Home Blog Page 391

আটক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন, মিলেছে অভিযোগের প্রাথমিক সত্যতা

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শুক্রবার (১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ১৭ জুলাই ওই কর্মকর্তাকে রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অভিযোগ পাওয়ার পর সেনাবাহিনী সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য গঠিত তদন্ত আদালত পূর্ণ তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

আইএসপিআর আরও জানিয়েছে, ওই সেনা কর্মকর্তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার বিষয়েও আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও শৃঙ্খলাপরায়ণ প্রতিষ্ঠান এবং রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের তিন বিভাগ-খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। পাশাপাশি, চট্টগ্রাম, খুলনা ও বরিশালের নগর এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত) দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায় ১০১ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ৩০ মিলিমিটার।

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সেমিফাইনালেও ভারত-পাকিস্তান মুখোমুখি

০

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল)-এর গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের বহু প্রতীক্ষিত লড়াই বাতিল হওয়ার পর এবার সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার কথা থাকলেও ফের অনিশ্চয়তার মেঘ তৈরি হয়েছে।

কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ায় পাকিস্তানের ক্রিকেটাররা ক্ষোভ প্রকাশ করেছিলেন। ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার নিরাপত্তার কারণে ম্যাচ খেলতে অস্বীকার করেন। এর মধ্যে সবচেয়ে কড়া অবস্থান নেন শিখর ধাওয়ান, যিনি সামাজিক মাধ্যমে জানিয়ে দেন যে তিনি পাকিস্তানের বিপক্ষে খেলবেন না এবং সেই সিদ্ধান্তের পক্ষে আয়োজকদের কাছে চিঠিও পাঠান। এরপরই আয়োজক কমিটি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয়। এই সেমিফাইনাল ম্যাচটিও একই ধরনের কারণে বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা দুই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশাজনক।

এই ম্যাচ বাতিল হওয়ায় উভয় দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়, যদিও পাকিস্তান এতে আপত্তি জানায়। তাদের দাবি ছিল, ভারতের সিদ্ধান্তে ম্যাচ বাতিল হওয়ায় পূর্ণ পয়েন্ট তাদেরই প্রাপ্য।

গ্রুপ পর্ব শেষে চার ম্যাচে জয়লাভ করে শীর্ষে পাকিস্তান এবং মাত্র একটি ম্যাচে জয় পাওয়া ভারত চতুর্থ স্থানে থেকে সেমিফাইনালে ওঠে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রথম ও চতুর্থ স্থানের দল খেলবে সেমিফাইনালে, ফলে ফের মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের।

তবে সেই ম্যাচ নিয়েই এবার নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের একটি স্পন্সর প্রতিষ্ঠান ইতোমধ্যেই এই ম্যাচে নিজেদের পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করেছে। এর ফলে আয়োজকরা নতুন করে চাপে পড়েছেন।

মাঠের বাইরের এই উত্তাপ দুই দলের সাবেক ক্রিকেটারদের মধ্যে বাকযুদ্ধেও রূপ নেয়। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি প্রকাশ্যে শিখর ধাওয়ানকে আক্রমণ করেন। অন্যদিকে, হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান পাঠান ও ইউসুফ পাঠানও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানালেও ধাওয়ানের মতো প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া দেখাননি।

সব মিলিয়ে লিজেন্ডদের এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ এবারও অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে সাবেকদের লিগে এই দ্বৈরথ না হলেও, সামনেই রয়েছে এশিয়া কাপ। সেখানে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, ফলে একাধিকবার মুখোমুখি হওয়ার সুযোগ থাকছেই।

ডি পলের অভিষেকের দিনে মায়ামিকে জেতালেন মেসি

০

ইউরোপ ছেড়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লোনে যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। তার অভিষেকের দিনে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরেন লিওনেল মেসি-জর্ডি আলবারা। আর এদিনই মেসির জোড়া অ্যাসিস্টে রোমাঞ্চকর জয় পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ক্লাব অ্যাটলাসের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। যেখানে অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানের জয় পেয়েছে স্বাগতিকরা। মেসির অ্যাসিস্টে একটি করে গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও মার্সেলো ভাইগান্ট। আর অ্যাটলাসের হয়ে একমাত্র গোলটি আসে রিভালদো লোজানোর পা থেকে।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির হয়ে অভিষেকটা ভালোই হয়েছে ডি পলের। সার্জিও বুসকেটস, জর্ডি আলবার সঙ্গে তার রসায়ন যে দলকে মাঝমাঠের চাপ থেকে অনেকটাই মুক্ত রাখবে সেই আভাস মিলেছে। যদিও ম্যাচের প্রথমার্ধে স্কোর ছিল গোলশূন্য। লুইস সুয়ারেজের একটি শট পোস্টে এবং দুটি ভালো সেভ করেছেন অ্যাটলাস গোলরক্ষক।

প্রথমার্ধের বিরতির পর ম্যাচের ডেডলক ভাঙে ৬০ মিনিটে। বুসকেটস ও মেসি হয়ে আটলাসের বক্সে বল পেয়ে যান সেগোভিয়া। সুযোগ পেয়ে এক স্পর্শে বল জালে জড়াতে ভুল করেননি ভেনেজুয়েলার এই মিডফিল্ডার। ৮০ মিনিটে মায়ামির বক্সে বল পেয়ে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে অ্যাটলাসকে সমতায় ফেরান রিভালদো লোজানো।

এরপর নির্ধারিত আর কোনো গোল না হলে ম্যাচ ড্রয়ের পথেই ছিল। তবে ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে ফের ত্রাতার ভূমিকায় হাজির হন মেসি। ডি বক্সে ঢুকে তিনি বল বাড়ান মার্সেলো ভাইগান্টের কাছে। এই ডিফেন্ডার দ্রুতগতির শটে দুই ম্যাচ পর মায়ামির জয় নিশ্চিত করেন। যাতে লিগ কাপের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিয়েছে মায়ামি।

জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের গুঞ্জন

একজন ছিলেন এক সময়কার বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, অন্যজন বিশ্বের নমকরা পপ তারকা। জাস্টিন ট্রুডো ও কেটি পেরি-দুই মহাতারকার নাম পাশাপাশি উচ্চারিত হলে অবাক হওয়ার কিছু নেই। তবে সম্প্রতি মন্ট্রিয়লের এক বিলাসবহুল রেস্তোরাঁয় তাদের ঘনিষ্ঠ সাক্ষাৎ নতুন করে আলোচনায় এসেছে এই দুই তারকার ‘সম্পর্ক’।

সোমবার কানাডার মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় একসঙ্গে খাবার খেতে দেখা গেছে মার্কিন গায়িকা কেটি পেরিকে। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এর আগেই থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন তাঁরা।

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কেটি পেরি ট্রুডোর সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন তিনি।

প্রসঙ্গত, গত জুনে কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের বাগদান ভাঙার খবর প্রকাশ্যে এসেছে।

এদিকে জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার ২০২৩ সালের আগস্টে, ১৮ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটানোর ঘোষণা দেন। তাঁরা জানান, এটি ছিল পারস্পরিক সম্মানের ভিত্তিতে নেওয়া শান্তিপূর্ণ সিদ্ধান্ত। এই দম্পতির তিন সন্তান রয়েছে-১৭ বছর বয়সী জেভিয়ার, ১৬ বছর বয়সী এলা গ্রেস এবং ১১ বছর বয়সী হাদ্রিয়েন।

জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ারের বিচ্ছেদের সময় ইনস্টাগ্রামে ইংরেজি ও ফরাসি দুই ভাষায় একটি পোস্টে ট্রুডো লেখেন, ‘সোফি ও আমি আপনাদের জানাতে চাই যে বহু গভীর ও কঠিন আলাপের পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ইশরাকের প্রতিদ্বন্দ্বী হতে চান হিরো আলম

রাজনীতিতে দীর্ঘ বছর ধরে সক্রিয় এবং বিভিন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়া আলোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন।

বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে আলোচনায় আসা হিরো আলম বুধবার (৩০ জুলাই) জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার এই ঘোষণা

হিরো আলম বলেন, ঢাকা দক্ষিণ সিটির মানুষের সঙ্গে আলোচনা ও মতবিনিময় চলছে। প্রস্তুতি এগোচ্ছে, এবং সময় হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবো।

এছাড়া, বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের বিরুদ্ধে নির্বাচন কতটা কঠিন হবে জানতে চাইলে হিরো আলম বলেন, কোনো নির্বাচনই সহজ নয়। তবে আমি আমার মতো কাজ করে যাচ্ছি, আর সবকিছু জনগণের ওপর নির্ভর করবে। যদি তারা চান, তাহলে জাতীয় নির্বাচনেও অংশ নিতে পারি। আপাতত মেয়র নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরও বলেন, অনেকে আমাকে ফোন করে উৎসাহ দিচ্ছেন এবং আলোচনা চলছে। আমি মানুষের জন্য কাজ করার সুযোগ চাই।

এর আগে ২০২৩ সালের ২৩ জুলাই হিরো আলম ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, এবং ভোট গ্রহণের দিন তার ওপর হামলা হয়। তিনি পরে নির্বাচন কমিশনে ভোট বাতিলের জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। একই বছরে, ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছেন। তাদের নিয়ে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। এই দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের নাগরিক পার্টির কেউ নয়। কিন্তু তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে তারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্র আপনারা রুখে দেবেন।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় নরসিংদী পৌরসভা মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হবো। সেখান থেকে নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা হবে।

এনসিপির এই নেতা বলেন, আমরা ৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হবো। আমরা বিশ্বাস করি নরসিংদীবাসী আসলেই আমরা শহীদ মিনার থেকে দাবি আদায় করতে পারবো। নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মানুষ আসলেই ঢাকা ভরে যাবে।

নরসিংদীর উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই উল্লেখ করে তিনি বলেন, এখানে ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজ রয়েছে। আমরা তাদের বিতাড়িত করেব।

পথসভার আগে বিকেল সৌয়া ৫টার দিকে নরসিংদীর জেলাখানা মোড় থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলম ও কেন্দ্রীয় নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রটি জেলাখানা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এই সময় শহীদ প্রতিটি পরিবারের পাশে থাকার ঘোষণা দেন তারা।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সায়োরার তুষার, যুগ্ম আহ্বায়ক ইয়াসমিন মিতু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

শহীদী ফ্যামিলি বিচারের আগে নির্বাচন মানবে না: নাসির

শহীদী ফ্যামিলি বিচারের আগে নির্বাচন মানবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী।

বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রামুখী সাবলেনের ওপর ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে, ততদিন ভারত সরকারের থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে, শহীদী ফ্যামিলি বাংলাদেশে বিচারের আগে নির্বাচন মানবে না।’

তিনি বলেন, ‘ভারত সরকারকে বলব, আমরা ভারতীয় জনগণের বিরোধী নই। আপনি বাংলাদেশের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিন, কারণ সে এখানে খুন করে পালিয়েছে। আমাদের শহীদী ভাইয়েরা এখনো অপেক্ষায় রয়েছে শেখ হাসিনার বিচারের জন্য।’

পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, ‘পুরোনো পথের সহিংস রাজনীতিতে আমরা আর ফেরত যাব না। মতের পার্থক্য থাকবে। মতবিরোধ থাকবে। সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু প্রতিহিংসা সহিংসতা প্রাণনাশের হুমকি সেই পুরোনো সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না।’

পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলার নেতা মেহরাব সিফাতের সভাপতিত্বে এনসিপি আহ্বায়কসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘ঢাকা জেলার পাঁচটি উপজেলা থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে। দীর্ঘদিন ধরে এ উপজেলাগুলো বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়েছে। আমরা মনে করি এই পাঁচটি উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে। শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব। শ্রমিক অঞ্চল রয়েছে এ সাভারেও। কিন্তু নানা কারণে শ্রমিকরা আন্দোলন গড়ে তোলে।’

তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। শ্রমিকরাই আমাদের গণঅভ্যুত্থানে শক্তি জুগিয়েছে। রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছে। আমরা সেই শ্রমিকের নায্য মজুরির জন্য লড়াই করতে চাই। আমরা সাভার-আশুলিয়াসহ পুরো ঢাকা জেলাকে চাঁদামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই।’

নাহিদ বলেন, ‘এই সাভার ও আশুলিয়ার বাইপাইল পয়েন্টে গণঅভ্যুত্থানের সময় আমাদের ছাত্র-জনতা বুক চিতিয়ে লড়াই করেছিল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। সাভার ও আশুলিয়া গণঅভ্যুত্থানের সময় আন্দোলনের হটস্পট ছিল। অন্যদিকে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ী, এদিকে সাভার আশুলিয়া ওদিকে গাজীপুর ও টঙ্গী, আপনারা প্রতিরোধ তৈরি করেছিলেন বলেই ঢাকা সুরক্ষিত ছিল। ঢাকার মানুষ রাজপথে নামতে সাহস করেছিল।’

ভারতের ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

ইরানের পেট্রলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকারের বিদেশি সম্পদবিষয়ক অফিস এবং পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির সরকার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ নিষেধাজ্ঞার পরও ইরানের জ্বালানি তেল–বাণিজ্য চলছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের তেল পরিবহনকারী ট্যাংকারগুলো বন্দর এলাকার বাইরে নিষেধাজ্ঞার আওতায় না থাকা নৌযানে তেল সরবরাহ করছে। পরে ওই তেল বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ইরানের সামরিক বাহিনী এবং তাদের সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর পেছনে এ তেল বিক্রির অর্থ ব্যবহার করছে তেহরান।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, নিজেদের জ্বালানি তেলের বিক্রি বাড়ানো এবং অস্থিতিশীল কর্মকাণ্ড পরিচালনার জন্য তহবিল সংগ্রহ করতে নৌযান, পরিবহনকারী এবং মধ্যস্থতাকারীদের একটি গোপন নেটওয়ার্কের ওপর নির্ভর করে যাচ্ছে ইরান।

তিনি আরও বলেন, ইরানের জ্বালানি তেল সরবরাহব্যবস্থার সব ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করতে নিজেদের সব সরঞ্জাম কাজে লাগাবে যুক্তরাষ্ট্র। আর যারা ইরানের তেল নিয়ে কাজ করবে, তারাও নিষেধাজ্ঞার উল্লেখযোগ্য ঝুঁকির মুখে পড়বে। কারণ, তেহরানের ওপর বড় পরিসরে নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া অনেক দেশ ও প্রতিষ্ঠান সরাসরি ইরানের তেল কেনে না।

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে নৌবাহিনীর বিমানঘাঁটি লেমুরের কাছাকাছি জায়গায়। বৃহস্পতিবার (৩১ জুলাই) এই তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বুধবারের এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

লেমুর বিমানঘাঁটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট সফলভাবে “ইজেক্ট” করতে সক্ষম হয়েছেন। তিনি নিরাপদে আছেন। এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার সময় ভিএফএ-১২৫ “রাফ রেইডার্স” স্কোয়াড্রনের একটি এফ-৩৫ যুদ্ধবিমান লেমুর বিমানঘাঁটির কাছে বিধ্বস্ত হয়।’

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।