Home Blog Page 367

দাম কমল এলপি গ্যাসের

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমে ১ হাজার ৪০৩ টাকা থেকে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম জুন মাসের ৬৪ টাকা ৩০ পয়সা থেকে এক টাকা ৮৪ পয়সা কমে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বুধবার নতুন এ মূল্যের ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এ দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী, সাড়ে ৫ কেজির বোতলজাত এলপিজির দাম ৬২৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম এক হাজার ৪২১, ১৫ কেজির দাম এক হাজার ৭০৫, ১৬ কেজির দাম এক হাজার ৮১৮, ১৮ কেজির দাম দুই হাজার ৪৬, ২০ কেজির দাম দুই হাজার ২৭৩, ২২ কেজির দাম আড়াই হাজার, ৩০ কেজির দাম তিন হাজার ৪০৯, ৩৩ কেজির দাম তিন হাজার ৭৫০, ৩৫ কেজির দাম তিন হাজার ৯৭৭ এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ জুন সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ১ টাকা ২৭ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালে চার দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে সাত দফা। এ দফা ছিল অপরিবর্তিত। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।

সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে অংশ নিবে না এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে অংশ নিবে না এনসিপি। একটি দল শুধু নির্বাচনের কথা বলছেন। ছাত্র জনতা শুধু নির্বাচনের জন্য জীবন দেয় নি। সংস্কার ও বিচার ছাড়া যদি শুধু নির্বাচন হয় তাহলে ফ্যাসিবাদের আবারো জন্ম হবে।

লালমনিরহাটে বুধবার সন্ধ্যায় পদযাত্রা শেষে মিশন মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি ।

তিনি আরো বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা এনসিপি মেনে নেবে না। বাস্তবসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ‘উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়। দেশজুড়ে উন্নয়নের কথা বলা হলেও সেই উন্নয়ন এখনো সবার কাছে পৌঁছেনি। যত দিন লালমনিরহাটের প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের সুবিধা না আসবে, তত দিন সেই উন্নয়ন আমরা মানি না।’

পদযাত্রায় আরো বক্তব্য রাখেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারত্ব কিন্তু রয়েই গেছে। ফলে আমরা মনে করি, আমাদের এই লড়াই এখনো শেষ হয়নি। সেই লড়াই-সংগ্রামের ইতিহাস ধরে রাখার জন্য গণ-অভ্যুত্থানের নতুন রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়েছে। এই দলের প্রধান কাজ হলো এ দেশের মানুষকে যেন আর দাস হয়ে থাকতে না হয়।’

সরকারের সংস্কার প্রক্রিয়ার বাস্তব অগ্রগতি নেই: জোনায়েদ সাকি

অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার বাস্তব অগ্রগতি নেই বলে মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সংস্কারের আলোচনা ও প্রক্রিয়া চলমান থাকলেও বাস্তবে এর কোনো প্রতিফলনই দেখা যাচ্ছে না। এখনও ঘুষ, দুর্নীতি, লুটপাট অব্যাহত রয়েছে। এখনও বৈষম্য ও শোষণ-বঞ্চনা চলছেই।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটি আয়োজিত মানববন্ধনে জোনায়েদ সাকি এসব কথা বলেন। ভিসা সমস্যার সমাধান, বেকার ক্যাডেট এবং রেটিংসদের চাকরি নিশ্চিতকরণ এবং ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের ৫ দফা দাবিতে মেরিনারদের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জোনায়েদ সাকি বলেন, প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টাদের কাছে জানতে চাই- এখনও ঘুষখোর, দুর্নীতিবাজ ও লুটেরাদের আস্তানা ধ্বংস করতে না পারলে ক্ষমতায় আছেন কেন? এসব অব্যাহত থাকলে তা হবে জুলাই আন্দোলনের শহীদদের রক্ত ও তাদের আকাঙ্খার প্রতি অবমাননা। মেরিনারদের পাঁচদফা দাবির প্রতি সংহতি জানিয়ে অনতিবিলম্বে এসব দাবি পূরণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মুখ্য সংগঠক ক্যাপ্টেন রেদওয়ান সিকদারের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের  সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মোহাম্মদ উল্লাহ মধু, মেরিন ক্যাপ্টেন আতিক ইউ এ খান, মেরিন ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ইঞ্জিনিয়ার গোলাম জিলানী, ইঞ্জিনিয়ার রইচ উদ্দিন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ক্যাপ্টেন সাজ্জাদ, চিফ অফিসার কায়কোবাদ, ইঞ্জিনিয়ার বজলুল রহমান প্রমুখ।

শ্রীলঙ্কায় ইন্টারনেট সেবা শুরু করল ইলন মাস্কের স্টারলিংক

মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক এবার শ্রীলঙ্কায় তাদের কার্যক্রম শুরু করেছে। বুধবার ইলন মাস্ক নিজেই মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

মাস্ক তার পোস্টে লিখেছেন, “স্টারলিংক এখন শ্রীলঙ্কায়।” এর মাধ্যমে শ্রীলঙ্কার ইন্টারনেট ব্যবহারকারীরা উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবার আওতায় আসবেন, যা প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট অ্যাক্সেস সহজ করবে বলে আশা করা হচ্ছে।

গত মাসে বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক এ ইন্টারনেট সেবা শুরু হয়। এছাড়া পাকিস্তানে গত মার্চে স্টারলিংকের যাত্রা শুরুর অনুমোদন দেওয়া হয়।

অপরদিকে চলতি বছরের শুরুতে ভারতীয় টেলিকম জায়ান্ট ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও স্টারলিংকের সঙ্গে চুক্তি করে। তাদের মাধ্যমে ভারতের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হবে এই ইন্টারনেট সেবা।

স্টারলিংক মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্সের একটি শাখা। তারা দ্রুত সময়ে বিশ্বব্যাপী নিজেদের সম্প্রসারণ করেছে। এ পর্যন্ত বিশ্বের ১২৫টি দেশে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হয়েছে।

প্রকাশ্যে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করলো কাজাখস্তান

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তানের পার্লামেন্ট প্রকাশ্যে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করেছে। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভের কাছে পাঠানো হয়েছে।

কাজাখস্তানে জনসংখ্যার ৭০ শতাংশ মুসলিম। সরকার বলছে, নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ মুখ ঢেকে রাখলে কাউকে চেনা কঠিন হয়, যা আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা তৈরি করে। এছাড়া, তারা চায় দেশের ধর্মনিরপেক্ষ সংস্কৃতি বজায় রাখতে।

তবে এই নিষেধাজ্ঞার কিছু ব্যতিক্রম আছে। যেমন- চিকিৎসার কারণে, ঠান্ডা আবহাওয়ায়, চাকরির প্রয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান বা জরুরি সেবার কাজে মুখ ঢেকে রাখা যাবে।

এর আগেও কাজাখস্তানে ধর্মীয় পোশাক নিষিদ্ধ করা হয়েছিল। ২০১৭ সালে স্কুলছাত্রীদের হিজাব পরা বন্ধ করা হয়, পরে ২০২৩ সালে শিক্ষকরাও এর আওতায় আসে।

রাষ্ট্রপতি তোকায়েভ নিজে মুসলমান হলেও তিনি মনে করেন, দেশের নীতি-নির্ধারণে ধর্মের প্রভাব থাকা উচিত নয়। তিনি বলেছেন, নিকাব হলো মৌলবাদীদের চাপিয়ে দেওয়া পোশাক, যা কাজাখ সংস্কৃতির সঙ্গে যায় না।

উল্লেখ্য, এর আগে উজবেকিস্তান ও কিরগিজস্তান একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এসব দেশে মৌলবাদ ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এনবিআরের ৪ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার।  বুধবার বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত- পৃথক চারটি আদেশ জারি করা হয়।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন-এনবিআর সদস্য আলমগীর হোসেন, হোসেন আহমদ ও আবদুর রউফ এবং কমিশনার মো. শব্বির আহমেদ। এদের মধ্যে শব্বির আহমেদ বরিশাল কর অঞ্চলে কমিশনারের চলতি দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর) হিসেবে তাদের চাকরিকাল ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করেছে, যেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

অন্যদিকে, বরিশালে চলতি দায়িত্বে থাকা কর কমিশনার মো. শব্বির আহমদের চাকরিকালও ২৫ বছর পূর্ণ হয়েছে। তাকেও একই ধারায় এবং একই বিবেচনায় বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

যদিও প্রজ্ঞাপনে কোনো ধরনের কারণ উল্লেখ করা হয়নি, তাতে শুধু ‘জনস্বার্থে’ সরকারি চাকরি থেকে অবসরের কথা বলা হয়েছে। তবে এনবিআর সংস্কারবিরোধী অবস্থানকেই অনেকেই এর পেছনের বড় কারণ হিসেবে দেখছেন।

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে সীমান্তের ৭৯ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের প্রায় ২০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম বাবু দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে। তাঁর পরিবারের দাবি, ইব্রাহিম কৃষক। তিনি কোনো চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন না।

নূর ইসলাম বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আমার ছেলে বাবুসহ চার-পাঁচজন গরুর জন্য ঘাস কাটতে সীমান্তসংলগ্ন গালার মাঠে যায়। অসাবধানতাবশত তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ নম্বর পিলারের কাছাকাছি গুলি ছোড়ে। গুলিতে বাবু ঘটনাস্থলেই প্রাণ হারায়।’

দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর বলেন, ‘আমরা নিহতের গ্রামে গিয়ে তাঁর পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

এ বিষয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘বাবু অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা চলছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে।’

বিদেশিদের কাছে হস্তান্তরের আগে ‘নিজস্ব ব্যবস্থাপনায়’ চলবে চট্টগ্রাম বন্দর

বিদেশি অপারেটরদের কাছে দেওয়ার আগে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ছয় মাসের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে। মঙ্গলবার (১লা জুলাই) অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নীতিগতভাবে সিদ্ধান্তটি অনুমোদিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, “চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের বিষয়ে আমাদের একটি সিদ্ধান্ত আছে।” তিনি আরও উল্লেখ করেন যে, এই অর্থবছরের মধ্যেই নির্বাচনের সম্ভাবনা থাকায় সরকার আগেই নির্বাচনী বাজেট দিয়েছে।

বৈঠক শেষে নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন জানান, সম্প্রতি এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দর তিনদিন বন্ধ থাকলেও আমদানি-রপ্তানির ওপর খুব বেশি প্রভাব পড়েনি। তবে আর্থিক ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি।

সাখাওয়াত হোসেন আরও জানান, বন্দর পরিচালনা কারা করবে, সেই সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষই নেবে। তিনি বলেন, “এখন যেটা হচ্ছে, এটা বন্দর সিদ্ধান্ত নেবে কারা করবে। ডিপিএম হবে ৬ মাসের জন্য।” আগামীকাল বুধবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রোটিয়াদের বড় জয়

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জয়ের পর প্রথম ম্যাচেই দাপট দেখাল প্রোটিয়ারা। ১১ বছর পর জিম্বাবুয়ে সফরে গিয়ে প্রথম টেস্টেই কেশব মহারাজের দল স্বাগতিকদের হারিয়েছে ৩২৮ রানের বড় ব্যবধানে। এটি জিম্বাবুয়ের বিপক্ষে তাদের সর্বোচ্চ রানের জয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৫৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনেই ২০৮ রানে অলআউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে।

এই ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করেছেন করবিন বশ। প্রথম ইনিংসে অপরাজিত ১০০ রানের পর বল হাতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে গড়েছেন অনন্য এক কীর্তি। ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে জ্যাক ক্যালিসের পর, তিনিই প্রথম দক্ষিণ আফ্রিকান যিনি টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন। সব মিলিয়ে এই তালিকায় দেশটির চতুর্থ ক্রিকেটার বশ।

টেস্ট ইতিহাসে দীর্ঘ এই তালিকার প্রথম দুই ক্রিকেটারই দক্ষিণ আফ্রিকার। ১৮৯৯ সালে কেপ টাউনে ইংল্যান্ডের বিপক্ষে জিমি সিনক্লেয়ার ও ১৯১০ সালে জোহানেসবার্গে ইংল্যান্ডের বিপক্ষেই অব্রে ফকনার গড়েন এই কীর্তি। ক্যালিস এই স্বাদ পান দুই দফায়।

অন্যদিকে, অভিষেক টেস্ট খেলতে নামা কোডি ইউসুফ দুই ইনিংসেই নেন ৩টি করে উইকেট। স্বাগতিক জিম্বাবুয়ের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৭ রান করেন ওয়েলিংটন মাসাকাদজা।

আবারও অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জন

আবার নতুন বলিউডের বাতাসে ভাসতে শুরু করেছে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়েবিচ্ছেদের গুঞ্জন। গত কয়েক বছরে বহুবার শোনা গেছে, স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন ঐশ্বরিয়া। কিন্তু গুঞ্জন জোরালো হতে না হতেই হঠাৎ করে থেমে গেছে। আবার নতুন করে বিচ্ছেদ গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে, পদবি বদলের ঘটনায়।

আনন্দবাজার, আজকালসহ আরও কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কিছুদিন আগে সাবেক এ বিশ্বসুন্দরী নিজের নাম থেকে ‘বচ্চন’ পদবি সরিয়ে আগের ‘রাই’ পদবিতে ফিরে গেছেন। এমনকি মায়ের বাড়ি ফিরে গেছেন শাশুড়ি ও ননদের সঙ্গে বনিবনা না হওয়ায়।

আম্বানিদের বিয়েতেও ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদাভাবে আসতে দেখা গেছে তাঁকে। যাঁকে কেন্দ্র করে পুনরায় নেটিজেনদের আলোচনায় উঠে এসেছে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের বিষয়টি। কিন্তু এখনও এ বিষয়ে নীরব অভিনেত্রী। অভিষেক বাধ্য হয়েছেন মুখ খুলতে।

সম্প্রতি হিন্দি সিনেমায় নিজের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টি আমি যতই পরিষ্কার করি না কেন এর সমাধান হবে না। আমি যা-ই বলব সত্যির বদলে লোক তথ্য বিকৃত করবে। কারণ, নেতিবাচক খবরই বিক্রি হয়। তাই এখন ভাবি, আমার জীবনের সঙ্গে যারা জড়িয়ে নেই, তাদের উত্তর দেওয়ার দায়ও আমার নেই।’