Home Blog Page 364

রেস্ট হাউজে নারীসহ ওসিকে আটক করে ছাত্রদল নেতার চাঁদাবাজি

যশোর শহরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউজে ‘নারীসহ ওসিকে আটকে চাঁদা দাবির’ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে। অভিযোগের তীর ছাত্রদলের এক নেতার দিকে, যিনি ৫-৬ জন সহযোগী নিয়ে সেখানে হানা দেন।

ঘটনাটি ঘটে গত ৩০ জুন সন্ধ্যায়। সিসিটিভি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে যশোর পাউবোর পুরোনো রেস্ট হাউজের ‘কপোতাক্ষ কক্ষে’ অবস্থান করছিলেন।

প্রায় দুই ঘণ্টা পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি তার সঙ্গীদের নিয়ে সেখানে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা দরজা ধাক্কা দেওয়ার পর ওসি সাইফুল ইসলাম বাইরে বের হন। এরপর ধস্তাধস্তি করে তাকে আবার কক্ষে ঢুকিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, তারা ওসির কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন এবং পরে দুই লাখ টাকায় আপসরফা হয়।

ঘটনার সময় রেস্ট হাউজে দায়িত্বরত আনসার সদস্য ও কেয়ারটেকারসহ কয়েকজন কর্মচারীকে মারধরের অভিযোগও উঠেছে। কেয়ারটেকার মিজানুর রহমান বলেন, ‘টাকা লেনদেন এবং রেস্ট হাউজ ভাঙচুরের সময় আমাকেও মারধর করা হয়।’

মিজানুর রহমান বলেন, ‌ওসি সাইফুল স্ত্রী পরিচয়ে একজন নারীকে নিয়ে বাংলোয় ওঠেন। আমি নিজে দরজা খুলে দিই। কপোতাক্ষ (কক্ষ) গুছিয়ে বুঝিয়ে দিয়ে যাই। এরপর কিছু সময় পর ওসি স্যার নাশতা আনতে শহরের একটি হোটেলে পাঠান। আর ওসি সাইফুল ইসলাম ওই নারীসহ কক্ষে ঘণ্টাখানেক অবস্থান করার পরে এলাকার কিছু লোকজন প্রবেশ করেন। রেস্ট হাউজের সামনে এসে দরজা ধাক্কাধাক্কি করেন। এর কিছুক্ষণ পর সাইফুল ইসলাম দরজা খুলে বের হেয়ে যাওয়ার চেষ্টা করেন। আর চক্রটি তাকে টেনেহিঁচড়ে ওই নারীসহ ঘরে ঢোকেন।’

তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন ওসি সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘একজন বন্ধুকে নিয়ে যশোরে এসেছিলাম। ছাত্রদল নেতারা পূর্বপরিচিত, তাদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব প্রচার চালানো হচ্ছে।’

অন্যদিকে ছাত্রদল নেতা গোলাম হাসান সনি দাবি করেছেন, ‘আমরা সংবাদ পেয়ে রেস্ট হাউজে গিয়েছিলাম। সেখানে কোনো নারী পাইনি, ওসির সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয়েছে। চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন।’

যশোর পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের অনুরোধে ওসিকে রেস্ট হাউজের কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা এখন তদন্তাধীন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বাংলাদেশ সফর স্থগিত, ২০২৬-এ আসছে ভারত

চলতি বছরের আগস্টে বাংলাদেশের মাটিতে ভারতের বিপক্ষে যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল, তা ১৩ মাস পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে পুনঃনির্ধারণ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই বোর্ডের পারস্পরিক আলোচনার ভিত্তিতে আন্তর্জাতিক সূচির ব্যস্ততা ও পারস্পরিক সুবিধার দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যথাসময়ে সফরের পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সূচির সময় পিছিয়ে গেলেও ম্যাচের সংখ্যায় কোনো পরিবর্তন আসেনি। আগের পরিকল্পনা অনুযায়ী তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। এর আগে সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছিল ভারত। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল টাইগাররা।

গত ৩০ জুন বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানিয়েছিলেন, “বিসিসিআইয়ের সঙ্গে আলাপ চলছে, ইতিবাচক আলোচনা হচ্ছে। পরের সুবিধাজনক উইন্ডোতে সিরিজটি অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। তারা বেশ সহযোগিতাপূর্ণ ও পেশাদার আচরণ করছে। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা।”

উল্লেখ্য, প্রাথমিকভাবে নির্ধারিত সূচি অনুযায়ী চলতি বছরের আগস্টের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ঢাকা ও চট্টগ্রামে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তুর্কমেনিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ

নারী এশিয়ান কাপের মূলপর্বে স্থান আগেই নিশ্চিত হয়েছিল। তবে বাছাইপর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় দিয়ে দাপটের সঙ্গে অভিযান শেষ করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই দাপুটে জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হয়েছে পিটার বাটলারের শিষ্যরা।

মূলপর্বে ওঠার লড়াইয়ে বাংলাদেশের মেয়েরা নিজেদের জালে মাত্র একটি গোল হজম করে, যা ছিল স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে। টানা তিন জয়ে বাংলাদেশ এখন এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার মূলপর্বে খেলার জন্য প্রস্তুত।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ ছিল অপ্রতিরোধ্য। মাত্র ৩ মিনিটেই গোলের সূচনা করেন স্বপ্না রানী। এরপর ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করেন শামসুন্নাহার। ১৬ থেকে ২০ মিনিটের মধ্যে আরও তিনটি গোল আসে মনিকা, ঋতুপর্ণা ও তহুরা খাতুনের পা থেকে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ঋতুপর্ণা। এতে ৭ গোলের বিশাল লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর যদিও আক্রমণের ধার কিছুটা কমে আসে, তবে ২০১০ সালে ভুটানের বিপক্ষে গড়া ৯-০ গোলের সর্বোচ্চ জয় রেকর্ডটি অক্ষত থাকে। পুরো বাছাইপর্বজুড়েই বাংলাদেশ দারুণ ছন্দে ছিল। প্রথম ম্যাচে তারা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারায়, যে জয়ই তাদের মূলপর্বে জায়গা নিশ্চিত করে।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় এএফসি নারী এশিয়ান কাপের আসর বসবে। এই প্রতিযোগিতায় সেরা ছয়ের মধ্যে জায়গা করে নিতে পারলেই ২০২৭ নারী বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে পৌঁছাবে বাংলাদেশ। ঋতুপর্ণা ও তহুরাদের এই পারফরম্যান্স সেই স্বপ্নকে এখন আরও উজ্জ্বল দেখাচ্ছে।

তানজিন তিশার সন্তান দাবি করে ছবি প্রকাশ করলেন জাওয়াদ নির্ঝর

সম্প্রতি একটি টকশোতে অভিনেত্রী তানজিন তিশা মা হওয়ার ইচ্ছার কথা জানানোর পর, সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ‘সন্তান’-এর ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছেন। নির্ঝর দাবি করছেন, তিশার পূর্বে বিয়ে হয়েছিল এবং তার একটি পুত্রসন্তানও রয়েছে, যা অভিনেত্রী এতদিন অস্বীকার করে এসেছেন।

শনিবার (৫ জুলাই) জাওয়াদ নির্ঝর তার ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করেন।  এই ছবিগুলোকেই তিনি তিশার সন্তান হিসেবে দাবি করেছেন। দুটি ছবিতে দেখা যায়, তানজিন তিশা একটি শিশুকে গভীর মমতায় কোলে নিয়ে আছেন। আরেকটি ছবিতে দুটি শিশুকে দোলনায় বসে থাকতে দেখা গেলেও, নির্ঝর তাদের মুখ ঢেকে দিয়েছেন। ছবিগুলো পোস্ট করে নির্ঝর লিখেছেন, “সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে।”

নির্ঝর দাবি করেছেন, তিশার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবর মিথ্যা নয়। তার ভাষ্যমতে, এই ছবিগুলো তিশার মিডিয়ায় আসার আগের। তিনি আরও জানান, তিশার সাবেক স্বামী বর্তমানে দুবাইতে থাকেন এবং তাদের একটি পুত্রসন্তান আছে। সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির কাছে থাকে।

তিশার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে নির্ঝর আরও লেখেন, “তিশা টকশোতে মিথ্যা কথা বলেছেন। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা আপনি প্রমাণ করেন, এই বাচ্চা আপনার ছিল না।”

জাওয়াদ নির্ঝরের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এই ঘটনায় বিস্ময় প্রকাশ করছেন। নির্ঝর মন্তব্যের ঘরে তিশার আরও কিছু পুরনো ছবি দিয়েছেন, যা তার মিডিয়ায় আসার আগের ছবি বলেই ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল (৪ জুলাই) জায়েদ খানের সঞ্চালনায় টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তানজিন তিশা। সেখানেই তিনি জায়েদ খানের এক প্রশ্নের জবাবে জানান, পাঁচ বছর পর তিনি নিজেকে একজন মা হিসেবে দেখতে চান এবং এর মধ্যে বিয়ে করে মা হতে চান। তিশা আরও বলেন, “দেখুন, এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।”

খারাপ ব্যাংকগুলোর পুনর্বাসনে কাজ করছে বাংলাদেশ ব্যাংক’: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ব্যাংক খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং ইসলামী ব্যাংকে আস্থা ফিরে আসছে, যা এর একটি উদাহরণ। শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ জানান, অন্যান্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করা হয়েছে। এই আইনের প্রথম শর্ত হলো, যারা ব্যাংকে টাকা জমা দিয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি আশ্বস্ত করে বলেন, কারও টাকা মার যাবে না, তবে এক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে।

উপদেষ্টা আরও বলেন, এনবিআরের চলমান সমস্যা সমাধানে আলোচনা চলছে। বিভিন্ন ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী করণীয় নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে, যারা এ বিষয়ে আলোচনা করে সুপারিশ পেশ করবে।

বিনিয়োগ বৃদ্ধির প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, চলতি বাজেটে অনেক পণ্যের ওপর ইনপুট ট্যাক্স কমিয়ে আনা হয়েছে, যার মাধ্যমে ইউরোপ-আমেরিকার ট্রেড অ্যাপ্লিকেশনের সঙ্গে তাল মেলানো হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সহজ ও স্বচ্ছ ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে সরকার ‘ডুইং বিজনেস’ সহজীকরণে কাজ করছে।

তিনি আরও বলেন, একটি ব্যবসা শুরু করতে যাতে উদ্যোক্তাদের একাধিক সংস্থায় ঘুরতে না হয়, সে লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, ট্রাফিক পুলিশ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের চেষ্টা চলছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. দিদারুল আলম এবং নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী প্রমুখ।

পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, খেলার নিয়ম বদলাতে এসেছি : নাহিদ

আমরা রাজনীতির পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি বরং খেলার নিয়ম বদলাতে এসেছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৫ জুলাই) বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে এক পথসভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন,দেশের হাল ধরতে ভালো, গ্রহণযোগ্য ও যুবসমাজকে রাজনীতিতে নিয়ে আসতে হবে। পুরোনো রাজনীতির নিয়ম বদলাতে হবে।

নাহিদ ইসলাম বগুড়াকে একটি ঐতিহাসিক অঞ্চল হিসেবে উল্লেখ করে বলেন, এই পণ্ড্রনগর সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। তিনি অভিযোগ করেন, নানা কারণে বগুড়া বৈষম্যের শিকার হয়েছে এবং দাবি করেন নাগরিকদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে হবে।

২৪ এর গণঅভ্যুত্থানের পর প্রশাসন, পুলিশ ও আদালতকে নিরপেক্ষ অবস্থানে নিশ্চিতের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকের মতো আচরণ করে, তাদেরও পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিবাদদের মত।”

তিনি ১৮ সালের ভোট ডাকাতিতে জড়িত ডিসি এবং নির্বাচন কমিশনারদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করেন, “এই দিন দিন নয়, দিন কিন্তু সকলেরই আছে। এই গণঅভ্যুত্থানের এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান, ছাত্র-জনতার ক্ষমতা কতটুকু, তাহলে আপনারা ভুল করছেন।”

এনসিপির এই নেতা বগুড়ার প্রশাসক, পুলিশ, এবং আইন-আদালতকে নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, “কোনো দলবাজ প্রশাসক কিংবা দলবাজ পুলিশকে ছাড় দেওয়া হবে না।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, “এই বগুড়ায় এসে বলতে চাই, জুলাই ঘোষণাপত্র অবশ্যই জাতীয় সংবিধানে যুক্ত হবে। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হবে।” এনসিপির এই শীর্ষ নেতা আরও মন্তব্য করেন, যারা জুলাই-আগস্টের আহতদের সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের পাহারাদার।

এই পদযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

আওয়ামী দোসররা সংস্কার কমিশনে বড় বড় কথা বলছে: সালাহউদ্দিন

জাতীয় নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিরাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বা আনুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের দোসররা সংস্কার কমিশনে গিয়ে ‘বড় বড় কথা’ বলছে। শনিবার (৫ জুলাই) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা যখন সংস্কারের কথা বলছি, যখন বিচারের কথা বলছি, অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই। আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি- এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে এলে জামানত না থাকার কথা, তারা বলছে। আনুপাতিক নির্বাচনের কথা যারা বলছে তারাই এসব বয়ান দিচ্ছে।” তিনি আরও বলেন, “তারা আন্দাজে বয়ান দিচ্ছে। বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায়। আনুপাতিক নির্বাচন কী জিনিস, আপনারা কেউ জানেন?”

বিএনপির এই নেতা ‘চেতনা বিক্রি না করার’ আহ্বান জানিয়ে বলেন, “জুলাইয়ের (গণঅভ্যুত্থান) অংশীদার শুধু আপনারা একা নন। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, “সোহরাওয়ার্দী উদ্যানে কয়েকদিন আগে কয়েকটি দল সমাবেশ করেছে। তারা নিম্নকক্ষ ও উচ্চকক্ষেও আনুপাতিক হারে নির্বাচন চায়। যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে; তারাও আনুপাতিক হারে নির্বাচন চায়। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিতরাও এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলে, খায়-দায় সন্ধ্যায় চলে যায়।”

সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। তিনি বলেন, নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিতে হবে, অন্যথায় গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে।

এই সমাবেশে ঢাকা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

করাচিতে ৫ তলা ভবন ধসে নিহত ১৪

পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত করাচিতে একটি ৫ তলা আবাসিক ভবন ধসে ১৪ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ভবনটির ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ২৫ থেকে ৩০ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার বিকেলের দিকে করাচির লায়ারি এলাকায় ঘটেছে এ ঘটনা। এই এলাকাটি করাচির পুরোনো শহর এলাকার (ওল্ড সিটি এরিয়া) অন্তর্ভুক্ত। ধসে পড়া ভবনটি লায়ারি’র শাইখা রোডে অবস্থিত।

পাকিস্তানের দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছেন তারা এবং এ পর্যন্ত ভবনটির ধ্বংসস্তূপ থেকে ৫ জন নারী, ৮ জন পুরুষ এবং ৭ বছর বয়সী একটি ছেলেশিশুর মরদেহ তারা উদ্ধার করতে পেরেছেন।

ধ্বংসস্তূপের তলায় এখনও কমপক্ষে ৩০ জন চাপা পড়ে থাকায় সামনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

শুক্রবার সন্ধ্যার পর ঘটনাস্থল এবং উদ্ধার তৎপরতা পরিদর্শন করতে গিয়েছিলেন করাচি’র মেয়র মুর্তাজা ওয়াহাব।

সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ধসে পড়া ভবনটি ১৯৭৪ সালে নির্মাণ করা হয়েছিল এবং কয়েক বছর আগে ভবনটিকে ‘বিপজ্জনক’ বলে ঘোষণা করেছিল নগর প্রশাসন কর্তৃপক্ষ।

করাচির পুরোনো শহর এলাকায় ৪ শতাধিক ভবনকে ‘বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করেছে নগর প্রশাসন কর্তৃপক্ষ। এসব ভবনের বাসিন্দাদের একাধিকবার নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। কিন্তু তাদের অনেকেই প্রশাসনের সতর্কবার্তা আমলে নিচ্ছেন না।

আমরা চাইলে বল প্রয়োগ করে ঝুঁকিপূর্ণ এসব ভবন থেকে বাসিন্দাদের বের করে দিতে পারি, কিন্তু পৃথিবীর কোনো নগর প্রশাসন যেহেতু এমন করে না— আমরাও করব না। যারা নগর প্রশাসনের সতর্কবার্তা, অনুরোধকে পাত্তা দেন না— তাদের জন্য আজকের ঘটনা একটি বড় শিক্ষা।

করাচির পুরোনা শহর এলাকার আবাসিক ভবনগুলো মধ্যে দূরত্ব এত কম, যে হঠাৎ দেখলে মনে হয় একটি ভবনের সঙ্গে আরেকটি লাগোয়া।

লায়ারি এলাকায় যে ভবনটি ধসে পড়েছে, সেটির দু’পাশেও প্রায় লাগোয়া দু’টি আবাসিক ভবন আছে। সে দু’টি ভবন থেকে বাসিন্দাদের ইতমধ্যে সরানো হয়েছে।

সৌদি আরবে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৭ হাজার ৮৬৩ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৫ জুলাই) সৌদি প্রেস এজেন্সি ও আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ হাজার ৭৪৬ জন আবাসিক আইন লঙ্ঘনকারী, ৪ হাজার ৩৬২ জন অবৈধভাবে সীমান্ত পার হওয়া ব্যক্তি এবং ২ হাজার ৭৫৫ জন শ্রম আইন লঙ্ঘনকারী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৬৫ শতাংশ ইথিওপিয়ান, ৩৩ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় ৯৯ জনকে এবং পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে অথবা পরিবহন ও আশ্রয় দেয়, তবে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এর পাশাপাশি ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।

আইন ভঙ্গকারী অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে ৯১১ নম্বরে এবং অন্যান্য রাজ্য থেকে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

তিন শূন্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মুসলিম বিশ্বের নেতাদের প্রতি তিন শূন্য (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ) অর্জনে আন্তরিকভাবে সামাজিক দায়িত্ববোধ চর্চার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৪ জুলাই) রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে আয়োজিত ‘আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (আইএসবিএস) ২০২৫: মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

রিজওয়ানা হাসান বলেন, দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় মুসলিম বিশ্বকে প্রকৃত সামাজিক ব্যবসার মডেল গ্রহণ করতে হবে।

তিনি বলেন, “আমরা মূল্যবোধের কথা বলছি, কিন্তু প্রয়োগ করছি না—এটাই সমস্যা। প্রকৃত পরিবর্তন তখনই আসে, যখন নৈতিক আদর্শকে কাজে লাগানো হয়।” আধুনিক পুঁজিবাদ প্রকৃতি ও সমাজের ওপর বিরূপ প্রভাব ফেলছে উল্লেখ করে তিনি সতর্ক করেন, এখনই অর্থনৈতিক মডেল পরিবর্তন না করলে এই শতকের শেষ নাগাদ অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে এবং অনেক সভ্যতা হারিয়ে যাবে। তিনি ভোগব্যবস্থার পুনর্বিবেচনার ওপর গুরুত্বারোপ করে বলেন, “প্রয়োজন আর অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে—চিরতরে।”

ইসলামের মূল্যবোধের কথা উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, “ইসলাম কেবল প্রচার নয়, কার্যকর উদ্যোগের নির্দেশ দেয়। এটি বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এবং মুনাফার নামে দুঃখ সৃষ্টি না করে উপার্জন করে তা অন্যের কল্যাণে ব্যয় করার শিক্ষা দেয়।” তিনি আফসোস করে বলেন, “মানবিক সংকটে মুসলিম বিশ্ব একক কণ্ঠে কথা বলে না। নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হলে কেন মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকে? নৈতিক সাহস ছাড়া ভ্রাতৃত্ববোধের কোনো অর্থ নেই।”

উপদেষ্টা রিজওয়ানা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম উপাদান যাকাতকে একটি পরীক্ষিত এবং কার্যকর মডেল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আধুনিক কর ব্যবস্থায় কর দিলেও বাস্তবে সেই অর্থ বড় প্রকল্পে ব্যয় হয়, যা প্রান্তিক জনগোষ্ঠীর উপকারে আসে না। মানবিক ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, “ঘৃণা নয়, বৈচিত্র্যকে গ্রহণ করাই মানবতার পথ। আমাদের উচিত সহমর্মিতা থেকে কথা বলা এবং সব সম্প্রদায়কে মূল্যায়ন করা।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রফেসর ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, তুরস্কের ইউএনআইডব্লিউ এর মহাসচিব ও ফুজুল সেভিংস ফাইন্যান্স ইনক.-এর চেয়ারম্যান ইউপ আকমালসহ আরও অনেকে।