Home Blog Page 363

শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে ড.ইউনূস কোনো কথা বলেননি: মেজর (অব.) হাফিজ

বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গত ১৭ বছরে শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কোনো কথা বলেননি। এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও এ বিষয়ে নীরব ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, একমাত্র আইন উপদেষ্টা আসিফ নজরুল মাঝে মাঝে দু-একটি কথা বলেছেন।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও শহীদ পরিবারবর্গকে সম্মাননা’ অনুষ্ঠানে এসব কথা বলেন হাফিজ উদ্দিন। আইইবি এ অনুষ্ঠানের আয়োজন করে।

হাফিজ উদ্দিন বলেন, ‘এখন যাঁরা উপদেষ্টা রয়েছেন, তাঁদের কেউ গত ১৭ বছর শেখ হাসিনার অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলেননি। একমাত্র আসিফ নজরুল মাঝে মাঝে দু-চারটি কথা বলেছেন। এমনকি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস—দেশ বরেণ্য ব্যক্তি, আমরা সকলে তাঁকে শ্রদ্ধা করি, তিনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথা কখনো বলেন নাই।’

বিএনপির এই নেতা বলেন, জুলাই-আগস্টের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার প্রধান কারণ হলো, অভ্যুত্থানের পর যে সরকার রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারা শহীদদের চেতনাকে ধারণ করে না। তিনি আরও বলেন, ‘সব সময়ই বিপ্লবে যাঁরা জীবন দেন, বিজয়ের পরে তাঁদের মূল্যায়ন করা হয় না। বারবার জীবন দেয় সাধারণ মানুষ, আর এর ফলাফল ভোগ করে একশ্রেণির কুটিল রাজনীতিবিদরা।’

তিনি অভিযোগ করেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি, তারাই এখন পাদপ্রদীপের আলোয় এসে জাতিকে উপদেশ দিচ্ছে।

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন দিয়েছে উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, ‘নির্বাচন কি পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে হবে নাকি আসনের পদ্ধতিতে হবে, এটির জন্য মানুষ জীবন দেয়নি। মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আর গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন দেওয়া।’

হাফিজ উদ্দিন আরও বলেন, ‘পৃথিবীর কোনো ইতিহাসে নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হচ্ছে। জনগণ ও সংসদের সম্মতি ছাড়া কীভাবে এরা সংবিধান সংশোধন করতে চায়।’

বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা ছিলাম ৮০ হাজার। আর এখন মুক্তিযোদ্ধার সংখ্যা আড়াই লক্ষ (লাখ)। এটির কৃতিত্ব আওয়ামী লীগকে দিতে হবে।’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ যখনই সময় পেয়েছে, আত্মীয়-স্বজনদের এই তালিকায় ঢুকিয়েছে।

সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন হাফিজ উদ্দিন। তিনি বলেন, সাবেক বিচারপতি এবং ৬০০ পুলিশ কর্মকর্তাকে সেনানিবাসে আশ্রয় দিয়ে সেনাবাহিনী ঠিক কাজ করেনি। তিনি বলেন, জুলাই-আগস্টে এমন আন্দোলন হয়েছে, মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছেন।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ফ্যাসিবাদবিরোধীদের মধ্যে ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, ‘ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা দেশের ভেতর থেকেও হচ্ছে, বাইরে থেকেও হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যদি ঐক্যের মধ্যে ফাটল ধরান, পতিত স্বৈরাচার কিন্তু বসে নেই। তাদের কাছে লুণ্ঠিত অর্থ আছে; তাদের সুবিধা ভোগ করা দোসররা এখনো আছে। তাদের কাছে আছে বিভিন্ন বেআইনি আগ্নেয়াস্ত্র। কাজেই মনে রাখতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই।’

জাহিদ হোসেন সমালোচনাকারীদের উদ্দেশে বলেন, ‘যারা কথায় কথায় সমালোচনা করেন, তার আগে আয়নায় নিজেদের মুখ দেখবেন। পত্রপত্রিকায় তো এখন অনেক কিছু বেরিয়ে আসছে। বাংলাদেশের মানুষ এসব পছন্দ করে না। কাজেই আমার মনে হয়, যাঁরা নিজেদের দায়িত্বশীল মনে করেন, আগামী দিনের রাজনীতি করতে চান; তাঁদের ঐক্য ধরে রাখতে হবে।’

রোববার নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি: নাহিদ

নতুন বাংলাদেশের জন্য নিজেদের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক জনসমাবেশে এই ইশতেহার প্রকাশ করা হবে।  শনিবার  দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এ পদযাত্রা কর্মসূচির মাধ্যমে তারা দেশের ৫৯টি জেলায় সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, দেশ নিয়ে তাদের ভাবনা এবং একটি নতুন রাজনৈতিক দল হিসেবে তাদের প্রত্যাশা শুনেছেন।

এনসিপির আহ্বায়ক জানান, অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে গত ১ জুলাই থেকে তাদের জুলাই পদযাত্রা শুরু হয়েছিল। এ কর্মসূচির অভিজ্ঞতা থেকে দল তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি করেছে। এই ইশতেহারে তরুণদের জন্য পরিকল্পনা, অর্থনৈতিক রূপরেখা এবং দেশের আইনশৃঙ্খলা, পুলিশ ও প্রশাসন নিয়ে তাদের ভাবনা তুলে ধরা হবে।

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়েছিলাম। নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি ও যে রাষ্ট্রভাবনার রূপকল্প রয়েছে, তা আমরা রোববার প্রকাশ করব।”

শহীদ মিনারে রোববার বিকেল ৪টায় এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে এবং এতে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম জানান, গত বছরের ডিসেম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের প্রথম খসড়া দেওয়া হয়েছিল। এখন অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের খসড়া সমন্বয় করে একটি চূড়ান্ত ঘোষণাপত্র তৈরি করছে। তিনি বলেন, “আমাদের দাবি ছিল, ঘোষণাপত্রের অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। আমরা আশা করছি, সরকারের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যে আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছে, এনসিপি এই উদ্যোগকে স্বাগত জানায়।

গৃহকর্মীকে ধর্ষণের দায়ে সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নাকে গৃহকর্মীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (২ আগস্ট) এমপি-এমএলএ’দের জন্য গঠিত বিশেষ আদালতের বিচারক সন্তোষ গজানন ভাট এই রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি প্রজ্বলকে ১১ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। তবে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ৩৪ বছর বয়সী রেভান্না কর্ণাটকের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। ২০২৩ সালে শত শত আপত্তিকর ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে এসব অভিযোগ সামনে আসে। এসব ভিডিও দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী নারী ৩৪ বছর বয়সী সাবেক সংসদ সদস্য প্রজ্বলের পরিবারের মালিকানাধীন একটি ফার্ম হাউস বা অবকাশযাপন কেন্দ্রে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। ২০২৪ সালে কর্ণাটকের হাসান জেলায় প্রজ্বলের বিরুদ্ধে চারটি ধর্ষণ ও যৌন হয়রানির মামলা হয়। বাকি তিনটি মামলার বিচারও চলমান।

তবে রেভান্নার পরিবারের অভিযোগ, এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। এসবের পেছনে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল কংগ্রেসের হাত রয়েছে। যৌন নিপীড়নের একাধিক অভিযোগের পাশাপাশি ব্যক্তিগত বিতর্কের জেরেই সবশেষ লোকসভা নির্বাচনে হাসান আসনে হেরে যান প্রজ্বল।

এর আগে, ২০২৪ সালের ৩১ মে থেকে কারাগারে রয়েছেন প্রজ্বল। জার্মানি থেকে ফেরার সময় ওই দিন তাকে গ্রেপ্তার করা হয়। একাধিক নারীর ওপর যৌন নিপীড়নের ভিডিও প্রকাশ হওয়ার পর তিনি ইউরোপে পালিয়ে গিয়েছিলেন।

প্রসঙ্গত, ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার দল জনতা দল (সেক্যুলার) বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির মিত্র হিসেবে রয়েছে। ভারতের মতো দেশে এত প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কারও এভাবে সাজা পাওয়ার ঘটনা বিরল।

ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখল কানাডা

তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, কানাডা ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে। গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর অস্ত্র ব্যবহার ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে জানান, গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক পণ্যের জন্য ইসরায়েলের লাইসেন্স ২০২৪ সালের শুরুতেই স্থগিত করা হয়েছিল এবং এটি এখনও বহাল আছে। নতুন করে কোনো অনুমোদন দেওয়া হয়নি।

গত ২৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, কানাডা থেকে ইসরায়েলে এখনও অস্ত্র পাঠানো হচ্ছে, এর প্রতিবাদেই আনিতা এই নতুন বিবৃতিটি জারি করেন।

এ প্রসঙ্গে আনন্দ বলেন, প্রতিবেদনের বেশ কিছু দাবি বিভ্রান্তিকর এবং বাস্তবতা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, প্রতিবেদনে যে বিষয়ে বলা হয়েছে, সেগুলো আসলে পেইন্টবল ধাঁচের। এগুলোর সঙ্গে এমন যন্ত্রও ছিল, যা আগ্নেয়াস্ত্রকে সাধারণ গোলাবারুদ ব্যবহারে অকার্যকর করে তোলে। এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী নয়। যদি কেউ এমন কিছু ব্যবহারের চেষ্টা করে, তা হলেও সেটির জন্য লাইসেন্স লাগবে— আর সেই লাইসেন্স কখনোই দেওয়া হতো না।

তিনি আরও নিশ্চিত করেন, লাইসেন্স স্থগিত হওয়ার আগ থেকেই কোনো কানাডীয় প্রতিষ্ঠান ইসরায়েলে মর্টার সরবরাহ করেনি, সরাসরি বা পরোক্ষভাবে কোনও ভাবেই নয়।

আনন্দ জানান, কোনো প্রতিষ্ঠান যদি বৈধ লাইসেন্স ছাড়া সামরিক সরঞ্জাম রপ্তানি করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যার মধ্যে জরিমানা, জব্দ এবং ফৌজদারি অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, আমরা কখনোই কানাডায় তৈরি অস্ত্রকে এই সংঘাতে ব্যবহৃত হতে দেব না।

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৮২

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৩৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৮০১ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৫৮১ জন অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

অভিযানের সময় পুলিশ বেশকিছু আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ১টি পিস্তল, ২টি ওয়ান শুটারগান, ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি। এছাড়াও, ১টি সুইচ গিয়ার চাকু, ৩টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি এবং ১টি এসএস কুড়াল উদ্ধার করা হয়েছে।

সীমিত আকারে খুলছে মাইলস্টোন, শুরুতে নেই পাঠদান কার্যক্রম

ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টানা তৃতীয় দফা ছুটি শেষে রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে প্রথম দিন কোনো ধরনের ক্লাস বা পাঠদান কার্যক্রম চলবে না।

শনিবার সন্ধ্যায় কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল এক বিবৃতিতে জানান, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিত করতে এবং ধীরে ধীরে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বর্তমানে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পে শারীরিক ও মানসিক পরামর্শ দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ ছিল।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোপুরি পাঠদান কার্যক্রম শুরু করার আগে ধাপে ধাপে সকল ধরনের সহায়তা ও প্রস্তুতি নিশ্চিত করা হবে।

কলকাতায় ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল শান্তা

ভারতের কলকাতায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে আট দিনের রিমান্ডে নিয়েছে লালবাজার গোয়েন্দা বিভাগ। গত ৩০ জুলাই (বুধবার) শান্তাকে কলকাতার যাদবপুর এলাকার বিজয়নগরের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। শান্তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস এর বরাতে জানা গেছে, শান্তার কাছ থেকে দুটি ভারতীয় আধার কার্ড, একটি ভোটার আইডি, এবং বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তার কাছ থেকে বাংলাদেশে ইস্যু করা একটি বিমান সংস্থার আইডেন্টিটি কার্ড-ও উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অ্যাপ-ভিত্তিক ক্যাব ব্যবসা করতে গিয়েই পুলিশের সন্দেহের তালিকায় আসেন শান্তা। তিনি ২০২৩ সাল থেকে কলকাতার যাদবপুরের বিজয়নগরে বাস করছিলেন।

সম্প্রতি ঠাকুরপুর থানায় শান্তা নিজেই একটি জালিয়াতির মামলা দায়ের করেন। সেখানে তিনি ভিন্ন এক ঠিকানা ব্যবহার করেন। তদন্তে দেখা যায়, তিনি একাধিক সময় ঠিকানা ও পরিচয় পরিবর্তন করে থাকতেন।

তদন্তকারীরা জানিয়েছেন, শান্তা ভারতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে যে, তার পেছনে একটি বড় চক্র সক্রিয় থাকতে পারে।

ব্রাজিল ফুটবল সভাপতির বাসায় পুলিশের অভিযান

ভোটে অনিয়ম তদন্তে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির সাউদের বাড়ি ও অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। দেশটির উত্তরাঞ্চলীয় শহর রোরাইমার ২০২৪ সালের পৌরসভা নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগে এ অভিযান চালানো হয়।

ব্রাজিলের পুলিশ এই অভিযানকে ‘অপারেশন ব্ল্যাক বক্স’ নাম দিয়েছে। এতে সামির সাউদ ছাড়াও তদন্তের আওতায় রয়েছেন ফেডারেল ডেপুটি হেলেনা লিমা, তার স্বামী রেইনালদো লিমা ও ডিএনআইটির (জাতীয় অবকাঠামো বিভাগ) রোরাইমা শাখার প্রধান ইগো ব্রাসিল। সব মিলিয়ে ১০ জনের বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা জারি হয়েছে।

সিবিএফ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৫২ মিনিট পর্যন্ত পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিল। রোরাইমা নির্বাচনী আদালতের নির্দেশে তারা তল্লাশি চালায়। তবে সিবিএফ দাবি করেছে, এই অভিযানের সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই এবং সামির সাউদ তদন্তের কেন্দ্রে নন।

উল্লেখ্য, গত বছর রোরাইমার নির্বাচনের আগে হেলেনা লিমার স্বামী রেইনালদো লিমাকে ৫ লাখ ব্রাজিলিয়ান রিয়ালসহ আটক করা হয়। তদন্তকারীদের দাবি, সামির সাউদ ছিলেন হেলেনার ঘনিষ্ঠ সহযোগী।

বাংলাদেশকে শুল্কছাড়, ধসে পড়ল ভারতের টেক্সটাইল শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর আমদানি শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার ঘোষণা দেয়ার পর শুক্রবার ভারতের টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে। দ্য ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী, দেশটির একাধিক শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারীর শেয়ার ৭ শতাংশ পর্যন্ত কমে গেছে।

শুক্রবার মুম্বাই শেয়ারবাজারে পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজের শেয়ার ৭.২ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৩৮০.০৫ রুপিতে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ার ৩.১ শতাংশ পড়ে ৮২৪.৫০ রুপিতে ঠেকে। এছাড়া আরভিন্দ লিমিটেডের শেয়ার ১.৮ শতাংশ কমে দাঁড়ায় ৩১০.৪০ রুপিতে এবং ওয়েলস্পান লিভিং পড়ে ১.৯ শতাংশ কমে ১২৩.৮০ রুপিতে।

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাজারে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় ভারতের অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে। কারণ বাংলাদেশ, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়া আগে থেকেই যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম শুল্কে রপ্তানির সুবিধা পাচ্ছে। সেই তালিকায় এবার বাংলাদেশের শুল্ক আরও কমানোয় ভারতের ওপর চাপ বেড়েছে দ্বিগুণ।

এর আগে, বৃহস্পতিবারই মার্কিন সরকার ভারতীয় পোশাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। তারই রেশ ধরে পার্ল গ্লোবালের শেয়ার বৃহস্পতিবার ৭ শতাংশ এবং গোকালদাস এক্সপোর্টসের শেয়ার ৪.৫ শতাংশ পড়ে যায়।

শুল্কছাড়ের ফলে বাংলাদেশের জন্য এটি বড় একটি লাভ, বিশেষত এমন সময়ে যখন বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা তীব্র। বিপরীতে ভারতের টেক্সটাইল রপ্তানিকারকরা এখন বড় ধাক্কার মুখে।

খেলাপি ঋণের জালে জর্জরিত জনতা ব্যাংক

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক খেলাপি ঋণের জালে জর্জরিত। বিসমিল্লাহ, বেক্সিমকো, এস আলমসহ শীর্ষ ৯টি ব্যবসায়ী গ্রুপের কাছে আটকে আছে প্রায় ৫৪ হাজার কোটি টাকা, যার মোট খেলাপি ঋণ ৬৭ হাজার ৩০০ কোটি টাকা। ব্যাংকটির ঋণের ৬৬ শতাংশই খেলাপি। তবে গ্রাহকদের আস্থা ফেরাতে এবং প্রান্তিক সেবা নিশ্চিত করতে নতুন ১০০টি উপশাখা খোলার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।

বেক্সিমকো গ্রুপ দিলকুশা শাখা থেকে ২৫ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছে, যার পুরোটাই খেলাপি। বিসমিল্লাহ গ্রুপ ১ হাজার ২০০ কোটি এবং এস আলম গ্রুপ ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যার মধ্যে ১ হাজার ২০০ কোটি খেলাপি। দুর্নীতি দমন কমিশনের মতে, বিসমিল্লাহ গ্রুপের ঋণের একটি বড় অংশ পাচার হয়েছে।

জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমান বলেন, “খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নিচ্ছি। এটি সময়সাপেক্ষ হলেও আমরা পিছপা নই। অনেক উপজেলাতে আমাদের শাখা নেই। সে জায়গাগুলোতে আমরা চাচ্ছি আমাদের সেবা পৌঁছে যাক। এ বছরে ১০০টা উপশাখা খুলতে চাচ্ছি। যে সমস্ত গ্রোথ সেন্টার আছে সে সমস্ত গ্রোথ সেন্টারে আমাদের সেবাটা পৌঁছে দিতে চাচ্ছি।’

অর্থনীতিবিদ হেলাল আহম্মেদ জনি বলেন, ‘উপশাখাগুলো যদি বেশি ওপেন করা হয় সেক্ষেত্রে সুবিধা হলো ব্যাংকগুলোর ফিক্সড কস্টগুলো কমে যাচ্ছে। আমার মনে হয় সেটা ব্যাংক প্রফিটিবিলিটির দিকে যাওয়ার ক্ষেত্রে এটা সহায়তা করবে।’

সিএসপিএসের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘বড় বড় ব্যাংকগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে সাব-ব্রাঞ্চগুলো মেইন ব্রাঞ্চ হয়ে ওঠবে। আমি মনে করি এজেন্ট ব্যাংকিং এর পরিবর্তে সাব-ব্রাঞ্চ আইডিয়াতেই যাওয়া উচিত।’

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের পরেই অবস্থান জনতা ব্যাংকের। সারাদেশে ব্যাংকটির শাখা রয়েছে ৯২৬টি।