Home Blog Page 392

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: রিজভী

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেশের মানুষ কখনো মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  তিনি বলেন, শেখ হাসিনার তথাকথিত নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটাররা যেতে পারেননি, সেখানে কুকুর-বিড়াল ঘোরাফেরা করেছে। সেই নির্বাচনের দিন শেষ। অসংখ্য রক্তের বিনিময়ে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ নির্বিঘ্ন হয়েছে। সেই পথ কেউ যেন আটকাতে না পারে, এ জন্য অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা।

বুধবার দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার মগাছড়িতে ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়িতে গিয়ে তার ক্যান্সার আক্রান্ত মা বসুপতি চাকমার খোঁজখবর নেন ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ঋতুপর্ণা অসাম্প্রদায়িক চেতনার মূলমন্ত্রকে ধারণ করে গোটা দেশকে আলোকিত করেছেন। বিগত ফ্যাসিস্ট আমলে শোষণ, জুলুম ও নির্যাতনের মাধ্যমে দেশের প্রতিভাকে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে প্রতিভাগুলোকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার কোনো ব্যবস্থা আমরা এখনও দেখছি না। জাতীয় নারী ফুটবলের দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা অসুস্থ। এ খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত তার মায়ের সঙ্গে দেখা করার নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে যে সহায়তা দিয়েছি তা সামান্য। তবে এ পরিবারের পাশে তারেক রহমান থাকবেন ও আমরা সবাই থাকব। আমার বিশ্বাস, সৃষ্টিকর্তা ঋতুপর্ণার মাকে সুস্থ করে তুলবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবারে’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব  মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক আলি বাবর, রাঙামাটি নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল বাসেত অপু প্রমুখ।

ভারতে বাংলাদেশি-রোহিঙ্গা সন্দেহে আটক ৪৪৪

ভারতের ওড়িশার ঝাড়সুগুড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী সন্দেহে ৪৪৪ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। আইনি কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশকারী বিদেশি নাগরিকদের শনাক্তে এ অভিযানে চালানো হয়।

আটককৃতদের মধ্যে, ব্রজরাজনগর মহকুমার বিভিন্ন থানা এলাকা থেকে আটক ২৬৫ জনকে হিলটপ কলোনির সুরভী কল্যাণ মণ্ডপে অস্থায়ীভাবে রাখা হয়েছে। বাকিদের ঝাড়সুগুড়া মহকুমার আওতাধীন ব্ল্যাক ডায়মন্ড কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রাঙ্গণে একটি হোল্ডিং সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।

আটককৃতদের বেশিরভাগই জেলাজুড়ে শ্রমিক, রাজমিস্ত্রি বা ফেরিওয়ালা হিসেবে কাজ করছিলেন। কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে- যে বা যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন; তাদের আইনি ব্যবস্থা ও নির্বাসন প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

এদিকে আটকদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি অভিযোগ করেছেন, ওড়িশায় যে ৪৪৪ জনকে ঝাড়সুগুড়া পুলিশ আটক করেছে; তাদের মধ্যে ২৩ জন তার লোকসভা কেন্দ্রের বাসিন্দা। তারা সেখানকার স্থায়ী বাসিন্দা।

পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব মনোজ পন্থ ওড়িশার মুখ্যসচিব মনোজ আহুজাকে ফোন করে তাদের দ্রুত ছেড়ে দেওয়ার কথা বলেছেন। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ মহুয়া মৈত্র।

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা

মাত্র এক রাতেই ইউক্রেনে ৭২৮টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে অস্ত্র পাঠাবেন বলে ঘোষণা দেওয়ার পরই গতকাল মঙ্গলবার রাতে এই হামলা চালায় রুশ বাহিনী। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর আগে ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি। তারা (ইউক্রেন) খুবই তীব্রভাবে আক্রমণের শিকার হচ্ছে। তাই আমাদের আরও অস্ত্র পাঠাতে হবে।’

মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইউক্রেনে অস্ত্রের কিছু চালান সাময়িকভাবে বন্ধ রেখেছিল আমেরিকা। নিজেদের অস্ত্রের মজুত কমে যাওয়ার কারণে কিছু ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখেছিল বলে জানা গেছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, অস্ত্রের ‘সক্ষমতা পর্যালোচনা’ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপরই ইউক্রেনে বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে সম্প্রতি ইউক্রেনে এ ধরনের হামলা প্রায়ই চালাচ্ছে দেশটি। ড্রোন ছাড়াও বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলাও আসছে রুশ বাহিনীর পক্ষ থেকে।

এবারের হামলার পর ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা প্রায় সবগুলো ড্রোন ভূপাতিত করেছে। কিন্তু ওই সময় ৬টি ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালানো হয়েছে, তাতে বেশ ক্ষতি হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় টিভিতে এসব তথ্য জানান দেশটির বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত।

রাজধানীতে বিনামূল্যে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে গুরুতর আহতরা

জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের জন্য বিনামূল্যে রাজধানীতে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় একটি প্রকল্প হাতে নিয়েছে। রাজধানীর মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করবে।

গৃহায়ণ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এ জন্য ১ হাজার ৩৪৪ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেখানে প্রায় দেড় হাজারের মতো ফ্ল্যাট তৈরি করা হবে। যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছিলেন, তাদের ও যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের মধ্যে মধ্যে বিনামূল্যে ফ্ল্যাটগুলো দেয়া হবে। প্রতিটি ফ্ল্যাটে তিনটি বেডরুম, একটি ড্রয়িংরুম, ডাইনিং ও তিনটি ওয়াশরুম থাকবে।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মো. নুরুল বাসির গণমাধ্যমকে জানিয়েছেন, ভবনগুলো নির্মাণে চার বছর সময় লাগবে। কারা ফ্ল্যাট পাবেন, সেটি জুলাই অধিদপ্তর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয় আলোচনা করে ঠিক করবে।

৭ জুলাই পরিকল্পনা কমিশনে ‘ঢাকার মিরপুর ৯ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানে এক হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ শিরোনামে প্রকল্পের ওপর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হয়। এতে সরকারের পক্ষ থেকে ইতিবাচক মত পাওয়া যায়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

হঠাৎ বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার রাত পৌনে ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন।

তিনি বলেন, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বোর্ডের আওতাধীন বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক এলাকায় পরীক্ষার কেন্দ্র প্লাবিত হওয়ায় পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

আমরা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে কথা বলে বন্যা পরিস্থিতির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে অবহিত করার পর রাতে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত আসে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

সিরিজ নির্ধারণী ম্যাচে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটি উভয় দলের জন্যই সিরিজ জয়ের সুযোগ।

টসের সময় বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। অন্যদিকে, স্বাগতিক শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।

অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে হারলেও একাদশে কোনো বদল আনেনি স্বাগতিক শ্রীলঙ্কা। পরিসংখ্যান বলছে, পাল্লেকেলে স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ হাইস্কোরিং হয়ে থাকে। লঙ্কান অধিনায়কও আগে ব্যাট করে ন্যূনতম ২৮০ রান তোলার ইচ্ছার কথা জানিয়েছেন।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।

কুশলের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড় সমান লক্ষ্য

পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এদিন আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে লঙ্কান ব্যাটাররা। এতে বাংলাদেশকে পাহাড় সমান ২৮৬ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১২৪ রানের ইনিংস খেলেছেন কুশল মেন্ডিস।

মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন ওপেনার নিশান মাদুশকা। তবে কুশাল মেন্ডিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৪৭ বলে ৩৫ রান করে তানভীরের বলে ক্যাচ আউট হন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি কামিন্দু মেন্ডিসও। ১ ওভারে বোলিংয়ে এসে কামিন্দুকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। ২০ বলে ১৬ রান করে আউট হন তিনি।কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৭টি বাউন্ডারিতে ৫৮ বলে ফিফটি তুলে নেন কুশল মেন্ডিস।

অপর প্রান্ত থেকে ৯টি বাউন্ডারি মেরে ৬০ বলে ফিফটি তুলে নেন আসালাঙ্কা। আর সেঞ্চুরির দ্বারপ্রান্তে চলে যান কুশল। ৯৫ বলে নিজের শতক পূরণ করে দলে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তিনি।

এই দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগাচ্ছিল লঙ্কানরা। কিন্তু ৪১তম ওভারে তাসকিনকে বোলিংয়ে আনেন মিরাজ। ওভারের তৃতীয় বলে লঙ্কান অধিনায়ককে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন এই টাইগার পেসার। ৬৮ বলে ৫৮ রান করেন তিনি।

৪৫তম ওভারের শেষ বলে হিট উইকেটের ফাঁদে পড়েন জিনাথ লিয়ানাগে। ১৭ বলে ১২ রান করেন তিনি। পরের ওভারে শামীম পাটোয়ারীকে বোলিংয়ে আনেন মিরাজ। ওভারে চতুর্থ বলে শামীমকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন কুশল মেন্ডিস। ১১৪ বলে ১২৪ রান করেন তিনি। এতে রানের গতি কমে যায় লঙ্কনদের।

শেষ পর্যন্ত ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৪ বলে ১৮ রান এবং দুশমানথা চামিরার ১০ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানের বড় পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও শামীম হোসেন পাটোয়ারী, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করেন।

তৃতীয় বিয়ে নিয়ে আমির বললেন, আমরা মনে মনে বিবাহিত

দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর বলিউড অভিনেতা আমির খান আবারও প্রেমে পড়েন। চলতি বছরের শুরুতে তার ৬০তম জন্মদিনে তিনি নতুন বান্ধবী গৌরী স্প্রাটকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে তার বিয়ের পরিকল্পনা সম্পর্কে মুখ খুলেছেন আমির। গৌরীর সঙ্গে তার সম্পর্কের গভীরতা এবং প্রেমিকাকে বিয়ে করতে তিনি প্রস্তুত কিনা, সেই সম্পর্কে কথা বলতে গিয়ে আমির বলেন, ‘গৌরী এবং আমি একে অপরের প্রতি সত্যিই সিরিয়াস এবং আমরা খুব প্রতিশ্রুতিবদ্ধ জায়গায় আছি।’

তার কথায়, ‘আমরা পার্টনার, একসঙ্গে আছি। বিয়ে এমন একটি জিনিস, মানে আমি মনে মনে ইতোমধ্যেই ওর সঙ্গে বিবাহিত। তবে আমরা এটিকে আনুষ্ঠানিক রূপ দেব কিনা সেটা আমি সিদ্ধান্ত নেব।’

এর আগে আমির জানিয়েছিলেন, তিনি এবং গৌরী ২৫ বছর আগে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সেই সময়ে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এরপর কোনো যোগাযাগ ছিল না। তারা ১৮ মাস আগে ফের ডেটিং শুরু করেন। ছয় বছরের এক সন্তানের মা গৌরী এখন আমিরের প্রোডাকশন হাউসে কাজ করছেন।

প্রসঙ্গত, আমির ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন এবং তাদের দু’টি সন্তান রয়েছে- জুনেইদ খান এবং ইরা খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর অভিনেতা এবং তার দ্বিতীয় স্ত্রী পরিচালক কিরণ রাও ২০০৫ সালে বিয়ে করার পর  ২০২১ সালে আলাদা হয়ে যান।

অবশেষে ফিরছেন বিদ্যা সিনহা মিম

বাংলা চলচ্চিত্রের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম দীর্ঘদিন যাবৎ সিনেমার পর্দায় নেই । ২০২২ সালের আলোচিত রায়হান রাফির ‘পরাণ’ সিনেমার পর তাকে আর সেভাবে দেখা যায়নি। এরপর তার অভিনীত ‘দামাল’ নামে একটি সিনেমা মুক্তি পেলেও এর রেসপন্স খুব একটা সুবিধাজনক ছিল না।

বলা যায়, এরপর থেকে সিনেমা নিয়ে মিম রয়েছেন আলোচনার বাইরে। তবে বিজ্ঞাপন ও ফটোশুটের কাজে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন। এ দুটি কাজ নিয়ে খবরের শিরোনামও হয়েছেন। কিন্তু এরমাঝে আর নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর দেননি এ অভিনেত্রী।

সর্বশেষ ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমার শুটিং করেছেন তিনি। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত এ সিনেমায় তিনি অভিনয় করেছেন পান্না কায়সারের চরিত্রে। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনার পর সিনেমাটি কবে মুক্তি পাবে বা আদৌ পাবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়।

বিদ্যা সিনহা মিম বলেন, ‘সিনেমাটির শুটিং শেষ। কিছু প্যাচ ওয়ার্কের কাজ বাকি আছে। সেগুলো আগামী ১৬ ও ১৭ জুলাই করা হবে। সেজন্য প্রস্তুতিও নিচ্ছি। তারপরই পুরো কাজ সম্পন্ন হবে।

এ নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে মিম বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক বেশি আশাবাদী, তাই মুক্তির অপেক্ষায় রয়েছি। অনেক সুন্দর একটি গল্প। প্রত্যাশা করছি দর্শকরা প্রেক্ষাগৃহে এসে দেখবেন।

অর্থাৎ এ সিনেমা দিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন বিদ্যা সিনহা মিম। সিনেমার বাইরে ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মিম।

নতুন ওয়েব সিরিজ কিংবা সিনেমার বিষয়ে তিনি বলেন, ‘নতুন নতুন কাজের প্রস্তাব পাচ্ছি। কিন্তু গল্প, চরিত্র মনের মতো হলেই নতুন কাজ করব।’ এদিকে  কয়েক দিন আগে শ্রীলঙ্কায় ভ্রমণ করেছেন মিম।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব মিলিয়ে ১০ দিন ছিলাম শ্রীলঙ্কা। এবারের ভ্রমণটা অনেক আনন্দের। সেই সঙ্গে অনেক স্মৃতিময় হয়ে থাকবে। কেননা, শ্রীলঙ্কার এত সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি, দ্বিতীয়বার আর না গেলেও হবে।

শামীম হায়দারের নেতৃত্বে আ. লীগের পুনর্বাসন হতে যাচ্ছে: রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন যে, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খান বলেন, ইতিপূর্বে সাবের-মান্নানদের কাঁধে সওয়ার হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই ‘প্রজেক্ট ভণ্ডুল’ হওয়ায় এখন পাটোয়ারীই ‘শেষ ভরসা’ হিসেবে আবির্ভূত হয়েছেন।

আপা এখন জাপায় ভর করেছে। জাপাতে যে অন্তঃকোন্দল দেখতে পাচ্ছেন, এটা স্রেফ মেকি। ভারতের নতুন ছক অনুযায়ী জাতীয় পার্টি সংস্কারের নামে একটা ধোঁকাবাজি চলছে।’

অন্তর্বর্তীকালীন সরকারও জাপাকে সুযোগ দিচ্ছে অভিযোগ করে রাশেদ খান বলেন, ‘উপদেষ্টাদের মধ্যে যেহেতু আপা ও জাপা ভক্ত রয়েছে।

এ ক্ষেত্রে আপা সরাসরি ফিরে আসতে না পারলেও জাপার ঘাড়ে চড়ে আপাকে ফেরানোর বিষয়ে তারা ইতিবাচক। আর তারই অংশ হিসেবে ভারত ও আপার নতুন খেলোয়াড় শামীম হায়দার পাটোয়ারীকে মাঠে নামিয়েছে। যেখানে এসব পাটোয়ারীকে জেলে থাকার কথা। সেখানে তারা হতে যাচ্ছে আপা রক্ষার মূল খেলোয়াড়।’

অন্তর্বর্তীকালীন সরকারের নখদর্পণে সব কিছু আছে দাবি করেছেন রাশেদ খান। তিনি বলেন, ‘কিন্তু তারা ভারতের ভয়ে কাবু হয়ে জাপা দিয়ে আপা ফিরে আসার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না। ইতোপূর্বে সাবের-মান্নানদের কাঁধে সওয়ার হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেছিলে। সেই প্রজেক্ট ভণ্ডুল হওয়ায়, এখন পাটোয়ারী শেষ ভরসা।

উল্লেখ্য, মজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব করা হয়েছে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে।

সোমবার পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।