Home Blog Page 305

ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালেন প্রকাশ রাজ

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ ফিলিস্তিনে চলমান নৃশংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে এর জন্য ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে ফিলিস্তিনে ইসরায়েলের ‘গণহত্যার’ বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়।

অভিনেতা প্রকাশ রাজ ছাড়াও এতে যোগ দেন অভিনেতা সত্যরাজ এবং চলচ্চিত্র নির্মাতা ভেত্রিমারনসহ আরও অনেক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিবাদ সমাবেশে প্রকাশ রাজ বলেন, ‘যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে রাজনীতি বলা হয় তবে হ্যাঁ, এটি রাজনীতি এবং আমরা কথা বলবই। যুদ্ধ শেষ হবে, নেতারা হাত মেলাবেন এবং চলে যাবেন কিন্তু কোনো এক জায়গায় একজন মা তার ছেলের জন্য, একজন স্ত্রী তার স্বামীর জন্য এবং শিশুরা তাদের বাবার জন্য অপেক্ষা করবে। এটাই হলো সত্য।’

প্রকাশ রাজ ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, ‘ফিলিস্তিনে বর্তমানে যে অবিচার চলছে, তার জন্য শুধু ইসরায়েল নয়, আমেরিকাও দায়ী। আর নরেন্দ্র মোদির নীরবতাও সমানভাবে দায়ী।’

অভিনেতা সত্যরাজ গাজায় চলমান হত্যাকাণ্ডকে অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ বলে নিন্দা জানান। তিনি প্রশ্ন করেন, ‘কীভাবে গাজায় বোমা ফেলা হয়? মানবতা কোথায়? এমন নৃশংসতা করার পর এসব মানুষ কীভাবে শান্তিতে ঘুমায়?’

চলচ্চিত্র নির্মাতা ভেত্রিমারন ফিলিস্তিনের আগ্রাসনকে পরিকল্পিত গণহত্যা বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘গাজায় শুধু আবাসিক এলাকা নয়, স্কুল এবং হাসপাতালেও বোমা ফেলা হচ্ছে। এমনকি জলপাই গাছগুলোও ধ্বংস করা হচ্ছে, যা মানুষের জীবন-জীবিকার একটি উৎস।’

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যে ভূমি জরিপ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর

দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মধ্যে ডিজিটাইজড ক্যাডাস্ট্রাল সার্ভে ও সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়ন বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দেশে ভূমিসেবায় নতুন দিগন্তের উন্মোচন হলো বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ২০২৫ কে-জিও ফেস্টে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদ এবং দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মি. লি সাং কিয়ং এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

ভূমি মন্ত্রণালয় জানায়, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ডিজিটাইজড ভূমি জরিপ পরিচালনা এবং সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়নের পথ সুগম হলো। এর মাধ্যমে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় শতভাগ ডিজিটালাইজেশনের পথে আরও একধাপ এগিয়ে গেল।

বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জরিপ হিসেবে এটি বিবেচিত হচ্ছে। আনুমানিক প্রতি ২৫ বছর পরপর ভূমি জরিপ হয়ে থাকে। বাংলাদেশে নতুন যে জরিপ শুরু হয়েছে এটি সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে করা হবে। বাংলাদেশ ডিজিটাল সার্ভে মূলত ভূমি সংক্রান্ত আধুনিক ডিজিটাল জরিপ কার্যক্রম, যা ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন করার লক্ষ্যে পরিচালনা করছে।

এর ফলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে জমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ, মালিকানা যাচাই এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব করা সম্ভব হবে। এর মূল উদ্দেশ্য হলো জমি নিয়ে বিরোধ কমানো, দলিল ও রেকর্ডের সঠিকতা নিশ্চিত করা এবং নাগরিক সেবা অটোমেশনের মাধ্যমে মানুষের ভোগান্তি কমানো।

এছাড়াও ভূমির পরিমাণ, অবস্থান, ব্যবহারযোগ্যতা ও ভূমির শ্রেণিবিন্যাস সম্পর্কে নির্ভুল ও হালনাগাদ তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ ও সংরক্ষণ করার একটি ব্যবস্থা গড়ে উঠবে।

সাইফুজ্জামানের চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, কর্মকর্তা আটক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট ভারী শিল্প এলাকায় আরামিট গ্রুপের অফিস থেকে তাকে আটক করা হয়।

দুদকের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলার আসামি আরামিটের এজিএম জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফুজ্জামান চৌধুরীর সই করা চেকগুলোর আসল কপিসহ (মুড়ি) জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে।

দুদক চট্টগ্রাম কার্যালয় সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, সাইফুজ্জামানের চেক ব্যবহার করে ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও মেঘনা ব্যাংক ১ কোটি ৭৬ লাখ টাকা তোলা হয়।

এরমধ্যে ইসলামী ব্যাংকে ৪টি চেকে ১ কোটি টাকা উত্তোলন, জনতা ব্যাংকে ৩টি চেকে ৩০ লাখ টাকা, সোনালী ব্যাংকে ৩টি চেকে ৩৬ লাখ টাকা ও মেঘনা ব্যাংকে ১টি চেক ব্যবহার করে মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করা হয়।

এর আগে গত ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী, ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, সাবেক মন্ত্রী জাবেদের মালিকানাধীন আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের নামে পাঁচটি নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিং, আলফা ট্রেডার্স, ক্ল্যাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং খোলা হয়। এসব প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রাম বন্দর শাখায় হিসাব খুলে গম, ছোলা, হলুদ ও মোটর আমদানির নামে ২৫ কোটি টাকার টাইমলোন অনুমোদন করানো হয়।

ব্যাংকের নিজস্ব ক্রেডিট কমিটির ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ উপেক্ষা করে ২০২০ সালের ৮ মার্চ পরিচালনা পর্ষদ ওই ঋণ অনুমোদন দেয়। এরপর সেই টাকা ভাগ করে একই ব্যাংকের চারটি হিসাব নম্বরে স্থানান্তর ও পরে নগদে উত্তোলন করা হয়।

অভিযোগে বলা হয়, টাকা স্থানান্তর করা এসব প্রতিষ্ঠানের মালিকরা আরামিট গ্রুপের কর্মচারী। নগদ উত্তোলনের পর আরামিট গ্রুপের হিসাবগুলোতে পে-অর্ডার ও ভাউচারের মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৭১ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে।

গাজায় যুদ্ধ বন্ধ করলেই নোবেল শান্তি পুরস্কার— ট্রাম্পকে বললেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, গাজায় যুদ্ধ চলতে থাকলে নোবেল শান্তি পুরস্কারের কোনো সম্ভাবনা নেই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সংঘাত বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ তৈরি করতে হবে এবং এই মুহূর্তে কার্যকর ভূমিকা নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

এছাড়া ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর যদি ইসরায়েল ফ্রান্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, তবে তার জবাব দিতে ফ্রান্স প্রস্তুত।

মঙ্গলবার ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি এমনটা হয়, আমরা জবাব দেবো। আমরা প্রস্তুত। সবকিছুর জন্য প্রস্তুত আছি। তবে আমি মনে করি, এই মুহূর্তে আমাদের শান্তির পথ ও বন্ধুত্বের পথ বেছে নেওয়া উচিত।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার কথা বলছেন এবং সংঘাত মীমাংসার জন্য নোবেল শান্তি পুরস্কারের দিকে নজর রাখছেন, এ প্রসঙ্গে ম্যাক্রোঁ সরাসরি বলেন, “নোবেল শান্তি পুরস্কার তখনই সম্ভব, যদি এই যুদ্ধ বন্ধ হয়। তাই ইসরায়েলি সরকারকে গাজায় সংঘাত থামাতে চাপ দেওয়া জরুরি।”

তিনি আরও বলেন, এর জন্য শুধু রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েল ফ্রান্সের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, এমন প্রশ্নে ম্যাক্রোঁ জানান, ফ্রান্স “সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি” নিয়েছে।

তিনি বলেন, “যদি গাজা শহরে যুদ্ধ চলতেই থাকে, যদি সেনারা আজও সামনে এগিয়ে গিয়ে সাধারণ মানুষকে হত্যা করতে থাকে, তবে আমরা নিশ্চুপ থাকতে পারি না।”

মার্কিন চাপ ইসরায়েলের ওপর কার্যকর হবে বলেও মন্তব্য করেন তিনি। ম্যাক্রোঁ বলেন, ইসরায়েলের বর্তমান নীতি কোনো পরিকল্পনা নয়, বরং নিজেদের জনগণকে “অবিরাম যুদ্ধের” মধ্যে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, “এ পরিস্থিতির মুখে একজন আছেন যিনি কার্যকর পদক্ষেপ নিতে পারেন, তিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কেন তিনি বেশি কিছু করতে পারবেন? কারণ আমরা সেই অস্ত্র সরবরাহ করি না, যেগুলো দিয়ে গাজার যুদ্ধ চালানো হচ্ছে। আমরা কোনো যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করি না। যুক্তরাষ্ট্রই তা করছে।”

ম্যাক্রোঁ আরও বলেন, “আমরা যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছি, তা ইসরায়েল এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার, উভয়ের ওপর চাপ বাড়াতে সাহায্য করছে। একইসঙ্গে এটি ইসরায়েলিদেরও বুঝতে সাহায্য করছে যে, এটি একটি শান্তির উদ্যোগ এবং আমরা তাদের সঙ্গেই এটি বাস্তবায়ন করতে চাই।”

এর আগে সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আগে উচ্চপর্যায়ের সম্মেলনে লুক্সেমবার্গ, বেলজিয়াম, অ্যান্ডোরা, ফ্রান্স, মাল্টা, মোনাকো ও সান মারিনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

এর একদিন আগে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। এর ফলে ১৯৮৮ সালে প্রয়াত নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করার পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫৯টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো।

চট্টগ্রাম বন্দরের সংস্কার ও আধুনিকীকরণে সহায়তার আহ্বান প্রধান উপদেষ্টার

চুরি হওয়া তহবিল উদ্ধারে সহায়তা এবং চট্টগ্রাম বন্দরের সংস্কার ও আধুনিকীকরণে বিশ্বব্যাংক এর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে তারা ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ, রাজস্ব ও ব্যাংকিং খাতের সংস্কার, চট্টগ্রাম বন্দরের পুনরুজ্জীবন, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ এবং এশিয়া জুড়ে যুবসমাজের ক্রমবর্ধমান রাজনৈতিক অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

এসময় কোটি কোটি ডলারের চুরি যাওয়া সম্পদ উদ্ধারের বিষয়েও আলাপ হয়।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বঙ্গ গত ১৪ মাসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তার ভূমিকার কথা তুলে ধরেন।

অধ্যাপক ইউনূস জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বিশ্বব্যাংকের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি চুরি হওয়া তহবিল উদ্ধারে এবং চট্টগ্রাম বন্দরের সংস্কার ও আধুনিকীকরণে বিশ্বব্যাংকের সহযোগিতা চান। পাশাপাশি তিনি লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন।

অধ্যাপক ইউনূস বলেন, চট্টগ্রাম বন্দর এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাবিকাঠি। আসুন একসঙ্গে উন্নয়ন করি। স্থলবেষ্টিত নেপাল ও ভুটানসহ ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্য একটি আধুনিক বন্দর থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে।

অজয় বঙ্গ ব্যাংকিং ও আর্থিক খাতে শক্তিশালী সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, টেকসই ও উচ্চ প্রবৃদ্ধির অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে এগুলো অপরিহার্য।

সভায় আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।

এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ নির্দেশ দেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করে নেয় এস আলম গ্রুপ। এরপর ব্যাংকটি থেকে নামে-বেনামে এক লাখ কোটি টাকার বেশি তুলে নেয় গ্রুপটি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় গ্রুপটি। এসব ঋণ এখন এক এক করে খেলাপি হতে শুরু করেছে। এ নিয়ে আইনি প্রক্রিয়ায় নিলামে উঠছে। সব মিলিয়ে বড় ধরনের সংকটে পড়েছে ইসলামী ব্যাংক।

চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর গ্রুপটি সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক দখল করে নেয়। তবে সব মিলিয়ে তারা একসঙ্গে ৮টি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়।

জাতীয় নির্বাচনকে ঘিরে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করছে বিএনপি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী নির্ধারণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। আগামী অক্টোবরের মধ্যেই প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে চায় দলটি।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে মিত্র রাজনৈতিক দলগুলোকে আসন ছাড় দেওয়ার বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

সূত্র জানায়, তফসিল ঘোষণার আগেই অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। এ জন্য দলীয় জরিপ ও সাংগঠনিক টিমের প্রতিবেদনের সমন্বয়ে প্রার্থীদের তালিকা তৈরি করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে প্রায় দেড়শ আসনে প্রার্থী নিয়ে তেমন জটিলতা নেই বলে মনে করছে হাইকমান্ড। বাকি আসনগুলোতে চূড়ান্ত প্রার্থী নির্ধারণে চলছে জোর তৎপরতা।

বৈঠকে আরও জানানো হয়, ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হবে। এবার মনোনয়নে ‘চমক’ও আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

এ বৈঠকে কলকাতার একটি পত্রিকায় দেওয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়েও আলোচনা হয়। ফখরুল ব্যাখ্যা দেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। স্থায়ী কমিটি তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে মহাসচিবের পাশে থাকার ঘোষণা দেয়।

অন্যদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিএনপি। এ জন্য কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে, যাতে রুহুল কবির রিজভী প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া নিউইয়র্কের বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল আচরণের নিন্দা জানায় স্থায়ী কমিটি। নেতাদের অভিমত, এ ঘটনাই প্রমাণ করে আওয়ামী লীগ সন্ত্রাসী চরিত্রের দল।

একই পরিবারের তিনজন দৃষ্টিহীন, পাশে দাঁড়ালেন তারেক রহমান

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়েয়ালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিলন মণ্ডল। চোখের আলোহীন স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে অন্ধকার জীবনের লড়াই করছেন। এ খবর জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বাড়ীয়ালী গ্রামে গিয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান তাদের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় পরিবারটির সার্বিক খোঁজখবর নেওয়াসহ চিকিৎসার আশ্বস্ত করেন। এ ছাড়া একই উপজেলার বিএনপির অসুস্থ থাকা নেতাকর্মীদের খোঁজখবর নেন।

যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান বলেন, মা ও দুই দৃষ্টিহীন মেয়ে নিয়ে পরিবারটি দীর্ঘদিন ধরে অসহায় ও অসচ্ছল অবস্থায় জীবনযাপন করছে। বিএনপি মানবতার দল। গণমানুষের জন্য কাজ করে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদানসহ চিকিৎসার আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর চৌগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আলী বুদ্দিন খান, যুবদলের আহ্বায়ক এম এ মান্নানসহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়েয়ালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিলন। হরেক রকম কাজ করে কোনোমতে সংসার টেনে নিয়ে যাচ্ছেন তিনি। চারজনের সংসারের একমাত্র উপার্জনকারী এ মানুষটি একই সঙ্গে সংসারের সকল কাজও করেন। সংসার সুখের ছিল মিলনের।

স্ত্রীকে নিয়ে ২১ বছর পার করেছেন ভালোভাবেই। কিন্তু পাঁচ বছর আগে হঠাৎই স্ত্রীর দুই চোখ নষ্ট হয়ে যায়। অন্যদিকে নয় বছর বয়সী বড় মেয়ে মারুফা জন্ম থেকেই অন্ধ। এ ছাড়া সাত বছর বয়সী ছোট মেয়ে মরিয়মের দুই চোখ সুস্থ নিয়েই জন্ম হলেও দুই বছর আগে একটি চোখ অন্ধ হয়ে যায়। অন্য চোখেও খুব কম দেখতে পারে সে। ফলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে মিলনের দুশ্চিন্তার শেষ নেই।

ব্যাংককে রোমান্স করছেন ইমরান হাশমি-দিশা পাটানি!

বলিউডের জনপ্রিয় নায়ক ইমরান হাশমি। রোমান্টিক চরিত্রে তার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে সেই ক্যারিয়ারের শুরু থেকেই। এবার তিনি ফিরছেন নতুন প্রজন্মের নায়িকা দিশা পাটানির সঙ্গে। বর্তমানে তারা ব্যস্ত আছেন ‘আওয়ারাপন ২’ ছবির শুটিংয়ে।
থাইল্যান্ডের ব্যাংককে চলছে ছবিটির দৃশ্যধারণ। নির্মাতা বিশেশ ভাট এবং নিটিন কাকার বলছেন, পুরো শুটিং মাসব্যাপী চলবে কাজ। সিনেমার প্রায় অর্ধেক দৃশ্যায়ন ব্যাংককে শেষ করা হবে।
এক সূত্র জানিয়েছে, ‘এই শুটিংয়ে প্রধান দুই নায়ক-নায়িকা এবং পুরো টিম ব্যাংককে অবস্থান করবে এক মাস ধরে। পুরো কাহিনীও ব্যাংকককে ঘিরে আবর্তিত। তাই বাস্তব লোকেশনেই হবে কাজ।’
প্রযোজক বিশেশ ভাট এই ছবির সংগীতের দিকে বিশেষ নজর দিচ্ছেন। সূত্রের কথায়, ‘আওয়ারাপন সিরিজের ছবিগুলোতে সংগীত সবসময় গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় কিস্তি ফ্যানদের হতাশ করবে না। ব্যাংককের শুটিং শেষে নভেম্বর মাসে আরেকটি শুটিং সেশন হবে। আশা করা হচ্ছে, পুরো কাজ আগামী জানুয়ারিতে শেষ করা যাবে।’
সূত্র আরও জানিয়েছে, ‘আওয়ারাপন ২’ ছবির মুক্তির দিনক্ষণ আগামী বছরের ৩ এপ্রিল নির্ধারিত।
ইমরান হাশমি ছবিটিতে আবারও শিবম চরিত্রে ফিরতে উত্তেজিত হয়ে আছে। দিশাও প্রিয় অভিনেতার সঙ্গে পুরো ছবির রোমান্টিক যাত্রা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন।

আইসিসি থেকে বড় শাস্তি পেল ভারত ক্রিকেট দল

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর অল্প কিছুদিন বাকি। তবে তার আগেই ভারতের নারী দলকে শাস্তি দিল আইসিসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে তাদের এ শাস্তি প্রদান করা হয়।
শেষ ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারত নারী দলকে। দিল্লিতে অনুষ্ঠিত ওই ম্যাচে বেথ মুনি ও স্মৃতি মান্ধানার শতকের পরও হার এড়াতে পারেনি ভারত। অস্ট্রেলিয়া জিতেছিল ৪৩ রানে।
ওভার রেটের হিসেবে, নির্ধারিত সময়ের থেকে দুই ওভার পিছিয়ে ছিল ভারত। এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি জিএস লক্ষ্মী ভারতকে এই শাস্তি দেন।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রত্যেক ওভার না করতে পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা গুনতে হয়। সে অনুযায়ী ভারত দলকে ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ভারত অধিনায়ক হারমানপ্রিত কর অভিযোগ স্বীকার করে নেন এবং শাস্তি মেনে নেন। তাই আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।