রহমান জানিয়েছেন, কয়েকটি সাধারণ দৈনন্দিন ভুল এই ব্যথাকে বাড়িয়ে তোলে এবং দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতির দিকে ঠেলে দেয়।

তিনি বিশেষ করে ৩টি ভুল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন:

১. পা গুটিয়ে বা কুঁজো হয়ে না বসা

পা গুটিয়ে বা সামনে ঝুঁকে বসলে কোমরের মেরুদণ্ড অতিরিক্ত বাঁক নেয়। এতে ডিস্ক হেরনিয়েশনের ঝুঁকি বেড়ে যায় এবং ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে।

২. মোটরবাইক বা স্কুটার চালানোয় সতর্কতা

মোটরবাইক চালানোর সময় মেরুদণ্ডে ভার্টিকাল কম্প্রেশন বা চাপ বাড়ে। এই ধাক্কা শোষণকারী ডিস্কগুলো পেছনের দিকে ঠেলে যায়, ফলে ডিস্ক স্লিপ বা হেরনিয়েশনের ঝুঁকি বাড়ে।

৩. সামনে ঝুঁকে ভার না তোলা

বারবার সামনে ঝুঁকে ভারী কিছু তোলা বা সামনে ঝুঁকে কাজ করার ফলে কোমরের ডিস্কে চাপ পড়ে। আর এর ফলে কোমরের নিচের অংশে অনেক ব্যথা হয়। তাই এভাবে কাজ না করাই ভালো।

ডা. রহমানের মতে সুস্থ থাকতে লাইফস্টাইলের দিকে নজর দেয়া জরুরি। তার মতে মেরুদণ্ড ভালো রাখতেও কিছু নিয়ম মেনে চলা উচিত। অতিরিক্ত কাজ এবং ভুলভাবে বসার কারণে মেরুদণ্ডে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা থেকে কোমরের নিচের অংশে ব্যথার কারণ হতে পারে বলছেন চিকিৎসকরা। হালকা ব্যায়ামের মাধ্যমেই ব্যথা নিয়ন্ত্রণ সম্ভব।

নিয়মিত চোখের যত্ন নিন

চোখের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত কিছু অভ্যাস মানলে চোখ অনেকদিন সুস্থ থাকবে। যে কোনো বয়সেরই এখন স্ক্রিন টাইম বেশি হওয়ায় দরকার বাড়তি সতর্কতা। এছাড়া চোখকে সাজাতে যারা নানাকিছু ব্যবহার করেন তাদের জন্যও আছে বাড়তি যত্নের কিছু নিয়ম। চোখ পরিষ্কার রাখুন: চোখ যে আলাদা করে যত্ন নেওয়ার দরকার সেটাই আমাদের মাথায় থাকে না। কিন্তু চোখ নিয়ে আরেকটু মনোযোগী না হলে চোখের ক্লান্তি চেহারায় বয়সের ছাপ ফেলে দিতে পারে। কয়েকটি নিয়মের মধ্যে সবচেয়ে জরুরি হলো চোখ পরিষ্কার রাখা। প্রতিদিন মুখ ধোয়ার সময় চোখও ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

স্ক্রিন টাইম কমান: অফিস, বাসা, সামাজিক যোগাযোগমাধ্যমসহ এখন আমরা দীর্ঘ সময় কম্পিউটার/মোবাইলে থাকি। এমনকি কেউ কেউ মোবাইলে বা ট্যাবে পুরো সিনেমাও দেখে ফেলেন। দীর্ঘ সময় স্ক্রিনে তাকালে চোখ শুকিয়ে যায়। প্রতি ২০ মিনিটে ২০ সেকেন্ড ২০ ফুট দূরে তাকানোর নিয়ম (20-20-20 rule) অনুসরণ করুন। এটি চোখের জন্য আরামদায়ক।

সূর্যের আলো থেকে রক্ষা করুন: সানগ্লাস কেবল আপনার সৌন্দর্যের জন্য নয়। এটি আপনার চোখকে ক্ষতিকর আলো থেকে রক্ষা করে। বাইরে গেলে অবশ্যই সানগ্লাস ব্যবহার করুন।

সুষম খাবার খান: ভাবছেন খাওয়ার সঙ্গে চোখের যত্নের কী সম্পর্ক। নিয়মিত সুষম খাবার আপনাকে চোখের যে কোনো জটিলতা থেকে প্রাথমিক রক্ষা করতে পারে। ফলে খাবারের তালিকায় গাজর, পালং শাক, মাছ, ডিম ও ভিটামিন-এ সমৃদ্ধ খাবার রাখুন। এসব খাবার চোখের জন্য ভালো।

পর্যাপ্ত ঘুমান: ঘুম মানুষের জীবনে জরুরি একটি বিষয়। কেবল লন্বা সময় ঘুমই জরুরি না, সে ঘুম হতে হবে নিয়মিত। ঘুমের মধ্যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ, ত্বক রেস্ট পায়, শরীরের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, সেটা নিয়মিত না হলে নানা ধরনের অসঙ্গতি দেখা দেয়। তেমনই কম ঘুম হলে চোখে জ্বালা, লালচে ভাব ও ডার্ক সার্কেল হতে পারে। ফলে নিয়ম করে ঘুমানোর অভ্যাস করতে হবে।

চোখে হাত দিবেন না: চোখে হাত দেওয়া এড়িয়ে চলুন। বিশেষ করে নোংরা হাতে চোখ ঘষবেন না। হাত পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করতে হবে। চোখে হাত দিলেও সেটা আলতো করে দিতে হবে।

দিনে যখন যা করতে পারেন: একটি দৈনিক রুটিন তৈরি করে নিতে পারলে ভালো। সকালে ঘুম থেকে উঠে ঠাণ্ডা পানি দিয়ে চোখ ধুয়ে নিন। দুই মিনিট চোখ বন্ধ করে হালকা ম্যাসাজ করুন। সকালের নাশতায় গাজর, ডিম, শাকসবজি বা ফল রাখুন।

দুপুরে পড়াশোনা বা কাজের সময় মাঝেমধ্যে চোখ বন্ধ করে বসুন। এই বেলা যাই খান না কেন শসা বা ফলের সালাদ খেতে চেষ্টা করেন। বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করুন। চোখে মেকআপ করলে সাবধানে তুলবেন।

বিকালে চোখ আবারও ধুয়ে ফেলুন। হালকা ময়েশ্চরাইজার লাগান। শোয়ার আগে ঠাণ্ডা পানি দিয়ে চোখ ধুয়ে নিন। চাইলে শসা স্লাইস বা টি ব্যাগ চোখের ওপর ১০ মিনিট রাখতে পারেন। রাতের খাবারে মাছ (বিশেষ করে সামুদ্রিক মাছ), শাকসবজি রাখুন।

নিয়মিত চেকআপ: নিয়মিত চোখ পরীক্ষা করুন- বছরে অন্তত একবার চক্ষু বিশেষজ্ঞকে দেখান।

স্লোভেনিয়ায় নিষেধাজ্ঞা, নেতানিয়াহুর নিরাপদ ভ্রমণ সংকট

এবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে স্লোভেনিয়া।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার।

এর আগে গত জুলাই মাসে উগ্রপন্থি দুই ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোরিচ এবং ইতামার বেন গিভিরের ওপরও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল স্লোভেনিয়া।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত এই দেশ ২০২৪ সালে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সেই সময়ে আগস্টে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে এবং ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতিতে উৎপাদিত পণ্যের দেশটিতে প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়।

গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আইসিসির সদস্য দেশগুলো এই পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে বাধ্য। ফলে বিশ্বের অনেক দেশে নেতানিয়াহু এখন নিরাপদে যেতে পারছেন না।

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাত্রার সময় নেতানিয়াহু আইসিসির সদস্য দেশ ফ্রান্সের আকাশসীমা অতিক্রম না করে ভ্রমণ করেন। যদিও ইতালি ও গ্রিসও আইসিসির সদস্য, তবুও তারা নেতানিয়াহুর বিমানের অবতরণে বাধা দেয়নি।

নেতানিয়াহু ছাড়া ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের ওপরও আইসিসি নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এখনও তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর বিপরীতে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বর্তমানে পুরো আইসিসির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সম্ভাবনাও বিবেচনা করছে।

ইয়েমেনে ব্যাপক ইসরায়েলি হামলা, নিহত ৮

ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং অন্তত ১৪২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একাধিক স্থানে এ বিমান হামলা চালানো হয়। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, এতে অংশ নিয়েছে ডজনের বেশি যুদ্ধবিমান। হুতির কমান্ড হেডকোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা ছিল এ হামলার লক্ষ্য।

অন্যদিকে হুতিদের অভিযোগ, আবাসিক এলাকায় চালানো হয়েছে অভিযান। গুঁড়িয়ে দেয়া হয়েছে বেশ কয়েকটি ভবন। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ।

এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর) ইসরায়েলের ইলাত শহরে ড্রোন হামলার দাবি করে হুতি। যাতে আহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি।

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু। আর এ কারণে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের অনেক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, এ সময় সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে।

ভারতের তীব্র সমালোচনা করলেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অধিবেশনের ফাঁকে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে ভারত-বাংলাদেশ সাম্প্রতিক সম্পর্ক নিয়ে আলাপচারিতার সময় ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের আঞ্চলিক অর্থনীতির কথা ভাবা উচিত। এটাই আমাদের করা উচিত। কিন্তু বর্তমানে ভারতীয়দের সঙ্গে আমাদের সমস্যা হচ্ছে, কারণ তারা আমাদের শিক্ষার্থীদের কার্যকলাপ পছন্দ করছে না।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও তরুণদের মৃত্যুর জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। এটি ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তেজনাপূর্ণ সম্পর্ক তৈরি করেছে। পাশাপাশি ভারত থেকে অনেক মিথ্যা খবরও ছড়ানো হয়েছে, যা খুবই খারাপ বিষয়।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এসবের সঙ্গে তালেবানের প্রশিক্ষণ সম্পর্কিত খবর যুক্ত করা হয়েছে ভারতের সংবাদমাধ্যমে। এমনকি তারা বলেছে, আমি নিজেও নাকি তালেবান।

এ সময় মজার ছ‌লে তিনি ব‌লেন, আমার দাড়ি নেই, বাড়িতে রেখে এসেছি।

সার্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, একে অপরের দেশে সফর করা, বন্ধুত্ব গড়ে তোলা, বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়াশোনা করা এবং দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা বলেন, এটাই মূল ধারণা। তবে কিছুকাল আগে এটি কোনো এক দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খায়নি। তাই আমরা এটিকে স্থগিত করতে বাধ্য হই। আমরা দুঃখিত, এবং সবাইকে আবারও একত্রিত করতে চাই। এটাই আমাদের সমস্যার সমাধানের একমাত্র পথ।

ফার্মগেটে অর্ধশত আ.লীগ নেতাকর্মী আটক

রাজধানীর ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকায় মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরে বাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
ইবনে মিজান জানান, বুধবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। আমরা খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০-৩৫ জনকে আটক করেছি। আমাদের অভিযান চলছে। যে জায়গাগুলোতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেছি।

শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্প গোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০ শিল্প গোষ্ঠীর ব্যাংক ঋণে অনিয়ম, কর ফাঁকি, অর্থপাচারসহ নানা অনিয়ম অনুসন্ধান করছে সরকার গঠিত ১১টি তদন্ত দল। শেখ পরিবারসহ ১১টি শিল্প গ্রুপের পাচার করা বিপুল পরিমাণ অর্থ এবং পাচারের টাকায় বিদেশে গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের হদিস মিলেছে। ইতোমধ্যে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৫৭ হাজার ২৬০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ও শেয়ার জব্দ করা হয়েছে।
তদন্ত সংস্থাগুলোর কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে বলা হয়েছে। তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বয়ে যৌথ তদন্ত দল। সমন্বয়ের দায়িত্ব পালন করছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। কেন্দ্রীয় ব্যাংকে বিশেষ নিরাপত্তাবিশিষ্ট কক্ষে চলছে তদন্তের নথিপত্র প্রস্তুতের কাজ।
এছাড়া পাচার করা অর্থ উদ্ধারে কাজে সহায়তা করছে আন্তর্জাতিক চারটি প্রভাবশালী সংস্থা। এগুলো হলো- দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি (এসটিএআর), ইন্টারন্যাশনাল এন্টি করাপশন কোঅর্ডিনেশন সেন্টার (আইএসিসিসি), যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি (আইসিএআর)।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ছাড়া পাচারের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প গ্রুপগুলোর মধ্যে রয়েছে- সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিট গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ। এসব গ্রুপের পাশাপাশি গ্রুপের প্রধান ব্যক্তিদের ব্যক্তিগত আর্থিক বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে।
তথ্য অনুযায়ী, বিএফআইইউ এখন পর্যন্ত এক হাজার ৫৭৩টি ব্যাংক হিসাবে ১৬৮০ কোটি টাকা ও ৩ মিলিয়ন মার্কিন ডলারের পাশাপাশি ১৮৮টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) হিসাবে ১৫ হাজার ৫০০ কোটি টাকার অর্থ ও শেয়ার স্থগিত আছে।
এছাড়া আদালতের নির্দেশনায় এখন পর্যন্ত জব্দ করা দেশীয় সম্পদের পরিমাণ ৪৬ হাজার ৮০৫ কোটি টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ ৯ হাজার ৯৯৯ কোটি টাকা এবং অস্থাবর সম্পদ ৩৬ হাজার ৮০৬ কোটি টাকা। এছাড়া বিদেশে থাকা সম্পদ জব্দের পরিমাণ ১০ হাজার ৪৫৫ কোটি ৫৪ লাখ টাকা এর মধ্যে স্থাবর সম্পদ ৬০৯৭ কোটি টাকা এবং অস্থাবর সম্পদ ৪৩৫৪ কোটি টাকা। সব মিলিয়ে আদালতের নির্দেশনায় দেশে-বিদেশে স্থগিত সম্পদের পরিমাণ  ৫৭ হাজার ২৬০ কোটি ৫৬ লাখ টাকা।

সাইফের একার লড়াইয়ের পরও বাংলাদেশের হার, ফাইনালে ভারত

সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমনের নাম বাদ দিলে বাংলাদেশ দলের বাকি ৯জন ব্যটারের রান পাশাপাশি বসালে একটা টেলিফোন নাম্বার হয়ে যাবে নিশ্চিত। সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমনছাড়া আর কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি। বিশেষভাবে বললে, ভারতীয়দের সামনে একা বুক চিতিয়ে লড়াই করলেন সাইফ হাসান।
কিন্তু তার এই লড়াই মোটেও কাজে আসলো না। ভারতের কাছে ৪১ রানে হেরে যেতে হলো টাইগারদের। বড় জয়ে ফাইনাল নিশ্চিত করলো ভারত। আর বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হয়ে গেলো অঘোষিত সেমিফাইনাল।
প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ভারত। জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে ১৯.৩ ওভারে ১২৭ রানে। সর্বোচ্চ ৬৯ রান করেন সাইফ হাসান।
সাইফ হাসান এবং তানজিদ তামিম জুটি ভালো একটি সূচনা এনে দেবেন, এটাই ছিল সবার প্রত্যাশা; কিন্তু জসপ্রিত বুমরাহ বোলিংয়ে আসার সঙ্গে সঙ্গে যেন থমকে যান তানজিদ তামিম। তার বলে বোকার মত ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ তুলে দেন তানজিদ তামিম। ৩ বলে ১ রান করে আউট হয়ে যান তিনি। এরপর পারভেজ ইমন এবং সাইফ হাসান মিলে ৪২ রানের জুটি গড়ে তোলেন।
পারভেজ ইমন ১৯ বলে ২১ রান করে আউট হয়ে গেলেই ডায়রিয়া শুরু হয় বাংলাদেশের ব্যাটিংয়ে। একপাশে নিঃসঙ্গ শেরপার মত লড়াই চালিয়ে যান সাইফ হাসান। তাওহিদ হৃদয় ৭ রানে, শামীম হোসেন পাটোয়ারী শূন্য রানে, জাকের আলী অনিক ৪ রানে, সাইফউদ্দিন ৪ রানে, রিশাদ হোসেন ২ রানে, তানজিম সাকিব শূন্য রানে, মোস্তাফিজ ৬ রান করে আউট হন। নাসুম আহমেদ অপরাজিত থাকনে ৪ রান করে।
ভারতের কুলদিপ যাদব নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি করে উইকেট নন জসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তি। অক্ষর প্যাটেল ও তিলক ভার্মা ১টি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ভারত। ৩৭ বলে ৭৫ রানের টর্নেডো খেলেন অভিষেক শর্মা। তার ইনিংস সাজানো ছিল ৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কায়।