Home Blog Page 366

চলচ্চিত্র অনুদান কমিটি ছাড়লেন অভিনেত্রী মম

২০২৪-২৫ অর্থবছরের চলচ্চিত্র অনুদান কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। গত ২৫ মে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে বিষয়টি মঙ্গলবার ৩২টি চলচ্চিত্রকে ১৩ কোটি টাকা অনুদান প্রদানের পর প্রকাশ্যে এসেছে। বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এ অভিনেত্রী।

মম বলেন, ‘আমি পদত্যাগ বেশ আগেই করেছি। ২৫ মে তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। জানিয়েছি, ব্যক্তিগত ও পেশাগত কারণে আমি আর এখানে সময় দিতে পারছি না।’

জুলাই বিপ্লবে শিল্পী অধ্যায়ে জাকিয়া বারী মম অন্যতম ফ্রন্ট লাইনার ছিলেন। বরাবরই যার ভেতরে ছিলো দেশাত্মবোধ। তিনি ছিলেন সংস্কারের দাবি তোলা অন্যতম অভিনেত্রী। রাষ্ট্রের ডাকে, চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে, সংস্কারের আশায়, নিজের শুটিং ব্যস্ততা ফেলে, রাজপথ থেকে অনুদান কমিটিতে যুক্ত হয়েছিলেন হাসিমুখে।

‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র বাকি সদস্যদের মধ্যে রয়েছেন পদাধিকার বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক খান শারফুদ্দীন মোহাম্মদ আকরাম (আকরাম খান), চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার নার্গিস আখতার এবং রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল।

আর এই কমিটির সভাপতি হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

বাংলাদেশে নতুন একটা সংবিধান লাগবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এটা ভাবার কোনো কারণ নাই যে রাজপথে, তৃণমূলে কেবল একটাই দল আছে। বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, নাগরিক শক্তির উত্থান ঘটেছে, তারুণ্যের উত্থান ঘটেছে, চব্বিশের শক্তির উত্থান ঘটেছে এবং এই শক্তিকে অগ্রাহ্য করে বাংলাদেশকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করতে পারবে না।’

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় পদযাত্রা শেষে নীলফামারীর চৌরঙ্গী মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। আগামী নির্বাচনের আগেই বিচার, সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে জুলাই পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে নতুন একটা সংবিধান লাগবে। আওয়ামী লীগের সংবিধান, মুজিববাদের সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। যেই সংবিধান আমার-আপনার অধিকার রক্ষা করতে পারে নাই, যেই সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারে নাই। সেই সংবিধান জনগণের সংবিধান নয়, ফলে সেই সংবিধান রাখার আর কোনো মানে হয় না।’

তিনি বলেন, ‘আমরা বলছি মৌলিক সংস্কার আনতে হবে রাষ্ট্রের। সংস্কারের মধ্যে দিয়েই নির্বাচনের দিকে যেতে হবে।’

বনানীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে ঢুকে নারীদের মারধর

রাজধানীর বনানী থানা এলাকার জাকারিয়া হোটেলে দল বেঁধে ঢুকে দুই নারীর ওপর হামলা করেছেন যুবদলের নেতা-কর্মীরা। গতকাল বুধবার রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। মনির হোসেনকে বহিষ্কার করেছে যুবদল।

নারী নির্যাতনের এ ঘটনায় বনানী থানায় একটি মামলা হলেও অভিযুক্ত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন। এ সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন। তাঁর হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান।

ভিডিওতে আরও দেখা যায়, ওই নারী যখন নিচে নামছিলেন তখন সিঁড়িতে তাঁর পেছনে আরেক নারীও দৌড়ে নামার চেষ্টা করছিলেন। তাঁকে পেছন থেকে ধাওয়া করছিলেন কয়েকজন। একজন তাঁকে ধরে নিচে ফেলে দেন। এরপর হামলাকারীরা সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে আক্রমণ করেন। ভিডিওতে তখন ৮ থেকে ১০ জনকে দেখা যায়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যখন ওই দুই নারীর ওপর আক্রমণ করা হচ্ছিল তখন তাঁরা চিৎকার করছিলেন। দীর্ঘক্ষণ চিৎকারের সময় শুরুতে যাঁরা আক্রমণ করছিলেন তাঁদের কেউ কেউ ভিডিওটির সীমানার বাইরে চলে যান। আবার নতুন করে কয়েকজনকে সেখানে ঢুকতে দেখা যায়। এ সময় হোটেলটিতে ভাঙচুরের শব্দও পাওয়া যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার প্রথম আলোকে বলেন, যুবদল নেতা মনিরের নেতৃত্বে ওই ব্যক্তিরা জাকারিয়া হোটেলে ঢুকেছিলেন। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল রাতেই একটি মামলা করেছে।

এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে। এ পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল।

যুবদলের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ডিভোর্সের পর দুধ দিয়ে যুবকের গোসল

প্রেম করে বিয়ে করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক টিকল না বেশিদিন। শেষমেশ ডিভোর্সের পর ‘মুক্তি’র আনন্দে দুধ দিয়ে গোসল করে চাঞ্চল্য ছড়ালেন এক যুবক। ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর কাচারিপাড়া এলাকায়।

বিচ্ছেদের পর এমন উদ্ভট ‘উৎসব’ ঘিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ওই যুবক আরিফুল মণ্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আরিফুল। পারিবারিক সম্মতিতে প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়। প্রথমদিকে সংসার ভালোই চলছিল। কিন্তু কিছুদিন না যেতেই শুরু হয় কলহ।

আরিফুলের অভিযোগ, তার স্ত্রীকে নানাভাবে প্রভাবিত করতেন শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে শাশুড়ি। একসময় পরিস্থিতি এতটাই জটিল ওঠে যে, একসঙ্গে থাকা সম্ভব ছিল না-এই সিদ্ধান্তে পৌঁছান দু’জনেই।

সবশেষে ২১ জুন তাদের আইনি বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এরপরই ঘটে এ ঘটনাটি।

বিচ্ছেদের পর নিজের বাড়ির সামনে হঠাৎই আরিফুল ঘোষণা করেন, তিনি ‘মুক্ত’! এরপর বালতিতে করে দুধ এনে সবার সামনে বসেই গোসল করেন তিনি। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বহু স্থানীয় মানুষ, যারা এমন দৃশ্য দেখে অবাক হন।

গোসল শেষে আরিফুল বলেন, ‘ভালোবাসা ছিল, কিন্তু সংসার টেকেনি। এখন নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করব।’

তরুণদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, ‘প্রেম করে বিয়ে করার আগে শুধু প্রেমিকা নয়, পরিবার-পরিবেশটাও একবার ভালো করে দেখে নিন।’

রুশ নৌ বাহিনীর উপ-প্রধান নিহত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান মিখাইল গুডকভ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রুশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ইউক্রেন সীমান্তে কুরস্কে অভিযানের সময় গুডকভ নিহত হন। রুশ নৌবাহিনীর এই কর্মকর্তা ২০০০ সাল থেকে রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ২০২৩ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ‘হিরো অফ দ্য রাশিয়ান ফেডারেশন’ উপাধিতে ভূষিত করেন-যা ক্রেমলিনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান।

ফেব্রুয়ারি ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে নিহতদের মধ্যে গুডকভ হচ্ছেন রাশিয়ার সবচেয়ে সিনিয়র সামরিক কর্মকর্তাদের একজন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নিউজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ২০২৫ সালের ২ জুলাই কুরস্ক অঞ্চলের একটি সীমান্ত এলাকায় যুদ্ধ অভিযানের সময় মেজর জেনারেল মিখাইল ইয়েভগেনিয়েভিচ গুডকভ নিহত হন।

১৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে। ফল তৈরির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। ফল প্রকাশের সম্ভাব্য তিনটি তারিখ প্রস্তাব করে তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরপর মন্ত্রণালয় যে তারিখটি অনুমোদন দেবে, সেদিনই প্রকাশ করা হবে ফল।

একাধিক শিক্ষকবোর্ড চেয়ারম্যান জানান, তারা আশা করছেন আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তৈরির কাজ প্রায় শেষ। খুব দ্রুত সময়ের মধ্যে সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পেলেই ফল প্রকাশ করা হবে।”

তিনি বলেন, নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশ করার বিধান রয়েছে। সে হিসেবে ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করতে হবে।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ২৮ হাজার ১৮১  শিক্ষার্থী অংশ নিয়েছেন।

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপন নিয়ে যা জানা গেল

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, তিন বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তিনি আরও বলেন, এ বিষয়ে দুইপক্ষ একমত হলে চূড়ান্ত চুক্তি করা হবে। তবে পরবর্তী সরকার চাইলে এটির মেয়াদ বাড়াতে পারবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কোন শর্তে ঢাকায় ওএইচসিএইচআর অফিস দেওয়া হচ্ছে-এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো এটা খসড়া পর্যায়ে আছে। খসড়া আদান-প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে যেটাতে একটি শব্দও পরিবর্তন করতে হবে না, তখন আমরা সই করব। তখন আপনাদের বিস্তারিত বলতে পারব। তার আগে খসড়া পর্যায়ে আমাদের এটা নিয়ে আলাপ না করাই ভালো।

২০ বছর ও ৩৩১ ম্যাচ পর অভিনব ঘটনার সাক্ষী বাংলাদেশের ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আজ এক অভিনব অধ্যায় রচিত হলো। দীর্ঘ ২০ বছর এবং ৩৩১টি ওয়ানডে ম্যাচ পর প্রথমবারের মতো মাঠে নামলো এমন এক বাংলাদেশ দল, যার একাদশে নেই পঞ্চপাণ্ডব—মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। অভিজ্ঞতার পরিবর্তে তারুণ্য ও নতুন নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ আজ এক নতুন যুগে প্রবেশ করলো। এই সিরিজই এখন নতুন প্রজন্মের ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে এই নতুন ইতিহাস রচনা হয়। মেহেদি হাসান মিরাজ টস করেছেন বাংলাদেশের পক্ষে, আর এ ম্যাচের মধ্য দিয়েই ওয়ানডে ফরম্যাটে তার অধিনায়কত্বের সূচনা হলো।

২০০৫ সালের ৪ সেপ্টেম্বর ছিল সর্বশেষ এমন এক ওয়ানডে, যেখানে পঞ্চপাণ্ডবের কেউই ছিলেন না। সেবারও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, মাঠও ছিল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। সেই ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হেরেছিল। ২০০৬ সালে সাকিব ও মুশফিকের অভিষেকের পর থেকে প্রতিটি ম্যাচেই পঞ্চপাণ্ডবের অন্তত একজন ছিলেন একাদশে।

আজকের ম্যাচে সেই ধারাবাহিকতা থেমে গেল। বাংলাদেশ ক্রিকেটে শুরু হলো এক নতুন অধ্যায়, এক নতুন প্রজন্মের যাত্রা।

২০০৫ সালের সেই ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন- জাভেদ ওমর, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ রফিক, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার, তুষার ইমরান, খালেদ মাসুদ পাইলট, মানজারুল ইসলাম, সৈয়দ রাসেল ও তাপস বৈশ্য।

এই ম্যাচে মাশরাফি ছিলেন না, কারণ তিনি তখন বিশ্রামে ছিলেন। বাকি চারজনের অভিষেক হয়েছিল পরের বছরগুলোতে। সাকিব ও মুশফিক ২০০৬ সালে, আর তামিম ও মাহমুদউল্লাহ ২০০৭ সালে।

দেশকে ২৪৫ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

টেস্ট সিরিজে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে নতুন করে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে দুই দল। টাইগারদের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তবে তার এই সিদ্ধান্ত কাজে আসেনি। বাংলাদেশের বোলারদের দাপটে শ্রীলঙ্কা মাত্র ২৪৪ রানে গুটিয়ে যায়। এখন বাংলাদেশের সামনে জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্য।

বাংলাদেশের পেসারদের দারুণ বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে যায় লঙ্কানরা। প্রথম আঘাতটা আনেন তানজিম হাসান সাকিব। মাত্র ৮ বল খেলে রানের খাতা না খুলেই ফিরেন ওপেনার পাথুম নিসাঙ্কা। এরপর দ্বিতীয় ওপেনার নিশান মাদুশকাকেও সাজঘরে পাঠান তাসকিন আহমেদ। তিনি করেন ১৩ বলে ৬ রান। পরের ওভারে চারে নামা কামিন্দু মেন্ডিসও ৪ বল খেলে কোনো রান না করেই তাসকিনের বলে আউট হয়ে ফেরেন।

মাত্র ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা। তবে সেই চাপ সামাল দেন কুশল মেন্ডিস ও অধিনায়ক চারিথ আসালাঙ্কা। দুজনে মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে যান কুশল, তবে ফিফটির কাছাকাছি গিয়ে ৪৩ বলে ৪৫ রান করে তানভীর ইসলামের বলে আউট হন তিনি। দলীয় রান তখন ৮৯।

অন্যদিকে একপ্রান্ত ধরে ব্যাট করে যান আসালাঙ্কা। তার ব্যাটে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে শ্রীলঙ্কা। ছয় নম্বরে নামা জানিথ লিয়ানাগে ৪০ বলে ২৯ রান করে শান্তর বলে আউট হন। এরপর আসালাঙ্কার সঙ্গে ছোট ছোট জুটি গড়েন মিলান রাথনায়েকে (২২ রান) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২২ রান)। শেষ দিকে ঝড় তোলেন আসালাঙ্কা। পূর্ণ করেন দারুণ এক সেঞ্চুরি। খেলেন ১২৩ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংস।

তবে ইনিংসের শেষ ওভারে তানজিম হাসান সাকিব ফেরান তাকে। এরপর একই ওভারে রানআউট হন ঈশান মালিঙ্কা। শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২৪৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাসকিন আহমেদ। তানজিম হাসান সাকিব নেন ৩ উইকেট। তানভীর ইসলাম ও নাজমুল হোসেন শান্ত পেয়েছেন একটি করে উইকেট।

আদানির সব বকেয়া পরিশোধ করল বাংলাদেশ

ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া নিয়ে জটিলতা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ইতোমধ্যে তাদের সব বকেয়া পরিশোধ করা হয়েছে। পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে আদানিকে ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ, যা এককালীন সর্বোচ্চ পরিশোধের রেকর্ড। এই বিশাল অঙ্কের অর্থ পরিশোধের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যুৎ বাণিজ্য সংক্রান্ত আর্থিক জটিলতার অবসান ঘটল।

নয়াদিল্লির সূত্রের বরাত দিয়ে পিটিআই লিখেছে, এর মধ্য দিয়ে আগের বকেয়া, বিদ্যুৎ সঞ্চালন ব্যয় এবং বিদ্যুৎ ক্রয়চুক্তি সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের মীমাংসা হয়ে গেছে। এখন বাংলাদেশের আর কোনো বকেয়া নেই, বরং দুই মাসের বিলের সমপরিমাণ এলসি (ঋণপত্র) এবং সব বকেয়ার জন্য সার্বভৌম গ্যারান্টিও বাংলাদেশ দিয়ে রেখেছে।

পাওনা সংক্রান্ত ঝামেলা না থাকায় আদানি পাওয়ারকে তাদের ঝাড়খণ্ড কেন্দ্রের দুটি ইউনিট থেকেই নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

ভারতের আরেক সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত তিন-চার মাস ধরে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে পরিশোধ করেছে বাংলাদেশ।

২০১৭ সালের ৫ নভেম্বর আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে চুক্তি করে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ। ২৫ বছর মেয়াদি ওই চুক্তির আওতায় বাংলাদেশকে বিদ্যুৎ দিতে ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় ২০০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়।