Home Blog Page 356

উপদেষ্টাদের ‘সততার’ ওপর পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাতে এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ‘সততার’ ওপর দলের পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। একটি সংবাদপত্রে প্রকাশিত সাবেক সচিবের বক্তব্যের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, একটি সংবাদপত্রে একজন সাবেক সচিব (নাম উল্লেখ না করে) বলেছেন যে, আটজন উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত। এই বক্তব্যের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টাসহ এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার অত্যন্ত সম্মান করি এবং তাদের ইনটিগ্রিটির ওপরে আমরা আস্থা রাখি।”

বিএনপি মহাসচিবের এই বিবৃতি আসার কারণ হলো, শুক্রবার বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার (বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা) অন্তর্বর্তীকালীন সরকারের আটজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসা এই উপদেষ্টাদের দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে আছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

আব্দুস সাত্তার অভিযোগের উদাহরণ দিয়ে বলেন, একজন উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেছে, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালনার দায়িত্বে থাকা নূরজাহান বেগমের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের পক্ষে বিক্ষোভকালে গ্রেপ্তার ৪৬৬

লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত একটি বিক্ষোভ থেকে শনিবার মেট্রোপলিটন পুলিশ অন্তত ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে। যুক্তরাজ্যের ফিলিস্তিনি অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে নিষিদ্ধ করার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল।

গত জুলাই মাসে যুক্তরাজ্যের আইনপ্রণেতারা ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপটিকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করেন। এই গ্রুপটি ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের প্রতিবাদে রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে হামলা করে কিছু উড়োজাহাজের ক্ষতি করেছিল। এই নিষেধাজ্ঞার প্রতিবাদে ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ নামের একটি ক্যাম্পেইন গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করে।

মেট্রোপলিটন পুলিশ তাদের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, বিক্ষোভকারীরা ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর পক্ষে প্ল্যাকার্ড হাতে নিয়ে সমর্থন জানাচ্ছিল, যার কারণে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে ৩৬৫ জনকে গ্রেপ্তার করা হয়, এবং পরে এই সংখ্যা ৪৬৬-তে পৌঁছায়। পুলিশের ওপর হামলার অভিযোগে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভকারীরা ‘আপনাদের লজ্জা পাওয়া উচিত’, ‘গাজা থেকে হাত গুটাও’ এবং ‘আমি গণহত্যার বিরোধী, প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থক’—এমন বিভিন্ন স্লোগান দিচ্ছিল। ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সদস্য হওয়া যুক্তরাজ্যে এখন একটি অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানানোর অনুমতি পেয়েছেন প্যালেস্টাইন অ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মোরি।

অবরুদ্ধ গাজায় অনাহার ও অপুষ্টিতে আরও ১১ মৃত্যু

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গাজায় অনাহার ও অপুষ্টিতে ভুগে আরও ১১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর ফলে গাজায় অনাহারজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২১২-তে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৮ জনই শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা জাতিসংঘের সংস্থাগুলো সীমান্ত থেকে ত্রাণ নিয়ে তা বিতরণ করছে না। বিপরীতে জাতিসংঘের মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে যে, ইসরায়েল-নিয়ন্ত্রিত সীমান্ত থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে তারা ক্রমাগত বাধা ও বিলম্বের শিকার হচ্ছে।

ত্রাণ সংগ্রহ করতে গিয়েও ফিলিস্তিনিদের ইসরায়েলি বাহিনীর গুলির শিকার হতে হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ২১ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত নতুন সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করার পর থেকে এ পর্যন্ত ১৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। এদের মধ্যে অধিকাংশই ইসরায়েলি বাহিনীর গুলিতে মারা গেছেন। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের ওপর গুলি চালায় না। ইসরায়েল গাজায় স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের অনুমতি না দেওয়ায় এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব নয়।

ইসরায়েল সম্প্রতি একটি বিতর্কিত পরিকল্পনার ঘোষণা দিয়েছে, যেখানে তারা গাজা সিটির নিয়ন্ত্রণ নেবে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এই পরিকল্পনা অনুমোদন করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে বাসিন্দাদের শহরটি ছেড়ে যাওয়ার জন্য চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হতে পারে। এই পরিকল্পনার কারণে ইসরায়েলের ভেতরেও তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ সামরিক কর্মকর্তারা এবং জিম্মিদের পরিবারের অনেকেই আশঙ্কা করছেন যে, এটি এখনো জীবিত থাকা ২০ জিম্মির জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে।

ট্রাকে টিসিবির যেসব পণ্য বিক্রি শুরু আজ

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রবিবার থেকে সাধারণ মানুষের জন্য ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করছে। একই সঙ্গে, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমও চলমান থাকবে।

টিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিভিন্ন জেলা ও মহানগরীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই কার্যক্রম চলবে। ৬০টি ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩০ দিন (শুক্রবার বাদে) পণ্য বিক্রি করা হবে।

চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, পটুয়াখালী ও বাগেরহাট জেলায় ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন (শুক্রবার বাদে) এই কার্যক্রম চলবে।

প্রতিটি ট্রাক থেকে দৈনিক ৫০০ জন সাধারণ মানুষ টিসিবির পণ্য কিনতে পারবেন।

ভ্রাম্যমাণ ট্রাক থেকে যে কোনো ভোক্তা যে মূল্যে পণ্য কিনতে পারবেন:

ভোজ্য তেল: ২ লিটার, ২৩০ টাকা।

চিনি: ১ কেজি, ৮০ টাকা।

মশুর ডাল: ২ কেজি, ১৪০ টাকা।

কার্ডধারীরা ডিলারের কাছ থেকে একটি প্যাকেজ কিনতে পারবেন, যার মোট মূল্য ৫৪০ টাকা।

প্যাকেজে থাকবে:

চাল: ৫ কেজি, প্রতি কেজি ৩০ টাকা।

সয়াবিন তেল: ২ লিটার, প্রতি লিটার ১০০ টাকা।

মশুর ডাল: ২ কেজি, প্রতি কেজি ৬০ টাকা।

চিনি: ১ কেজি, প্রতি কেজি ৭০ টাকা।

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার সকাল ১০টায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফল একযোগে প্রকাশ করা হয়।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তাদের রোল নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবে। ঢাকা শিক্ষা বোর্ডের জন্য dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, এই বছর রেকর্ডসংখ্যক শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছিল।

এবার ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট দুই লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছে। এটি গত বছরের তুলনায় ২১ হাজার বেশি আবেদনকারী এবং ৪০ হাজার বেশি খাতার আবেদন।

যেসব বিষয়ে সবচেয়ে বেশি আবেদন:

গণিত: ৪২ হাজার ৯৩৬টি খাতা।

ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র: ১৯ হাজার ৬৮৮টি করে।

পদার্থবিজ্ঞান: ১৬ হাজার ২৩৩টি।

বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র: ১৩ হাজার ৫৫৮টি।

যে বিষয়ে সবচেয়ে কম আবেদন: চারু ও কারুকলা বিষয়ে মাত্র ৬টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছে।

পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় নতুন করে খাতা মূল্যায়ন করা হয় না, বরং নম্বর সঠিকভাবে যোগ করা হয়েছে কি না, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না এবং ওএমআর শিটে নম্বর ঠিকমতো উঠেছে কি না, তা যাচাই করা হয়।

এক ইনিংসে দেড়শ পেরোলেন তিন কিউই ক্রিকেটার

সিরিজের প্রথম টেস্টেও নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি জিম্বাবুয়ে। এবার সিরিজ নির্ধারণী ম্যাচে বুলাওয়েতে প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এরপর কিউইরা রোডেশিয়ান বোলারদের নাস্তানাবুদ করে রানের পাহাড় গড়ে। দলীয় ছয়শ পেরিয়েছে তিন ব্যাটারের দেড়শ পেরোনো ইনিংসে। এর মাধ্যমেই বিশ্বরেকর্ড গড়ল নিউজিল্যান্ড।

দ্বিতীয় দিন শেষে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ৬০১ রান। ইতোমধ্যে প্রথম ইনিংসে তারা ৪৭৬ রানের লিড নিয়েছে। কতটা একপেশে ম্যাচ চলছে সেটি বলাই বাহুল্য। এক ইনিংসে তিন ব্যাটারের দেড়শ পেরোনো ইনিংস যৌথভাবে বিশ্বরেকর্ড। এমন ঘটনা টেস্ট ইতিহাসে আরও দু’বার দেখা গেছে। তবে গত ৩৯ বছরে এবারই প্রথম এক ইনিংসে দেড়শ পেরোলেন তিনজন।

গতকাল (শুক্রবার) কিউই ব্যাটারদের সামনে রীতিমতো অসহায় ছিলেন ‍জিম্বাবুইয়ান বোলাররা। তাদের পক্ষে তিনজন ১টি করে উইকেট নিলেও তাদের প্রত্যেকেই একশ’র বেশি রান খরচ করেছেন। সবমিলিয়ে রানের বন্যা থামাতে ৭ বোলার আক্রমণে আসতে হয়েছে জিম্বাবুয়ের। তবে তাদের সেভাবে সাফল্য পাওয়া হয়নি। কিউইদের পক্ষে দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং মিলে উদ্বোধনী জুটিতেই ১৬২ রান করেন। এরপর দ্বিতীয় উইকেটে ৭৩ ও তৃতীয় উইকেটে আসে ১১০ রান।

দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকা হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্র’র জুটি চলমান আছে ২৫৬ রানে। রাচিন ১৩৯ বলে ২১টি চার ও দুই ছক্কায় ১৬৫ এবং নিকোলস ২৪৫ বলে ১৫টি চারের মারে ১৫০ রান করেছেন। এর আগে ওপেনার কনওয়ে ১৫৩ রান করেন ২৪৫ বলে ১৮টি চারের সাহায্যে। সেই তুলনায় বাকি দুই ব্যাটারের কণ্ঠে হয়তো আক্ষেপই ঝরবে। কারণ ইয়াং ৭৪ ও জ্যাকব ডাফি ৩৬ রান করেছেন।

এ নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয়বার একই ইনিংসে তিনটি দেড়শ পেরোনো ইনিংস দেখা গেছে। প্রথমবার ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড এবং ১৯৮৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের তিন ব্যাটার একই কীর্তি গড়েন।

ত্বকে ব্রণ উঠলেই নিজের ‘থুতু’ ব্যবহার করেন তামান্না

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া রূপ আর ফিটনেসের জন্য সবসময়ই আলোচনায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার নিখুঁত ত্বকের পেছনের একটি গোপন রহস্য ফাঁস করেছেন, যা শুনে অনেকেই অবাক হয়েছেন।

তামান্না জানিয়েছেন, মাঝে মাঝে তার মুখেও ব্রণ ওঠে। এই সমস্যা সমাধানের জন্য তিনি একটি ঘরোয়া টোটকা ব্যবহার করেন, ঘুম থেকে ওঠার পর মুখের প্রথম লালা (থুতু) ব্রণের ওপর লাগিয়ে দেন। তার দাবি, এতে ব্রণ দ্রুত শুকিয়ে যায়।

এই কৌশল ছাড়াও, আগে তিনি অ্যাপল সিডার ভিনেগার এবং প্রাকৃতিক মাটি মিশিয়ে ত্বকে লাগাতেন। তবে তামান্না সতর্ক করে বলেছেন যে এই পদ্ধতি সবার জন্য উপযোগী নাও হতে পারে।

উঠতি বয়সের ছেলেমেয়েদের ত্বকের সমস্যায় পেশাদার স্কিন বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো। তার এই অকপট স্বীকারোক্তি যেন তারকাদের রূপ-সৌন্দর্যের পেছনের সাধারণ লড়াইগুলোকেই তুলে ধরেছে।

সাইয়ারা’র নায়ক-নায়িকার প্রেম বাস্তবেও পূর্ণতা পাচ্ছে!

বলিউডে বর্তমানে আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র নায়ক-নায়িকা আহান পাণ্ডে আর অনীত পাড্ডার দেখা মিলল একসঙ্গে। সেখানে তাদেরকে বেশ কাছাকাছি অবস্থাতেই দেখা যায়, যা দেখে চমকে গেল ভক্তরা।

সম্প্রতি মুম্বাইয়ের এক বিলাসবহুল শপিং মলে একসঙ্গে দেখা মেলে তাদের। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বাইরে বের হওয়ার সময় আহান অনীতর দিকে হাত বাড়িয়ে দেন যেন হাতে হাত রেখে হাঁটতে চান। কিন্তু অনীত হালকা লাজুক ভঙ্গিতে তা এড়িয়ে যান। মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

আর এ নিয়েই শুরু গুঞ্জন! নেটিজেনরা ভাবতে শুরু করেন, পর্দার প্রেম কি বাস্তবেও ধরা দিচ্ছে তাহলে? একজন লিখেছেন, ‘হাত ধরেনি তো কী হয়েছে, আহানের চোখ কিন্তু অনীতের দিকেই ছিল।’

ভিডিওতে দেখা গেছে, আহান কালো জ্যাকেট ও নীল জিন্সে, অনীত স্কাই ব্লু শার্ট আর ডেনিমে। দুজনেই মুখ ঢেকে রেখেছিলেন, চারপাশে ছিল নিরাপত্তার বলয়। তাদের সঙ্গে ছিলেন আহানের মা ডিয়ানে পাণ্ডেও।

মোহিত সুরির ‘সাইয়ারা’ ইতোমধ্যেই বক্স অফিসে ৫০০ কোটির বেশি আয় করেছে, যার মধ্যে ৩০০ কোটিরও বেশি শুধু ভারতের বাজার থেকে।

তারেক রহমান দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, তারেক রহমানের স্ত্রীও একজন প্রখ্যাত চিকিৎসক।

আজ শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জাতীয় কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য খাতসহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে।

বিএনপির মহাসচিব বলেন, শুধু ভোটের অধিকারই নয়, স্বাস্থ্যসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করাও আমাদের কর্তব্য।

জাপায় কাদেরবিরোধীদের কাউন্সিল আজ

 

জাতীয় পার্টির (জাপা) নেতৃত্ব নিয়ে বিরোধ আদালতে গড়ানোর পর দলটি ষষ্ঠবারের মতো ভাঙতে যাচ্ছে। দলটির চেয়ারম্যান জি এম কাদেরের বিরোধীরা আজ শনিবার জাপার নামে কাউন্সিল করতে যাচ্ছে। যদিও জি এম কাদের নিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এ কাউন্সিলকে অবৈধ আখ্যা দিয়েছেন।

চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নিয়ে স্বৈরাচারের দোসর তকমা পাওয়া গত তিন সংসদে জাপা গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় ছিল। ১৯৮৬ সালে হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দলটি তাঁর জীবদ্দশায় চারবার ভাঙে। ২০১৯ সালে জি এম কাদের দলের নেতৃত্বে আসার পর এটি আরও একবার ভেঙেছে।

গত বছরের ৭ জানুয়ারির নির্বাচনের পর রওশন এরশাদের নেতৃত্বে তাঁর অনুসারীরা একই নামে দল করেছে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর জি এম কাদের সমর্থন করেন অন্তর্বর্তী সরকারকে। কিন্তু অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রবল আপত্তির মুখে সরকারি বৈঠকে জাপাকে ডাকা বন্ধ করা হয়। স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে জাপার কার্যালয়-কর্মসূচিতেও হামলা হয়। এরপর জি এম কাদের সরকারের সমালোচক হিসেবে আবির্ভূত হন।

তাঁর এ ভূমিকার পর জাপার গঠনতন্ত্রের ২০(১) ‘ক’ ধারা সংশোধনের দাবি তোলেন দলটিতে আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত নেতারা, যারা শেখ হাসিনার সময়ে মন্ত্রী-এমপি ছিলেন। জি এম কাদেরের সভাপতিত্বে গত মে মাসে জাপার প্রেসিডিয়ামে সিদ্ধান্ত হয়, ২৮ জুন দলের কাউন্সিল হবে।

প্রধান উপদেষ্টার কর্মসূচির কারণে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ভাড়া পাওয়া যাচ্ছে না– অজুহাতে এ কাউন্সিল স্থগিত করেন জি এম কাদের। যদিও এতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন দলটির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব পদে প্রার্থী হতে চেয়েছিলেন কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার।

জি এম কাদের কাউন্সিল স্থগিত করে এ দুজন এবং জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দলের সব পদ থেকে অব্যাহতি দেন। ২০ (১) ‘ক’ ধারার ক্ষমতাবলে আরও চার প্রেসিডিয়াম সদস্যকেও বহিষ্কার করা হয়। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জাপার ১০ নেতা মামলা করেন। মামলায় চেয়ারম্যানের দায়িত্ব পালনে জি এম কাদেরকে নিষেধাজ্ঞা দেন আদালত।