Home Blog Page 339

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার সকাল ১০টায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফল একযোগে প্রকাশ করা হয়।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তাদের রোল নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবে। ঢাকা শিক্ষা বোর্ডের জন্য dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, এই বছর রেকর্ডসংখ্যক শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছিল।

এবার ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট দুই লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছে। এটি গত বছরের তুলনায় ২১ হাজার বেশি আবেদনকারী এবং ৪০ হাজার বেশি খাতার আবেদন।

যেসব বিষয়ে সবচেয়ে বেশি আবেদন:

গণিত: ৪২ হাজার ৯৩৬টি খাতা।

ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র: ১৯ হাজার ৬৮৮টি করে।

পদার্থবিজ্ঞান: ১৬ হাজার ২৩৩টি।

বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র: ১৩ হাজার ৫৫৮টি।

যে বিষয়ে সবচেয়ে কম আবেদন: চারু ও কারুকলা বিষয়ে মাত্র ৬টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছে।

পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় নতুন করে খাতা মূল্যায়ন করা হয় না, বরং নম্বর সঠিকভাবে যোগ করা হয়েছে কি না, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না এবং ওএমআর শিটে নম্বর ঠিকমতো উঠেছে কি না, তা যাচাই করা হয়।

এক ইনিংসে দেড়শ পেরোলেন তিন কিউই ক্রিকেটার

সিরিজের প্রথম টেস্টেও নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি জিম্বাবুয়ে। এবার সিরিজ নির্ধারণী ম্যাচে বুলাওয়েতে প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এরপর কিউইরা রোডেশিয়ান বোলারদের নাস্তানাবুদ করে রানের পাহাড় গড়ে। দলীয় ছয়শ পেরিয়েছে তিন ব্যাটারের দেড়শ পেরোনো ইনিংসে। এর মাধ্যমেই বিশ্বরেকর্ড গড়ল নিউজিল্যান্ড।

দ্বিতীয় দিন শেষে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ৬০১ রান। ইতোমধ্যে প্রথম ইনিংসে তারা ৪৭৬ রানের লিড নিয়েছে। কতটা একপেশে ম্যাচ চলছে সেটি বলাই বাহুল্য। এক ইনিংসে তিন ব্যাটারের দেড়শ পেরোনো ইনিংস যৌথভাবে বিশ্বরেকর্ড। এমন ঘটনা টেস্ট ইতিহাসে আরও দু’বার দেখা গেছে। তবে গত ৩৯ বছরে এবারই প্রথম এক ইনিংসে দেড়শ পেরোলেন তিনজন।

গতকাল (শুক্রবার) কিউই ব্যাটারদের সামনে রীতিমতো অসহায় ছিলেন ‍জিম্বাবুইয়ান বোলাররা। তাদের পক্ষে তিনজন ১টি করে উইকেট নিলেও তাদের প্রত্যেকেই একশ’র বেশি রান খরচ করেছেন। সবমিলিয়ে রানের বন্যা থামাতে ৭ বোলার আক্রমণে আসতে হয়েছে জিম্বাবুয়ের। তবে তাদের সেভাবে সাফল্য পাওয়া হয়নি। কিউইদের পক্ষে দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং মিলে উদ্বোধনী জুটিতেই ১৬২ রান করেন। এরপর দ্বিতীয় উইকেটে ৭৩ ও তৃতীয় উইকেটে আসে ১১০ রান।

দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকা হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্র’র জুটি চলমান আছে ২৫৬ রানে। রাচিন ১৩৯ বলে ২১টি চার ও দুই ছক্কায় ১৬৫ এবং নিকোলস ২৪৫ বলে ১৫টি চারের মারে ১৫০ রান করেছেন। এর আগে ওপেনার কনওয়ে ১৫৩ রান করেন ২৪৫ বলে ১৮টি চারের সাহায্যে। সেই তুলনায় বাকি দুই ব্যাটারের কণ্ঠে হয়তো আক্ষেপই ঝরবে। কারণ ইয়াং ৭৪ ও জ্যাকব ডাফি ৩৬ রান করেছেন।

এ নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয়বার একই ইনিংসে তিনটি দেড়শ পেরোনো ইনিংস দেখা গেছে। প্রথমবার ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড এবং ১৯৮৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের তিন ব্যাটার একই কীর্তি গড়েন।

ত্বকে ব্রণ উঠলেই নিজের ‘থুতু’ ব্যবহার করেন তামান্না

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া রূপ আর ফিটনেসের জন্য সবসময়ই আলোচনায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার নিখুঁত ত্বকের পেছনের একটি গোপন রহস্য ফাঁস করেছেন, যা শুনে অনেকেই অবাক হয়েছেন।

তামান্না জানিয়েছেন, মাঝে মাঝে তার মুখেও ব্রণ ওঠে। এই সমস্যা সমাধানের জন্য তিনি একটি ঘরোয়া টোটকা ব্যবহার করেন, ঘুম থেকে ওঠার পর মুখের প্রথম লালা (থুতু) ব্রণের ওপর লাগিয়ে দেন। তার দাবি, এতে ব্রণ দ্রুত শুকিয়ে যায়।

এই কৌশল ছাড়াও, আগে তিনি অ্যাপল সিডার ভিনেগার এবং প্রাকৃতিক মাটি মিশিয়ে ত্বকে লাগাতেন। তবে তামান্না সতর্ক করে বলেছেন যে এই পদ্ধতি সবার জন্য উপযোগী নাও হতে পারে।

উঠতি বয়সের ছেলেমেয়েদের ত্বকের সমস্যায় পেশাদার স্কিন বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো। তার এই অকপট স্বীকারোক্তি যেন তারকাদের রূপ-সৌন্দর্যের পেছনের সাধারণ লড়াইগুলোকেই তুলে ধরেছে।

সাইয়ারা’র নায়ক-নায়িকার প্রেম বাস্তবেও পূর্ণতা পাচ্ছে!

বলিউডে বর্তমানে আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র নায়ক-নায়িকা আহান পাণ্ডে আর অনীত পাড্ডার দেখা মিলল একসঙ্গে। সেখানে তাদেরকে বেশ কাছাকাছি অবস্থাতেই দেখা যায়, যা দেখে চমকে গেল ভক্তরা।

সম্প্রতি মুম্বাইয়ের এক বিলাসবহুল শপিং মলে একসঙ্গে দেখা মেলে তাদের। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বাইরে বের হওয়ার সময় আহান অনীতর দিকে হাত বাড়িয়ে দেন যেন হাতে হাত রেখে হাঁটতে চান। কিন্তু অনীত হালকা লাজুক ভঙ্গিতে তা এড়িয়ে যান। মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

আর এ নিয়েই শুরু গুঞ্জন! নেটিজেনরা ভাবতে শুরু করেন, পর্দার প্রেম কি বাস্তবেও ধরা দিচ্ছে তাহলে? একজন লিখেছেন, ‘হাত ধরেনি তো কী হয়েছে, আহানের চোখ কিন্তু অনীতের দিকেই ছিল।’

ভিডিওতে দেখা গেছে, আহান কালো জ্যাকেট ও নীল জিন্সে, অনীত স্কাই ব্লু শার্ট আর ডেনিমে। দুজনেই মুখ ঢেকে রেখেছিলেন, চারপাশে ছিল নিরাপত্তার বলয়। তাদের সঙ্গে ছিলেন আহানের মা ডিয়ানে পাণ্ডেও।

মোহিত সুরির ‘সাইয়ারা’ ইতোমধ্যেই বক্স অফিসে ৫০০ কোটির বেশি আয় করেছে, যার মধ্যে ৩০০ কোটিরও বেশি শুধু ভারতের বাজার থেকে।

তারেক রহমান দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, তারেক রহমানের স্ত্রীও একজন প্রখ্যাত চিকিৎসক।

আজ শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জাতীয় কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য খাতসহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে।

বিএনপির মহাসচিব বলেন, শুধু ভোটের অধিকারই নয়, স্বাস্থ্যসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করাও আমাদের কর্তব্য।

জাপায় কাদেরবিরোধীদের কাউন্সিল আজ

 

জাতীয় পার্টির (জাপা) নেতৃত্ব নিয়ে বিরোধ আদালতে গড়ানোর পর দলটি ষষ্ঠবারের মতো ভাঙতে যাচ্ছে। দলটির চেয়ারম্যান জি এম কাদেরের বিরোধীরা আজ শনিবার জাপার নামে কাউন্সিল করতে যাচ্ছে। যদিও জি এম কাদের নিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এ কাউন্সিলকে অবৈধ আখ্যা দিয়েছেন।

চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নিয়ে স্বৈরাচারের দোসর তকমা পাওয়া গত তিন সংসদে জাপা গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় ছিল। ১৯৮৬ সালে হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দলটি তাঁর জীবদ্দশায় চারবার ভাঙে। ২০১৯ সালে জি এম কাদের দলের নেতৃত্বে আসার পর এটি আরও একবার ভেঙেছে।

গত বছরের ৭ জানুয়ারির নির্বাচনের পর রওশন এরশাদের নেতৃত্বে তাঁর অনুসারীরা একই নামে দল করেছে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর জি এম কাদের সমর্থন করেন অন্তর্বর্তী সরকারকে। কিন্তু অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রবল আপত্তির মুখে সরকারি বৈঠকে জাপাকে ডাকা বন্ধ করা হয়। স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে জাপার কার্যালয়-কর্মসূচিতেও হামলা হয়। এরপর জি এম কাদের সরকারের সমালোচক হিসেবে আবির্ভূত হন।

তাঁর এ ভূমিকার পর জাপার গঠনতন্ত্রের ২০(১) ‘ক’ ধারা সংশোধনের দাবি তোলেন দলটিতে আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত নেতারা, যারা শেখ হাসিনার সময়ে মন্ত্রী-এমপি ছিলেন। জি এম কাদেরের সভাপতিত্বে গত মে মাসে জাপার প্রেসিডিয়ামে সিদ্ধান্ত হয়, ২৮ জুন দলের কাউন্সিল হবে।

প্রধান উপদেষ্টার কর্মসূচির কারণে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ভাড়া পাওয়া যাচ্ছে না– অজুহাতে এ কাউন্সিল স্থগিত করেন জি এম কাদের। যদিও এতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন দলটির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব পদে প্রার্থী হতে চেয়েছিলেন কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার।

জি এম কাদের কাউন্সিল স্থগিত করে এ দুজন এবং জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দলের সব পদ থেকে অব্যাহতি দেন। ২০ (১) ‘ক’ ধারার ক্ষমতাবলে আরও চার প্রেসিডিয়াম সদস্যকেও বহিষ্কার করা হয়। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জাপার ১০ নেতা মামলা করেন। মামলায় চেয়ারম্যানের দায়িত্ব পালনে জি এম কাদেরকে নিষেধাজ্ঞা দেন আদালত।

বন্দুকযুদ্ধে’ ২ ভারতীয় সেনা নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে ‘সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে’ দুই সেনা নিহত হয়েছে। শুক্রবার রাতে সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে এ দুইজন নিহত হয় বলে শনিবার ভারতীয় সেনাবাহিনী নিশ্চিত করেছে।

‘বন্দুকযুদ্ধে’ আরও দুই সেনা আহত হওয়ারও খবর দিয়েছে তারা। ১ অগাস্ট থেকে ওই অঞ্চলে চলা সন্ত্রাসবিরোধী অভিযানে এখন পর্যন্ত এক সন্ত্রাসী নিহত হয়েছে।

যে দুই সেনার মৃত্যু হয়েছে, তারা হলেন- ল্যান্স নায়েক প্রীতপল সিং ও সিপাহি হারমিন্দর সিং; ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস এক্সে দেওয়া পোস্টে এ দু’জনের নাম পরিচয় জানায় বলে জানিয়েছে এনডিটিভি।

কর্মকর্তারা বলছেন, জঙ্গল ও পাহাড়ি এলাকা হওয়ায় অভিযান শেষ হতে সময় লাগছে।

সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের অখলের বনাঞ্চলে ১ অগাস্ট থেকে অভিযানে নামে ভারতের নিরাপত্তা বাহিনী। লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজতে এ অভিযানে ড্রোন ও হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

পুলিশের একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, অন্তত তিন বিদেশিসহ ‘৫ জঙ্গি লুকিয়ে রয়েছে’ খবর পেয়ে ওই এলাকায় অভিযান শুরু হয়। এ সন্ত্রাসীরা জঙ্গল যুদ্ধে খুবই দক্ষ বলেই ধারণা করছে নিরাপত্তা বাহিনী।

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক ১৫ আগস্ট, ভূখণ্ড বিনিময়ের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আলোচনার জন্য আগামী ১৫ আগস্ট আলাস্কায় শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন। ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন, যা পরে ক্রেমলিন থেকেও নিশ্চিত করা হয়েছে।

ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে বলেন, “এই যুদ্ধে সাড়ে তিন বছর ধরে লড়াই চলছে। অনেক রুশ ও ইউক্রেনীয় প্রাণ হারিয়েছে। এটি জটিল, তবে আমরা কিছু ভূখণ্ড ফিরিয়ে আনব, কিছু অদলবদল করব। উভয় পক্ষের জন্যই এটি ভালো হবে।” তিনি ইঙ্গিত দিয়েছেন, এই বৈঠকে ভূখণ্ড বিনিময়ের মাধ্যমে শান্তিচুক্তির সম্ভাবনা রয়েছে।

সিবিএস নিউজের বরাতে জানা গেছে, হোয়াইট হাউস ইউরোপীয় নেতাদের একটি সমঝোতায় রাজি করানোর চেষ্টা করছে। এতে রাশিয়া দনবাস অঞ্চল ও ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, তবে খেরসন ও ঝাপোরিঝিয়া অঞ্চল ছেড়ে দিতে হবে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, পুতিন ট্রাম্পের দূত স্টিভ উইটকফের সঙ্গে মস্কোতে একই ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন।

তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভূখণ্ড বিনিময়ের যেকোনো শর্ত প্রত্যাখ্যান করে আসছেন। তিনি এবং ইউরোপীয় নেতারা এই প্রস্তাবে সম্মত হবেন কিনা, তা এখনও অস্পষ্ট। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে জেলেনস্কিকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা এখনও রয়েছে।

ইউক্রেন যুদ্ধ ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলছে, যাতে হাজার হাজার মানুষ নিহত ও লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছেন। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। ইস্তানবুলে তিন দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর এই বৈঠক নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, আলাস্কা বৈঠকের জন্য ‘যৌক্তিক’ স্থান এবং ট্রাম্পকে দ্বিতীয় বৈঠকের জন্য রাশিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও যুক্তরাষ্ট্র এটি স্বীকার করে না, যা এই বৈঠক সম্ভব করছে।

ট্রাম্প আশাবাদী যে, ত্রিপক্ষীয় শান্তিচুক্তির মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব। তিনি বলেন, “ইউরোপীয় নেতারা, পুতিন ও জেলেনস্কি সবাই শান্তি চান। আমরা জেলেনস্কিকে তার প্রয়োজনীয় সবকিছু দেব, যাতে তিনি চুক্তিতে স্বাক্ষর করতে পারেন।”

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

আজ ঢাকায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে গরমের অনুভূতিও বাড়বে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিনের তাপমাত্রা আজ প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, ফলে গরমের অনুভূতিও বেড়ে যাবে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

পূর্বাভাসে আরও জানানো হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মহাপরিকল্পনা চূড়ান্তের পথে

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জন্য মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও স্থানীয়দের বিকল্প আয়ের সুযোগ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। শুক্রবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বীপের প্রতিবেশ পুনরুদ্ধারের জন্য সেখানে পর্যটন নিয়ন্ত্রণসহ নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এছাড়া গত এক বছরে পরিবেশ সুরক্ষা, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সারা দেশের শপিংমলে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ, অবৈধ ইটভাটা ভাঙা, সীসা কারখানা বন্ধ, শব্দদূষণ রোধে তরুণদের সম্পৃক্ত করা এবং পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ সরবরাহে যৌথ প্রকল্প চালু। বায়ু দূষণ নিয়ন্ত্রণে ‘জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা’ প্রণয়ন করা হয়েছে। ঢাকার সাভার ও আশুলিয়াকে ‘দূষিত বায়ুমণ্ডল’ এলাকা হিসেবে ঘোষণা প্রক্রিয়াধীন। গাজীপুরের গাছা খাল দূষণকারী নয়টি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বন ও বন্যপ্রাণী সংরক্ষণে কক্সবাজার ও সোনাদিয়ায় ১০ হাজার ৩২২ একর বনভূমি পুনরুদ্ধার এবং পূর্বাচলের ১৪৪ একরকে বিশেষ জীববৈচিত্র্য এলাকা ঘোষণা করা হয়েছে। ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন ও রোপণ নিষিদ্ধ হয়েছে। মধুপুর শালবন পুনরুদ্ধার এবং হাতির চলাচলের পথ তৈরির কাজ চলছে।

বন্যপ্রাণী রক্ষায় ১৫৯টি ‘এলিফ্যান্ট রেসপন্স টিম’ গঠন, দেশীয় ময়ূর ফিরিয়ে আনা, বিপন্ন প্রজাতি সুরক্ষা ও জলাভূমিকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। ২৯৩টি অভিযানে ৫ হাজার ৬৮৪টি প্রাণী উদ্ধার করা হয়েছে। জাতীয় উদ্যান ও ইকোপার্কে প্লাস্টিক ও পিকনিক নিষিদ্ধ হয়েছে।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় ৩৫১ কোটি টাকার ৪১টি প্রকল্প অনুমোদিত হয়েছে। ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ’ ও চূড়ান্ত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব উদ্যোগ পরিবেশ রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং জলবায়ু সহনশীল টেকসই বাংলাদেশ গড়তে সহায়ক হবে।