Home Blog Page 353

ভবিষ্যতে জামায়াত দেশ নিয়ন্ত্রণ করবে: শফিকুর রহমান

জামায়াতে ইসলামী দল নিয়ন্ত্রণ করেছে, ভবিষ্যতে দেশ নিয়ন্ত্রণ করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণের রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, ‘কোনো এক দলের বেগম পাড়া আছে, আবার কোনো দলের আছে পিসি পাড়া। তবে জামায়াতের এমন কোন পাড়া নেই। শুধু জীবন রক্ষার জন্য ভবিষ্যতে ইসলামি আন্দোলনের কেউ কখনও দেশ ছেড়ে যাবে না।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ চাঁদাবাজদের কারণে পিছিয়ে পড়েছে। না হলে এতদিনে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে থাকত। রাজনীতিবিদদের উচিত দেশের জনগণের জন্য করা। এ লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।’

জামায়াত আমির বলেন, ‘পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা।’

কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ যুদ্ধে রূপ নিতে পারে: থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ভেচায়াচাই সতর্ক করে বলেছেন, কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে সংঘর্ষ যুদ্ধের রূপ নিতে পারে। কারণ পরপর দ্বিতীয় দিনে দুই দেশ প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। ব্যাংককে সাংবাদিকদের তিনি বলেন, যদি পরিস্থিতি আরও উত্তেজিত হয়, তাহলে এটি যুদ্ধের দিকে গড়াতে পারে। যদিও আপাতত এটি সীমিত সংঘর্ষের পর্যায়েই আছে। বার্তা সংস্থা এএফপি ও কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার দ্বিতীয় দিনের মতো থাইল্যান্ড ও কম্বোডিয়া একে অপরের সীমান্তে ভারি কামান ও রকেট হামলা চালিয়েছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার পর্যন্ত সীমান্ত এলাকা থেকে ১ লাখ ৩৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এসব এলাকার কয়েকটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে ৪২৮ রোগীকে। দেশজুড়ে ৩০০টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাতে ১৪ বেসামরিক নাগরিক ও এক সেনা নিহত হয়েছেন। এ ছাড়া, আহত ৪৬ জনের মধ্যে ১৫ জন সেনা সদস্য।

ভারতে স্কুলের ছাদ ধসে নিহত ৭ শিশু

ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় একটি সরকারি স্কুলের ছাদ ধসে ৭ শিশু নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, জেলার মনোহর থানার পিপলোদি সরকারি স্কুলে সকাল সাড়ে ৮টার দিকে ছাদ ধসের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৬০ জন শিশু সেখানে উপস্থিত ছিল। এনডিটিভি জানায়, ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগেও এই বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ জানানো হয়েছিল। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রয়েছে। রাজস্থানের শিক্ষা সচিব কৃষ্ণ কুণাল জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এই ঘটনায় ছয় শিশু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় গ্রামবাসী জানায়, গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের কারণে হঠাৎ ছাদটি ধসে পড়ে। ধসের শব্দের পরে শিশুদের চিৎকার, ধুলো এবং ধ্বংসাবশেষ এলাকাটিকে গ্রাস করে। এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেন। তিনি বলেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এছাড়া কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা দিচ্ছে।

গোপালগঞ্জ সহিংসতায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসকের

গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ঘটা সহিংসতায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে মনে করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি জানিয়েছে, রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনা নাগরিকের সভা সমাবেশের অধিকারকে ক্ষুণ্ণ করেছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি ।

আসক জানিয়েছে, চলতি জুলাই মাসের ২১ ও ২২ তারিখ তাদের চার সদস্যের একটি প্রতিনিধিদল সরেজমিন তথ্য সংগ্রহ করেছে। তথ্য সংগ্রহের সময় নিহত, আহত, আটক বা গ্রেপ্তার হওয়া নাগরিকদের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সাধারণ নাগরিক, পেশাজীবী, কারাগার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও সাক্ষাৎ করেছেন আসক সদস্যরা।

সমাবেশের দিন ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে আসক জানিয়েছে, ‘এনসিপির নেতৃবৃন্দ স্বল্প সংখ্যক সমর্থকদের উপস্থিতিতে সমাবেশস্থলে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে লক্ষ্য করে কিছু আক্রমণাত্মক মন্তব্য করা হয়। এই মন্তব্যের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরবর্তীতে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে। বক্তব্যের প্রতিক্রিয়ায় ‘সাধারণ জনতা’ রাস্তায় নেমে আসে, একপর্যায়ে তিন ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।’

আসকের অনুসন্ধানে উঠে এসেছে, এনসিপির সমাবেশের আগের দিন সমাবেশস্থলের আশপাশের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। সমাবেশের দিনে সকাল থেকেই স্থানীয় আওয়ামী লীগ এবং তাদের সমর্থকেরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, তাদের হাতে লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র ছিল।

আসক জানিয়েছে, ২১ জুলাই পর্যন্ত বিভিন্ন মামলায় ১৮ জন শিশুকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অনেককে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর আওতায় গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার তানিয়া জামান ও এআইজি (প্রিজন) দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলামের বরাতে জানানো হয়েছে, এই ১৮ জনকে আদালতের আদেশে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে আসক দাবি করেছে, গোপালগঞ্জ সদর থানায় তথ্য সংগ্রহ করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসৌজন্যমূলক আচরণ করেন। গোপালগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার সাকিবের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি বলেও জানায় আসক।

বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষকের মৃত্যু

আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে চীনের কুনমিং বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম মারা গেছেন।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে চীনের কুনমিং বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ২৩ জুলাই মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে গত ১৭ জুলাই দক্ষিণ কোরিয়া যান। গতকাল দেশে ফিরছিলেন তিনি।

অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বাণীতে তিনি বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম একজন নিরহংকার, সদালাপী ও সজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন গুণী শিক্ষক ও গবেষককে হারালো। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশেই হচ্ছে এসিসির মিটিং, যোগ দিচ্ছে ভারত

সপ্তাহখানেক ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসিসির মিটিং। প্রথমে জানা গিয়েছিল ঢাকায় অনুষ্ঠিত এই মিটিংয়ে যোগ দেবে না ভারত। এরপর শোনা যায় আফগানিস্তান এবং শ্রীলঙ্কাও এই সভা বর্জন করতে যাচ্ছে। তবে সভা শুরুর একদিন আগে জানা গেল সভায় যোগ দিচ্ছে ভারত।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘ভারত যোগ দিচ্ছে সভায় তবে অনলাইনে। এ ছাড়া আফগানিস্তান রাতে আসবে। শ্রীলঙ্কা, নেপালও অনলাইনে যোগ দেবে। ফ্লাইট জটিলতার কারণে সরাসরি আসতে পারছে না তারা।’

পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এসিসির এজিএম ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই সভা বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আবেদনে সাড়া দেননি এসিসি সভাপতি মহসিন নাকভি। এ কারণে এসিসির এজিএম বয়কটের হুমকিও দিয়েছিল বিসিসিআই। তবে শেষ পর্যন্ত তারা যোগ দিচ্ছে সভায়।

চলতি বছরের এশিয়া কাপের আয়োজন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ছয়দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত। কিন্তু সেখানে খেলতে যেতে রাজি নয় পাকিস্তান। এই সমস্যার কারণে এসিসি এখনও এশিয়া কাপের সূচি কিংবা ভেন্যুর ঘোষণা দেয়নি। এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতা সেপ্টেম্বরে হতে পারে। যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এসিসির এই সভায়।

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন মাহমুদউল্লাহ

দীর্ঘদিন ধরেই সাবেক ক্রিকেটারদের রেফারিংয়ে আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া রেফারিদের দুই দিনের প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিতে সদ্য অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। কিন্তু তাতে সাড়া দেননি তিনি।

বিসিবি সূত্রে জানা গেছে, বিসিবির আম্পায়ার্স বিভাগ থেকে সভায় যোগ দেওয়ার বিষয়ে যোগাযোগ করা হলে মাহমুদউল্লাহ তাদের বলেছেন, আপাতত ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ ধরে রাখতে চাইছেন তিনি।

দেশের হয়ে সব মিলিয়ে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। টেস্ট ও ওয়ানডেতে ভারপ্রাপ্ত আর টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

এ বছর চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকেই অবসরের কথা জানান মাহমুদউল্লাহ। তবে এখনো ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।

মাহমুদউল্লাহ ছাড়াও এই প্রশিক্ষণ ও কর্মশালায় জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারকেই আমন্ত্রণ জানিয়েছিল ক্রিকেট বোর্ড। তাদের মধ্যে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, আবদুর রাজ্জাক, ধীমান ঘোষ, ফজলে মাহমুদ, নাঈম ইসলাম, ইলিয়াস সানিরা।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার দীর্ঘদিন বিসিবির নির্বাচক ছিলেন। এখনো বিসিবিতেই আছেন তিনি—নারী উইং হয়ে এখন কাজ করছেন গেম ডেভেলপমেন্ট বিভাগে। আবদুর রাজ্জাক এখন নির্বাচক হিসেবে কাজ করছেন। রেফারি হতে আগ্রহী মোট ৩০ জন প্রথম শ্রেণির ক্রিকেটার এতে অংশ নেবেন।

শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী সুনেরাহ

শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বুধবার রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে একটি নাটকের শুটিং করছিলেন তিনি, এসময় হঠাৎ শুটিং ইউনিটের লাইটের স্ট্যান্ডে আঘাত লেগে হোঁচট খেয়ে দুই পায়ে প্রচণ্ড ব্যথা পান।

অভিনেত্রী সুনেরাহ বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে শুটিং করছিলাম, ওই সময় আমার একটি দৃশ্য ছিল ঘোরার। ঘুরতে গিয়ে লাইটের স্ট্যান্ডের পায়ে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে যাই। দুই পায়ের হাঁটু ছিলে মাংস বেরিয়ে যায়। অনেক রক্তক্ষরণ হচ্ছিল, এরপর প্রাথমিক ট্রিটমেন্ট নেই। প্রথম দিকে যখন অনেক রক্ত বের হচ্ছিল তখন খুব একটা ব্যথা করেনি কিন্তু এখন প্রচণ্ড ব্যথা করছে।’

তবে পায়ে কোনো ফ্র্যাকচার হয়েছে কি না, এখনো সঠিকভাবে বলতে পারছেন না অভিনেত্রী।

ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক: ইরফান সাজ্জাদ

অভিনেতা ইরফান সাজ্জাদ সম্প্রতি একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন। যা তার ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়।

স্ট্যাটাসে ইরফান লেখেন, ‘ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক। আর ক্ষমতায় গেলে সবাই…! দেখি শূন্যস্থানটা আপনারাই পূরণ করেন।’

এই লেখার সঙ্গে তিনি একটি রাগান্বিত ইমোজিও যুক্ত করেন, যা স্ট্যাটাসটির আবেগ আরও জোরালো করে তোলে।

পোস্টটি দেখে অনেকেই বুঝতে পারেন, এটি সাম্প্রতিক কোনো ঘটনার প্রেক্ষাপটে লেখা। কেউ কেউ মন্তব্যে শূন্যস্থান পূরণ করার চেষ্টা করেন। তবে কিছু সময় পর রহস্য ফাঁস করেন ইরফান।

তিনি মন্তব্যে লেখেন, ‘ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক, আর ক্ষমতায় গেলে সবাই… পোস্ট ডিলিট করেন, সমস্যা হবে।’

সঙ্গে যোগ করেন ‘হা হা’ প্রতিক্রিয়া, যা বোঝায় যে কথাটি রসিকতার ছলে বলা হলেও এতে রয়েছে গভীর ইঙ্গিত।

সোমবার সকালে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এক বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ৩১ শিক্ষার্থী ও শিক্ষকের। আর শতাধিক আহত হয়ে চিকিৎসাধীন।

এই মর্মান্তিক ঘটনার পর সামাজিক মাধ্যমে নানা তথ্য ও স্ট্যাটাস ঘুরে বেড়াচ্ছে। অনেকে ক্ষোভ প্রকাশ করছেন, আবার কেউ কেউ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। ইরফান সাজ্জাদের স্ট্যাটাসটিও সেই আবেগ ও প্রতিবাদেরই একটি রূপ বলে মনে করছেন অনেকেই।

বৈছাআ রংপুর ও নাটোর জেলার কমিটি স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর ও নাটোর জেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর ও নাটোর জেলা শাখার আহ্বায়ক কমিটির নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় উক্ত কমিটির সকল ধরনের কার্যক্রম পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।