Home Blog Page 414

জ্বরে ভুগছেন ওয়ানডে অধিনায়ক মিরাজ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সফর। আগামী মঙ্গলবার গলে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচের আগে আজ রোববার প্রথমবারের মতো অনুশীলনে নামে বাংলাদেশ দল। মাঠে দেখা গেছে শান্ত, মুশফিক, নাহিদ রানা, জাকের আলিসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে।

তবে অনুশীলনে ছিলেন না সদ্য ওয়ানডে অধিনায়ক হওয়া মেহেদী হাসান মিরাজ। জানা গেছে, জ্বরে আক্রান্ত হওয়ায় এদিন বিশ্রামে ছিলেন তিনি।

দিন শেষে অনুশীলনের পর সংবাদমাধ্যমে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন মিরাজের শারীরিক অবস্থা সম্পর্কে। সিমন্স বলেন, ‘হ্যাঁ, মিরাজ জ্বরে ভুগছে। তবে আজ সকালেই তাকে আগের চেয়ে কিছুটা ভালো দেখেছি। চিকিৎসা চলছে। আশা করি আগামীকাল সে অনুশীলনে ফিরতে পারবে।’

তবে মিরাজের না থাকা দলের ভারসাম্যকে প্রভাবিত করতে পারে বলেও জানান কোচ। তার ভাষ্য, ‘মিরাজকে নিয়ে আমাদের কিছুটা দুশ্চিন্তা আছে। তবে যদি খেলতে না পারে, তাহলে দলে পরিবর্তন আনতে হবে। এটাই বাস্তবতা।’

গলায় মৌমাছি ঢুকে মারা গেলেন কারিশমার সাবেক স্বামী

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুর না ফেরার দেশে চলে গেছেন। লন্ডনে হার্ট অ্যাটাকে মারা যান তিনি। বিশ্বের অন্যতম ধনকুবের সঞ্জয়ের মৃত্যু ঘিরে নানা ধরনের খবর প্রকাশ্যে আসে।

তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী সুহেল সেঠ এএনআইকে জানান, এ ধনাঢ্য ব্যবসায়ীর মৃত্যু একটি মৌমাছির কারণে হয়েছে! তিনি একটি মৌমাছি গিলে ফেলেছিলেন। সে ভয়েই তাৎক্ষনিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয়। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়, সঞ্জয় চেষ্টা করেছিলেন মৌমাছি গলা থেকে বার করে আনার। কিন্তু আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বিষয়টি এতই দ্রুত ঘটে যায়, চিকিৎসারও কোনো সুযোগ মেলেনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, সঞ্জয় লন্ডনে পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। দ্য টেলিগ্রাফ-এর বরাত দিয়ে উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, পোলো ম্যাচ চলাকালীন উপস্থিত দর্শকরা শুনেছিলেন যে সঞ্জয় কিছু একটা বলেছিলেন। তার কথাটি ছিল, আমি কিছু গিলে ফেলেছি।

এ কথায় উপস্থিত অনেকে ধারণা করেন যে তিনি সম্ভবত একটি পোকা গিলে ফেলেছেন। পরে প্রতিবেদনে দাবি করা হয়, তিনি একটি মৌমাছি গিলে ফেলেছিলেন।

সঞ্জয় কাপুর এবং কারিশমা কাপুর ২০০৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালে দুজনের বিবাহবিচ্ছেদ হয়। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে। এরপর ২০১৭ সালে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। দুজনের সে সংসারে একটি ছেলে রয়েছে। তবে কারিশমার সঙ্গে বিচ্ছেদ হলেও তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন সঞ্জয়। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত দুজনকে। প্রাক্তন স্বামীর এমন মৃত্যুতে ভেঙে পড়তে দেখা গেছে কারিশমা কাপুরকেও।

এদিকে ভারতের অন্যতম প্রভাবশালী এই শিল্পপতির সম্পদের পরিমাণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। সঞ্জয় কাপুরের সম্পত্তির পরিমাণ ছিল ১ দশমিক ২ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৩০০ কোটি রুপি)। ফোর্বস সাময়িকীর জরিপে তিনি বিশ্বের ২ হাজার ৭০৩তম ধনী ব্যক্তি ছিলেন।

সঞ্জয় কাপুর ছিলেন অটোমোটিভ যন্ত্রাংশ প্রস্তুতকারী বহুজাতিক সংস্থা সোনা কমস্টারের চেয়ারম্যান। এ সংস্থার বাজারমূল্য ছিল ৪০ হাজার কোটি রুপির কাছাকাছি। বিশ্বের শীর্ষ ১০ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে ৭টিরই যন্ত্রাংশ সরবরাহ করত সোনা কমস্টার। বৈদ্যুতিক গাড়ির (ইভি) খাতে ভারতীয় অগ্রগতির অন্যতম পথপ্রদর্শক ছিল কোম্পানিটি।

সোনা কমস্টার প্রতিষ্ঠা করেছিলেন সঞ্জয়ের বাবা সুরিন্দর কাপুর, ১৯৯৭ সালে। ২০১৫ সালে তার মৃত্যুর পর সঞ্জয় ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। সংস্থাটির কারখানা রয়েছে ৯টি দেশে।

কলকাতায় ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় জয়া

এবারের ঈদুল আজহায় দেশে মুক্তি পেয়েছে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত দুটি সিনেমা। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’। দুটি সিনেমাই দারুণ সাড়া ফেলেছে। হলে দর্শক টানছে। এই দুটি সিনেমায় সম্পূর্ণই ব্যতিক্রমী দুই আমেজ নিয়ে দর্শকের সামনে এসেছেন গুণী এই অভিনেত্রী।

ঈদ উৎসবের রেশ কাটতে না কাটতেই ভারতের টালিগঞ্জে নতুন সিনেমার শুটিং শুরু করলেন অভিনেত্রী। গত শনিবার মহরতের মধ্য দিয়ে কলকাতায় শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার দৃশ্যাধারণ। সেখানে যোগ দিয়েছেন তিনি।

এ সিনেমার প্রথম পর্ব ‘অর্ধাঙ্গিনী’র মতো এবারও জয়ার সঙ্গে অভিনয় করবেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়।

সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তাঁর সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনীর প্রেক্ষাপট। আগের ঘটনার বছর দুয়েক পর একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হন সুমন, শুভ্রা ও মেঘনা। নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘কৌশিকদার সঙ্গে আমরা খুব এনজয় করে কাজ করি।

এবারও তেমনটি হবে। কাজের ক্ষেত্রে প্রতিদিন আলাদা অভিজ্ঞতা হয়। নিজেকে আরও উন্নত করি অভিনেত্রী হিসেবে। এতে আবারও আমার সহশিল্পী হিসেবে চূর্ণী গাঙ্গুলীকে পাচ্ছি। তার মতো অভিনেত্রীকে সহশিল্পী হিসেবে পাওয়া মানে নিজের চরিত্রের আরও উত্তরণ ঘটা। আশা করছি, বেশ ভালো অভিজ্ঞতা নিয়ে সিনেমার কাজ শেষ করতে পারব।’

আজও অর্ধাঙ্গিনীর শুটিংয়ে যোগ দেওয়ার আগের দিন পর্যন্ত জয়া ঢাকায় ব্যস্ত সময় পার করেছেন ঈদের দুই সিনেমার প্রচারে। হলে হলে ঘুরছেন তিনি। দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি।

ইরানের প্রতিরক্ষা সদর দপ্তরে ইসরায়েলের হামলা

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রোববার এই হামলা করা হয়েছে।

ইসফাহানের নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ওই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর বিবিসির

হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি মূল্যায়ন করা হচ্ছে বলে বলেও জানিয়েছেন ডেপুটি গভর্নর আকবর সালেহি।

এর আগে শনিবার রাতে ইরানি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল যে, তেহরানের নোবোনিয়াদ এলাকাতেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।

আরও ৩৬ দেশের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা!

আরও ৩৬ দেশের জন্য দরজা বন্ধ করতে যাচ্ছে আমেরিকা। সেই প্রক্রিয়া শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এমনটাই বলছে বার্তা সংস্থা রয়টার্স। আমেরিকার পররাষ্ট্র বিভাগের একটি মেমো উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে তারা।

এর আগে চলতি মাসের শুরুতে ১২টি দেশের নাগরিকের আমেরিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয় আরও সাত দেশের ওপর। এবার সেই তালিকা দীর্ঘ হতে পারে। যদিও এ নিয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।

নতুন যে দেশগুলোর নাগরিকের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে, তার মধ্যে ২৫টি আফ্রিকা মহাদেশের। আমেরিকার সঙ্গী বলে পরিচিত মিশর, জিবুতিও রয়েছে এ তালিকায়। মধ্য এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দ্বীপরাষ্ট্রের ওপরও এই নিষেধাজ্ঞা আসতে পারে। ট্রাম্প প্রশাসন বলছে, এসব দেশ থেকে প্রায়ই নাগরিকেরা আমেরিকায় প্রবেশ করে অবৈধভাবে সেখানে থেকে যায়।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, ওই মেমোয় সই রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। যে দেশগুলোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিতে চলেছে আমেরিকা, সেখানকার রাষ্ট্রদূতের কাছে শনিবার মেমোটি পাঠানো হয়েছে বলেও জানা যায়। তালিকায় থাকা দেশগুলোকে ৬০ দিন সময় দিয়েছে আমেরিকা। তার মধ্যে তাদের জানাতে হবে, আমেরিকার দেওয়া মানদণ্ড ও শর্ত তারা গ্রহণ করবে কি না। আগামী বুধবার সকালের মধ্যে জানাতে হবে, এই বিষয়ে প্রাথমিকভাবে তারা কী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।

আমেরিকার প্রশাসন বলে আসছে, সে দেশে প্রবেশের জন্য বেশ কিছু মানদণ্ড স্থির করা হয়েছে। যাদের ওপর নিষেধাজ্ঞার কথা ভাবা হচ্ছে, তাদের অনেকেই সেই ‘মানদণ্ড’ মানতে ব্যর্থ। এই দেশগুলোর মধ্যে বেশ কয়েকটিতে নাগরিকদের বৈধ পরিচয়পত্র দেওয়ার মতো কোনো কেন্দ্রীয় সরকারই নেই। কিছু দেশে আবার পরিচয়পত্র দেওয়া নিয়ে জালিয়াতি হয়। ওই দেশগুলোর কিছু নাগরিক আমেরিকায় বিপুল অর্থ বিনিয়োগ করে নাগরিকত্ব কেনেন। তারপর অপরাধে জড়িয়ে পড়েন। ওই ৩৬টি দেশ ট্রাম্প প্রশাসনের এই সব ‘শর্ত’ যদি না মানে, তবে তাদের ওপর কবে থেকে নিষেধাজ্ঞা চাপানো হবে, তা স্পষ্ট নয়।

মেমোয় যে দেশগুলোর নাম রয়েছে সেগুলো হলো- অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুদা, বেনিন, ভুটান, বুরকিনা ফাসো, কাবো ভার্দ, কম্বোডিয়া, ক্যামেরুন, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, জিবুতি, ডোমিনিকা, ইথিওপিয়া, মিশর, গাবন, গাম্বিয়া, ঘানা, আইভরি কোস্ট, কিরঘিজস্তান, লাইবেরিয়া, মালাওয়ি, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া, সেন্ট কিটস, নেভিস, সেন্ট লুসিয়া, সাও টম অ্যান্ড প্রিন্সিপ, সেনেগাল, সাউথ সুদান, সিরিয়া, তানজানিয়া, টোঙ্গা, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

এর আগে দেশকে ‘সুরক্ষিত রাখতে’ ১২টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। আফগানিস্তান, ইরান, মিয়ানমার, চাদ, কঙ্গো, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হেটি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের ওপরে এই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এ ছাড়াও আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আরও সাতটি দেশের নাগরিকদের ওপর। সেগুলো হলো-ভেনেজুয়েলা, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিয়ন, টোগো ও তুর্কমেনিস্তান।

বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩

নরসিংদীর পলাশে শোডাউনকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসমাইল হোসেন (২৬) নামের এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছেন। রোববার (১৫ জুন) সন্ধ্যায় পলাশ সদরের বিএডিসি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহত ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেন (২৬) ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর মহল্লার আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকালে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট  পলাশ বাসস্ট্যান্ড এলাকা হতে শোডাউনের উদ্দেশ্যে ছাত্রদলের একটি মিছিল বের করা হয়।

মিছিলটি বিএডিসি মোড় এলাকায় গেলে বিপরীত দিক হতে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল এর নেতৃত্বে তাঁর সমর্থকদের একটি শোডাউনের মুখোমুখী হয়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় উপজেলা ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেন ও  বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলসহ আরও একজন। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে ছাত্রদল কর্মী ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল রোববার নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় শোডাউন করতে আসেন।

এসময় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হলে ৩ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নাটোরের লালপুরে বিএনপির ঈদ পুনর্মিলনীতে জনতার ঢল

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী এক মহাসমাবেশে রূপ নেয়। জনসভার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে পাশের বিল্ডিংয়ের ছাদ গুলোতেও লোকসমাগম দেখা যায়।

রবিবার (১৫ জুন) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে যোগ দেন। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী, সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সদস্য, মিডিয়া সেলের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারজানা শারমিন পুতুল। পুতুল তার বক্তব্যে বলেন, তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোলাম। প্রধান বক্তা ছিলেন  লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ পাপ্পু।

এর আগে সমাবেশে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের সহধর্মিণী অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন। তিনি বলেন, আমার পরিবারের সবার সিদ্ধান্ত মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে আমার মেয়ে ফারজানা শারমিন পুতুলকে দেখতে চায়। আমার দলের সকল নেতাকর্মীদের পুতুলের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, আমার স্বামী প্রয়াত ফজলুর রহমান পটল যেমন আমৃত্যু আপনাদের সাথে থেকেছেন। আমি বিশ্বাস করি উনার মেয়েও আমৃত্যু আপনাদের সাথে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন প্রয়াত ফজলুর রহমান পটলের ছোট ভাই মিজানুর রহমান সোনা, বড় জামাতা নাজমুল ইসলাম সুমন, ছোট ছেলে ইফতেখার আরশাদ প্রতিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রন্জু, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ ওলিউর রহমান কিরন, ডা: রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা তুহিন, উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, কৃষকদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মুক্তি,  ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, আশিকুর রহমান আশিক প্রমুখ।

হারুনর রশীদ পাপ্পু  তার বক্তব্যে বলেন, “আজকের এই বিশাল জমায়েত প্রমাণ করে, লালপুরের মানুষ বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ। যারা দিন-রাত পরিশ্রম করে এই অনুষ্ঠান সফল করেছেন, তারাই বিএনপির প্রকৃত শক্তি।” বিএনপি এখন আরও ঐক্যবদ্ধ, আরও দৃঢ়প্রতিজ্ঞ।”

অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও গণমানুষের ব্যাপক অংশগ্রহণ, যা লালপুরের রাজনীতিতে নতুন বার্তা দেয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

চলতি বছরেই চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

চলতি বছরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। রোববার রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, ‘এ বছর রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের ৮০ বছর উদযাপন করছে। একইসঙ্গে সোভিয়েত পারমাণবিক শিল্প প্রতিষ্ঠারও ৮০ বছর। এই গৌরবময় সময়ে রূপপুর প্রকল্পের অগ্রগতি আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।’ তিনি জানান, রুশ ও বাংলাদেশি প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টায় রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং প্রথম ইউনিট উদ্বোধনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, রূপপুর প্রকল্প শুধু প্রযুক্তিগত নয়, রাশিয়া-বাংলাদেশ কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদারত্বের একটি উজ্জ্বল নিদর্শন। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ জ্বালানি খাতে একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’ এর সহায়তায় নির্মিত হচ্ছে এই বিদ্যুৎকেন্দ্র, যার প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১২০০ মেগাওয়াট। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হয় এবং বর্তমানে প্রকল্পের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালুর প্রস্তুতিতে রয়েছে।

কাল সচিবালয়ে সরকারি কর্মচারীদের গণজমায়েত

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে ফের আন্দোলনে নামছেন কর্মচারীরা। আগামীকাল সোমবার (১৬ জুন) সচিবালয়ে গণজমায়েত করবেন তারা। এরপর তিনজন উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন।

রবিবার (১৫ জুন) বাংলাদেশে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের বাদামতলায় জড়ো হবেন কর্মচারীরা। গণজমায়েতের পর স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টাদের স্মারকলিপি দেওয়া হবে। তারপর ঐক্য ফোরামের নেতারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

গণজমায়েতে অংশ নিতে ঐক্য ফোরামের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের কাছে বার্তা পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, ১৯৭৯ সালের অর্ডিন্যান্সের অনুরূপ অমানবিক, অসাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থী এবং হাস্যকর সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অবিলম্বে বাতিলের লক্ষ্যে ঈদ-পরবর্তী গণজমায়েতে অংশ নিন।

চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে সরকারি চাকরিজীবীদের চাকরিচ্যুত করার বিধান রেখে গত ২৫ মে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করে সরকার। তার আগ থেকে এই অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। চাকরি অধ্যাদেশ জারির পর তারা সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ-সমাবেশ এবং এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর উপদেষ্টাদের স্মারকলিপি দেন।

মার্করামের মহাকাব্যিক ইনিংসে অবশেষে ট্রফি জিতলো দক্ষিণ আফ্রিকা

এইডেন মার্করামের এক মহাকাব্যিক ইনিংসের ওপর ভর করে অবশেষে ক্রিকেটের কাঙ্ক্ষিত শিরোপার দেখা পেল দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো আইসিসি ট্রফি জিতলো প্রোটিয়ারা।

লর্ডসের ঐতিহাসিক মাঠে ২৮২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা যখন চাপে, তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হন মার্করাম। অস্ট্রেলিয়ান পেসারদের আগুনে বোলিংয়ের সামনে তিনি খেলেন ১৩৬ রানের এক অবিস্মরণীয় ইনিংস, যা প্রোটিয়াদের জয় নিশ্চিত করতে মূল ভূমিকা রাখে। এটি কেবল একটি সেঞ্চুরি ছিল না, এটি ছিল দক্ষিণ আফ্রিকার দীর্ঘদিনের শিরোপা খরা কাটানোর এক ঐতিহাসিক পথনির্দেশক ইনিংস।

যদিও মার্করাম শেষ পর্যন্ত অপরাজিত থাকতে পারেননি, তবে তার ইনিংসই দলের জয়ের ভিত গড়ে দেয় এবং সব বিপদ থেকে দলকে মুক্ত করে। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা জয়ের বন্দরে পৌঁছায়। এই জয় শুধুমাত্র একটি ট্রফি নয়, এটি প্রোটিয়াদের জন্য দীর্ঘদিনের স্বপ্নপূরণের এক ঐতিহাসিক মুহূর্ত।