Home Blog Page 417

ওয়ানডে ক্রিকেটের নতুন অধিনায়ক মিরাজ

সীমিত সংস্করণের অধিনায়কত্ব থেকে নাজমুল হোসেন শান্ত সরে যাওয়ার পর টি-টোয়েন্টিতে লিটন দাসকে নেতৃত্বের ভার দেওয়া হয়। তবে খালি ছিল ওয়ানডের অধিনায়কের পদ। এবার সেই পদ পূরণ করছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডের নতুন অধিনায়ক হচ্ছেন মিরাজ।

বিসিবি সূত্রে জানা যায়, তাকে এক বছরের জন্য নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। তবে বাংলাদেশি অলরাউন্ডার পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার আগেই দলকে নেতৃত্ব দিয়েছেন। গত ডিসেম্বরেই যেমন চোটের কারণে শান্ত সফরে না গেলে তিনিই অধিনায়কের ভূমিকা পালন করেন।
শ্রীলঙ্কায় মিরাজের নেতৃত্বেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

শ্রীলঙ্কা সফরে ওয়ানডের বাইরেও তিনটি টি-টোয়েন্টি ও ‍দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। দ্বিপক্ষীয় সিরিজ খেলতেই আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ।

মিরাজ ওয়ানডের অধিনায়কত্ব পাওয়ায় তিন সংস্করণে তিন নেতৃত্বে খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক লিটনের বিপরীতে টেস্টের নেতা শান্ত।

মানসিকভাবে অসুস্থ অভিনেতা সমু চৌধুরী

অভিনেতা সমু চৌধুরী আজ ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারের রাস্তার ধারে বট গাছের নিচে এভাবেই শুয়েছিলেন। তাঁর এই শুয়ে থাকার ছবি পোস্ট করে একজন লেখেন, ‘মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনার আত্মীয়-স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চলচ্চিত্রের এই গুনি ব্যক্তিটিকে সাহায্য করতে চাইলে , সবাই শেয়ার করে দেবেন উনি যেন উনার প্রিয়জনদের কাছে সহি সালামতে পৌঁছাতে পারেন।’

মুহূর্তেই সমু চৌধুরীর এই ছবি ভাইরাল হয়ে পড়ে। অনেকেই মনে করেছিলেন এটি শুটিংয়ের ছবি। কিন্তু তা নয়, আসলেই সমু চৌধুরী মানসিকভাবে অসুস্থ হয়ে মাজারের নিচে শুয়েছিলেন। তবে তাকে সেখান থেকে নিকটস্থ পাগলা থানার মাধ্যমে উদ্ধার করা হয়েছে।

তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ঘটনার সত্যতা জানিয়ে বলেন, ‘আমরা সমুদাকে নিকটস্থ পাগলা থানা প্রশাসনের মাধ্যমে মাজারের ওখান থেকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়ে এসেছি। ঢাকা থেকে আমাদের একটি দল যাচ্ছে। যত দ্রুত সম্ভব উনাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করছি।’

সমু চৌধুরী মানসিকভাবে অসুস্থ। এর আগেও উনি এভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন। এ বিষয়ে রাশেদ মামুন অপু বলেন, ‘সমুদা মানসিক চাপে এমনটি করেছেন। এর আগেও এমন ঘটনা ঘটেছিল।’

সমু চৌধুরী, দেশের মঞ্চ, টিভি এবং সিনেমার জনপ্রিয় একজন অভিনেতা।

গুজরাটে বিধ্বস্ত উড়োজাহাজের এক যাত্রীকে জীবিত উদ্ধার

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজের এক যাত্রী বেঁচে আছেন। পুলিশ তাকে খুঁজে পেয়েছে। ফ্লাইটের ১১এ আসনে থাকা ওই যাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। যাত্রী তালিকা থেকে জানা যায়, ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ। এএনআইকে এসব তথ্য জানিয়েছেন অহমদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক।

বৃহস্পতিবার দুপুর ১টা ১৭ মিনিটে ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। উড়োজাহাজে মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুজন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডীয় নাগরিক এবং সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার  ঘটনায় এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

যাত্রীদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ

আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানে নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে এয়ারলাইনটির মালিক টাটা গ্রুপ।

বৃহস্পতিবার এক্স-এ দেওয়া এক বিবৃতিতে টাটা গ্রুপ জানিয়েছে, নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশের পাশাপাশি আহতদের চিকিৎসা খরচও বহন করা হবে। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মেডিক্যাল ছাত্রাবাসটি পুনর্গঠনে সহায়তা করবে তারা।

বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক মুহূর্তে আমাদের শোকের গভীরতা ভাষায় প্রকাশ করার উপায় নেই। আমরা নিহতদের পরিবারের পাশে আছি এবং ক্ষতিগ্রস্ত সবার পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব সহায়তা দেবো।

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পরই দুর্ঘটনায় পড়ে। উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন।

কদিমচিলান ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী ও গণসংযোগ অনুষ্ঠিত

লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানকে সফল করতে কদিমচিলান  ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে কদিমচিলান বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ পূর্ণমিলনী ও এক গণসংযোগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের অন্যতম সদস্য, ফারজানা শারমিন পুতুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন একটি বই তাঁর প্রতিটা পাতায় তাঁকে নিয়ে একেকটা গল্প লেখা আছে।”

গণসংযোগ সভায় কদিমচিলান  ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর আব্দুল বারী কাজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু ও হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রনজু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে লালপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

রোববার থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। রোববার থেকে হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সহসাই কমছে না ভ্যাপসা গরম।

মে মাসে কিছুটা আগাম বৃষ্টিপাত হলেও পরে কমে যায় মেঘের আনাগোনা। বাড়তে থাকতে তাপমাত্রার পারদ। মৌসুমি বায়ু কম সক্রিয় হওয়ায় ঝরছে না বৃষ্টি। এ কারণে কয়েক দিন ধরেই রাজধানীতে অস্বস্তিকর ভ্যাপসা গরম।

সবচেয়ে দুর্ভোগে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। রিকশাচালক কিংবা দিনমজুরকে তীব্র গরম উপেক্ষা করেই নামতে হচ্ছে জীবিকার খোঁজে।

৩ দিন ধরে রাজশাহীতে তাপমাত্রার পারদ ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গরম বাতাস ও প্রচণ্ড রোদে নাকাল নগরবাসী।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে উপদেষ্টা আসিফের পোস্ট

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ইঙ্গিত করে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি লিখেছেন, টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না-এ বিষয়ে বন্ধুবান্ধব আর সরকারপ্রধানের মধ্যে কোনো পার্থক্য নেই।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে এ সফর করছেন প্রধান উপদেষ্টা।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, বিগত শাসনামলে ‘চুরি’ হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত। চুরি হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় দেওয়া উপদেষ্টা আসিফের স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়।

আফ্রিকার প্রথম দল হিসেবে ইংল্যান্ডকে হারাল সেনেগাল

ফিফা প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আফ্রিকার ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে সেনেগাল। কেননা সেনেগালই প্রথম আফ্রিকান দল হিসেবে ইংল্যান্ডকে হারানোর গৌরব অর্জন করলো। টমাস টুখেলের অধীনে এটি ইংল্যান্ডের প্রথম পরাজয়, যা তাদের টানা ২৪ ম্যাচের অপরাজিত সেনেগালের জয়রথ থামিয়ে দিলো। একই সাথে, ২২ ম্যাচ ধরে আফ্রিকার কোনো দলের বিপক্ষে ইংলিশদের এটাই প্রথম হার।

মঙ্গলবার রাতে সিটি গ্রাউন্ডে ম্যাচ শুরু হওয়ার ৭ম মিনিটেই হ্যারি কেইনের গোলে এগিয়ে গিয়েছিল টমাস টুখেলের দল। কিন্তু এই অগ্রগামিতা ধরে রাখতে পারেনি ইংলিশরা। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় সেনেগাল। ৪০তম মিনিটে নিকোলাস জ্যাকসনের ক্রসে সমতা ফেরান ইসমাইলা সার। টুখেল কোচ হয়ে আসার পর এটাই ইংল্যান্ডের জালে প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে সেনেগাল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬২তম মিনিটে হাবিব দিয়ারা গোল করে সেনেগালকে ২-১ গোলে এগিয়ে দেন। পিছিয়ে পড়া অবস্থায় জুড বেলিংহ্যাম বল জালে পাঠিয়েছিলেন, কিন্তু আক্রমণের শুরুর দিকে হ্যান্ডবলের কারণে ভিএআরের সাহায্যে রেফারি গোল বাতিল করে দেন। যোগ করা সময়ে শেখ সাবালি ব্যবধান ৩-১ করে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। শেষ বাঁশি বাজার পর হ্যারি কেইনরা দর্শকদের দুয়ো শুনতে শুনতে মাঠ ছাড়েন, যা তাদের হতাশাজনক পারফরম্যান্সের প্রতিচ্ছবি।

রেকর্ড মূল্যে নাদালের প্রিয় র‌্যাকেট নিলামে বিক্রি

নাদালের ২০১৭ সালের ফরাসি ওপেন ফাইনালে ব্যবহৃত র‌্যাকেটটি ১ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৩০ টাকায় বিক্রি হওয়া নিঃসন্দেহে বিশাল ঘটনা। এটির এমন দামে বিক্রির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। গ্র্যান্ড স্ল্যাম জেতার মুহূর্তে হাতে যে র‌্যাকেটগুলি থাকে সেগুলি সাধারণত হাতছাড়া করেন না নাদাল। কোনও ফাইনালে একাধিক র‌্যাকেট ব্যবহার করে থাকলে, অনেক সময় একটি দিয়ে দেন। 

এবার রাফায়েল নাদালের একটি র‌্যাকেট রেকর্ড মূল্যে বিক্রি হল। ২০১৭ সালে যে র‌্যাকেট নিয়ে খেলে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন রাফা। সেটি নিলামে তোলা হয়। সুইজারল্যান্ডের স্ট্যানিসলাস ওয়ারিঙ্কাকে ৬-২, ৬-৩, ৬-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন নাদাল।

নাদালের প্রিয় র‌্যাকেটটি প্রেস্টিজ মেমোরাবিলিয়া নিলামে তোলা হয়। ভাল দাম পাওয়ার আশা ছিল প্রথম থেকে। তবে প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে ২২ বার গ্র্যান্ড স্ল্যামজয়ীর র‌্যাকেটটির দাম। দাম উঠে ১ লক্ষ ৫৭ হাজার ৩৩৩ ডলারেরও বেশি।  যা বাংলাদেশী টাকায় প্রায় ১ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৩০ টাকা।

কেন এত দাম উঠল র‌্যাকেটটির। এক নিলাম বিশেষজ্ঞ বলেছেন, গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে নাদালের ব্যবহৃত র‌্যাকেট পাওয়া কঠিন। বিশেষ করে ফরাসি ওপেন ফাইনাল খেলা র‌্যাকেট পাওয়াই যায় না। সে জন্যই নাদালের এই র‌্যাকেটটির এত দাম উঠেছে।

গ্র্যান্ড স্ল্যাম জেতার মুহূর্তে হাতে যে র‌্যাকেটগুলি ছিল, সেগুলি সাধারণত হাতছাড়া করেন না নাদাল। কোনও ফাইনালে একাধিক র‌্যাকেট ব্যবহার করে থাকলে, একটি দিয়ে দেন অনেক সময়। নিলামে ওঠা র‌্যাকেটটি অবশ্য তেমন নয়।

এই র‌্যাকেট দিয়ে ২০১৭ সালের গোটা ফাইনাল খেলেছিলেন বিশ্বের সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড়। তার র‌্যাকেটটি নিয়ে সংগ্রাহকদের আগ্রহও ছিল চোখে পড়ার মতো।

কালো জাদুই কেড়ে নিল তানিনের প্রাণ!

পত্রিকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই কালো জাদু নিয়ে নানা সংবাদ দেখা যায়। যেখানে কেউ তার নিজের স্বার্থ হাছিলের জন্য অন্যজনকে এই জাদুর মাধ্যমে মৃত্যুর দিকে নিয়ে গিয়েছে। এমন এক ঘটনার সাক্ষী হলো ঢাকাই সিনেমা। দীর্ঘ আট দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর না ফেলার দেশে পাড়ি জিমিয়েছেন নায়িকা তানিন সুবহা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানিনের অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তার তাবিজ-কুফরির প্রতি একসময়ের অবিশ্বাস থেকে পরে বিশ্বাস জন্মানোর কথা। কেননা তিনি এর শিকার বলে মনে করতেন।

১৯ মে একটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর পাশাপাশি তার তাবিজ-কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গও আনেন তানিন সুবহা। সেটি নিয়েই এখন নেটিজেনদের মধ্যে আলোচনা।

ফেসবুক পোস্টে তানিন সুবহা লেখেন, কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম। কেন এমন করছেন! আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসব এর ফল পাবেন চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।

এই পোস্টের কিছুদিন পর, ২ জুন তানিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তানিন সুবহার মৃত্যু এবং এর আগে তার ওই পোস্টকে অনেকে কাকতালীয় বলছেন। আবার কেউ কেউ এর পেছনে অন্য কিছু থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। এ নিয়ে তদন্তের আহ্বানও জানিয়েছেন কেউ কেউ।

এদিকে বিভিন্ন সূত্র জানিয়েছনে, তানিনকে কালো জাদু করা হয়েছে। বিভিন্ন সময় তার বাসা থেকে নানা ধরণের তাবিজ পাওয়া গিয়েছে। শুধু তাই নয় তাদের দাবি তানিনের ব্রেনে দুইটি বান দেয়া হয় তার মস্তিস্কের কার্যক্রম বন্ধ করে দেয়ার জন্য, যার ফলশ্রুতিতেই লাইফ সাপোর্টে থাকার সময় হুট করেই তার ব্রেইন কাজ করা বন্ধ করে দেয়। যদিও তখন তার হার্ট কিছুটা সচল ছিল।

তানিনের দেয়া স্ট্যাটাস ও সার্বিক পরিস্থিতি দেখে তার কাছের অনেকেই মনে করছেন তানিনের মৃত্যু কালো জাদুর প্রভাবেই হয়েছে।

বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়াতে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরো বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এরপর অবশ্য কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। আর বর্তমানে তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। অভিনয়ের পাশাপাশি একটি পার্লার গড়ে তুলেছেন তানিন সুবহা।