Home Blog Page 387

রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে ভারত

ডোনাল্ড ট্রাম্পের  শীর্ষ সহযোগী স্টিফেন মিলার  সম্প্রতি ভারতের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেছেন যে, রাশিয়া থেকে তেল কিনে ভারত প্রকারান্তরে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার কাছ থেকে ভারত নিয়ে এমন কঠোর মন্তব্য এটিই প্রথম। উল্লেখ্য, ভারত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।

মিলার জানান, ট্রাম্প বেশ কিছুদিন ধরে ভারতের উপর চাপ সৃষ্টি করছেন যাতে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে। ফক্স নিউজের একটি অনুষ্ঠানে মিলার বলেন, “প্রেসিডেন্ট খুব স্পষ্টভাবে বলেছেন যে ভারতের রাশিয়া থেকে তেল কিনে এই যুদ্ধে অর্থায়ন করাটা গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, অনেকেই জেনে অবাক হবেন যে, রাশিয়া থেকে তেল কেনার দিক দিয়ে ভারত এখন চীনের কাছাকাছি চলে এসেছে। এই তথ্যকে তিনি “চমকপ্রদ” হিসেবে উল্লেখ করেন।

ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে রয়টার্সকে দেওয়া ভারত সরকারের একাধিক সূত্রের খবর অনুযায়ী, মার্কিন চাপ সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে।

এর আগে ট্রাম্প রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনার কারণে ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন।

তবে মিলার এও বলেন যে, ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্ক “চমৎকার”। এই কারণে ট্রাম্প তার সমালোচনার সুর কিছুটা নরম করেছেন। তিনি আরও বলেন, “আমাদের বাস্তববাদী হতে হবে। রাশিয়া কীভাবে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে, তা মোকাবিলা করতে ট্রাম্পের সামনে কূটনৈতিক, আর্থিক এবং অন্যান্য সব পথ খোলা রয়েছে, যাতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়।”

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা মহানগর এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তবে তাদের নাম ও দলীয় পদপদবির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তালেবুর রহমান।

এর আগে গত শনিবার নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জুলাই গলঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সরকারের একটি গুরুত্বপূর্ণ সূত্রে জানা যায়, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের কোন মাসে অনুষ্ঠিত হবে—তা নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন তিনি।

এদিকে উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নাটকীয় জয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা আনলো উইন্ডিজ

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ বলের এই নাটকীয় জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ক্যারিবিয়ানরা রোববার (২ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। ২১ রানে তিন উইকেট হারিয়ে বসে দলটি। ব্যাট হাতে ব্যর্থ হন ফকর জামানও। এরপর নাওয়াজকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন সালমান। কিন্তু ২৩ বলে ৪০ রানের ইনিংস খেলে হোল্ডারের শিকার হন নাওয়াজ।

এরপর ৩৮ রান করা সালমানকে সাজঘরের পথ দেখান গুদাকেশ। শেষ দিকে কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে না পারলে ১৩৩ রান সংগ্রহ করে পাকিস্তান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় উইন্ডিজ। ২৬ রানে ২ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ইনিংস লম্বা হয়নি হোপের। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও সচল থাকে রানের চাকা।

শেষ পর্যন্ত জয়ের জন্য উইন্ডিজের প্রয়োজন ১ বলে ৩ রান। শাহিনের করা ইনিংসের শেষ বলে চার মেরে উইন্ডিজের জয় নিশ্চিত করে হোল্ডার।

উল্লেখ্য, সোমবার একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান-উইন্ডিজ।

নিউইয়র্কের রাস্তায় শাকিব-বুবলীর রোমান্স

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন শাকিব খান। এর কয়েকদিন পর সেখানে গেছেন বুবলীও। সেখানে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তারা। সঙ্গে রয়েছে ছেলে শেহজাদ খান বীর।

রোববার (৩ আগস্ট) চিত্রনায়িকা বুবলী নিজের ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেছেন। ছবিতে শাকিব-বুবলীর সঙ্গে তাদের ছেলে বীরকেও দেখা গেছে। যেখানে দেখা যাচ্ছে, শাকিব খান বুবলীকে জড়িয়ে ধরে দূরের কিছু একটা দেখাচ্ছিলেন। ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লাইফ ইন ইউএসএ। আমেরিকা’।

ছবিগুলোতে শাকিব-বুবলী বেশ ঘনিষ্ঠভাবে দেখা দিয়েছেন। যেমনটা বিয়ে-বিচ্ছেদের খবর প্রকাশের পর অপু বা বুবলী কারও সঙ্গে দেখা যায়নি। ফলে গত ক’বছর শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলী যে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন, তাতে এবার ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে যেন অনেকটাই এগিয়ে গেলেন বুবলী!

দুই বছর আগে অপু ও জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সেসময় নিউইয়র্ক, নায়াগ্রাসহ কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা। এবার যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ছোট ছেলেকে ঘিরে। তবে সেটি আরও ঘনিষ্ঠ আবহে।

সৈকতে অনবদ্য লুকে মিম

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম যেন প্রায়ই নতুন রূপে হাজির হন ভক্তদের সামনে। কাজের ফাঁকে সুযোগ পেলেই তিনি দেশের বাইরে ঘুরতে চলে যান।

সম্প্রতি তাকে বিভিন্ন দেশের সমুদ্র সৈকতে দেখা গেছে। এবারও তিনি কিছু নতুন ছবি প্রকাশ করেছেন, যা কোনো এক সমুদ্র সৈকত থেকে তোলা এবং তাতে তাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে।

গত রোববার দুপুরে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মিম। যেখানে তাকে দেখা যাচ্ছে সমুদ্রসৈকতের ধারে একেবারে স্বচ্ছন্দ ভঙ্গিতে, মোহনীয় এক লুকে। রোদ্রস্নানে যেন তার রূপ আর ফুটে ওঠে। পরনে গোলাপি রঙের হালকা প্রিন্টেড ফ্লোরাল ড্রেস, চোখে সানগ্লাস। সঙ্গে খোলা চুলে ক্যামেরার সামনে পোজ- যা রীতিমতো ভক্তদের নজর কাড়ে।

ছবিগুলোর কোথায় তোলা, তা সরাসরি উল্লেখ না থাকলেও দৃশ্যপট ও পরিবেশ দেখে ধরে নেওয়া যায় এটি দেশের বাইরের কোনো সৈকত।

ছবির ক্যাপশনে কিছু না লিখে শুধু একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন মিম। যদিও মন্তব্যঘরে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন তাকে। কেউ লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে’, কেউ আবার দিয়েছেন ‘লাভ’ ইমোজি।

উল্লেখ্যম মিমকে সবশেষ দেখা গেছে রায়হান রাফীর আলোচিত ছবি ‘দামাল’-এ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরও একটি ছবি ‘দিগন্তে ফুলের আগুন’।

জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: আখতার

জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশে তিনি এ দাবি জানান।

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রতিটি কথা বাস্তবায়ন করতে হবে। জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের সংস্কার অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে।’

দেশে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘সাম্যের বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না। বিচার বিভাগকে কোনো দলের কর্তৃত্বের অধীনে যেতে দেওয়া হবে না। সচিবালয়ে যে নীতি হবে, তা জনগণের স্বার্থে হতে হবে।’

এর আগে বিকেল ৫টার কিছু আগে শুরু হয় এনসিপির সমাবেশ। এতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে দলটির নেতা-কর্মীরা শহীদ মিনার এলাকায় জড়ো হন। সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার পাঠ করবেন।

এক দফা ঘোষণার এক বছর পূর্তিতে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং নতুন সংবিধানের দাবিতে এই ইশতেহার ঘোষণা করা হবে বলে ভিডিও বার্তায় আগেই জানিয়েছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন।

মার্কিন শুল্ক চুক্তিতে ‘ভূ-রাজনৈতিক সমঝোতা’ থাকলে ‘হুমকি’ দেখছেন প্রিন্স

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা রুহিন হোসেন প্রিন্স মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে যদি ‘নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক সমঝোতা জোরদার’ হয়, তাহলে দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বাধীনতা এবং কূটনৈতিক ভারসাম্য গুরুতর হুমকির মুখে পড়বে।

রোববার বাম গণতান্ত্রিক জোটের এক সভায় তিনি এই মন্তব্য করেন। সিপিবির সাধারণ সম্পাদক প্রিন্স বলেন যে, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, এই ‘তথাকথিত ছাড়’-এর বিনিময়ে বাংলাদেশকে কিছু শর্ত মেনে চলতে হতে পারে, যেমন:

যুক্তরাষ্ট্র থেকে উচ্চ মূল্যে গম ও এলএনজি কেনা।

২৫টি বোয়িং বিমান ক্রয়।

১১০টি মার্কিন পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া।

বাংলাদেশের গভীর সমুদ্রের খনিজ সম্পদের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক সীমিত করে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক সমঝোতা জোরদার করা হচ্ছে বলেও শোনা যাচ্ছে, যা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। প্রিন্স বলেন, এসব বিষয়ে সরকারেরই উচিত সবকিছু স্পষ্ট করা।

অন্যান্য নেতার বক্তব্য ও জোটের কর্মসূচি

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, জনগণের সামনে এই গোপন চুক্তির খসড়া প্রকাশ এবং তাদের সম্মতি ছাড়া কোনো চুক্তি না করার আহ্বান জানান তিনি।

বাম গণতান্ত্রিক জোট ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ পালনের জন্য দেশজুড়ে সভা, সমাবেশ, নিহতদের স্মরণ এবং আহতদের সঙ্গে দেখা করার মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছে।

রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানাসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন

ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে।

ইয়েমেনে আইওএম-এর প্রধান আবদুসত্তার ইসোয়েভ অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন যে, রোববার ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় ১৫৪ জন ইথিওপীয় নাগরিক ছিলেন।

তিনি বলেন, মাত্রা ১২ জন মানুষ জাহাজের একটি ধ্বংসস্তূপকে আঁকড়ে ধরে বেঁচে ছিলেন। এছাড়া ৫৪ জনের মরদেহ কানফার জেলায় ভেসে আছে এবং আরও ১৪ জনের মরদেহ বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া গেছে। তাদেরকে একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইয়েমেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকা ডুবির ঘটনায় তারা ৫৪ জন নিহতের তথ্য পেয়েছে।

ঝাঞ্জিবারের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদের বাজামিল জানিয়েছেন, নিহতদের শাকরা শহরে দাফনের ব্যবস্থা করা হবে। এছাড়া যারা নিখোঁজ রয়েছেন তাদেরকেও কঠিন পরিস্থিতির মধ্যে খুঁজে বের করার চেষ্টা চলছে।

আফ্রিকা থেকে সমুদ্র পথে ইয়েমেনে প্রবেশের পথ রয়েছে। তবে অনেক সময়ই সমুদ্রের ভয়ঙ্কর পরিস্থিতির কারণে অনেকের সলিল সমাধি ঘটে।

আইএমও জানিয়েছে, ২০২৪ সালে ইয়েমেনে প্রায় ৬০ হাজার শরণার্থী ও অভিবাসী আশ্রয় নেয়। এর আগের বছর আশ্রয় নেন প্রায় ৯৭ হাজার ২০০ জন।

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ১১৯ ফিলিস্তিনির

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে।

এতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৬০ হাজার ৮৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ৮৬৬ জন। এর ফলে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে দাঁড়িয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মানবিক সহায়তা নিতে গিয়ে ৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৫১১ জনেরও বেশি আহত হয়েছে। এর মধ্য দিয়ে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে। আর গত ২৭ মে থেকে আহত হয়েছেন আরও ১০ হাজার ৫৭৮ জন।

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। তবুও থেমে নেই তাদের বর্বরতা। এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।