Home Blog Page 310

৪১ শতাংশ মাশুল বেড়েছে চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে ট্যারিফ (মাশুল) বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রায় ৪০ বছর পর রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। মাশুল বাড়ায় ভোক্তাদের ওপর চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবমিলিয়ে এবার গড়ে ট্যারিফ বেড়েছে ৩৫ থেকে ৪১ শতাংশের মতো। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বর্তমান সময়ে ট্যারিফ বাড়ানোর বিষয়টি উদ্বেগের।

চট্টগ্রাম বন্দরে মোট ৫২টি খাতে মাশুল আদায় করা হয়। সেখান থেকে ২৩টি খাতে সরাসরি বর্ধিত হারে ট্যারিফ আদায় অনুমোদন হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী বন্দর ব্যবহারকারীদের কাছ থেকে আদায়যোগ্য ভাড়া, টোল, রেইল, ফি ও মাশুলের ক্ষেত্রে নতুন ট্যারিফ তফসিল কার্যকর হয়েছে। মাশুলের ক্ষেত্রে ডলারপ্রতি বিনিময়মূল্য ধরা হয়েছে ১২২ টাকা। ডলারের বিনিময়মূল্য বাড়লে মাশুলও বাড়বে। বন্দর কর্তৃপক্ষ ডলার হিসেবে মাশুল আদায় করে।

প্রজ্ঞাপন অনুসারে, সবচেয়ে বেশি মাশুল বেড়েছে কনটেইনার পরিবহন খাতে। প্রতিটি ২০ ফুট লম্বা কনটেইনারে ১১ হাজার ৮৪৯ টাকা থেকে ৪ হাজার ৩৯৫ টাকা বেড়ে নতুন মাশুল দাঁড়িয়েছে ১৬ হাজার ২৪৩ টাকা। এ হিসেবে প্রতি কনটেইনারে মাশুল বেড়েছে গড়ে ৩৭ শতাংশ।

আবার কনটেইনারবাহী জাহাজের ক্ষেত্রে আমদানি কনটেইনারের জন্য ৫ হাজার ৭২০ টাকা ও রপ্তানি কনটেইনারের জন্য ৩ হাজার ৪৫ টাকা মাশুল বেড়েছে। প্রতিটি কনটেইনার ওঠানামার ক্ষেত্রে মাশুল বাড়ানো হয়েছে প্রায় তিন হাজার টাকা। কনটেইনারের প্রতি কেজি পণ্যের জন্য মাশুল আগের ১ টাকা ২৮ পয়সার সঙ্গে আরও ৪৭ পয়সা বাড়ানো হয়েছে। সার্বিকভাবে শুধু ওঠানামাসহ কনটেইনার পরিবহন খাতেই মাশুল বেড়েছে ২৫ থেকে ৪১ শতাংশ।

১৯৮৬ সালে সর্বশেষ চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে ট্যারিফ বাড়ানো হয়েছিল। প্রায় ৪০ বছর পর অন্তর্বর্তী সরকার বন্দরের ট্যারিফ বাড়ানোর উদ্যোগ নেয়।

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন বলেন, ‘এই মুহূর্তে ট্যারিফ বাড়ানো উচিত হয়নি। বন্দর যখন ট্যারিফ বাড়ানোর প্রস্তাব করেছিল, তখন আমরা আপত্তি করেছিলাম। আর যদি বাড়াতেই হয় তাহলে যেন সেটা ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে সহনীয় পর্যায়ে রাখা হয়, সেটা বলেছিলাম। কিন্তু এখন ৪১ শতাংশ হারে ট্যারিফ কার্যকর করা হয়েছে। বন্দরের উচ্চহারের ট্যারিফ বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে চাপ বাড়াবে।’

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘ট্যারিফ বাড়ানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেবা খাতের ওপর ভিত্তি করে ট্যারিফ বেড়েছে ৩৫ থেকে ৪১ শতাংশের মতো। এই ট্যারিফ সোমবার থেকে কার্যকরের চেষ্টা করা হয়েছে। তবে বন্দরের বিভিন্ন সফটওয়্যার ও সিস্টেমে আপডেট করার কাজ চলছে, যা শেষ করতে সময় লাগবে। সিস্টেম আপডেট করার কাজ শেষে পুরোপুরি ট্যারিফ আদায় করা হবে।’

দেশে আমদানি-রপ্তানিকেন্দ্রিক সমুদ্র বাণিজ্যের ৯২ শতাংশ এবং কনটেইনার ও পণ্য পরিবহনের ৯৮ শতাংশ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। সরকারি প্রজ্ঞাপন অনুসারে, সবচেয়ে বেশি ট্যারিফ বেড়েছে কনটেইনার পরিবহন খাতে।

২৬৬ কোটি টাকার ফাঁকিতে চাকরিচ্যুত কর কর্মকর্তা জাহাঙ্গীর ও মাসুদ!

বড় অঙ্কের ঘুষের বিনিময়ে একটি কোম্পানির প্রযোজ্য ২৯৯ কোটি টাকার আয়কর কমিয়ে ৩৩ কোটি টাকা নির্ধারণ করে চাকরি হারালেন কর অঞ্চল-১৬ এর যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান।

জোবাইদা করিম জুট মিলস লিমিটেড নামের প্রতিষ্ঠানটির ২৬৬ কোটি টাকা কর কমাতে তারা ৩৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন, এমন অভিযোগ প্রমাণিত হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পৃথক আদেশে মোহাম্মদ মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত এবং তৎকালীন উপকর কমিশনার, বর্তমানে যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা পৃথক আদেশ সূত্রে বিষয়টি জানা গেছে।

চাকরি হারানোর পেছনের গল্প খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে তাদের দুর্নীতির তথ্য-উপাত্ত। এনবিআরের গোয়েন্দা প্রতিবেদন সূত্রে জানা যায়, কোম্পানি থেকে ঘুষ নিয়ে রাষ্ট্রের ২৬৬ কোটি টাকা রাজস্ব ক্ষতির চেষ্টা করেছেন তারা। তারা দুজন স্বীকারও করেছেন। তবে শেষ পর্যন্ত সফল হননি।

বিভিন্ন সূত্রে জানা যায়, মো. জাহাঙ্গীর আলম উপকর কমিশনার হিসেবে বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত একজন কর্মকর্তা। তিনি ২০২৪ সালের ২১ অক্টোবর কর অঞ্চল-১, চট্টগ্রাম থেকে বদলি হয়ে কর অঞ্চল-১৮, ঢাকায় উপকর কমিশনার হিসেবে যোগদান করেন। চলতি বছরের ৭ জুলাই উপকর কমিশনার থেকে যুগ্ম কর কমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। ১০ জুলাই তাকে ঢাকার কর অঞ্চল-১৮ হতে কর অঞ্চল-১৬ এর পরিদর্শী রেঞ্জ-৪ এ বদলি করা হয়েছিল। আর চলতি বছরের ৪ সেপ্টেম্বর নোয়াখালীর কর অঞ্চলেরর পরিদর্শী রেঞ্জ-৩ এ বদলি করা হয়। অন্যদিকে অতিরিক্ত সহকারী কর কমিশনার বা ইএসিটি মোহাম্মদ মাসুদুর

গোয়েন্দা প্রতিবেদন সূত্রে জানা যায়, কর অঞ্চল-১৮ এর আওতাধীন করদাতা প্রতিষ্ঠান জোবাইদা করিম জুট মিলস লিমিটেড। করিম গ্রুপের পাটজাত পণ্য রপ্তানিমুখী প্রতিষ্ঠানটি দুই করবর্ষের ২৯৯ কোটি টাকার কর নির্ধারণ করা হয়। নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানটি ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালে গেলে ট্রাইব্যুনাল কর রিভাইজ করার নির্দেশনা দিয়ে ওই কর অঞ্চলে পাঠায়। উপকর কমিশনার মো. জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনিই প্রতিষ্ঠানটিকে কর কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৩০ লাখ টাকা ঘুস নেন। প্রক্রিয়ার মধ্যেই চলতি বছরের ৭ জুলাই তিনি যুগ্ম কর কমিশনার হিসেবে পদোন্নতি পেয়ে যান।

গোয়েন্দা সূত্র বলছে, কর্মকর্তা জাহাঙ্গীরই ইএসিটি মাসুদুর রহমানকে ম্যানেজ করেন। পদোন্নতি পেয়ে বদলির অজুহাত দেখিয়ে তড়িঘড়ি করে অর্ডারশিট মাসুদুর রহমানকে দিয়ে তৈরি করান। ট্রাইব্যুনালের নির্দেশনা অমান্য করে রিভাইজ না করে উল্টো জাহাঙ্গীর আলম কোম্পানির সঙ্গে ঘুষের দফারফা করে ২৯৯ কোটি টাকার কর ৩৩ কোটি টাকা নির্ধারণ করেন। কর নির্ধারণের ক্ষেত্রে তিনি ওই কর অঞ্চলের রেঞ্জ বা কমিশনারের অনুমোদনও নেননি বলে গোয়েন্দা কর্মকর্তারা প্রমাণ পেয়েছেন।

তারা দেখতে পেয়েছেন, মাসুদকে দিয়ে অর্ডারশিট তৈরি করে মাত্র দুইদিনের মধ্যে রেঞ্জ বা কমিশনারের অনুমোদন ছাড়াই ব্যাক ডেটে সই করে কোম্পানিকে ২৬৬ কোটি টাকার কর কমিয়ে দেন। বিনিময়ে তিনি কোম্পানি থেকে ৩০ লাখ ও ইএসিটি মাসুদুর রহমান ৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন। যা গোয়েন্দা কর্মকর্তাদের কাছে জাহাঙ্গীর স্বীকার করেছেন। তবে মোহাম্মদ মাসুদুর রহমান ঘুস নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, জাহাঙ্গীর আলমের অনুরোধে তিনি অর্ডারশীট তৈরি করেছেন। এর বাইরে কিছু জানেন না।

বিষয়টি ঢাকা কর অঞ্চল-১৮ এর রেঞ্জ ও কমিশনারের নজরে আসে। একইসঙ্গে এনবিআরের নজরেও আসে। পরে করদাতা কোম্পানির ফাইল এনবিআরে নিয়ে আসা হয়। যাচাই শেষে ঘুষের বিনিময়ে কর ২৬৬ কোটি টাকা কমিয়ে দেওয়া, ট্রাইব্যুনালের নির্দেশনা অমান্য, একজনের অর্ডারশিট আরেকজন তৈরি, রেঞ্জ ও কমিশনারের অনুমোদন না নেওয়ার অভিযোগের সত্যতা পায় এনবিআরের গোয়েন্দা কর্মকর্তারা। পরে যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমানকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। দুইজনই ঘুষের বিনিময়ে অনিয়ম ও কর কমিয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

এর মধ্যে ইএসিটি মোহাম্মদ মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে শাস্তি হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর অঞ্চল-১৬, ঢাকার যুগ্ম কর কমিশনার (বর্তমানে কর অঞ্চল নোয়াখালীর পরিদর্শী রেঞ্জ-৩) মো. জাহাঙ্গীর আলম এর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে। সেজন্য সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

অপরদিকে ইএসিটি মোহাম্মদ মাসুদুর রহমানেরর সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, কর অঞ্চল ফরিদপুরের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান আর্থিক সুবিধার বিনিময়ে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি সংক্রান্ত কাজে সহযোগীর ভূমিকা পালন করেছেন। ফলে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেজন্য মোহাম্মদ মাসুদুর রহমানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি আসবে: সালাহউদ্দিন

কিছু আসন বেশি পাওয়ার লোভে কেউ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চাইলে জাতীয় জীবনের জন্য ভয়ংকর পরিণতি নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের নিজ বাসায় সমসাময়িক ইস্যুতে কথা বলার সময় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটা পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে কেউ যদি রাজনৈতিক স্বার্থে অথবা কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায়, সেটা জাতীয় জীবনের জন্য একটা ভয়ংকর পরিণতি নিয়ে আসবে।’
সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে বিএনপি।’
জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ংকর চর্চায় রূপ নেবে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন কাদের নিয়ে হবে? এটার উদ্দেশ্য এমন হতে পারে যে নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরো দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে। এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। এ সূত্র ধরে পতিত শক্তি সুযোগ নেবে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি। বরং এ বিষয়ে বিচারপ্রক্রিয়া নির্ধারণ করা উচিত।’
সঠিক সময় নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করলে না পারলে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বলে মনে করেন তিনি।
বৈধ প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন হবে, এমন প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে বলেও জানান দলটির জ্যেষ্ঠ এ নেতা। তবে এমন কোনো প্রক্রিয়াকে বিএনপি উৎসাহিত করবে না, যেই বিধান ভবিষ্যতে দেশে অরাজকতা তৈরি করবে। আলোচনার টেবিলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব, সে কথা বলেছেন সালাহউদ্দিন আহমদ।

জাপানে শতবর্ষীদের সংখ্যা এক লাখ ছুঁইছুঁই

জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা নতুন রেকর্ড গড়ে প্রায় এক লাখে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে জাপানে শতবর্ষীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৭৬৩ জন, যার মধ্যে ৮৮ শতাংশ নারী

বিশ্বের সর্বোচ্চ গড় আয়ুর দেশ হিসেবে পরিচিত জাপান টানা ৫৫ বছর ধরে শতবর্ষীদের সংখ্যা বাড়াচ্ছে। বর্তমানে সবচেয়ে প্রবীণ নারী হলেন শিগেকো কাগাওয়া, বয়স ১১৪ বছর। আর সবচেয়ে প্রবীণ পুরুষ কিয়োতাকা মিজুনো, বয়স ১১১ বছর।

স্বাস্থ্যমন্ত্রী তাকামারো ফুকোকা ৮৭ হাজার ৭৮৪ জন নারী ও ১১ হাজার ৯৭৯ জন পুরুষকে দীর্ঘায়ুর জন্য শুভেচ্ছা জানান এবং সমাজে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই তথ্য প্রকাশিত হয়েছে “এল্ডারলি ডে” উপলক্ষে, যা প্রতি বছর ১৫ সেপ্টেম্বর পালিত হয়। এ দিন নতুন শতবর্ষীরা প্রধানমন্ত্রী থেকে অভিনন্দনপত্র ও রুপার কাপ পান। এ বছর ৫২ হাজার ৩১০ জন এই সম্মানের জন্য যোগ্য হয়েছেন।

দীর্ঘায়ুর রহস্য

বিশেষজ্ঞরা বলছেন, জাপানিদের উচ্চ আয়ুর পেছনে রয়েছে—

  • হৃদরোগ ও ক্যানসারে কম মৃত্যু হার

  • স্থূলতার হার খুবই কম

  • মাছ ও সবজি সমৃদ্ধ খাবার এবং লাল মাংস কম খাওয়া

  • লবণ গ্রহণ নিয়ন্ত্রণে জনস্বাস্থ্য প্রচারণা

  • বয়স বাড়লেও হাঁটা ও গণপরিবহন ব্যবহারে সক্রিয় থাকা

এ ছাড়া ১৯২৮ সাল থেকে চালু হওয়া প্রতিদিনের “রেডিও তাইসো” ব্যায়াম আজও অনেক জাপানির জীবনের অংশ, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক।

বিতর্ক ও চ্যালেঞ্জ

তবে কিছু গবেষক বিশ্বব্যাপী শতবর্ষীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভুল রেকর্ড, অনুপস্থিত জন্ম সনদ এবং পরিবারের গোপনীয়তার কারণে সংখ্যা বেশি দেখাতে পারে। ২০১০ সালের এক সরকারি পরিদর্শনে দেখা যায়, ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষকে শতবর্ষী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল, যারা আসলে অনেক আগেই মারা গেছেন।

সারসংক্ষেপ:
খাদ্যাভ্যাস, জীবনযাপন ও জনস্বাস্থ্য ব্যবস্থার কারণে জাপানে দীর্ঘায়ুর নজির তৈরি হচ্ছে। তবে সঠিক তথ্য যাচাইয়ের চ্যালেঞ্জ রয়ে গেছে। তবুও দেশটি বিশ্বের সবচেয়ে প্রবীণ জনগোষ্ঠীর এক অনন্য উদাহরণ।

নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি

নেপালে আবারও জেন-জি তরুণদের আন্দোলনে উত্তেজনা ছড়িয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে বিক্ষোভ করে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেছে তারা। আন্দোলনের শীর্ষ নেতা সুদান গুরুং এর নেতৃত্বে তরুণরা স্লোগান দিতে থাকে।

নেপালি সংবাদমাধ্যম সেতুপতি জানিয়েছে, বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন— তরুণদের মতামত ছাড়াই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। গুরুং ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, “ওম প্রকাশ আরিয়াল ভেতরে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন! আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের থামাতে পারবে না।”

গত সপ্তাহে বিক্ষোভে আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও এবার নতুন করে আন্দোলনে অংশ নেন।

এর আগে প্রধানমন্ত্রী কার্কি আইনজীবী ওম প্রকাশ আরিয়ালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের নেতৃত্বে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেন। পাশাপাশি তিনি রামেশ্বর খানালকে অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিংকে জ্বালানিমন্ত্রী হিসেবে মনোনীত করেন। এছাড়া সাবিতা ভান্ডারীকে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার সকালে কার্কি তার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের আলোচনা শুরু করেন। পরিকল্পনা অনুযায়ী, তার মন্ত্রিসভায় সর্বাধিক ১১ জন সদস্য থাকবেন।

উল্লেখ্য, জেন-জি আন্দোলনের চাপের মুখে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করলে সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করা হয়। তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে আগামী ৫ মার্চ নির্বাচনের ঘোষণা দেন।

৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর

৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো কেন্দ্র থাকবে ঢাকায়। পরীক্ষার হলভিত্তিক আসন ব্যবস্থা, সময়সূচি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিশেষ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারি কলেজে শূন্য পদ রয়েছে ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি। আবেদন গ্রহণ চলে ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত।

পরীক্ষাটি হবে সর্বমোট ৩০০ নম্বরের। এর মধ্যে এমসিকিউতে ২০০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর। এমসিকিউ অংশে ১০০ নম্বর প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে, আর বাকি ১০০ নম্বর সাধারণ বিষয়ে বণ্টিত। সাধারণ বিষয়ের মধ্যে— বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, গাণিতিক যুক্তি ১০ এবং মানসিক দক্ষতা ১০ নম্বর রাখা হয়েছে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা।

এর আগে সরকারি কলেজগুলোর শূন্য পদ পূরণে ১৪তম, ১৬তম ও ২৬তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল।

সারা দেশে টানা পাঁচ দিনের বৃষ্টি, কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা

বাংলাদেশে টানা পাঁচ দিন বৃষ্টি ঝরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কাও করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে।

    পূর্বাভাসের সময়সূচি:

  • বুধবার (১৭ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি, পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কোথাও কোথাও ভারি থেকে মাঝারি ভারি বর্ষণ হতে পারে।

  • শুক্রবার (১৯ সেপ্টেম্বর): রংপুর ও রাজশাহীর অনেক জায়গায় বৃষ্টি, অন্যদিকে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • শনিবার (২০ সেপ্টেম্বর): দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় এবং দক্ষিণাঞ্চলের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

এ সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

 আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

আইফোন ১৭ কোনটার দাম কত?

স্মার্টফোনের জগতে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সেই সঙ্গে আকর্ষণীয় ফোন হচ্ছে আইফোন। নির্মাতা সংস্থা অ্যাপলের নতুন আইফোন বাজারে আসা মানেই বাড়তি এক উন্মাদনা পুরো বিশ্বে। সম্প্রতি বাজারে এসেছে কাঙ্ক্ষিত আইফোন ১৭ সিরিজ। এই সিরিজে আইফোন ১৭ , আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন ১৭ এয়ার।
অ্যাপল তার আইফোন ১৭ মডেল একটি নতুন ডিজাইনে প্যাক করছে। ফোনে দেওয়া হয়েছে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে। সবচেয়ে বড় খবর হলো প্রোমোশন ডিসপ্লে প্রযুক্তির সাপোর্ট যা প্রথমবারের মতো ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট নিয়ে এলো। অ্যাপল ৩০০০ নিটস সর্বোচ্চ আউটডোর ব্রাইটনেস এবং ৩ গুণ উন্নত স্ক্র্যাচ প্রতিরোধ ক্ষমতা প্রদান করছে। এটিতে অলওয়েজ-অন-ডিসপ্লে ফিচার, অ্যাকশন বাটন এবং ক্যামেরা কন্ট্রোল বাটনও রয়েছে।
ডিভাইসটি সর্বশেষ এ১৯ চিপ দ্বারা চালিত যা নিঃসন্দেহে এ১৮ চিপের চেয়ে বেশি শক্তিশালী হতে চলেছে এবং সারা দিনের জন্য ব্যাটারি লাইফেরও প্রতিশ্রুতি দেয়, তবে এই ব্যাপারটা ডিভাইস হাতে এলে পরীক্ষা করে দেখার পরেই নিশ্চিত করা যাবে।
নতুন ডুয়াল ক্যামেরা সিস্টেমটিতে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের ২x টেলিফটো লেন্স রয়েছে। অ্যাপল দাবি করেছে যে নতুন সংস্করণে আইফোন ১৬-এর তুলনায় ৪ গুণ বেশি ছবির রেজোলিউশন পাওয়া যাবে। সঙ্গে নতুন ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও আছে। আইফোন ১৭ এখন ২৫৬ জিবি স্টোরেজ থেকে শুরু হচ্ছে।
অ্যাপলের নতুন ৪০ ওয়াট ডায়নামিক পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। ফোনে থাকে ইউএসবি-সি পোর্ট। যা শুরু হয়েছে আইফোন ১৬ সিরিজ ফোন থেকেই। অ্যাপলের নতুন ৪০ ওয়াট ডায়নামিক পাওয়ার অ্যাডাপ্টার বা অন্য কোনো বেশি ওয়াটের (৬০ ওয়াট পর্যন্ত) ইউএসবি-সি চার্জার ব্যবহার করলে, এই দুই মডেল মাত্র ২০ মিনিটে ব্যাটারির প্রায় ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে।
এবার আসুন জেনে নেওয়া যাক আইফোন ১৭-এর দাম। আইফোন ১৭-এর দাম বিশ্ববাজারে ৭৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৭ হাজার টাকা। আইফোন ১৭ প্রো দাম শুরু ১ হাজার ৯৯ ডলার থেকে। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩৪ হাজার টাকা। আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম শুরু ১ হাজার ৯৯ ডলার থেকে। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা। অন্যদিকে এবারের সবচেয়ে আকর্ষণীয় মডেল অ্যাপল এয়ারের দাম ৯৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২১ হাজার টাকা। (আজকের ডলারের রেট অনুযায়ী দাম দেওয়া হলো)। তবে বাংলাদেশে আসতে আসতে এই দাম আরও কিছুটা বেড়ে যেতে পারে।

ভারত-পাকিস্তান ম্যাচ কখন, দেখেবেন যেভাবে!

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বি দুই দেশ ভারত ও পাকিস্তানের ক্রিকেট দল। এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তান এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে।
কখন, কোথায় দেখা যাবে ম্যাচ?
আজ ১৪ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ৮ টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল ‘নাগরিক টিভি একং টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। এছাড়াও সোনি লিভ অ্যাপে খেলা দেখা যাবে।
ম্যাচের টিকিট বিক্রি
ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচ প্রথম থেকেই বয়কটের দাবি উঠেছিল। তার ফলে ম্যাচের টিকিট বিক্রি অনেকটাই কম। তবে এর পাশাপাশি টিকিট বিক্রি কম হওয়ার কারণ হিসেবে উঠে আসছে আরও বেশ কিছু তত্ত্ব। কারও কারও দাবি, এই ম্যাচে সেভাবে কোনও তারকা ক্রিকেটার না থাকার কারণে টিকিট বিক্রির গতি স্লথ হয়ে গিয়েছে।
টিকিটের চড়়া দাম
ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই উন্মাদনা থাকে দর্শকদের মধ্যে। কিন্তু এবারের ম্যাচ নিয়ে সেই প্রত্যাশিত উন্মাদনা নেই বললেই চলে। অনেকের মতে, ম্যাচের টিকিটের দাম কম হওয়ার জন্য এটা অন্যতম কারণ হতে পারে।

অনলাইন জুয়া কাণ্ডে গোয়েন্দা নজরে উর্বশী-মিমি

অনলাইনে বেআইনি বেটিং অ্যাপের প্রচার ও অর্থ লেনদেনকে ঘিরে তদন্তের আওতায় এসেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং টলিউড তারকা ও এমপি মিমি চক্রবর্তী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) উর্বশীকে আগামী ১৬ সেপ্টেম্বর এবং মিমিকে ১৫ সেপ্টেম্বর দিল্লির সদর দফতরে হাজিরা দিতে নোটিশ পাঠিয়েছে।
ইডি জানিয়েছে, এই বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের আশঙ্কায় তদন্ত চালানো হচ্ছে। ইতোমধ্যে একাধিক হাই-প্রোফাইল ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ান।
তদন্তকারীদের মতে, অ্যাপটির প্রচার ও এর সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনে সেলিব্রেটিদের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য উর্বশী ও মিমিকে ডাকা হয়েছে।
এর আগেও অঙ্কুশ হাজরা-সহ একাধিক তারকার নাম এই বেআইনি বেটিং চক্রে উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তারা অ্যাপটির প্রচারের সঙ্গে জড়িত ছিলেন।