Home Blog Page 417

নগদের গ্রাহকদের অর্থ ঝুঁকিতে: বাংলাদেশ ব্যাংক

মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ লিমিটেডের গ্রাহকদের টাকা ও তথ্যের নিরাপত্তা এখন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো একটি লিখিত বিবৃতিতে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক জানায়, প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবগুলোর স্বাক্ষরদাতা পরিবর্তনের চেষ্টা চলছে। পাশাপাশি ফরেনসিক অডিট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক অডিট ফার্ম কেপিএমজি সম্পন্ন করছিল।

প্রকৃত অর্থ জমা ছাড়াই ‘নগদ’ অতিরিক্ত কমপক্ষে ৬৪৫ কোটি টাকার ই-মানি ইস্যু করেছে। এতে করে ডাক বিভাগ তথা সরকারের আর্থিক ক্ষতি হয়েছে সমপরিমাণ। বাংলাদেশ ব্যাংকের মতে, এই অতিরিক্ত ই-মানি ইস্যু রাষ্ট্রের বৈধ মুদ্রা ব্যবস্থার ওপর আঘাত, যা কেন্দ্রীয় ব্যাংকের একচেটিয়া অর্থ ইস্যুর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে।

এ ছাড়া অনুমোদনহীন ৪১টি পরিবেশকের মাধ্যমে প্রায় ১ হাজার ৭১১ কোটি টাকা ‘নগদ’ থেকে উত্তোলন করা হয়েছে, যা মূলত বিভিন্ন সরকারি ভাতা বিতরণের অর্থ ছিল।

এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মতিঝিল থানায় মামলা দায়ের করেছে।

বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, একটি ই-কমার্স প্ল্যাটফর্মের ১৮ হাজার ২৩৩ জন গ্রাহকের হিসাবে বেআইনিভাবে অর্থ পাঠানোর কারণে ‘নগদ’-এর ক্ষতি হয়েছে ১৪৪ কোটি টাকা।

সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ‘নগদ’ নিয়ে গভর্নরের উদ্দেশে একটি আধা সরকারি চিঠি দেন, যা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের বিবৃতিতে জানানো হয়, ৭ মে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের স্থগিতাদেশের ফলে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক ও তার দল ‘নগদ’-এর কার্যক্রমে অংশ নিতে পারছেন না।

এ সুযোগে মামলার আসামি ও ‘নগদ’-এর সাবেক এমডি তানভীর আহমেদ মিশুক নিজেকে বৈধ এমডি দাবি করে মামলার অন্য আসামি শাফায়েত আলমকে ই-মেইলের মাধ্যমে ‘নগদ’-এর সিইও হিসেবে নিয়োগ দেন। যদিও এতে পরিচালনা পর্ষদের কোনো অনুমোদন ছিল না।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রশাসক দলের ই-মেইল, ফাইন্যান্স ও আইটি বিভাগের নিয়ন্ত্রণ, এমনকি ই-মানি ব্যবস্থাপনার বিভিন্ন সিস্টেমে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে ১২ মে থেকে প্রশাসক দল কার্যক্রমে নিয়ন্ত্রণ হারিয়েছে।

সবশেষে বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক অডিট ফার্ম কেপিএমজিকে দিয়ে ‘নগদ’-এর পূর্ণাঙ্গ ফরেনসিক অডিট করার উদ্যোগ নেওয়া হলেও এখন তাদেরকে কোনো সহায়তা দেওয়া হচ্ছে না, ফলে অডিট কার্যক্রম থেমে গেছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক মনে করছে, ‘নগদ’-এর গ্রাহকদের অর্থ ও তথ্য বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, ৪০টিরও বেশি বিমান ধ্বংসের দাবি

রাশিয়ার অভ্যন্তরে চারটি বিমানঘাঁটিতে বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার ইউক্রেনের অভ্যন্তরীন নিরাপত্তা সংস্থা (এসবিইউ) এই হামলা চালায়। এতে রাশিয়ার ৪০টি বোমারু বিমান ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। খবর সিবিএস নিউজ’র।

ইউক্রেনের এই দাবি সত্য হলে, এটিই হবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রুশ সামরিক ঘাঁটিতে চালানো হামলার মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক ড্রোন হামলা, যা মস্কোর জন্য এক বড় ধাক্কা।

ইউক্রেন এর আগে এমন হামলা চালালেও তার মাত্রা এত ব্যাপক ছিল না। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেইনের প্রতিনিধিদের মধ্যে নতুন দফা শান্তি আলোচনা শুরুর আগে দিয়ে এই ড্রোন হামলা হল।

নামপ্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, রাশিয়ার ৪০ টির বেশি বোমারু বিমানে আঘাত হানা হয়েছে। এর মধ্যে রয়েছে টিইউ-৯৫ এবং টিইউ-২২। দু’টো যুদ্ধ বিমানই ইউক্রেইনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে ব্যবহার করে থাকে রাশিয়া।

অন্যদিকে রাশিয়ার গণমাধ্যম মুরমানস্ক এবং ইরকুটস্ক অঞ্চলের বিমানঘাঁটিতে ড্রোন হামলার খবর জানিয়েছে। তবে বলেছে, সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

ইউক্রেনের কর্মকর্তার শেয়ার করা একটি ভিডিও ফুটেজে হামলার দৃশ্য দেখা গেছে। এতে কয়েকটি বড় বোমারু বিমানে আগুন জ্বলতে দেখা যায়। এগুলো টিইউ-৯৫ যুদ্ধবিমান বলেই মনে হয়েছে।

যুক্তরাষ্ট্রকে ‘আগুন নিয়ে খেলতে’ সতর্ক করল চীন

তাইওয়ান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘আগুন নিয়ে খেলতে’ সতর্ক করেছে চীন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের এক মন্তব্যের পর বেইজিং এমন প্রতিক্রিয়া জানিয়েছে। হেগসেথ বলেছেন, তাইওয়ানের জন্য একমাত্র হুমকি এশিয়ার শক্তি চীন। সূত্র: আল জাজিরা।

শনিবার (৩১ মে) শাংরি-লা ডায়লগে বক্তব্য প্রদানকালে হেগসেথ তাইওয়ানে সামরিক অভিযান চালানোর জন্য চীনের বিরুদ্ধে এক সম্ভব্য মহড়া চালানোর অভিযোগ করেছেন।

তাইওয়ান একটি পৃথক সরকার শাসিত দ্বীপ হলেও চীন একে নিজেদের অংশ দাবি করে। এই দ্বীপ রাষ্ট্রটিকে নিজেদের অংশ করে নিতে প্রয়োজনে বল প্রয়োগ করারও হুমকি দিয়েছে বেইজিং। তবে তাইওয়ান সরকার চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দ্বীপটির জনগণই এর ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।

হেগসেথের এমন মন্তব্যের পর চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় দ্রুতই এর প্রতিক্রিয়া জানিয়েছে। বলা হয়েছে, তাইওয়ানের বিষয়টি তাদের অভ্যন্তরীণ। এজন্য বিদেশি শক্তিকে উদ্দেশ্য হাসিলের জন্য এ বিষয়ে মন্তব্যে সতর্ক করা হয়েছে। মার্কিন এই মন্তব্য এশিয়া প্রশাস্ত মহাসাগরীয় অঞ্চলকে ‘পাউডার কেজ’ এ পরিণত করতে পারে।

বরিশালে বৈছাআ এর মুখ্য সংগঠকসহ ৩ জনের পদত্যাগ

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকসহ ৩ নেতা পদত্যাগ করেছেন। সংগঠনের অন্য নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মব সৃষ্টির অভিযোগ তুলে পদত্যাগ করেছেন বলে দাবি তাদের। আজ রোববার (১ জুন) রাতে বরিশাল রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন ওই তিন নেতা।

পদত্যাগ করা নেতারা হলেন- জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহসিন আহমেদ রাতুল।

সংবাদ সম্মেলনে তুরান বলেন, ‘সংগঠনের জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন উদ্দিন সাবেক ছাত্র শিবির নেতা। তিনি কিছুদিন আগে নগরীতে চাঁদাবাজি ও অপ্রীতিকর ঘটনা ঘটান। এর সঙ্গে আমি জড়িত না। তারপরও আমার নাম জড়ানো হয়েছে।’

তিনি জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার না করে মব তৈরি করে সামাজিক অস্থিরতা তৈরি করছে। সাংগঠনিক ও রাজনৈতিকভাবে শিক্ষিত এবং সচেতনতা তৈরিতে ব্যর্থ হয়েছে সংগঠনটি। পুরনো রাজনৈতিক ধারায় দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য ও সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে। এমনকি নিজেদের মধ্যে কোন্দলও সৃষ্টি করা হচ্ছে। এখন নারীরা রাস্তায় নামতে ভয় পান। তাদের নানা অপবাদ ও ট্যাগ দেওয়া হচ্ছে। এ সব কর্মকাণ্ড জুলাইয়ের শহীদ-আহতদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল।’

সংবাদিকাদের প্রশ্নের জবাবে পদত্যাগ করা তিন নেতা বলেন, বৈষম্যহীন সমাজ গঠনের জন্য তারা জুলই আন্দোলনে নিয়েছিলেন। এখন যা হচ্ছে- তাতে মানুষের অভিশাপ নেওয়া লাগছে। অভিশাপমুক্ত থাকতে তারা পদত্যাগ করেছেন।

৩ নেতার পদত্যাগ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সাব্বির হোসেন বলেন, ‘ দলে অপকর্ম হয়ে থাকলে আগে প্রতিবাদ করেননি কেন তারা? আমার কাছে কারো কোনো অপকর্মের প্রমাণ নেই। প্রমাণ পেলে ব্যবস্থা নেব।’

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের কার্যক্রম বন্ধ করার দাবি: ছাত্র ইউনিয়ন

নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে তৎকালীন ছাত্রসংগঠনগুলোর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম সব শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ রোববার (১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

এ সময় ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার, সহসভাপতি মনীষা ওয়াহিদ, স্কুলছাত্রবিষয়ক সম্পাদক একরামুল হক জিহাদসহ গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলার হুমকিদাতাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি তামজীদ হায়দার চঞ্চল। তিনি বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষার্থীদের এবং চট্টগ্রাম নগরে গণতান্ত্রিক ছাত্র জোটের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে ছাত্রশিবির হামলা করেছে। ‘শাহবাগবিরোধী ঐক্য’–এর ব্যানারে জামায়াতে ইসলামী-ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা–কর্মীদের এসব হামলায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রায় ৩০ জন নেতা–কর্মী আহত হন। স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত-শিবিরের নৃশংস হামলার ধারাবাহিকতায় গত ৩০ মে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের পরিবারকে, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও সিলেট জেলা সংসদের সভাপতি মনীষা ওয়াহিদকে এবং কেন্দ্রীয় সংসদের স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা সংসদের সভাপতি একরামুল হক জিহাদকে হুমকি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বাংলাদেশের আপামর জনগণ ফ্যাসিস্ট হাসিনার পতনের পর যে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা করেছিল, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে জুলাই গণ–অভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকে ছাত্রশিবির বিনষ্ট করেছে। ভিন্নমত দমনে নৈমিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমে ট্যাগিং, পেশিশক্তি, মব–সন্ত্রাস বেছে নিয়েছে ছাত্রশিবির, যা গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে প্রতিবন্ধকতা তৈরির পাশাপাশি পুরোনো ফ্যাসিস্ট–ব্যবস্থাকে জিইয়ে রেখেছে। জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা চট্টগ্রামে ও রাবিতে নৃশংস হামলা চালিয়েছে, নারী আন্দোলন কর্মীদের বর্বরোচিতভাবে আঘাত করেছে। এমন সন্ত্রাসী তৎপরতার পর জামায়াত-শিবির ক্ষান্ত না হয়ে একেক পর এক ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীদের হুমকি দিয়ে যাচ্ছে।

ছাত্রশিবিরের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ নজির এটাই প্রথম নয় উল্লেখ করে ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৮৪ সালে শিবির চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হলে ছাত্র ইউনিয়ন নেতা ও মেধাবী ছাত্র শাহাদাত হোসেনকে জবাই করে হত্যা করে। ১৯৮৮ সালে শিবিরের ক্যাডার বাহিনী ছাত্র মৈত্রীর নেতা ডাক্তার জামিল আক্তার রতনকে কুপিয়ে ও হাত পায়ের রগ কেটে হত্যা করে। একই বছর চাঁপাইনবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা জালালকে হত্যা করে। তা ছাড়া শিবিরের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন ছাত্র ইউনিয়নের নেতা সঞ্জয় তলাপাত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতা তপন।

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে রোববার (১ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বিষয়টি জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, অতি ভারী বর্ষণের কারণে সিলেট, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভার বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

চিরকুট লিখে সেনা সদস্যের আত্মহত্যা

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ওয়ার্কশপ ভবনে এসএম সৌরভ হোসেন নামে এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

মৃত সৌরভ হোসেন ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ গ্রামের উজির আলী মোল্লার ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘রোববার ভোর ৫টা ১০ মিনিটে জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আরপি গেইট সংলগ্ন সৈনিক ব্যারাকে এসএম সৌরভ হোসেন কনস্ট্রাকশনের বাঁশের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।’

চিরকুটে আত্মহত্যার আগে সৌরভ তার নিজের দোষ স্বীকার করে আত্মহত্যার কারণ উল্লেখ করেন বলে জানিয়েছেন ওসি।

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বেলুচিস্তান

পাকিস্তানের বেলুচিস্তানে একের পর এক জঙ্গি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল। সর্বশেষ, শনিবার কোয়েটা শহরের উপকণ্ঠে নওয়ান কিল্লি এলাকায় এক বিস্ফোরণে অন্তত দুইজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খবর: জিও নিউজ।

বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এটি কী ধরনের বিস্ফোরণ ছিল, তা এখনও নির্দিষ্ট করে বলা যায়নি। পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

২০২১ সালে তালেবান আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে এই হামলা সবচেয়ে বেশি লক্ষ করা যাচ্ছে। এসব হামলার লক্ষ্যবস্তু মূলত নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে সন্ত্রাসী হামলার হার পূর্ববর্তী মাসের তুলনায় ৪২ শতাংশ বেড়েছে। ওই মাসে দেশজুড়ে ৭৪টি জঙ্গি হামলার ঘটনা ঘটে, যাতে প্রাণ হারান ৯১ জন। নিহতদের মধ্যে ৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ২০ জন সাধারণ নাগরিক এবং ৩৬ জন হামলাকারী। আহত হন আরও ১১৭ জন, যাদের মধ্যে ৫৩ জন ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৫৪ জন সাধারণ মানুষ এবং ১০ জন সন্ত্রাসী।

এই ঘটনার ঠিক একদিন আগে, বেলুচিস্তানের খুজদার জেলার সোরাব শহরে অতিরিক্ত ডেপুটি কমিশনার (এডিসি) হিদায়ত বুলেদি জঙ্গি হামলায় নিহত হন। প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের একটি জঙ্গি সংগঠনের সদস্যরা ডেপুটি কমিশনারের বাসভবনে হামলা চালায়।

বিবৃতিতে শাহিদ রিন্দ আরও জানান, নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর সদস্যরা একইদিন সোরাব বাজারে ঢুকে একটি বাণিজ্যিক ব্যাংক লুট করে এবং একাধিক সরকারি কর্মকর্তার বাসভবনে অগ্নিসংযোগ করে। ঘটনার পরপরই ফ্রন্টিয়ার কর্পস (এফসি), পুলিশ ও লেভিস বাহিনী যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়।

২১ মে বেলুচিস্তানের খুজদার জেলার জিরো পয়েন্টের কাছে আরও একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেদিন একটি স্কুলবাসকে লক্ষ্য করে চালানো হামলায় পাঁচ শিক্ষার্থীসহ অন্তত ৮ জন প্রাণ হারান, আহত হন আরও অনেকে। বাসটিতে ৪০ জনের বেশি শিক্ষার্থী ছিল এবং তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে ছিল। এ ঘটনার নিন্দা জানায় দেশটির রাজনৈতিক মহল ও আন্তর্জাতিক সম্প্রদায়।

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই পাকিস্তানে সন্ত্রাসবাদে আক্রান্ত প্রদেশগুলোর একটি হিসেবে পরিচিত।

ইরানের কাছে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওমানের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র বলছে, চুক্তিটি গ্রহণ করা ইরানের স্বার্থে ভালো হবে। তবে চুক্তির নির্দিষ্ট শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি সম্প্রতি তেহরান সফরে এসে তাকে যুক্তরাষ্ট্রের চুক্তি-সংক্রান্ত কিছু ‘মূল উপাদান’ তুলে দিয়েছেন।

এই প্রস্তাবটি এসেছে এমন এক সময়ে, যখন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) জানিয়েছে, ইরান আবারও সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির পথে উদ্বেগজনক পদক্ষেপ।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “চুক্তিটি ইরানের গ্রহণ করাই তাদের স্বার্থে ভালো”। তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন- ইরান কখনওই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না।”

প্রতিবেদেনে বলা হয়েছে, প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ তেহরানকে পাঠিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “এই প্রস্তাবের জবাব আমরা আমাদের জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার অনুযায়ী দেব।”

আইএইএ এক প্রতিবেদনে বলেছে, ইরান বর্তমানে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম মজুদ করে রেখেছে—যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ মাত্রার খুব কাছাকাছি।

বিশেষজ্ঞদের মতে, এটি পর্যাপ্ত পরিমাণ যাতে ১০টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব, যদি আরও পরিশোধন করা হয়। মূলত ইরানই একমাত্র দেশ যার পারমাণবিক অস্ত্র না থাকা সত্ত্বেও এতো উচ্চমাত্রায় ইউরেনিয়াম তৈরি করছে।

এই অবস্থায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি আইএইএ-র বোর্ডে ইরানকে পারমাণবিক চুক্তির লঙ্ঘনকারী হিসেবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। ইরান এসব অভিযোগকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” ও “ভিত্তিহীন” বলে দাবি করেছে এবং সতর্ক করেছে যে, আইএইএ-র বোর্ডে যদি তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তারা “উপযুক্ত জবাব দেবে”।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করার চেষ্টা করে আসছে। চলতি বছরের এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে।

দুই পক্ষই আলোচনা নিয়ে আশাবাদী হলেও মূল বিতর্ক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার নিয়ে। আইএইএ-এর সর্বশেষ রিপোর্ট বলছে, ইরান গত তিন মাস ধরে প্রতি মাসেই এমন মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করেছে যা একেকটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট।

যুক্তরাষ্ট্রের একাধিক সূত্রের মতে, ইরান চাইলে দুই সপ্তাহেরও কম সময়ে অস্ত্র-মানের ইউরেনিয়াম তৈরি করতে পারে এবং কয়েক মাসের মধ্যে পারমাণবিক বোমাও বানাতে সক্ষম। যদিও ইরান বরাবরই বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।

বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিলে হামলা, আহত ৫

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে ভাঙচুরের প্রতিবাদে বরিশাল নগরীতে দলটির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) বিকেলে নগরীর সদর রোডে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। তবে পুলিশ এই ঘটনাকে ‘দুই পক্ষের মারামারি’ বলে উল্লেখ করেছে।

এই ঘটনায় বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন আহতদের মধ্যে গুরুতর জুম্মানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত মহসিন উল ইসলাম হাবুল জানান, জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে প্রথমে ফকিরবাড়ী রোডের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করেন তারা। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

হাবুল বলেন, “মিছিল নিয়ে সদর রোডের প্রবেশ মুখে পৌঁছালে অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জন লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে পেছন থেকে হামলা চালায়। এতে আমিসহ পাঁচজন আহত হয়েছি।” তিনি আরও জানান, নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া দিলে একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।

হাবুল বলেন, “হামলাকারীদের আমরা চিনতে পারিনি। সাংবাদিকদের কাছে আমাদের দাবি, কারা এর সঙ্গে জড়িত তাদের তথ্য তুলে ধরবেন।” তবে এ ঘটনায় মামলা করা হবে কিনা, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে তিনি জানান।

জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগর ১৬ বছর ধরে শেখ হাসিনার ‘ফ্যাসিবাদের’ বিরুদ্ধে কথা বলেছে দাবি করে হাবুল বলেন, “জাতীয় পার্টি যেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সেখানে আমাদের ওপর হামলার কারণ জানতেই হবে। সেইসঙ্গে প্রশাসনের কাছে দাবি, মব জাস্টিসের নামে দেশে যা চলছে, সেটা দ্রুত বন্ধ করা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত হবে।”

কোতোয়ালি মডেল থানার এসআই মঞ্জুর মোর্শেদ জানান, “একজনকে মারধর করে গুরুতর অবস্থায় আমাদের কাছে দিয়েছে। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। তিনি অজ্ঞান অবস্থায় আছেন। তার নাম-পরিচয় জানতে পারিনি।”

ওসি মিজানুর রহমান ঘটনার বিষয়ে বলেছেন, “দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোনো পক্ষ অভিযোগ দেয়নি।”