Home Blog Page 406

ভোটাধিকার প্রতিষ্ঠায় ১৫ বছর ধরে কাজ করছে ইসি: সিইসি

ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশন (ইসি) গত ১৫ বছর ধরে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, “এখন সময় দায়িত্ব পালনের। ভোট দিন, নাগরিক দায়িত্ব পালন করুন।”

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ডেমোক্রেসি (আরএফডি) আয়োজিত ফল উৎসব ও সাংবাদিক এক্সেস কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হতে পারলেই একজন ভোটারের ভোটাধিকার নিশ্চিত হয়। তিনি ‘রাতের ভোট’ প্রসঙ্গে অভিযোগ শুনলে লজ্জা পান এবং জানান, নির্বাচন নিয়ে যে আস্থার সংকট তৈরি হয়েছে, সেটি দূর করতে হবে সবাই মিলে। ইসি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর এবং এ জন্য নির্বাচন-সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি জানান, ভোটের দুই মাস আগেই নির্বাচনের বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।

সিইসি আরও বলেন, “আমরা যা করছি, তা আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ছে। আজ কানাডার হাইকমিশনারের সঙ্গে আলাপে দেখেছি, তিনি আমাদের ভোটার রেজিস্ট্রেশন, ইউএনডিপি’র সহযোগিতা, ক্যামেরা, ল্যাপটপ সব বিষয়ে অবগত।” এজন্য তিনি সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা বারবার প্রমাণ করেছি- ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে। এবারও পারব ইনশাআল্লাহ।” প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি বলেন, “এটাই ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠার সময়।”

সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে সিইসি বলেন, “অনেক সময় পজিটিভ রিপোর্ট থাকলেও হেডলাইন বা স্ক্রলে নেতিবাচক বার্তা থাকে। এতে মানুষ বিভ্রান্ত হয়। দয়া করে এমন ক্যাপশন দিন, যাতে পজিটিভ বার্তাটি স্পষ্ট হয়।” তিনি জানান, সাংবাদিকদের অংশগ্রহণে ইসি সচেতনতামূলক ক্যাম্পেইন চালাবে এবং তাদের পার্টনার করে কাজ করতে চায়। সাংবাদিকদের দাবি বিবেচনায় নিয়েই ‘ওয়্যারনেস রেইজিং ক্যাম্পেইন’ চালু করা হবে।

ভোটের তারিখ প্রসঙ্গে সিইসি বলেন, “ভোটের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে কমপক্ষে দুই মাস আগেই সবকিছু জানিয়ে দেয়া হবে। কোন দিন ভোট, মনোনয়ন এবং অন্যান্য বিষয়।” তিনি আরও বলেন, “২০১৮ সালের মতো যেন কোনো অভিযোগ না ওঠে। এবার আমাদের সবার দায়িত্ব জনগণের আস্থা ফিরিয়ে আনা।”

অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আরএফডি’র সভাপতি কাজী এমাদ উদ্দীন (জেবেল) এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক আন্দোলনকারী

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারের দাবিতে আন্দোলনকারী ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে তারা চেয়ারম্যানের কাছে ব্যাচভিত্তিক এই ক্ষমা প্রার্থনা করেন বলে এনবিআর সূত্র জানিয়েছে।

জানা গেছে, ৪০, ৩৮, ৩৩, ৩১, ৩০, ২৯, ২৮ ব্যাচের আয়কর ক্যাডার কর্মকর্তারা ক্ষমা চাওয়াদের মধ্যে বেশি ছিলেন।

ক্ষমা প্রার্থনার সময় এনবিআর চেয়ারম্যান বলেন, “চেয়ারম্যান হিসেবে ব্যক্তিগতভাবে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের আমি ক্ষমা করে দিয়েছি; তবে আন্দোলনের কারণে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার।”

এর আগে গত সপ্তাহে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের দুজন সদস্যসহ মোট ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, যাদের অধিকাংশই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। আন্দোলন প্রত্যাহারের পর এই পর্যন্ত তিনজন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং কাজ বন্ধ রাখার দায়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসব ঘটনায় এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, “এনবিআরের কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। যারা অনেক বড় আকারে সীমা লঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে। সাধারণভাবে কারও কোনো ভয়ের কারণ নেই।”

আন্দোলন প্রত্যাহারের পর বেশ কয়েকজন কর্মকর্তাকে অবসর, বদলি, বরখাস্ত প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। আন্দোলন ওই কয়েকজনে করেনি, অনেকে করেছে। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।”

আইসিসির জুন মাসসেরার মনোনয়ন পেলেন মারক্রামসহ যে তিন তারকা

দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের ঐতিহাসিক ম্যাচে বড় ভূমিকা রেখেছিলেন ওপেনার এইডেন মারক্রাম ও কাগিসো রাবাদা। তার পুরস্কার স্বরূপ আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় মনোনীত হয়েছেন এই দুই প্রোটিয়া ক্রিকেটার।

সোমবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাদের সঙ্গে প্রতিযোগিতায়  রয়েছেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাও।

চ্যাম্পিয়ন শিপের ফাইনালের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় ইনিংসে তার অনবদ্য ১৩৬ রানের ইনিংস দলের জয়ে বড় ভিত্তি গড়ে দেয়। বল হাতেও অবদান রেখেছেন, স্টিভ স্মিথ ও জশ হ্যাজলউডের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

চাপে থাকা অবস্থায় টেম্বা বাভুমার সঙ্গে গড়ে তোলেন দৃঢ় জুটি এবং দলের মধ্যে আত্মবিশ্বাস ছড়িয়ে দেন। ২৭ বছর পর দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো কোনো আইসিসি পুরুষদের সিনিয়র ট্রফি জিতল, আর এই জয়ে সবচেয়ে উজ্জ্বল নাম ছিল মারক্রাম।

বোলিং আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন রাবাদা। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে ভেঙে দেন। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট, যার মধ্যে উসমান খাজা ও ক্যামেরন গ্রিনের উইকেট দ্রুত তুলে নিয়ে খেলায় ফেরান দক্ষিণ আফ্রিকাকে।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন নিশাঙ্কা। প্রথম টেস্টে গলেতে ক্যারিয়ার সেরা ১৮৭ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত্তি দেন। দ্বিতীয় ইনিংসে চাপের মুখে ২৪ রান করে ম্যাচ ড্র করতে সাহায্য করেন।

দ্বিতীয় টেস্টেও ১৫৮ রানের অনবদ্য ইনিংস খেলে শ্রীলঙ্কাকে ২১১ রানের লিড এনে দেন, যা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়। সিরিজে টানা দুই ম্যাচে শতক হাঁকানো একমাত্র ব্যাটার ছিলেন তিনিই। তাই আইসিসির জুন মাসের সেরা হওয়ার লড়াইয়ে ভালো ভাবে এগিয়ে রয়েছেন নিশাঙ্কা।

মাত্র একটি ছোট্ট পরীক্ষায় জানা যাবে আপনি কতদিন বেঁচে থাকতে পারেন

ভবিষ্যতে আপনি কতদিন বাঁচবেন এবং কতটা সুস্থভাবে বার্ধক্যে পৌঁছাবেন, তা হয়তো এক ফোঁটা রক্ত বা লালার মাধ্যমেই জানা সম্ভব হবে! গবেষকরা এমন একটি যুগান্তকারী প্রযুক্তি তৈরি করেছেন বলে দাবি করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ‘ইনট্রিনসিক ক্যাপাসিটি’ বা অভ্যন্তরীণ সক্ষমতা (আইসি) নামে একটি ধারণা উপস্থাপন করেছে, যা মানসিক ও শারীরিক সামর্থ্যের সম্মিলিত রূপ। কারো চিন্তা, স্মৃতি, চলাফেরা, শ্রবণ বা দৃষ্টিশক্তি সবকিছুই এই সক্ষমতার অংশ। আগে আইসি নির্ধারণ করতে প্রয়োজন হতো উন্নত যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কর্মী। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রক্ত বা লালার নমুনায় থাকা ডিএনএ মিথাইলেশন বিশ্লেষণ করেই এখন এই সক্ষমতা মাপা সম্ভব। এই পরীক্ষাকে বলা হচ্ছে ডিএনএএম আইসি (DNAm IC) টেস্ট।

নেচার এইজিং সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, আইসি ক্লক ব্যবহার করে বার্ধক্য পর্যবেক্ষণ করা ও প্রয়োজনীয় হস্তক্ষেপ গ্রহণ করা যাবে। গবেষকেরা মনে করছেন, এটি ভবিষ্যতে জীবনকাল ও স্বাস্থ্যকাল উভয়ই নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতামত: রাশ ইউনিভার্সিটির ‘ইনস্টিটিউট ফর হেলদি এইজিং’-এর চিকিৎসক থমাস এম. হল্যান্ড বলেন, এটি শুধুমাত্র আপনার বয়স কত, তা নয়—আপনার দেহ আসলে কতটা সুস্থভাবে বার্ধক্যে যাচ্ছে, সেটি জানায়। এটি একটি বড় বৈজ্ঞানিক অগ্রগতি। নিউট্রিশন থেরাপিস্ট এলিনা রোল্টের মতে, ডিএনএএম আইসিপরীক্ষাটি শুধুমাত্র বয়স নয়, বরং শরীরের কর্মক্ষমতাও বুঝতে সাহায্য করে। এটি প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে।

গবেষণার ফলাফল: ২০ থেকে ১০২ বছর বয়সী ১,০১৪ জনের তথ্য বিশ্লেষণ করে এই গবেষণা চালানো হয়। দেখা গেছে যাদের ডিএনএএম আইসি স্কোর বেশি, তারা গড়পড়তায় ৫.৫ বছর বেশি বাঁচেন। তাদের ফুসফুসের কার্যক্ষমতা, হাঁটার গতি এবং হাড়ের ঘনত্ব বেশি ছিল। তারা নিজেদের সুস্থ বলেই মনে করতেন।

আইসি বাড়ানোর উপায়: বার্ধক্যের সঙ্গে সঙ্গে সবারই আইসি কমে যায়। তবে কিছু অভ্যাস এই পতন কমিয়ে দিতে পারে:

ওমেগা-৩ সমৃদ্ধ খাবার (যেমন: সামুদ্রিক মাছ) খাওয়া

চিনি নিয়ন্ত্রণে রাখা

ভেজালহীন খাদ্যাভ্যাস ও ব্যায়াম

মানসিক চাপ নিয়ন্ত্রণ ও সামাজিক সম্পৃক্ততা

এই অভ্যাসগুলো ডিএনএ মিথাইলেশন এবং ইমিউন সিস্টেম ভালো রাখতে সহায়তা করে, যা সরাসরি আইসি উন্নয়নে কাজ করে।

এক ফোঁটা রক্ত বা লালা পরীক্ষার মাধ্যমে বার্ধক্যের গতি ও স্বাস্থ্যের ভবিষ্যৎ জানা যাবে। এটি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের এক যুগান্তকারী অগ্রগতি। ডিএনএএম আইসি টেস্ট শুধু বয়সের সংখ্যা নয়, বরং জীবনের গুণগত মান ও দীর্ঘস্থায়ীতার আভাস দেয়। এই প্রযুক্তি একদিকে যেমন ভবিষ্যতের রোগ প্রতিরোধে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবে, অন্যদিকে আমাদের সকলকে স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে। সাধারণভাবে কারো কোনো ভয়ের কারণ নেই। সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, অভয় দেয়ার জন্য এখানে এসেছি। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে, ঠিকভাবে কাজ সম্পন্ন করে তাহলে তাদের ভয়ের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আন্দোলন তো ওই কয়েকজনে করেনি, অনেকে করেছে। সবার বিরুদ্ধে তো ব্যবস্থা নেয়া হয় নি। পরিকল্পিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

গেল অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এটা আরও একটু বাড়বে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এর আগে বিআর চালান ও ডিএম সফটওয়্যার উদ্বোধন করেন তিনি।

দেশের ৬১টি ব্যাংককে ১২ গ্রুপে ভাগ করা হবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনা করে দেশের ৬১টি বাণিজ্যিক ব্যাংককে ১২টি গ্রুপে ভাগ করা হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

গভর্নর বলেন, ২০টি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে, ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে। ২০২৬-এর জানুয়ারি থেকে ব্যাংক রিস্ক বেইসড সুপারভিশন শুরু হবে।

তিনি বলেন, আর্থিকভাবে রাজনৈতিক চাপ মোকাবিলায় রাজনীতিকে পরিশুদ্ধ হতে হবে। রাজনৈতিক গুণগত পরিবর্তন প্রাতিষ্ঠানিক ঝুঁকি নজরদারি দিয়ে সম্ভব নয়।

জাপা মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ নিয়োগ দেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০(ক) ধারায় দলের চেয়ারম্যানকে ক্ষমতা দেওয়া হয়েছে কোনো ধরনের শোকজ কিংবা কারণ দর্শনোর নোটিশ ছাড়াই যে কাউকে বহিষ্কার করতে পারবেন।

এর আগে মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব থেকে বহিষ্কার করে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব করা করেছিলেন জিএম কাদের।

ব্যারিস্টার আনিসুল, রুহুল আমিন ও মুজিবুল হক চুন্নুকে জাপার সকল পদ থেকে অব্যাহতি

জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার জাপার দফতর সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ জুন জেলা/মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক/আহ্বায়ক, সদস্য সচিবদের মতবিনিময় সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে এবং শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। গত ২৮ জুন দলের প্রেসিডিয়াম সভায়ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই ৩ নেতাকে দলীয় সকল পদ-পদবি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমতাবস্থায় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো- চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে প্রাথমিক সদস্যসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

পুতিনের বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই রুশ মন্ত্রীর আত্মহত্যা

রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভইত সোমবার আত্মহত্যা করেছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যুর খবর আসে।

এ দিন সকালে পুতিন এক সরকারি ডিক্রির মাধ্যমে স্তারোভইতকে বরখাস্ত করেন। ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে বরখাস্তের ঘোষণা প্রকাশিত হয়। তার স্থলে অস্থায়ীভাবে দায়িত্ব পান উপমন্ত্রী আন্দ্রে নিকিতিন।

প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে সাংবাদিকরা স্তারোভইতের বরখাস্তের কারণ জানতে চাইলে বলেন, এটি ‘আস্থা হানির’ কারণে নয়। তবে তিনি কোনো বিকল্প কারণও উল্লেখ করেননি।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, স্তারোভইতের মরদেহ একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তার দেহে গুলির চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।

মন্ত্রী হওয়ার আগে রোমান স্তারোভইত ছিলেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের গভর্নর। অঞ্চলটিতে ইউক্রেনের আকস্মিক অনুপ্রবেশের আগেই তিনি পদত্যাগ করেন, তবে নিরাপত্তা ব্যর্থতার কিছুটা দায় তার ওপর বর্তানো হয়েছিল।

এই বরখাস্ত ও মৃত্যুর ঘটনা ঘটে এমন এক সময়, যখন রাশিয়ার আকাশপথে বহু দিনের ভ্রমণব্যবস্থায় বিশৃঙ্খলা চলছে। রুশ ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্ট জানায়, শুধু গত এক সপ্তাহেই ৪৮৫টি ফ্লাইট বাতিল, ৮৮টি ফ্লাইট অন্যত্র পাঠানো হয়েছে এবং প্রায় ১,৯০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

সংস্থাটি জানায়, ফ্লাইট বাতিলের পেছনে রয়েছে ‘বহিরাগত হস্তক্ষেপ’, যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে ইউক্রেন রাশিয়ায় ৪ শতাধিক দূরপাল্লার হামলা চালিয়েছিল, তবে সেগুলোর বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।

মালয়েশিয়ায় আটক সবাই জঙ্গিবাদে সম্পৃক্ত নয়, কয়েকজন হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়াতে আটক ৩৬ বাংলাদেশিই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত নয়, এদের মধ্যে কিছু সংখ্যক অভিযুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বুধবার আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দুই দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকের ফাঁকে সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের প্রসঙ্গে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা।

উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইলের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ৩৬ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

এই পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বারুতে সেশন কোর্টে অভিযোগ গঠন করা হয়েছে। বাকি ৩১ জনের মধ্যে ১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, আর বাকি ১৬ জনের বিরুদ্ধে আরও তদন্ত চলছে—তাঁদের এই চরমপন্থী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, মালয়েশিয়া জঙ্গি সম্পৃক্ততায় গ্রেপ্তার বাংলাদেশিদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এখন ফিরতি জবাবের অপেক্ষা।