Home Blog Page 405

জঙ্গিবাদ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকা উচিত: মার্কিন দূত

জঙ্গিবাদের বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন।

আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করতে এসে এসব কথা বলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স।

বাংলাদেশের নিরাপত্তা খাতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন, প্রতিটি দেশই কমবেশি সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলার ঝুঁকিতে থাকে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যদিও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক রাজনৈতিক নির্যাতন ও নিপীড়নের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে জঙ্গিবাদ বলে অভিহিত করা হয়েছিলো। তারপরও বাংলাদেশকে এ বিষয়ে সতর্ক থাকা উচিত।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই। তবে মাঝে মধ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মিটিং-মিছিলের চেষ্টা করে, যা আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে প্রতিহত করছে। শুধু সন্ত্রাসবাদ নয়, যে কোনো ধরনের অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সে ধরনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক এরিয়ার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেখানে কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) খন্দকার মো. মাহাবুবুর রহমান, যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর ইরিক গিলান, পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স অফিসার জোস পপ প্রমুখ উপস্থিত ছিলেন।

গ্যাস সংকট: ঘোড়াশালে ১,৬১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ

গ্যাস সংকটের কারণে ১,৬১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত দুই বছর ধরে ঘোড়াশালে গ্যাস সংকট চলছে। এর ফলে চলতি বছরের ৯ জুন ৫ নম্বর (২১০ মেগাওয়াট), ১৩ জুন ৪ নম্বর (৩৬০ মেগাওয়াট) এবং ১৪ জুন থেকে ৭ নম্বর (৩৬০ মেগাওয়াট) ইউনিটের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

প্রকৌশলী এনামুল হক বলেন, সরকার সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়ায় আমাদের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিকল্প উপায়ে গ্যাস সরবরাহের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছি। গ্যাস পেলে আমরা দ্রুতই উৎপাদনে ফিরতে পারব।

তিনি  জানান, বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট (৩৬০ মেগাওয়াট) গত দুই মাস ধরে টারবাইনের রোটারের ব্লেডে ত্রুটির কারণে বন্ধ রয়েছে। মেরামত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। গ্যাস সরবরাহ চালু হলে এটি পুনরায় উৎপাদনে যেতে পারবে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে আরও জানা গেছে, ২০১০ সালের জুন মাসে অগ্নিকাণ্ডে ৬ নম্বর ইউনিটের (২১০ মেগাওয়াট) টারবাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই ইউনিটে উৎপাদন স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সির ছবি ফাঁস!

০

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তুতি চলছে পুরোদমে, টুর্নামেন্ট শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। তবে এরই মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সি ঘিরে আলোচনার ঝড় উঠেছে ফুটবল বিশ্বে। ২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর—ফিফা বিশ্বকাপ।

আর তার এক বছর আগেই আলোচনায় উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্য জার্সি। ক্রীড়াভিত্তিক পোশাকের বিশেষজ্ঞ ওয়েব পোর্টাল ‘দ্য অপালিক’-এর দাবি অনুযায়ী, আর্জেন্টিনার নতুন বিশ্বকাপ জার্সির ছবি ইতিমধ্যেই ফাঁস হয়েছে। দেশটির খ্যাতনামা ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-ও সম্ভাব্য জার্সিটির সত্যতা মেনে নিয়েছে।

নতুন জার্সিতে আর্জেন্টিনার চিরাচরিত আকাশি-সাদা রঙের প্রাধান্য বজায় থাকলেও, নকশায় এসেছে উল্লেখযোগ্য ভিন্নতা। জার্সির সামনের অংশে রয়েছে তিনটি লম্বালম্বি স্ট্রাইপ, যেখানে ব্যবহৃত হয়েছে তিন ধরনের নীল রঙ হালকা, মাঝারি ও গাঢ়। এর মাঝে আকাশি রঙটি থাকছে কেন্দ্রে। বাইরের অংশে সাদা রঙের পটভূমিতে গাঢ় নীল রঙের প্রলেপ, যা এক ভিন্ন মাত্রার চিত্র ফুটিয়ে তুলেছে।

এভাবে তিন রকম নীলের এই ডিজাইন আর্জেন্টিনার ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপ জয়ের স্মৃতিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এক আধুনিক ছোঁয়াও বহন করছে। জার্সির গলায় থাকছে ‘ডার্ক ব্লু’ রঙের ভি-আকৃতির ডিজাইন, যা জার্সির হাতায়ও পুনরাবৃত্ত হয়েছে। এ ছাড়া অ্যাডিডাসের চিরচেনা তিনটি কালো স্ট্রাইপ এবার দেখা যাবে কাঁধের অংশে।

‘দ্য অপালিক’-এর তথ্যমতে, আকাশি ও সাদার পাশাপাশি এবার জার্সিতে ‘নেভি ব্লু’ রঙের আধিক্য লক্ষ্য করা যাবে। বুকের ডান পাশে থাকবে স্পনসর অ্যাডিডাসের লোগো, মাঝখানে ফিফা ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল লোগো এবং বাম পাশে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন তারকাখচিত সোনালি শিল্ড।ফুটবলাররা পরবেন জার্সির সঙ্গে মানানসই নেভি ব্লু শর্টস ও লম্বা মোজা।

আগামী বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দল, যেখানে এরই মধ্যে কোয়ালিফাই করেছে ১০টি দেশ। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবচেয়ে আগে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল ও ইকুয়েডর।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে উজবেকিস্তান ও জর্ডান। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।ইতিমধ্যে আর্জেন্টিনা ছাড়াও কোয়ালিফাই করেছে ব্রাজিল, ইকুয়েডর, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, জর্ডান, কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। আগামী বিশ্বকাপে মোট খেলবে ৪৮টি দলফিফার ইতিহাসে সর্বোচ্চ।

২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানো আর্জেন্টিনা এবার নতুন চ্যালেঞ্জে নামছে ভিন্ন ডিজাইনের জার্সিতে। ফুটবলপ্রেমীদের এখন অপেক্ষা এই জার্সি কতটা সৌভাগ্য বয়ে আনে লিওনেল স্কালোনির দলটির জন্য। আর্জেন্টিনার সামনে এবার রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জ। নতুন জার্সিতে তারা কতটা উজ্জ্বল হয়, সেটা এখন সময়ের অপেক্ষা।

কর ফাঁকি: ব্রাজিল কোচ আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড

০

কর ফাঁকির মামলায় ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তিকে বুধবার এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্প্যানিশ আদালত। এছাড়া তাকে তিন লাখ ৮৬ হাজার ইউরো বা প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করা হয়েছে।

কার্লো আনচেলত্তি দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। এর মধ্যে ২০১৪-১৫ মৌসুমে তিনি কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ দায়ের করা হয়। ওই সময় তার ইমেজ স্বত্বের ওপর অর্জিত আয়ের ওপর কর দেননি বলে মামলা দায়ের করা হয়।

শুনানিতে আনচেলত্তি জানান যে, ক্লাবের থেকে তার ইমেজ স্বত্বের ওপর কর দেওয়ার বিষয়টি জানানো হয়নি। যে কারণে অনিচ্ছায় কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি।

এক বছরের কারাদণ্ডের আদেশ আসলেও আনচেলত্তিকে জেলে যেতে হবে না। সংবাদ মাধ্যম রয়র্টার্স দাবি করেছে, স্প্যানিশ আইনে কর ফাঁকির জন্য কারাদণ্ডের বিধান থাকলেও আসলে তেমন কাউকে তা ভোগ করতে হয় না।

এর আগে শুনানিতে আনচেলত্তি আইনজীবীর মাধ্যমে নিজেকে র্নিদোষী দাবি করেন।

পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে অস্বীকৃতি, যা বললেন বাবা

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, তার পিতা লাশ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। মঙ্গলবার করাচির ডিফেন্স ফেজ ৬ এলাকার নিজ ফ্ল্যাট থেকে ৩৫ বছর বয়সী হুমাইরা আসগরের লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি, তবে পরিবারের পক্ষ থেকে লাশ গ্রহণে অস্বীকৃতি জানানোর বিষয়টি রহস্য তৈরি করেছে।

পুলিশ জানায়, মৃতদেহটি প্রচণ্ডভাবে পচে গিয়েছিল। যা থেকে ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগেই তার মৃত্যু হয়েছে। অভিনেত্রীর লাশ বর্তমানে হিমঘরে সংরক্ষিত রয়েছে।

লাহোরে জন্মগ্রহণ করা হুমাইরা তার স্বপ্ন পূরণের আশায় করাচিতে চলে আসেন। তবে এ শহরেই থেমে গেল তার জীবন প্রদীপ।

মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে করাচির এসএসপি (দক্ষিণ) মাহজোর আলী বলেন, ২০১৮ সাল থেকে হুমাইরা ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন এবং ২০২৪ সালের শুরু থেকেই ভাড়া দিতেন না। তিনি পুরোপুরি নিঃসঙ্গতায় বসবাস করছিলেন।’

এদিকে লাশ উদ্ধারের পরপরই পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু হুমাইরার বাবা মেয়ের লাশ গ্রহণে অস্বীকৃতি জানান। এমনকি তিনি তার মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন।

পুলিশ জানিয়েছে, তাকে (বাবাকে) করাচিতে আসার জন্য বহুবার অনুরোধ জানানো হলেও তিনি কোনো সাড়া দেননি। পরিবারের পক্ষ থেকেও এরপর আর কোনো যোগাযোগ করা হয়নি।

এদিকে হুমাইরার সেই ফ্ল্যাটটি আদালতের নির্দেশে সিল করে দেওয়া হয়েছে। তদন্তকারীরা তার মোবাইল ফোনের ডেটা উদ্ধার করেছেন এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ফরেনসিক বিশ্লেষণের প্রতিবেদন অপেক্ষায় রয়েছে।

এসএসপি মাহজোর জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু। তবে আমরা সব দিক থেকেই তদন্ত করছি।’

ময়নাতদন্ত শেষ হলেও ফরেনসিক বিশ্লেষণের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষ নিশ্চিত কিছু বলতে পারছে না।

জানা যায়, ২০১৩ সালে মডেলিং শুরু করেন হুমাইরা। পরে ২০২২ সালের জনপ্রিয় রিয়েলিটি শো তামাশা-তে অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করেন। তবে গত কয়েক বছর ধরে তিনি জনজীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।

তার করুণ মৃত্যু এবং পরিবারের উদাসীন প্রতিক্রিয়া শোবিজ অঙ্গনে ব্যক্তিগত জীবনের অব্যক্ত কষ্ট ও মানসিক সংকট নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তার সহকর্মী ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোক ও বিস্ময় প্রকাশ করছেন। অনেকেই শোবিজ অঙ্গনের ভেতরে আত্মসমালোচনার আহ্বান জানিয়েছেন।

শিল্পী সমিতির সেক্রেটারি ডিপজলের পাশে মুক্তি!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি এখন বেশ আলোচিত। এদিকে মামলাটি হওয়ার পর ডিপজলের পাশে দাঁড়িয়েছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও গুণী অভিনেত্রী আনোয়ারা তনয়া অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। এই জনপ্রিয় অভিনেত্রী নিজ সোশ্যাল হ্যান্ডেলে এটা নিয়ে একটু পোস্ট করেছেন। সেই পোস্টটি তুলে ধরা হলো।

মুক্তি প্রথমেই লিখেছেন, শিল্পী সমিতির নির্বাচনের আগে প্রচারণায় নিয়মিত এফডিসিতে আসতেন ডিপজল ভাই। মনোনয়ন ফরম জমা দেওয়ার পর পরিচালক সমিতিতে যান তিনি। সেখান থেকে বেরিয়ে সমিতির আঙিনায় ঝটলা দেখতে পান। তার ভিড়ে একজন নারী কান্না করছেন। ওই নারীর বুকে ডিপজল ভাইয়ের ছবি। নিজেকে ভক্ত দাবি করে একটি বার ডিপজল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাইলে উপস্থিত সাংবাদিক ও পরিচালকদের সহযোগিতা কথা বলার সুযোগ পান তিনি। সেই সুযোগে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে ডিপজল ভাইয়ের কাছে সহযোগিতা চান ওই নারী। ডিপজল ভাই বললেন ঠিক আছে নির্বাচনের পর দেখবো।

শিল্পী সমিতির নির্বাচন শেষ। শপথ গ্রহণের অনুষ্ঠান এবং বিভিন্ন সময় এফডিসিতে ওই নারী তার সন্তান নিয়ে আসেন ডিপজল ভাইয়ের আসার খবরে। অনেক সময় দেখা করতে পেরেছেন আবার অনেক সময় পাননি। তবে সেসময় অর্থনৈতিক সহযোগিতা পেয়েছেন কিনা সেটা জানি না।

মুক্তি আরও লিখেন – তার কিছু দিন পর প্রেস ক্লাবে ইলিয়াস কাঞ্চন মামার কাছে ডিপজল ভাইয়ের সঙ্গে দেখা করে দেওয়ার অনুরোধ জানিয়ে কান্নাকাটি করেন। তখন সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। ইলিয়াস কাঞ্চন মামা পাগল ভক্ত বুঝতে পেরে হয়তো এড়িয়ে গেছেন। গাবতলীর গরুর হাটে এই নারীর বিভিন্ন পাগলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আছে।

হঠাৎ করেই গতকাল সংবাদের মাধ্যমে জানতে পারি একই নারী ডিপজল ভাইয়ের বিরুদ্ধে মা/র/ধ/র ও অ্যা-সি-ড নিক্ষেপের অভিযোগে মা-ম-লা করেছেন। বিষয়টি দেখে খুবই অবাক হয়েছি। কারণ, কয়েক মাস আগেও ভক্ত দাবি করে পাগলামি করেছে, সেসব ভিডিও ইউটিউব এখনো রয়েছে। আর তিনিই এখন গুরুতর একটা অভিযোগ এনেছেন। এতে পরিস্কার যে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মা-ম-লা। অন্যদের প্রচারণায় তিনি এই মামলা করেছেন তা স্পষ্ট। তার এবং তাদের উদ্দেশ্য অসৎ।

মুক্তি শেষে লিখেছেন, গতকাল ডিপজল ভাইয়ের এক স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারি এই নারী অসহায়ত্বের কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময় টাকা নিয়েছেন। ধারণা করছি, অর্থ হাতিয়ে নেওয়ার জন্য হয়তো তিনি এই ভিত্তিহীন অভিযোগ করেছেন।

মহামান্য আদালতের কাছে অনুরোধ থাকবে আপনারা সুষ্ঠ তদন্ত করে এর বিচার করবেন। যারা এই নারীকে ব্যবহার করে এসব কাজ করছে, তাদেরকেও প্রকাশ্যে আনবেন। এসব ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে শিল্পীদের নামে ভিত্তিহীন অভিযোগের নামে হয়রানি বন্ধ হোক।

ভারতের সীমান্তরক্ষীরা খুনিতে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর গুলির নির্দেশদাতা শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশটি কখনোই আমাদের মিত্র নয়।’ বুধবার দুপুরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে পদযাত্রায় এই মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক মাসব্যাপী কর্মসূচির নবম দিনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পদযাত্রা করে দলটি। এতে নাহিদ ইসলাম ছাড়াও কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে ছাত্রদের ওপরে গুলি চালানো হয়েছিল। সেই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত। ভারত কখনোই আমাদের মিত্র নয়। ভারতের সীমান্তরক্ষীরা খুনিতে পরিণত হয়েছে। তারা একের পর এক মানুষ হত্যা করে চলেছে। গতকালও (মঙ্গলবার) চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে একজনের লাশ পাঠিয়েছে বিএসএফ।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘দেশকে নতুন করে গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে। এনসিপি বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে।

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: রিজভী

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেশের মানুষ কখনো মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  তিনি বলেন, শেখ হাসিনার তথাকথিত নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটাররা যেতে পারেননি, সেখানে কুকুর-বিড়াল ঘোরাফেরা করেছে। সেই নির্বাচনের দিন শেষ। অসংখ্য রক্তের বিনিময়ে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ নির্বিঘ্ন হয়েছে। সেই পথ কেউ যেন আটকাতে না পারে, এ জন্য অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা।

বুধবার দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার মগাছড়িতে ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়িতে গিয়ে তার ক্যান্সার আক্রান্ত মা বসুপতি চাকমার খোঁজখবর নেন ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ঋতুপর্ণা অসাম্প্রদায়িক চেতনার মূলমন্ত্রকে ধারণ করে গোটা দেশকে আলোকিত করেছেন। বিগত ফ্যাসিস্ট আমলে শোষণ, জুলুম ও নির্যাতনের মাধ্যমে দেশের প্রতিভাকে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে প্রতিভাগুলোকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার কোনো ব্যবস্থা আমরা এখনও দেখছি না। জাতীয় নারী ফুটবলের দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা অসুস্থ। এ খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত তার মায়ের সঙ্গে দেখা করার নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে যে সহায়তা দিয়েছি তা সামান্য। তবে এ পরিবারের পাশে তারেক রহমান থাকবেন ও আমরা সবাই থাকব। আমার বিশ্বাস, সৃষ্টিকর্তা ঋতুপর্ণার মাকে সুস্থ করে তুলবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবারে’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব  মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক আলি বাবর, রাঙামাটি নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল বাসেত অপু প্রমুখ।

ভারতে বাংলাদেশি-রোহিঙ্গা সন্দেহে আটক ৪৪৪

ভারতের ওড়িশার ঝাড়সুগুড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী সন্দেহে ৪৪৪ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। আইনি কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশকারী বিদেশি নাগরিকদের শনাক্তে এ অভিযানে চালানো হয়।

আটককৃতদের মধ্যে, ব্রজরাজনগর মহকুমার বিভিন্ন থানা এলাকা থেকে আটক ২৬৫ জনকে হিলটপ কলোনির সুরভী কল্যাণ মণ্ডপে অস্থায়ীভাবে রাখা হয়েছে। বাকিদের ঝাড়সুগুড়া মহকুমার আওতাধীন ব্ল্যাক ডায়মন্ড কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রাঙ্গণে একটি হোল্ডিং সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।

আটককৃতদের বেশিরভাগই জেলাজুড়ে শ্রমিক, রাজমিস্ত্রি বা ফেরিওয়ালা হিসেবে কাজ করছিলেন। কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে- যে বা যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন; তাদের আইনি ব্যবস্থা ও নির্বাসন প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

এদিকে আটকদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি অভিযোগ করেছেন, ওড়িশায় যে ৪৪৪ জনকে ঝাড়সুগুড়া পুলিশ আটক করেছে; তাদের মধ্যে ২৩ জন তার লোকসভা কেন্দ্রের বাসিন্দা। তারা সেখানকার স্থায়ী বাসিন্দা।

পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব মনোজ পন্থ ওড়িশার মুখ্যসচিব মনোজ আহুজাকে ফোন করে তাদের দ্রুত ছেড়ে দেওয়ার কথা বলেছেন। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ মহুয়া মৈত্র।

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা

মাত্র এক রাতেই ইউক্রেনে ৭২৮টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে অস্ত্র পাঠাবেন বলে ঘোষণা দেওয়ার পরই গতকাল মঙ্গলবার রাতে এই হামলা চালায় রুশ বাহিনী। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর আগে ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি। তারা (ইউক্রেন) খুবই তীব্রভাবে আক্রমণের শিকার হচ্ছে। তাই আমাদের আরও অস্ত্র পাঠাতে হবে।’

মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইউক্রেনে অস্ত্রের কিছু চালান সাময়িকভাবে বন্ধ রেখেছিল আমেরিকা। নিজেদের অস্ত্রের মজুত কমে যাওয়ার কারণে কিছু ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখেছিল বলে জানা গেছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, অস্ত্রের ‘সক্ষমতা পর্যালোচনা’ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপরই ইউক্রেনে বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে সম্প্রতি ইউক্রেনে এ ধরনের হামলা প্রায়ই চালাচ্ছে দেশটি। ড্রোন ছাড়াও বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলাও আসছে রুশ বাহিনীর পক্ষ থেকে।

এবারের হামলার পর ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা প্রায় সবগুলো ড্রোন ভূপাতিত করেছে। কিন্তু ওই সময় ৬টি ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালানো হয়েছে, তাতে বেশ ক্ষতি হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় টিভিতে এসব তথ্য জানান দেশটির বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত।