Home Blog Page 377

গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান

বিএনপি জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায় জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার এখনই সময়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী (বিসিএফসিসি) সম্মেলন কেন্দ্রে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির সভায় দলীয় কর্মসূচির উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পরই আমার প্রথম বক্তব্যে বলেছিলাম- তার মধ্যে ছিল- গণঅভ্যুত্থানে যারা তাদের সন্তান হারিয়েছেন সেই মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। অনেকেই প্রিয়তম স্বামী ও প্রিয়তম ভাইকে হারিয়েছেন। অনেক ত্যাগের বিনিময়ে ৫ আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ। একজন শহীদ শুধু আপনাদের স্বজন নয়, তারা দেশের ও মুক্তিকামী জনতার গৌরব। তাদেরকে জানাই শ্রদ্ধা।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের যেমন মানুষ ভোলেনি তেমনই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না। বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন স্থাপনা শহীদদের নামে নামকরণের চিন্তা আমাদের আছে। দেশ ও জনগণের স্বার্থে যারা আত্মত্যাগ করেছেন তাদের জন্য কিছু ভাবনা তুলে ধরছি। আমরা দেশকে একটি চিরস্থায়ী ভিত্তির ওপর দাঁড় করাতে চাই, যেখানে জনগণের হাতে থাকবে সকল ক্ষমতা। তবেই রাজনৈতিক দুর্নীতি ও দুর্বৃত্তায়ন কমে আসবে বলে বিশ্বাস করি।’

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি। মঙ্গলবার সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনাসভা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য দেন। এছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্যের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শহীদ পরিবার, আহত নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ৬৩টি রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বুদ্ধিজীবী, সিনিয়র সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষও উপস্থিত ছিলেন। শহীদ পরিবারকে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়। অভ্যুত্থানের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সংসদে প্রতিনিধিত্ব চান জুলাই শহীদ পরিবারের সদস্যরা

জুলাই শহীদ পরিবারের সদস্যরা ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংসদের উচ্চকক্ষ (প্রস্তাবিত) ও নিম্ন কক্ষে নিজেদের প্রতিনিধিত্ব চেয়েছেন। মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে বিএনপি আয়োজিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন। এ ছাড়া ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভা উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলোচনা সভার শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদ, আহতসহ বিগত সরকারের আমলে গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন। জুলাই অভ্যুত্থানে সাভারে শহীদ হওয়া ইয়ামিনের বাবা মহিউদ্দিন বলেন, শান্তির স্বার্থে শুধু সংসদের উচ্চকক্ষের নির্বাচন সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে হওয়া উচিত। একই সঙ্গে আগামী নির্বাচনে শহীদ পরিবার (জুলাই অভ্যুত্থান) থেকে সংসদের উচ্চ ও নিম্নকক্ষে ১০ জন প্রতিনিধি মনোনয়নের আশা করেন বলে জানান তিনি।

মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেন, শহীদ পরিবার থেকে অংশীদারত্ব রাখতে হবে। রংপুরে শহীদ আবু সাঈদের ভাই রমজান আলী বলেন, ‘আবু সাঈদ যদি বুক পেতে না দাঁড়াত, দেশের পরিস্থিতি (পরিবর্তন) এত সহজ হয়ে আসত না । আবু সাঈদ গুলির সামনে বুক পাতিয়ে সকল পেশাজীবী, দলমত-নির্বিশেষে সবাইকে সাহস জুগিয়েছিল।’

সরকার থেকে শহীদ পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হয় না বলে সভায় অভিযোগ করেন জুলাই অভ্যুত্থানে উত্তরায় শহীদ হওয়া আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। তিনি বলেন, যাদের রক্তের বিনিময়ে এই পরিবর্তন, এই সরকার, তারা এখনই খোঁজ নেয় না, পরে আর কী হবে!

বিগত সরকারের আমলে গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর অভিযোগ করে বলেন, গুম কমিশনে অভিযোগ জমা দেওয়ার পর বারবার তারা ফোন করে আমাদের কাছ থেকে তথ্য নিতে চাচ্ছে। জানতে চেয়েছে, ইলিয়াস আলী ফিরে এসেছেন কি না। এসব থেকে ধারণা করা যায়, কমিশনের কাজের গতি কী, কতটা গুরুত্ব দিয়ে তারা কাজ করছে। ট্রাইব্যুনালে গুমের কোনো আইন না থাকার প্রসঙ্গটি টেনে তাহসীনা বলেন, ‘মামলা করব কীভাবে। সেই ২০১২ সালে জিডি করেছি, হাইকোর্টে রিটও করেছিলাম।’ মানবতাবিরোধী অপরাধের জন্য রাষ্ট্র কেন বাদী হয় না, এমন প্রশ্নও তোলেন তিনি।

গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’–এর আহ্বায়ক সানজিদা ইসলাম বলেন, ‘যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ, তাঁদের বিচার করতে হবে। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা লড়ব।’

গুমের শিকার পুরান ঢাকার ছাত্রদল নেতা পারভেজ হোসেনের মেয়ে আবিদা ইসলাম বলেন, ‘১২ বছর ধরে বাবাকে খুঁজছি। ৫ আগস্টের পরে মনে হয়েছিল, বাবাকে ফেরত পাব, কিন্তু খোঁজই পাইনি।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গুমের শিকার নুরুজ্জামান জনির ছোট ভাই মনিরুজ্জামান, চট্টগ্রামে ছাত্রদল নেতা শহীদ মোহাম্মদ ওয়াসিমের বাবা শফিউল আলম, ছাত্রলীগের হামলায় নিহত বিশ্বজিৎ দাসের বাবা অনন্ত চন্দ্র দাস প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

হাসপাতালে সবার সামনে তরুণীকে নির্মমভাবে হত্যা, ভিডিও করলেন চিকিৎসক

ভারতের মধ্যপ্রদেশে এক সরকারি হাসপাতালে ১৯ বছর বয়সী তরুণী সন্ধ্যা চৌধুরীকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছে অভিষেক কষ্টি নামে এক যুবক। এ সময় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মী নীরবে দাঁড়িয়ে থাকলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। এমনকি, এক চিকিৎসক সেই পৈশাচিক হত্যাকাণ্ডের ভিডিও ধারণ করেন নিজের মোবাইল ফোনে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দ্বাদশ শ্রেণির ছাত্রী সন্ধ্যা দুপুর ২টার দিকে এক বন্ধুর ভাবিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তখন থেকেই অভিযুক্ত অভিষেক কষ্টি হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করছিল। পরে ২২ নম্বর কক্ষের সামনে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর হঠাৎ অভিষেক সন্ধ্যাকে মাটিতে ফেলে তার বুকের ওপর চড়ে বসে এবং আকস্মিকভাবে ছুরি বের করে তার গলায় একের পর এক আঘাত করতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ মিনিট ধরে এই বর্বর হামলা চলে। এরপর অভিযুক্ত নিজেকেও ছুরিকাঘাতের চেষ্টা করে ব্যর্থ হয়ে বাইকে করে পালিয়ে যায়।

ঘটনাটি হাসপাতালের জরুরি বিভাগের একদম কাছে ঘটলেও, উপস্থিত কোনো চিকিৎসক, নার্স বা ওয়ার্ডবয় হস্তক্ষেপ করেননি। কেউ কেউ ভয়ে হতভম্ব হয়ে যান, আবার কেউ যেন কিছুই ঘটেনি এমনভাবে নিজেদের কাজ চালিয়ে যান।

প্রায় দেড় ঘণ্টা পর সন্ধ্যার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে এসে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এতক্ষণ পরও সন্ধ্যাকে চিকিৎসা দেওয়া হয়নি দেখে তারা ক্ষোভে ফেটে পড়েন এবং হাসপাতাল অবরোধ করে জবাবদিহি চান। পরে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। তবে এই নির্মম হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি।

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই

৪৮তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১লা জুলাই) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) এ প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত ২৭ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। অনলাইনে আবেদন প্রক্রিয়া ১ জুন থেকে শুরু হয়ে ২৫ জুন পর্যন্ত চলে। আগামী ১৮ জুলাই প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার পর ২১ জুলাই ফল প্রকাশিত হবে। এরপর দ্রুত মৌখিক পরীক্ষা গ্রহণ করে ২২ সেপ্টেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করবে পিএসসি।

এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২,৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি: সিইসি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাত হয়েছে গত বৃহস্পতিবার। তবে এই বৈঠকে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এখানে আমি যেমন নিরপেক্ষ, তিনিও নিরপেক্ষ এবং এটি ছিল মূলত সৌজন্য সাক্ষাৎকার। তিনি (প্রধান উপদেষ্টা) যেটা জানতে চেয়েছেন, একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কি না।’

বৈঠক সম্পর্কে সিইসি বলেন, ‘আমরা বলেছি, আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। গাড়ির চারটা গিয়ার একসঙ্গে পাহাড়ের ওপর উঠতে গেলে যেমন হয়, আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি। এখানে নানাবিধ চ্যালেঞ্জের মধ্যেই আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। নির্বাচনের তারিখ ও শিডিউল ঘোষণা হলে আপনারা যথাসময়ে জানতে পারবেন। একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্যহারা হলে চলবে না।

আপনারা কোন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জানতে চাইলে সিইসি বলেন, ‘আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। কারণ প্রধান উপদেষ্টা স্থানীয় নির্বাচনের কথা বলছেন না। তিনি জাতিকে যে ওয়াদা দিচ্ছেন, দেশে- বিদেশে যে কথা বলছেন- তা হলো জাতীয় নির্বাচনের। আমরা তার কমিটমেন্টের প্রস্তুতিতেই এগুচ্ছি।

ইসি পুনর্গঠন হবে কি না এই প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমি কোনো মন্তব্য করতে চাই না। রাজনৈতিক দল, তারা বক্তব্য দিতে পারে। যত দ্রুত সম্ভব, আমরা প্রস্তুতি নিচ্ছি। যখনই সরকার নির্বাচন করতে চায়, আমরা যাতে করতে পারি।

নির্বাচনের সময়সীমা নিয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘লন্ডনে ফেব্রুয়ারির কথা এসেছে, এপ্রিলের কথা এসেছে, ওই দুটি টাইমফ্রেমকে নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।’

সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনার কারাগারে, বর্তমান সিইসি হিসেবে প্রতিক্রিয়া জানতে চাইলে নাসির উদ্দীন বলেন, ‘বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

‘টক শোতে অনেকে বলেন কিছুই হচ্ছে না, তাদের বলব দেখার জন্য চোখ লাগে’

টক শোতে যারা দেশের উন্নয়ন নিয়ে ‘কিছুই হচ্ছে না’ বলে মন্তব্য করেন, তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “দেখার জন্য চোখ থাকা লাগে।” তিনি জোর দিয়ে বলেন, উন্নয়ন কেবল বড় বড় ভবন নির্মাণেই সীমাবদ্ধ নয়, বরং ভেতরে ভেতরে অনেক কাজ হয়েছে এবং অনলাইনেও অসংখ্য সেবা চালু হয়েছে।  সোমবার সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, অনেক ক্ষেত্রে বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা নেওয়া হচ্ছে মানে এই নয় যে তাদের শর্ত অনুযায়ী কাজ হচ্ছে, বরং দেশের নিজেদের প্রয়োজনেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, “জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সব কার্যক্রম একদম বন্ধ করে দেওয়া কোনোভাবেই ঠিক নয়।” তিনি আশা প্রকাশ করেন, আন্দোলন যা হওয়ার হয়েছে, এখন সবাই ভয় বা পক্ষপাতিত্ব ছাড়া সঠিকভাবে কাজ করবে।

এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের বিষয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “এ বিষয়ে দুদক ভালো বলতে পারবে। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করছে না। আমার সময়ে তো নেই-ই। এখন অনেকের বিরুদ্ধেই দুদক তদন্ত করছে।”

ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে শেষ আটে বায়ার্ন

ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের চারটি ক্লাবের মধ্যে সেরা পারফরম্যান্স দেখাচ্ছিল ফ্লামেঙ্গো। শেষ ষোলোর ম্যাচে ইউরোপীয় জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষেও তারা চোখে চোখ রেখে লড়াই করেছে। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়ে তারা শেষ আটের টিকিট নিশ্চিত করেছে, যার মধ্য দিয়ে ফ্লামেঙ্গোর ক্লাব বিশ্বকাপ অভিযান শেষ হলো।

রোববার রাতে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফ্ল্যামেঙ্গো ৪-২ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ম্যাচে আক্রমণ, গোলে শট ও বলের দখলে এগিয়ে থাকলেও ম্যাচ শেষে পরাজিত দল ফ্লামেঙ্গো। জোড়া গোলে বায়ার্নের জয়ের নায়ক হ্যারি কেইন।

ম্যাচের দশ মিনিটের আগেই দুই গোলে লিড পেয়ে যায় বায়ার্ন। ষষ্ঠ মিনিটে প্রথম গোলটি আসে আত্মঘাতী থেকে। আর নবম মিনিটে দূর থেকে বাঁ পায়েরণ নেয়া শটে বায়ার্নের লিড দ্বিগুণ করেন হ্যারি কেইন। ৩৩ মিনিটে জেরসন দারুণ এক গোলে ব্যবধান কমায় ফেলিপে লুইজের দল।

তবে প্রথম হাফ শেষ হওয়ার ঠিক আগেই দুই গোলের লিড পায় বায়ার্ন। ৪১তম মিনিটে গোরেটজকার গোলে ৩-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো পেনাল্টি থেকে গোল করে ফ্লামেঙ্গো ব্যবধান ৩-২ করেন।

এই গোলের পর ম্যাচ জমে ওঠে। ফ্ল্যামেঙ্গোর একের পর এক আক্রমণে বিপদে পড়ে বায়ার্ন। তবে ফ্লামেঙ্গো কামব্যাকের স্বপ্ন দেখলেও তা হতে দেননি বায়ার্নের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তার ৭৩ মিনিটের গোলে বড় জয়ই নিশ্চিত হয় জার্মান জায়ান্টদের।

শেষ দিকে গোলের বেশকিছু সুযোগও পেয়েছিল ফ্ল্যামেঙ্গো, তবে বাজে ফিনিশিংয়ের কারণে গোলের দেখা পায়নি। এদিকে ফ্ল্যামেঙ্গোকে বিদায় করে শেষ আটে জায়গা করে নিয়েছে বায়ার্ন। শেষ আটে তাদের প্রতিপক্ষ পিএসজি।

ধর্ষককে তালিবানি কায়দায় সবার সামনে শাস্তি দেওয়া উচিত: সোহম

পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনায় আবারও উত্তাপ ছড়িয়েছে। সম্প্রতি কসবা ল কলেজের ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন সব শ্রেণি-পেশার মানুষ। এবার এই ধর্ষণকাণ্ড নিয়ে মুখ খুলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী।

একের পর এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিনেতা সোহম চক্রবর্তী নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। সোহম বলেন, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দলমত নির্বিশেষে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। দোষীকে তালিবানি কায়দায় সবার সামনে শাস্তি দেওয়া উচিত।

গতবছরের আগস্ট মাসে আরজি কর মেডিকেল কলেজে শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজপথে নেমেছিলেন টলিউড তারকারা। এবার কসবা ল কলেজের ধর্ষণের ঘটনায় প্রতিবাদে আবারও সরব হচ্ছেন অনেক তারকা।

‘হাসপাতাল আমার ভাইকে মেরে ফেলল’, অভিযোগ অভিনেত্রী মাহির!

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির কাজিন আবু সাহেদ রাসেল (৩৪) প্রাণ হারানোর পর, মাহি হাসপাতালের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ তুলেছেন। গত শনিবার (২৮ জুন) রাতে ফেনী থেকে ঢাকা ফেরার পথে রাসেল দুর্ঘটনার শিকার হন। সোমবার দুপুরে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়ে মাহি দাবি করছেন, হাসপাতালে সময় মতো এবং সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেই তার কাজিনকে বাঁচানো যায়নি।

মাহি তার ফেসবুক স্ট্যাটাসে জানান, একটি নোহা গাড়ি তার কাজিন রাসেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গাড়িটি পানিতে পড়ে যায়। দীর্ঘ ১৫ মিনিট পর রাসেলকে পানি থেকে উদ্ধার করা হয়। কিন্তু এরপরই শুরু হয় ভোগান্তি। মাহি’র অভিযোগ, প্রথমে কোনো বেসরকারি হাসপাতাল রাসেলকে ভর্তি নিতে চায়নি, কারণ তারা বিল পরিশোধ বা রোগীর পরিচয় নিয়ে চিন্তিত ছিল।

ক্ষোভ প্রকাশ করে মাহি বলেন, “আমার প্রশ্ন, প্রথমে কি আসা উচিত—একজন মানুষের জীবন, নাকি টাকা-পয়সার হিসাব? একটি মানুষের জীবন তাদের কাছে মূল্যবান ছিল না।”

এরপর রাসেলকে সরকারি হাসপাতালে নেওয়া হলেও, সেখানেও ব্যবস্থাপনার অগোছালো অবস্থা এবং যথাযথ চিকিৎসার অভাব ছিল বলে মাহি অভিযোগ করেন। তিনি আক্ষেপ করে লেখেন, “আমার ভাই আর নেই, কিন্তু আমি চাই না অন্য কারো পরিবারের সাথে এমন হোক। আজকে আমার ভাই, কাল আপনার। মানবতা ফিরে আসুক, মানুষের প্রাণই হোক অগ্রাধিকার।”

মাহি এই ঘটনায় সমাজের মানবিকতা এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছেন। তিনি মর্মাহত কণ্ঠে বলেন, “একটা মানুষ রাস্তায় পড়ে থাকে, আর একটি গাড়িও দাঁড়ায় না—এ কেমন মানবতা? মানুষ কি সত্যিই এতটা নির্দয় হয়ে গেছে?”

যদিও এই ঘটনায় মাহি কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন না, কারণ কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা জানা নেই এবং তারা মরদেহের ময়নাতদন্ত চাননি।

জুলাই সনদ’ কতদূর

ছাত্র-জনতার অভ্যুত্থানে টানা ১৬ বছর রাষ্ট্রক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর সবার চোখে ধরা দেয় একটি নতুন বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন। ছাত্র, শিক্ষক, পেশাজীবীসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের এই স্বপ্ন পূরণের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকারকে। স্বপ্নদ্রস্টা হয়ে সরকারের প্রধান হয়ে আসেন নোবলেজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস। এরপরই শুরু হয় রাষ্ট্রযন্ত্র সংস্কারের নানা কার্যক্রম। সবার দাবির প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে, ‘জুলাই সনদ’ তৈরী ও বাস্তবায়নের। এজন্য সময়সীমাও জানিয়ে দেয়া হয়।

গত ১০ মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল দুই ছাত্র উপদেষ্টাকে সঙ্গে নিয়ে জাতির উদ্দেশে ঘোষণা দেন ৩০ কর্মদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। যে সময়সীমা শেষ হয় ২৫ জুন। কথা রাখতে পারেনি সরকার। ফের বাড়ানো হয় সময়।

প্রধান উপদেষ্টাসহ সরকারের দায়িত্বশীলরা জানান, জুলাই সনদ ঘোসণা করা হবে জুলাই মাসের মধ্যেই। এজন্য জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মৃত্যুবার্ষিকীর দিনটি বেঁছে নেয়া হয়। কিন্তু দফায় দফায় সংলাপ করেও এখন পর্যন্ত সংবিধানের মূলনীতিসহ মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। অথচ আগামীকাল মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে ‘রক্তাক্ত জুলাই’ মাস। যে কারণে অনেকটা হতাশই হয়ে পড়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ গতকাল রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সপ্তম দিনের আলোচনার শুরুতে বলেন, ‘আমরা স্বপ্ন দেখেছিলাম, আবু সাঈদের শাহাদাত্বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব। কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে, তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। আমরা খানিকটা শঙ্কিত যে, সে জায়গায় আমরা যাব না।’ এর আগে গত সপ্তাহের বৈঠকে তিনি রাজনৈতিক দলগুলোকে ছাড় দেয়ার অনুরোধ করে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান।

প্রসঙ্গত, ফ্যাসিস্ট শাসকের তকমা পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে গত বছরের জুলাই মাস ছিল উত্তাল। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও নেমে এসেছিলেন রাস্তায়। পরে তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল ও আপামর জনতা। যার ফলশ্রুতিতে গদি ছেড়ে পালাতে হয় টানা ১৬ বছর ক্ষমতা আকড়ে ধরে থাকা শেখ হাসিনাকে।

কতটুকু এগুলো সনদ: ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, কয়েক দফা সংলাপ, পর্যালোচনা ও মতবিনিময়ের পরও সংস্কার সংক্রান্ত কমিশনের ১৬৬টি প্রস্তাবের অন্তত অর্ধেক বিষয়েই এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়নি, বিশেষ করে মৌলিক ও কাঠামোগত সংস্কারের প্রশ্নে বিরোধ স্পষ্ট।

কমিশনের চলমান সংলাপে দেখা যায়, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন, সংসদের উচ্চকক্ষে আসন বণ্টনের পদ্ধতি, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া, সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া, এমনকি সংবিধানের মূলনীতির প্রায় প্রতিটি মৌলিক ইস্যুতেই রাজনৈতিক দলগুলো ভিন্ন অবস্থানে। কেউ বলছে নির্বাচনব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া কোনো সংস্কারই টেকসই নয়, কেউ আবার ৭০ অনুচ্ছেদ সংশোধনের আগেই কোনো আলোচনাকে অর্থহীন বলছে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে- রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হলে কীভাবে বাস্তবায়ন হবে ‘জুলাই সনদ’? নাকি মতবিরোধ, সংশয় আর রাজনৈতিক টানাপোড়েনের ভেতরেই হারিয়ে যাবে প্রতিশ্রুত পরিবর্তনের স্বপ্ন?

গত দুই সপ্তাহের সংলাপ পর্যালোচনা করলে দেখা যায়, সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বণ্টন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি। দলটির সঙ্গে এই অবস্থানে একমত রয়েছে সমমনা এলডিপি, এনডিএম, বাংলাদেশ লেবার পার্টি, ১২ দলীয় জোট এবং ১১ দলীয় জোট। তারা এ দুটি প্রস্তাবের বিরুদ্ধেই নিজেদের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

দলগুলোর মতে, এই প্রস্তাবগুলো ভবিষ্যতে রাজনৈতিক ভারসাম্য ও ক্ষমতার কাঠামো নিয়ে জটিলতা সৃষ্টি করতে পারে। এনসিসি গঠনের মাধ্যমে নির্বাহী শাখার কর্তৃত্ব হ্রাস পাবে এবং ক্ষমতার ভারসাম্য বিঘ্নিত হতে পারে বলে মনে করছে বিএনপি। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনে করছে, যারা এনসিসি গঠনের বিরোধিতা করছেন, তারা মূলত ফ্যাসিবাদী কাঠামো থেকে বেরিয়ে আসতে চান না।

এ ছাড়া সংলাপে অংশ নেয়া ৩০টি দল ও জোট কেবল ৭০ অনুচ্ছেদ শিথিলের বিষয়ে শর্তসাপেক্ষে একমত হয়েছে। তবে এখানেও দৃষ্টিভঙ্গির পার্থক্য স্পষ্ট। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, অর্থবিল ও আস্থা প্রস্তাবের বাইরে সংবিধান সংশোধনের সময়েও সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। বিপরীতে বিএনপি বলেছে, যুদ্ধাবস্থাতেও সংসদ সদস্যদের দলীয় অবস্থানের বাইরে গিয়ে মতপ্রকাশের সুযোগ থাকা উচিত নয়।

সংবিধান সংশোধনে সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনের প্রস্তাবকে সমর্থন জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। তাদের মতে, এটি গ্রহণযোগ্য ও সময়োপযোগী একটি প্রক্রিয়া। তবে এই সুপারিশ বাস্তবায়নে উচ্চকক্ষের অস্তিত্ব জরুরি কি না, এ নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। বিএনপি মনে করে, দেশের বাস্তবতা বিবেচনায় উচ্চকক্ষ গঠনের প্রয়োজন নেই। জামায়াতে ইসলামী পুরো সংসদে আনুপাতিক নির্বাচন চাইলেও, ঐকমত্যের স্বার্থে আপাতত শুধু উচ্চকক্ষকে ভোটের ভিত্তিতে গঠনের প্রস্তাবে সম্মতি দিতে প্রস্তুত বলে জানিয়েছে।

দলটির মতে, এতে সব দলের প্রতিনিধি অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হবে, যা সংসদীয় সংস্কারে ইতিবাচক ভূমিকা রাখবে। একই রকমভাবে দলগুলোর মধ্যে ভিন্নমত আছে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে। প্রধানমন্ত্রী হিসেবে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন- এমন সাংবিধানিক বিধান যুক্ত করার বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে। জামায়াতে ইসলামী, এনসিপি ও আরও কয়েকটি দল এই সীমাবদ্ধতার পক্ষে মত দিয়েছে। তাদের মতে, নির্বাহী ক্ষমতার ভারসাম্য রক্ষায় সময়সীমা নির্ধারণ গুরুত্বপূর্ণ। তবে এ প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি, এলডিপি ও এনডিএম। দলগুলো মনে করে, প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা নিয়ে সিদ্ধান্ত নেয়ার আগে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন এবং সংসদের উচ্চকক্ষে আসন বণ্টনের মতো মৌলিক ও কাঠামোগত সংস্কার নিয়ে পূর্ণাঙ্গ আলোচনার প্রয়োজন রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান পদ্ধতি বদলের বিষয়ে দলগুলো একমত হলেও কী প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হবে বা এই নির্বাচনে কারা ভোটার হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। একই বিষয় পরিলক্ষিত হচ্ছে নারী আসনের ক্ষেত্রেও। নারী আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার ব্যাপারে সব দলই মত দিয়েছে, তবে কী প্রক্রিয়ায় এই আসন নির্বাচিত হবে, তা নিয়ে রয়ে গেছে অনৈক্য। বিএনপি ও জামায়াতে ইসলামী সরাসরি ভোটের প্রস্তাবের বিরোধিতা করেছে। দল দুটি বলছে, সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানো নিয়ে তাদের আপত্তি নেই, তবে বর্তমানে সরাসরি ভোটের মাধ্যমে তা বাস্তবায়ন কঠিন। তাদের মতে, এ বিষয়ে আরও সময় নিয়ে সিদ্ধান্ত নেয়াই বাস্তবসম্মত। বিপরীতে, এনসিপি বলছে, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট হওয়া উচিত।

দ্বিমত দেখা দিয়েছে সংবিধানের মূলনীতি নিয়েও। বিএনপি বলছে, তারা পঞ্চদশ সংশোধনীকে মানে না এবং সংবিধানকে সংশোধন করে সেই আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায়, যেখানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ এবং ‘আল্লাহর ওপর বিশ্বাস’ অন্তর্ভুক্ত ছিল। দলটির দাবি, ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট পেলে তারা সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও গণতন্ত্রের মূল্যবোধ সংযুক্ত করবে। অন্যদিকে বামপন্থী দলগুলো ১৯৭২ সালের সংবিধানে বর্ণিত মূল চার নীতির পক্ষে অনড়। তাদের মতে, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ- এই মূলনীতিগুলোই রাষ্ট্রের ভিত্তি। এগুলো থেকে সরে এসে কোনো জাতীয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয় বলেই তারা মনে করে।

জামায়াতে ইসলামী সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের বিষয়গুলোতে একমত হলেও, তারা বিএনপির মতো পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফেরার পক্ষে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা ১৯৭২ সালের ‘মুজিববাদী’ মূলনীতির বিরোধী। দলটির মতে, যদি ওই মূলনীতি বাদ দিয়ে রাষ্ট্রের কাঠামো নিয়ে নতুন কোনো প্রস্তাব আসে, তবে তারা তা আলোচনা করবে।

অনিশ্চয়তার পথে সনদ তৈরি: কমিশনের সঙ্গে বৈঠকে এরইমধ্যে ‘ঐকমত্য’ শব্দটির সংজ্ঞা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। বৈঠকে উঠে এসেছে ক্ষোভ, আসন বিন্যাস নিয়ে আপত্তি, কোনো কোনো দলের অতিরিক্ত সময় পাওয়া এবং একাধিক নেতাকে কথা বলার সুযোগ দেয়াকে কেন্দ্র করে অসন্তোষ। নিবন্ধনহীন দলের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছে কয়েকটি পক্ষ। সংলাপের দ্বিতীয় ধাপের শুরুর দিনই উত্তেজনার রেশ ছড়ায়।

লন্ডনে ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকের পর নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে দেয়া যৌথ বিবৃতির প্রতিবাদে জামায়াতে ইসলামী এই সংলাপ বয়কট করে। যদিও পরদিন দলটি সংলাপে ফিরে আসে। কিন্তু জামায়াতের ফিরে আসার দিনই দলটির প্রতি কমিশনের পক্ষপাতের অভিযোগ তুলে সিপিবি, বাসদ, গণফোরাম এবং এলডিপির একাংশ সংলাপ বয়কট করে। পরে তারা আবার আলোচনায় যোগ দেয়। এই টানাপোড়েন, পরস্পরবিরোধী অবস্থান ও আস্থার সংকট রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘জুলাই সনদ’ তৈরির প্রক্রিয়াকে অনিশ্চয়তার পথে ঠেলে দিচ্ছে।

রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছাতে না পারার বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, সাংবিধানিক বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে না, এটাই আমাদের দেশের পাওয়ার পলিটিক্সের বৈশিষ্ট্য। ক্ষমতার প্রতি যে আকর্ষণ, এক্ষেত্রে একদলের সঙ্গে অন্যদলের তেমন একটা পার্থক্য নেই।

অভ্যুত্থানের পর পরই জুলাই সনদ তৈরি করা উচিত ছিল মন্তব্য করে তিনি বলেন, জুলাই আন্দোলনের পর পরই সমন্বয়করা সনদ তৈরির কাজটি করে ফেলতে পারতেন। ওই সময় যতটা সমন্বয়কদের প্রতি মানুষের আস্থা, ভালোবাসা বা আবেগ কাজ করছিল, সেটা এখন আর নেই। ফলে এখন সবগুলো রাজনৈতিক দল একমত হয়ে একটা সনদ করবে- এটা আমার কাছে অসম্ভব মনে হয়।

উদ্বেগ জুলাই যোদ্ধাদের: জুলাই সনদ ঘোষণার প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জুলাই যোদ্ধা সংসদ। তারা সরকারের প্রতি প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, সরকার প্রতিশ্রুতি পালন না করলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা।

জুলাই যোদ্ধা সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আরমান হোসেন শাফিন সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বারবার সময়ক্ষেপণ ও অজানা অনিশ্চয়তা তাদের শঙ্কিত করে তুলছে। এদিকে রক্তক্ষয়ী আন্দোলনের ভিত্তিতে গঠিত অন্তর্বর্তী সরকার ‘জুলাই সনদ’ প্রকাশের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছে জুলাই গণ-ঐক্য।

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গঠিত এই অন্তর্বর্তী সরকার যদি ‘জুলাই সনদ’ ঘোষণা না করে, তবে সেটা হবে স্পষ্ট বিশ্বাসঘাতকতা। এই সরকার ছাত্র-জনতার আত্মত্যাগকে অসম্মান করছে। তারা আরও অভিযোগ করে, অন্তর্বর্তী সরকারের সময়েই বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনের কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছে ‘ফ্যাসিবাদী শক্তি’। এসব ঘটনার কোনো বিচার না হওয়াকেও আন্দোলনকারীরা সরকারের নীরব সহযোগিতা হিসেবে দেখছে। সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, জুলাই কোনো ক্যালেন্ডারের তারিখ নয়, এটা অন্যায়-ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার সর্বোচ্চ প্রতিরোধের গৌরবময় অধ্যায়। এই অধ্যায়ের স্বীকৃতিস্বরূপ ‘জুলাই ঘোষণাপত্র’ দিতে হবে। না দিলে কঠোর কর্মসূচি আসবে, তার দায়ভার সরকারকে নিতে হবে।

যা বলছে রাজনৈতিক দলগুলো: মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর এমন অনৈক্যতে এখন প্রশ্ন উঠেছে- জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদের যে প্রস্তুতি চলছে, তা আদৌ কতটা সফল হতে যাচ্ছে? অথবা অধিকাংশ বিষয়েই ঐকমত্যে পৌঁছাতে না পারলে ‘জুলাই সনদ’ কতটা গ্রহণযোগ্য বা বাস্তবসম্মত হবে?

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু নির্বাচনে যে দলই ক্ষমতায় এসেছে, ৫০ শতাংশ ভোটও পায়নি। উচ্চকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ৬৫-৬৬ শতাংশ ভোট প্রয়োজন, যা বাস্তবসম্মত নয়। ফলে ভবিষ্যতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য ছাড়া সংবিধান সংশোধন সম্ভব হবে না। কিন্তু বাংলাদেশে এমন ঐকমত্য আরও অসম্ভব। আমাদের কাছে যেটা গ্রহণযোগ্য মনে হয়েছে তাতে মত দিয়েছি।

তিনি বলেন, যদি জাতীয় ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবে আমাদেরকে শতভাগ একমত হতে বলা হয়, তাহলে তো আলোচনার দরকার ছিলো না। তিনি বলেন, জাতীয় ঐকমত্য পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে, সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা। তো এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয়, এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না।

সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় দরকষাকষি চলছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, আমরা এখনো মৌলিক সংস্কারের বাস্তবতা থেকে অনেক দূরে আছি। বিএনপিসহ কয়েকটি দলের দ্বিমতের কারণে মৌলিক সংস্কারের জায়গায় ঐকমত্যে আসা যাচ্ছে না।

তিনি বলেন, এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্র তৈরিতে সরকারের কোন উদ্যোগ নেই। সরকার জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র না করে তবে ৩ আগস্ট এনসিপি সম-মনাদের নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, অনেক বিষয়ে ঐকমত্য হয়নি। অনেক বিষয়ে আবার হচ্ছে। কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে। সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। এটা তো একটা নেগোসিয়েশনের প্রশ্ন। বিতর্ক হবেই, এর মধ্যে দিয়ে কোনো একটা জায়গায় পৌঁছানো যাবে। কমিশনের অধিকাংশ বিষয়েই তো আমরা একমত। মূল সমস্যা ৮-১০টি বিষয় নিয়ে, যেখানে মতভিন্নতা আছে। রাষ্ট্রের মূলনীতি নিয়েও মতপার্থক্য আছে। এটা সমাধান হওয়া কঠিন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে। অন্যথায় সেটি জনগণ মেনে নেবে না। জুলাইয়ের কোনো আইনি স্বীকৃতি এবং মৌলিক সংস্কার ছাড়া আমরা নির্বাচনের পক্ষে নই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আমরা তো শুরু থেকেই জুলাই সনদের বিষয়ে বলে আসছি। কারণ জুলাই অভ্যুত্থান ঘিরে একটা প্রত্যাশা ছিল। জুলাই সনদ এজন্য হওয়া দরকার যে, সামনে যারাই ক্ষমতায় আসুক যাতে বিগত দিনের মতো একদলীয় শাসন কায়েম না করে। বিগত দিনের মতো স্বৈরাচারী ভূমিকা পালন না করে। সঠিকভাবে যাতে দেশ চলে।

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদ হলো জুলাই অভ্যুত্থানের একটা অঙ্গীকার। যা না করাটা হবে বিশাল আত্মত্যাগের সঙ্গে প্রতারণা। সব রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি যদি সহযোগিতা করে, তাহলে এই সনদ তৈরি সহজ হবে বলে আমি মনে করি।

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, জুলাই সনদ করতে না পারার কোনো কারণ দেখি না। অভ্যুত্থানকে আমলে নিয়ে এটা তৈরি করতেই হবে। সামনে এগিয়ে যেতে হলে ‘জুলাই সনদ’ হওয়া উচিত।