Home Blog Page 392

ঢাকায় মেঘলা আকাশ, ৭ অঞ্চলে ঝড়ের আভাস

রাজধানী ঢাকায় বুধবার রাত থেকেই থেমে থেমে বৃষ্টি ঝরছে এবং আকাশজুড়ে মেঘের ঘনঘটা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ জুলাই) সারাদিনই ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর। এই আবহাওয়ার কারণে নগরবাসীকে বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে হবে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

এর আগে সন্ধ্যা পর্যন্ত দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

পুলিশের আরও ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিভিন্ন অভিযোগে পুলিশের ৫ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার (৩০ জুলাই) এ সংক্রান্ত পৃথক ৫টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে, সাময়িক বরখাস্ত থাকার সময়কালে এসব কর্মকর্তা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

বুধবার গ্রেপ্তার ব্যক্তিকে নির্যাতন, অভিযোগ জানাতে আসা ব্যক্তিকে মারধর, অধস্তন পুলিশ সদস্যের সংসার ভাঙার চেষ্টাসহ কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পৃথক ৫টি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তা হলেন- রাজশাহীর সাবেক ডিআইজি আনিসুর রহমান, রংপুর মহানগর পুলিশের সাবেক ডিসি মোহাম্মদ শিবলী কায়সার, র‌্যাবের অতিরিক্ত এসপি জুয়েল চাকমা, ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক এডিসি (এসপি পদে সুপার নিউমারারারি পদোন্নতি পাওয়া) রাজীব দাস ও বরিশাল আরআরএফের এএসপি আফজাল হোসেন।

তাদের মধ্যে এসপি শিবলী কায়সারকে বরখাস্ত করা হয়েছে চাঁদাবাজির মামলা করতে আসা ব্যক্তিকে মারধরের অভিযোগে।

অতিরিক্ত এসপি জুয়েল চাকমা বরখাস্ত হয়েছেন দুই বছর আগে মেডিকেল প্রশ্নফাঁসের অভিযোগে পাঁচ চিকিৎসককে গ্রেপ্তার করে নির্যাতন ও তাদের যথাসময়ে আদালতে হাজির না করানোর অভিযোগে।

কনস্টেবলের প্রথম স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়া, কুপরামর্শ ও তার সংসার ভাঙার চেষ্টার অভিযোগে বরখাস্ত হয়েছেন এএসপি আফজাল।

ডিআইজি আনিসুর রহমান ও এডিসি রাজীব দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কর্মস্থলে অনুপস্থিত থাকায় পলায়নের অভিযোগে।

ডিআইজি আনিসুরকে বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত ১৭ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে।

অন্যদিকে, ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক এডিসি রাজীব ২০২৪ সালের ২ নভেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এর আগে, সোমবার (২৮ জুলাই) পুলিশের ঊর্ধ্বতন আরও ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন এবং পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। বিধি অনুযায়ী তারা অবসর সুবিধা প্রাপ্ত হবেন।

এরও আগে, রোববার (২৭ জুলাই)  বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি ও একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম ও মো. আবুল কালাম আযাদকে (এসপিবিএন-১ ঢাকার অধিনায়ক) ডিএমপিতে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলেন-রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহানকে পুলিশ অধিদপ্তরে, আরএমপির অতিরিক্ত কমিশনার সফিজুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে, সিআইডির অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে সারদার পুলিশ একাডেমিতে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সারদার পুলিশ একাডেমিতে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে, সিলেট অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহকে নৌ-পুলিশে, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সাইফুল হককে রেলওয়ে পুলিশে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে ডিএমপিতে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে হাইওয়ে পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে ডিএমপিতে, টাঙ্গাইল পিটিসির পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়াকে সিআইডিতে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে সিএমপিতে, কেএমপির উপপুলিশ কমিশনার মো. আবু তারেককে সিআইডিতে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জহুরুল হককে পিবিআইতে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম মনিরুল ইসলামকে পিবিআইতে এবং ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ফাল্গুনী নন্দীকে এপিবিএনে বদলি করা হয়েছে।

উরুগুয়েকে বিধ্বস্ত করে ব্রাজিলের এক ঢিলে দুই পাখি শিকার

০

মেয়েদের কোপা আমেরিকায় বরাবরই ফেভারিট দল ব্রাজিল। নয়টি আসরের মধ্যে আটবারই তারা শিরোপা জিতেছে। এবারও তারা নিজেদের দাপট দেখিয়ে দশম সংস্করণের সেমিফাইনালে বুধবার উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে।

এই দাপুটে জয়ের মাধ্যমে সেলেসাও মেয়েরা এক ঢিলে দুটি পাখি শিকার করেছে। তারা একইসঙ্গে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে নিজেদের জায়গাও নিশ্চিত করে নিয়েছে।

ইকুয়েডরের রদ্রিগো পাস দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে প্রতিটি বিভাগেই দারুণ দাপট দেখিয়েছে ব্রাজিলের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধেই তারা উরুগুয়ের জালে তিনবার বল জড়ায়। দ্বিতীয়ার্ধে এক গোল করে ব্যবধান কমালেও তা যথেষ্ট ছিল না উরুগুইয়ানদের জন্য। এক লাল কার্ডে খানিক বাদেই ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। পরে আরও দুই গোল হজম করে তারা রীতিমতো বিধ্বস্ত হয়েছে। বল পজেশনেও স্পষ্ট ব্যবধানে (৬৯ শতাংশ) এগিয়ে ছিল মার্তা সিলভারা।

আগেরদিন গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছিল কলম্বিয়া। আগামী শনিবার দিবাগত রাতে কোপার শিরোপা নির্ধারণী ফাইনালে লড়বে ব্রাজিল ও কলম্বিয়ার মেয়েরা। অবশ্য এই দুটি দেশই গ্রুপপর্বে একসঙ্গে ছিল, পরস্পরের দেখায় খেলার নিষ্পত্তি হয় ড্র দিয়ে। এখন পর্যন্ত উভয় দলই অপরাজেয়। ব্রাজিল ৫ ম্যাচের চারটিতে (আরেকটি ম্যাচ ড্র) এবং কলম্বিয়া তিন ম্যাচে (ড্র দুটিতে) জিতেছে।

প্রথমার্ধেই ব্রাজিলিয়ান মেয়েরা জয়ের কক্ষপথ তৈরি করে ফেলেছিল। আর্থুর ইলিয়াসের শিষ্যদের সামনে উরুগুয়ান মেয়েরা ঠিকঠাক নিঃশ্বাসই নিতে পারছিলেন না। যদিও পঞ্চম মিনিটে প্রথম সুযোগটিই ছিল উরুগুয়ের সামনে। আকুইনোর ক্রসে বল পেয়ে ওয়েন্ডি কারবালো শট নেন, সেটি বেশ ভালোভাবেই ঠেকিয়েছেন ব্রাজিল গোলরক্ষক ক্লদিয়া। একাদশ মিনিটে সেলেসাও কিংবদন্তি মার্তার ক্রস আমান্দা গুতিয়েরেসের হেড হয়ে উরুগুয়ের জালে জড়ায়।

মিনিট দুয়েক বাদেই ফের ব্রাজিলের গোল। বক্সের ভেতর বল পেয়ে এবার স্কোরবোর্ডে নাম তোলেন গিও গারবেলিনি। ২৬ মিনিটে তৃতীয়বার ম্যাচে লিড নেয় ব্রাজিল। এবার কিংবদন্তি মার্তার সামনে সুযোগ করে দেয় পেনাল্টি। যেখানে তিনি সফল স্পট কিক নিয়েছেন। ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই কিছুটা হেলেদুলে খেলতে থাকা ব্রাজিলের বিপক্ষে ব্যবধান কমায় উরুগুয়ে। যদিও তাতে ব্রাজিল ডিফেন্ডার ইসা হাসই বিব্রতকর অবস্থায় পড়েন। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে জড়ান নিজেদের জালে।

উরুগুয়ের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। উল্টো ৫৮ মিনিটে ইয়ামিলা মারিয়ানা লাল কার্ড দেখায় ১০ জনের দলটি আরও কোণঠাসা হয়ে পড়ে। যার সুফল পুরোপুরি আদায় করে নিয়েছে ব্রাজিল। ৬৫ মিনিটে আমান্দা ফ্রি-কিক থেকে ব্যক্তিগতভাবে দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেছেন। দুদিনিয়া ৮৬ মিনিটে ঠোকেন শেষ পেরেক, বক্সের ভেতর থেকে তার নেওয়া শট ঠেকানো কঠিন ছিল উরুগুয়ে কিপারের জন্য। স্কোরলাইন পরিণত হয় ৫–১ এ।

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু

০

 

দীর্ঘ ৩৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর এবং নাজমুল হক হিমেল ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। মঙ্গলবার এই দুই প্রাক্তন বিকেএসপি সাঁতারু বিশ্বের অন্যতম কঠিন ওপেন-ওয়াটার সাঁতারের চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করেছেন।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবারিতা দাস এই ঐতিহাসিক অর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাগর ও হিমেল একটি ছয় সদস্যের আন্তর্জাতিক রিলে দলের অংশ হিসেবে এই কীর্তি গড়েন। তাদের দলে তিনজন ভারতীয় এবং একজন মেক্সিকান সাঁতারুও ছিলেন।

স্থানীয় সময় ভোর ২টা ৩০ মিনিটে ইংল্যান্ডের ডোভার থেকে শুরু হয় তাদের এই দুঃসাহসিক যাত্রা।

টানা ১২ ঘণ্টা ২০ মিনিট সাঁতারে ৩৩.৪ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা সফলভাবে চ্যানেল অতিক্রম করেন। দলের শেষ পর্যায়ে পানিতে নেমেছিলেন মাহফিজুর রহমান সাগর।

ইংলিশ চ্যানেলকে ওপেন-ওয়াটার সাঁতারের চূড়ান্ত চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়। এর আগে সবশেষ ১৯৮৮ সালে দক্ষিণ এশিয়ান গেমসের স্বর্ণপদকজয়ী মোশাররফ হোসেন প্রথম বাংলাদেশি হিসেবে এই চ্যানেল পাড়ি দিয়েছিলেন।

বাংলাদেশের জন্য এই গৌরবময় ইতিহাসের সূচনা করেছিলেন কিংবদন্তী সাঁতারু ব্রজেন দাস।

১৯৫৮ সালে (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম দক্ষিণ এশীয় হিসেবে তিনি ইংলিশ চ্যানেল পাড়ি দেন এবং পরবর্তীতে আরও ছয়বার এই অসাধারণ কাজটি সম্পন্ন করেন।

বাবা হারালেন নায়িকা মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা মিষ্টি জান্নাতের বাবা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। নায়িকা মিষ্টি জান্নাত নিজেই তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মিষ্টি জান্নাত বলেন, বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার (২৯ জুলাই) বাবার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে মঙ্গলবার মধ্যরাতে বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার জন্য সবাই দোয়া করবেন।

মিষ্টি জান্নাতের বাবার নাম মো. মকবুল হুসাইন। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে: জয়া

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ এবার বড় পর্দায় আসছে। সুমন মুখার্জি পরিচালিত এই সিনেমাতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সিনেমা মুক্তির প্রাক্কালে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় ছবির পরিচালক সুমন মুখার্জি এবং অভিনেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রেসিডেন্সির ইংরেজি বিভাগের অধ্যাপক সুমিত চক্রবর্তী এবং বাংলা বিভাগের অধ্যাপক সন্দীপকুমার মণ্ডলও আলোচনায় অংশ নেন।

আলোচনা সভায় পরিচালক সুমন বলেন, ‘আমি চিত্রনাট্য নিয়েই কথা বললাম মূলত। উপন্যাস নিয়ে কথা অনেকেই বলেছেন। অনেক লেখালিখিও হয়েছে। ‘শরীর শরীর শরীর, তোমার মন নেই কুসুম’, এই সংলাপ নিয়েই কথা লেখা হয়েছে। এই সংলাপ কি শশীর, না কি মানিকের নিজের, তা কিন্তু উপন্যাসে স্পষ্ট ভাবে উঠে আসে না। কিন্তু চিত্রনাট্যে সেটা স্পষ্ট।’

এদিকে ছবিতে কুসুমের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। হালকা সবুজ রঙের কুর্তি ও সাদা পাজামা পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জয়া।

জয়াও কি কুসুমের মতো এমন প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ‘বরাবর নারীকেই কামনা ও বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু কুসুমেরও নিজের কামনা বাসনা রয়েছে যা সে লুকোয় না। কুসুম একটা খোলা বইয়ের মতো।’

‘কুসুমের মন, শরীর ও আত্মা সব এক রকম। এখানেই শশীর সঙ্গে তার পার্থক্য। কুসুম কিন্তু শশীর চরিত্রকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। সে এতটাই খোলা মনের, সতেজ একটি চরিত্র।’

তার কথায়, ‘কুসুমের মধ্যে কোনো জড়তা নেই। আমাদের সকলের মধ্যে একটা লক্ষ্মণরেখা থাকে। এটা কুসুমের মধ্যে নেই বলেই সে এত আধুনিক। আমি নিজেও কুসুমের মতো হতে পারব না। এই গ্রামবাংলার বাউলদের কথাই যদি বলা যায়, তাদের দেহ, মন, আত্মা সব মিলেমিশে একাকার। যাহা ভাঙে, তাহাই বিশ্বব্রহ্মাণ্ডে।’

বকেয়া ভাড়া চাওয়ায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজা‌রে ঘর ভাড়া দিয়ে ইউনিয়ন বিএনপির কার্যালয় নির্মাণ করেন দলটির স্থানীয় নেতারা। গত বছরের ৫ আগস্টের পর থেকে আর ভাড়া পরিশোধ করেননি নেতারা। বারবার ভাড়া পরিশোধের তাগাদা দিলেও তা দেওয়া হয়নি। বরং বকেয়া ভাড়া চাওয়ায় ঘর মালিক জাহাঙ্গীর হো‌সেনকে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বুধবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার মাহমুদপুর ইউনিয়‌নের সালমদী বাজা‌রে এ ঘটনা ঘ‌টে।  নিহ‌তের নাম জাহাঙ্গীর হো‌সেন (৫৮) ওই এলাকার তা‌লেব আলীর ছে‌লে। সালমদী বাজা‌রে তার ৪টি দোকান র‌য়ে‌ছে। তিনি পেশায় মুদি দোকানি ছিলেন।

নিহ‌তের ছে‌লে রা‌সেল মিয়া জানান, মাহমুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মিয়া প্রধান সালমদী বাজা‌রে তার বাবার কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকায় ৩‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টিতে বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি ২‌টি দোকা‌নের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকান‌টি‌তে বিএন‌পির কার্যালয় ক‌রে‌ছেন সে‌টির ভাড়া প‌রি‌শোধ কর‌ছি‌লেন না। বুধবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে তার বাবা জাহাঙ্গীর হো‌সেন ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মেম্বা‌রের কা‌ছে যান। তখন উভ‌য়ের ম‌ধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তোতা মিয়ার ছে‌লে খোকন মিয়া, রা‌সেল মিয়া, ভা‌তিজা সাদ্দাম হোসেন, আলম হোসেনসহ তার সহযোগীরা বিএনপি কার্যালয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার বাবা জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে পরিবারের লোকজন খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তার বাবাকে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে নেন। সেখানে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

ঘটনার পর থে‌কে বিএন‌পি নেতা তোতা মেম্বার ও তার অনুসা‌রীরা আত্ম‌গোপ‌নে রয়েছেন। ফলে তোতা মিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ এ ধরনের ঘটনা ঘটালে বিএনপি দায় নেবে না। অপরাধী যেই হোক তার শাস্তি হওয়া উচিত।

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, বিএনপি কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। তার একটাই পরিচয় অপরাধী।

আড়াইহাজার থানার ওসি না‌সির উদ্দিন ব‌লেন, এ ঘটনায় জ‌ড়িত‌দের গ্রেপ্তারে পু‌লিশ অভিযান শুরু ক‌রে‌ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আ’লীগের সাবেক এমপি জাফর-সাঈদীর পার্টনার মামুন এখন বিএনপি নেতা

ফ্যাসিস্ট আওয়ামীলীগের দীর্ঘ দু:শাসনের সারথি ছিলেন কক্সবাজারের চকরিয়া উপজেলা কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা মামুনুর রশীদ মামুন। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তাদের দীর্ঘ সময়ের দোসর হিসেবে পরিচিত মামুন খোলস পাল্টে এখন হয়ে গেছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক। গণআন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন প্রবাসে থেকে মামুনুর রশীদ মামুন সাম্প্রতিক দেশে এসে অনেকটা টাকার জোরেই ঘনিষ্টতা বাড়ায় ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সাথে। এক পর্যায়ে সফলতাও পায়। বিএনপি নেতাদের আশির্বাদে সদ্য ঘোষিত ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়কের পদ ভাগিয়ে নেন মামুন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড়।

পদ বঞ্চিত অনেক ত্যাগী বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিগত আওয়ামী দু:শাসনের আমলে এ নব্য বিএনপি নেতা মামুনুর রশীদ মামুনের সাথে বর্তমান সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা কমিটির সভাপতি ও কারান্তরীন সাবেক সংসদ সদস্য জাফর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব:) মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকের সাথে খুবই ঘনিষ্ঠতা ছিল। এসব নেতাদের সাথে দলীয় ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অন্তরঙ্গ মূহুর্তের ছবি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠছে।

এছাড়াও ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের অন্যান্য আওয়ামী লীগ নেতাদের সাথেও নব্য এ বিএনপি নেতা মামুনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছিল।

তারা আরও বলেন, মামুন ছিলেন বর্তমান কারান্তরীণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জাফর আলমের ব্যবসায়িক পার্টনার। চকরিয়া থানা সেন্টারে জাফর আলমের কাছ থেকে জমিও ক্রয় করেন মামুন। একইভাবে উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর সাথেও মামুনের পার্টনারশীপ ব্যবসা রয়েছে। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীর পক্ষে বর্তমান বিএনপি নেতা মামুনের প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার ছবিও নতুন করে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। আওয়ামী লীগের দুগ্রুপের নির্বাচনি দ্বন্দ্বে মামুন সাঈদীর পক্ষ হয়ে কাজ করলে শুরু হয় জাফরের সাথে দুরত্ব। ওই বিরোধে জাফরের দেয়া একটি হুমকিকে বিএনপির দলীয় বিষয় বলেও চালিয়ে দেওয়ার চেষ্টা করে জাফর-সাঈদীর দীর্ঘদিনের ব্যবসায়ীক পার্টনার নব্য বিএনপি নেতা মামুন।

বিগত দিনে আওয়ামী লীগের দোষর হিসেবে চিহ্নিত এ মামুনুর রশীদ মামুন কিভাবে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়কের পদ ভাগিয়ে নিয়েছেন তা নিয়ে স্থানীয় বিএনপিতে চলছে চুলছেড়া বিশ্লেষণ। পদ বঞ্চিত অনেক ত্যাগী নেতাদের অভিমত নব্য বিএনপি নেতা মামুনের টাকার কাছে হেরেছেন ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতারা আর জিতেছেন উপজেলা বিএনপির নীতিনির্ধারকগন। মামুনের পৈত্রিক স্থায়ী নিবাস সাতকানিয়ায়। কৈয়ারবিল ইসলামনগরে বসবাস করেন। তার পিতার নাম হাফেজ নজির হোসেন।

এ বিষয়ে মামুনুর রশিদ মামুন বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী আমার আত্মীয় হয় এবং উপজেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি জাফর আলমের সাথে আমি একটি জায়গা ক্রয় করার সুবাদে সম্পর্ক ছিল। সাবেক এমপি মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম একটি মামলার বিষয়ে আমার কাছে এসেছিল। আমি বিগত সময়ে কোন কমিটিতে না থাকলেও এখন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক পদে স্থান পেয়েছি।

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

বঙ্গোপসাগরে চারটি ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার রাতে দেড় ঘণ্টার মধ্যে এ ভূমিকম্পগুলো অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয়েছে মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে সমুদ্রতলের ১০ কিলোমিটার গভীরে। সেটি ছিল পাঁচ মাত্রার ভূমিকম্প।

এরপর কাছাকাছি এলাকায় ৫, ৪ দশমিক ৯, ও ৪ দশমিক ৬ মাত্রার আরও চারটি ভূমিকম্প হয়েছে। দেড় ঘণ্টা সময়ের মধ্যে এসব ভূমিকম্প ঘটে। সর্বশেষ ভূমিকম্পটি ঘটেছে রাত সোয়া এগারোটার দিকে।

তবে এসব ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।  কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে সুনামি সতর্কতা, সাবধানে থাকতে বললেন ট্রাম্প

রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে আঘাত হানা ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের পাশাপাশি এবার যুক্তরাষ্ট্রের কয়েকটি অঞ্চলেও সুনামি সতর্কতা ও পরামর্শ জারি করা হয়েছে। এর মধ্যে হাওয়াই অঙ্গরাজ্যের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া আলাস্কা এবং দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়েও সুনামি পরামর্শ জারি রয়েছে।

এই পরিস্থিতিতে সেখানকার নাগরিকদের সাবধান থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে বলেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল ও এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মনোবল শক্ত রাখুন ও সাবধানে থাকুন।

জাতীয় আবহাওয়া পরিষদ জানিয়েছে, দেশটির দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াই, দক্ষিণ আলাস্কা ও আলেউশিয়ান দ্বীপপুঞ্জে এ সতর্কতা জারি করা হয়। এছাড়াও সুনামি পরামর্শ জারি করা রয়েছে ক্যালিফোর্নিয়ায়। অরেগনের উপকূলীয় অঞ্চল মূলত দক্ষিণে ক্যালিফোর্নিয়ার সীমান্ত থেকে শুরু হয়ে উত্তরে ওয়াশিংটনের সীমান্ত পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি কলাম্বিয়া নদীর মোহনা অঞ্চলেও এই পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অন্যান্য অঞ্চলের জন্য এখন পর্যন্ত কোনো সুনামি হুমকি নেই বলেও জানিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা।

হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন এক সংবাদ সম্মেলনে স্থানীয়দের উদ্দেশে বলেন, আমি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি। আপনি যদি নিচু কোনো এলাকায় অবস্থান করেন, তবে দয়া করে দ্রুত উঁচু স্থানে চলে যান।

তিনি জানান, অনেক সড়কে যানজট তৈরি হয়েছে। এ সময় তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, যারা নিরাপদ জায়গায় আছেন, তারা সেখানেই থাকুন। আর যারা নিরাপদে নেই, তারা যেন দ্রুত নিরাপদ স্থানে পৌঁছে যান।

হাওয়াইয়ের হোনোলুলুতে এক জরুরি সংবাদ সম্মেলনে স্থানীয় কর্মকর্তারা বলেন, আমরা এখন পূর্ণ সুনামি সতর্কতার আওতায় রয়েছি। হাওয়াইয়ে সম্ভাব্য প্রভাব পড়তে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারা জনগণকে সতর্ক থাকার এবং সব ধরনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

হাওয়াই রাজ্যের দ্বীপ মাউইয়ের ওয়াইলিয়া এলাকায় বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটক ডি এল স্কেলস জানান, সুনামি সতর্কতার কারণে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত, তবে সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে, কেউ জানে না। কয়েক মিনিট আগে সাইরেন বাজানো হয়, তখন থেকেই মানুষ গাড়ি নিয়ে উঁচু জায়গার দিকে রওনা হয়েছে। তিনি আরও বলেন, স্থানীয়রা তুলনামূলকভাবে শান্ত থাকলেও কিছু পর্যটকের মধ্যে আতঙ্ক দেখা গেছে।

জাতীয় আবহাওয়া পরিষদ আরও জানায়, সুনামির সম্ভাব্য ঢেউ হাওয়াই উপকূলে ঘণ্টাখানেকের মধ্যেই আছড়ে পড়তে পারে। সেখানকার বাসিন্দাদের উঁচু স্থানে বা স্থলভাগের ভেতরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আর পরামর্শের আওতাভুক্ত এলাকাগুলোর বাসিন্দাদের সমুদ্র ও সৈকত এড়িয়ে চলতে বলা হয়েছে।