Home Blog Page 421

পৃথিবীতে আর কোনো লিওনেল মেসি আসবে না

বার্সেলোনার স্বর্ণালি যুগের স্মৃতিচারণ করতে গিয়ে পেপ গার্দিওলা আবারও প্রমাণ করলেন, লিওনেল মেসির মতো আর কাউকে তিনি চোখে দেখেন না। বর্তমান ম্যানচেস্টার সিটি কোচ ইউরো জয়ী ১৭ বছর বয়সী লামিন ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে বিস্মিত হলেও, সাবেক শিষ্য মেসির সঙ্গে কোনো তুলনার সুযোগই রাখলেন না।

DAZN-কে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলা বার্সেলোনার নতুন বিস্ময় লামিন ইয়ামালকে নিয়ে বলেন, ‘সবাই যা বলছে, তা একেবারেই সত্য। সাধারণত এই পরিপক্বতা আসে ২৪ কিংবা ২৫ বছর বয়সে। কিন্তু ওর খেলায় একটা অনন্য ভারসাম্য আছে—একটু পাস, তারপর বিশ্রাম। আবার দারুণ এক স্পর্শে ম্যাচে প্রভাব ফেলে। কখনও ছোট্ট ড্রিবলিং, কখনও নিখুঁত ব্যাক পাস। আবার হঠাৎ করে এমন কিছু করে বসে, যা দিয়ে সে ম্যাচটাই জিতে দেয়।’

স্প্যানিশ জাতীয় দলের হয়েও ইউরো ২০২৪ জয়ী ইয়ামালের এমন পারফরম্যান্সে আপ্লুত গার্দিওলা যেন বাধ্য হয়ে বলেই ফেলেন, ‘এটা খুবই আশ্চর্যজনক, এবং বার্সার জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে তারা এমন একজন প্রতিভাবান খেলোয়াড় পেয়েছে। ওর মধ্যে ভবিষ্যতের অসাধারণ এক দৃষ্টিভঙ্গি আছে।’

তবে এখানেই থেমে যাননি গার্দিওলা। ইয়ামালের প্রশংসার মাঝেও ‘মেসির ছায়া’ ডিঙাতে দেননি তাকে। বলেন,

‘আমি দুঃখিত, কিন্তু লিও… আমার কাছে সে অনন্য। এমন কেউ আর হবে না, কখনও না। পৃথিবীতে আর কোনো লিওনেল মেসি আসবে না। এটা অসম্ভব।’

বার্সেলোনায় কোচ হিসেবে গার্দিওলার যাত্রা মানেই ছিল মেসির যুগের উত্থান। একসঙ্গে জিতেছেন একাধিক লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও অন্যান্য ট্রফি। আর এখন, যখন ইয়ামালের মধ্যে নতুন দিনের সম্ভাবনা দেখছেন সবাই, তখনও পেপ জানিয়ে দিলেন—মেসি ছিলেন, আছেন, থাকবেন এক আলাদা উচ্চতায়।

এদিকে ২০২৫ সালের লা লিগা ও কোপা দেল রে জয়ের পাশাপাশি ইয়ামাল যখন ইউরো ট্রফিও জিতে ফেলেছেন মাত্র ১৭ বছর বয়সে, তখন তার প্রশংসা করা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু গার্দিওলার চোখে ‘আলোর গতিতে উড়তে থাকা’ লামিন ইয়ামালের চেয়েও বেশি উজ্জ্বল থেকেছেন ‘আটবারের ব্যালন ডি’অর জয়ী’ আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘আনন্দ উৎসব’ মাতাবেন যাঁরা

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘আনন্দ উৎসব’। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এ উৎসব। গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে একাডেমির জনসংযোগ বিভাগ।

উৎসবে গান শোনাবেন তানজির তুহিন, আতিয়া আনিসা এবং নতুন প্রজন্মের গায়িকা পারশা মাহজাবীন পূর্ণা। আরও গাইবেন মিঠুন চক্র, এঞ্জেল নূর ও সমীর কাওয়াল।

সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে থাকছে কাওয়ালি গান। পরিবেশন করবেন সমীর কাওয়াল ও তাঁর দল। এরপরই মঞ্চে উঠবেন কণ্ঠশিল্পী আতিয়া আনিসা ও পারশা মাহজাবীন পূর্ণা। এছাড়া ‘যদি আবার’, ‘তিল’ ও ‘আমায় প্রশ্ন করে’ গানগুলো পরিবেশন করবেন এঞ্জেল নূর।

মিঠুন চক্র শোনাবেন ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘সাদা সাদা কালা কালা’ ও ‘ওরে সাম্পান ওয়ালা’ গানগুলো। সবশেষে মঞ্চে উঠবে তানজির তুহিনের ব্যান্ড ‘আভাস’।

জানা যায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় হতে যাওয়া এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।

ওভারঅ্যাক্টিং করে হাসির পাত্র জোভান

ছোটপর্দার জনপ্রিয় নায়ক ফারহান আহমেদ জোভান এবার অভিনয়ের জন্যই হয়েছেন ট্রলের শিকার। ঈদে আসতে চলেছে তার নাটক আশিকি। নবাগত অভিনেত্রী নাজনীন নীহার বিপরীতে এই নাটকে একজন রকস্টারের ভূমিকায় অভিনয় করেছেন জোভান।

নাটক এখনো প্রকাশ না পেলেও, ৫১ সেকেন্ডের টিজারে রকস্টার ভূমিকায় দেখা মেলে জোভানের। স্টেজে দুঃখভারাক্রান্ত হৃদয়ের রকস্টারের ভূমিকায় তার অভিনয় মোটেও মনে ধরেনি নেটিজেনের। ট্রেলার মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। দর্শকদের একাংশ ট্রেলারে জোভানের অভিনয়কে অতিরঞ্জিত বা ‘ওভারঅ্যাক্টিং’ বলে আখ্যায়িত করেছেন।

এই নাটকেই প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জোভান ও নীহা। নাটকে আশিক চরিত্রে অভিনয় করেছেন জোভান, যিনি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে কলেজে ভর্তি হয় আশিক।

ট্রেলারের আবেগঘন দৃশ্যগুলোতে জোভানের মুখাবয়ব ও সংলাপপ্রদানকে অনেকেই ‘নাটকীয়’ বলে মনে করছেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেজ ও গ্রুপে চলছে তুমুল সমালোচনা। অসংখ্য মিম ও ব্যঙ্গ বিদ্রুপ দেখা যাচ্ছে অভিনেতাকে ঘিরে।

কেউ কেউ বলছেন, ‘গিটার হাতে তার মুখের এক্সপ্রেশান জাষ্ট নেয়ার মতো না।’ কারো মন্তব্য, ‘বিচ্ছিরি!’ কেউ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘এতোটা ওভারএক্টিং কেন?’

তবে সমালোচনার পাশাপাশি ট্রেলারের ভিজ্যুয়াল ও আবহসংগীত কিছু দর্শকের প্রশংসা কুড়িয়েছে। জোভান ভক্তরা আশাবাদী যে পূর্ণ সিনেমা হয়তো ট্রেলারের চেয়ে ভালো কিছু হবে। একটি ট্রেলারের ভিত্তিতে পুরো কাজকে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করছেন অনেকে। সবমিলিয়ে, আশিকি এখন মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে রয়েছে।

এখন দেখার পালা, নেটিজেনদের সমালোচনা টপকে কতোটা ম্যাজিক দেখাতে পারে এটি।

লাইভ অনুষ্ঠানের সময় ভূমিকম্প, পালালেন প্রেসিডেন্ট প্রার্থী ও সাংবাদিকরা

লাতিন আমেরিকার চিলিতে শুক্রবার আঘাত হানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। দেশটির উত্তরাঞ্চলীয় শহর কোপিয়াপো ভূমিকম্পে বেশ শক্তভাবে কেঁপে ওঠে। ভূমিকম্প আঘাত হানার সময় দেশটির রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট প্রার্থী ক্যারোলিনা তোহা স্থানীয় একটি রেডিওর চ্যানেলের লাইভ অনুষ্ঠানে ছিলেন।

সেখানে নিজের নির্বাচনী প্রচারণা নিয়ে কথা বলছিলেন। ভূমিকম্পে যখন সবকিছু কাঁপা শুরু করে তখন তিনি দৌড় দিয়ে স্টুডিও ত্যাগ করেন। তার সঙ্গে যে দুজন সাংবাদিক ছিলেন তারাও দ্রুত সেখান থেকে সরে যান।

লাইভ ভিডিওতে পুরো ঘটনাটি ধরা পড়ে। ওই সময় অস্বাভাবিকভাবে সবকিছু কাঁপছিল। স্টুডিওর যেসব জিনিসপত্র ছিল সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ছিটকে পড়ছিল।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, এত শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও চিলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটি সবচেয়ে বেশি অনুভূত হয়েছে মরু অঞ্চল আতাকামাতে। এছাড়া ভূমিকম্পের প্রভাবে কোনো সুনামিরও সৃষ্টি হয়নি।

কোনো মানুষ হতাহত না হলেও ভূমিকম্পে কারণে অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়। একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ২৩ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন।

ঈদ শেষ না হতেই গাজায় নিহত আরও ৬৬ জন

দখলদার ইসরায়েলের হামলায় গাজায় নতুন করে আরও ৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

তারা বলেছেন, শনিবার ভোর থেকে এসব মানুষ নিহত হয়েছেন। শুক্রবার গাজায় উদযাপিত হয় ঈদুল আজহা। বিশ্বের সব মুসল্লি আনন্দে উল্লাসে দিনটি কাটালেও গাজার মানুষের দিনটি গেছে খেয়ে না খেয়ে। আর এমন ঈদ কাটানোর পর দিন ৬৬ জনকে হত্যা করেছে দখলদাররা।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার এক ভিডিওতে বলেছেন, যেখানে সারা বিশ্বের মানুষ ঈদ উদযাপন করছেন। সেখানে গাজার শিশুরা অভুক্ত থেকে দিনটি কাটাচ্ছে। অথচ অন্যদের মতো তাদেরও এ দিনটি আনন্দে উল্লাসে কাটানোর কথা ছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তা সত্ত্বেও থামছে না দখলদারদের বর্বরতা।

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছে বিএনপি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যে শব্দচয়ন রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছে বিএনপি। শুক্রবার মধ্যরাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ মতামত ব্যক্ত করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে মধ্যরাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আজ রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় আজ অপরাহ্নে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রদত্ত তাঁর বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পরিণত হয়েছে। এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তাঁরই ভাষায় অন্তর্বর্তী সরকারের ৩টি ‘ম্যান্ডেটের’ মধ্যে পড়ে না। ভাষণে তিনি শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।’

এতে আরও বলা হয়, ‘সভায় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে সভা মনে করে যে, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়ার সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে, যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়, এমন কোনো সুনির্দিষ্ট কারণ তাঁর ভাষণে উল্লেখ করা হয়নি।’

প্রেস-বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রায় দেড় যুগ ধরে মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত এ দেশের জনগণ ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গুম, খুন, জেল-জুলুম, আহত ও নির্যাতিত হয়েও অব্যাহত লড়াই চালিয়ে গেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে তার বিজয় অর্জিত হলেও নির্বাচন অনুষ্ঠানে অহেতুক বিলম্বে জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। বিধায় এই সভা রমজান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করছে। নির্দলীয়-নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করছে, তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবেই শঙ্কিত হতে পারে বলে সভা মনে করে।’

এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণায় জাতি হতাশ: মির্জা ফখরুল

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নির্বাচন প্রসঙ্গে সরকারের সাম্প্রতিক ঘোষণায় গভীর হতাশা ব্যক্ত করেছেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘বারবার বিএনপি বলে এসেছে দ্রুত নির্বাচন চায়। আমাদের প্রত্যাশা ছিল, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু নিঃসন্দেহে বিএনপি শুধু নয়, এপ্রিলে নির্বাচনের ঘোষণায় গোটা জাতি হতাশ হয়েছে।’

এরআগে শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করা হয়। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করেন দলটির নেতারা।

রাতের মধ্যেই অপসারণ হবে কোরবানির বর্জ্য: আসিফ মাহমুদ

রাতের মধ্যেই কোরবানির বর্জ্য পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এ বর্জ্যের কারণে ঢাকাবাসীর ঈদ আনন্দে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর কলাবাগান শিশু পার্ক সংলগ্ন এসটিএস কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, কোরবানির পর বর্জ্য পরিষ্কার করা একটি বড় চ্যালেঞ্জ। সময়মতো অপসারণ না হলে এসব বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ায় এবং নানা রোগবালাইয়ের জন্ম দেয়। সেই বিবেচনায়, ঢাকার দুই সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য পরিষ্কারের চ্যালেঞ্জ নিয়েছে।

এ সময় তিনি আরও বলেন, পশু কোরবানির জন্য সিটি করপোরেশন নির্ধারিত স্থান নির্ধারণ করেছিল। কিন্তু এরপরও অনেকেই যত্রতত্র কোরবানি দিচ্ছেন। এতে আমাদের কাজ কিছুটা কঠিন হয়ে পড়ে। তবে প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী মাঠে কাজ করছেন। আমরা আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যেই সবকিছু সম্পন্ন হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করব। দুপুর ১২টার পর থেকে বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।

এর আগে, কলাবাগান এসটিএসে বেলচা দিয়ে ট্রলিতে বর্জ্য ফেলে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তিনি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টি বিতরণ করেন।

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শনিবার দুপুরে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এ ছাড়াও দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

যে ১০ লক্ষণ জানান দিবে শরীরে ক্যানসারের উপস্থিতি

ক্যানসার বা কর্কটরোগ অনিয়ন্ত্রিত কোষ বিভাজনসংক্রান্ত রোগসমূহের সমষ্টি। প্রাণঘাতী এই রোগটির নাম শুনলে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। তবে চিকিৎসা-বিজ্ঞানের অগ্রগতির ফলে বর্তমানে এই রোগে আক্রান্তদের বেঁচে থাকার হার বাড়ছে। আর এর সবই সম্ভব হয়েছে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরুর কারণে।

যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা সংস্থার এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের অর্ধেকের বেশি বাসিন্দা জীবনের কোনো না কোন সময়ে এমন কোনো উপসর্গে ভুগেছেন যেটি আসলে ক্যানসারের উপস্থিতি জানান দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু মাত্র ২ শতাংশ মনে করেছেন যে এর কারণে তাদের ভুগতে হতে পারে এবং এক তৃতীয়াংশের বেশি মানুষ একে কোনো ধরনের পাত্তাই দেননি এবং এর ফলে চিকিৎসকের কাছেও যাননি।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক গবেষক এবং এই ক্যানসার গবেষণার প্রধান ক্যাটরিনা হুইটেকার বলেন, আমরা এমন মানুষও পেয়েছি যারা চিকিৎসকের কাছে যেতে বিব্রত বোধ করে। কারণ তারা মনে করে, তারা আপনার সময় নষ্ট করছে এবং স্বাস্থ্য ব্যবস্থার সম্পদ যথেচ্ছভাবে নষ্ট করছেন।

তিনি বলেন, আমাদের এই বার্তা পাঠাতে হবে, যদি কারও এমন কোনো উপসর্গ থাকে যেটা সহসাই যাচ্ছে না, বিশেষ করে এমন সব উপসর্গ যেগুলোকে হুঁশিয়ারি সংকেত হিসেবে মনে করা হয়, তাহলে সেগুলোকে অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।

আমেরিকান ক্যানসার সোসাইটি মনে করে, ক্যানসারের ১০টি সাধারণ উপসর্গের বিষয়ে অবহেলা করা উচিত নয়। চলুন বিবিসির প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক ক্যানসার ১০টি উপসর্গ।

কোনো কারণ ছাড়া ওজন কমে যাওয়া: ক্যানসার আক্রান্ত বেশিরভাগ মানুষের কোনো কারণ ছাড়াই ওজন কমতে থাকে। এটাকে বলা হয় ব্যাখ্যাহীন ওজন কমা। এতে চিন্তার কারণ আছে। কোনো কারণ ছাড়াই পাঁচ কেজি বা তার বেশি ওজন কমলে সেটি ক্যানসারের প্রথম লক্ষণ হতে পারে।

অগ্ন্যাশয়, পাকস্থলি, খাদ্যনালি বা ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে ওজন কমে যাওয়ার এই লক্ষণ বেশি দেখা যায়।

জ্বর: ক্যানসার আক্রান্ত রোগীদের সবচেয়ে সাধারণ একটি উপসর্গ হচ্ছে জ্বর। অবশ্য যে স্থানে ক্যানসার উৎপন্ন হয়েছে সেখান থেকে দেহের অন্য স্থানে ছড়িয়ে পড়া শুরু হলে তখন প্রায়ই জ্বর দেখা দেয়। অনেক ক্ষেত্রে জ্বর ক্যানসারের প্রাথমিক উপসর্গও হতে পারে। যেমন লিউকেমিয়া বা লিম্ফোমা।

ক্লান্তি: ক্লান্তি বোঝানো হয়েছে চরম ক্লান্তিভাব যা বিশ্রাম নেওয়ার পরও কমে না। ক্যানসার বাড়ার সঙ্গে সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। কিছু কিছু ক্যাসনার যেমন লিউকেমিয়ার ক্ষেত্রে শুরুর দিকেই ক্লান্তি দেখা দিতে পারে।

কিছু কোলন বা মলাশয় ও পাকস্থলির ক্যানসারের ক্ষেত্রে রক্তপাত হতে পারে, তবে সেটা সবার ক্ষেত্রে হয় না। এর কারণেও ক্যানসারের সময় ক্লান্তি দেখা দিতে পারে।

ত্বকে পরিবর্তন: ত্বকের ক্যানসার ছাড়াও আরও কিছু ক্যানসার রয়েছে যাতে আক্রান্ত হলে ত্বকের পরিবর্তন দেখা দেয়। এর লক্ষণ ও উপসর্গের মধ্যে রয়েছে, ত্বক কালো হয়ে যাওয়া বা হাইপারপিগমেনটেশন ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস ত্বক লাল হয়ে যাওয়া। চুলকানি, মাত্রাতিরিক্ত চুলের বৃদ্ধি।

অন্ত্রের ক্রিয়া বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন: কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা মলের আকারে দীর্ঘদিন ধরে পরিবর্তন মলাশয়ের ক্যাসনারের লক্ষণ হতে পারে। অন্যদিকে প্রস্রাব করার সময় ব্যথা, প্রস্রাবে রক্তপাত, বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন যেমন আগের তুলনায় কম বা বেশি প্রস্রাব করা ইত্যাদি মূত্রাশয় বা প্রোস্টেট ক্যানসারের লক্ষণ হতে পারে।

যে ক্ষত ভালো হয় না: অনেকেই জানেন যে দেহে যদি কোনো আঁচিল থাকে যেটি বাড়ে বা ব্যথা হয় বা সেটি থেকে কোনো রক্তপাত হয় তাহলে সেটি ত্বকের ক্যানসারের একটি লক্ষণ হতে পারে। কিন্তু শরীরে যদি কোনো ক্ষত থাকে যেটি চার সপ্তাহের পরও ভালো হয় না বা সেরে যায় না, এমন ক্ষতের প্রতিও আমাদের লক্ষ্য রাখতে হবে। মুখে যদি এমন কোনো ক্ষত হয় তাহলে সেটি মুখের ক্যানসারের লক্ষণ হতে পারে।

শরীরের যেকোনো স্থান শক্ত হয়ে যাওয়া: অনেক ক্যানসার ত্বকের মাধ্যমে শনাক্ত করা যেতে পারে। এ ধরণের ক্যানসার সাধারণত স্তন, অণ্ডকোষ, গ্রন্থি এবং শরীরের নরম টিস্যুতে হয়ে থাকে। এ ক্ষেত্রে দেহে শক্তভাব বা মাংস জমে আছে- এ ধরণের অনুভূতি হয়। এটা এসব ক্যানসারের প্রাথমিক বা বিলম্বিত উপসর্গ হতে পারে।

রক্তপাত: ক্যানসারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিংবা তা ছড়িয়ে পড়ার পর অস্বাভাবিক রক্তপাত হতে পারে। কাশির সঙ্গে রক্তপাত ফুসফুসের ক্যানসারের লক্ষণ হতে পারে। অন্যদিকে যদি মলের সঙ্গে রক্তপাত হয় তাহলে এটি মলাশয় বা মলদ্বারে ক্যানসারের লক্ষণ হতে পারে।

টানা কাশি বা কণ্ঠস্বরে পরিবর্তন: টানা কাশি ফুসফুসের ক্যানসারের লক্ষণ হতে পারে। তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এ ছাড়া কণ্ঠস্বরে পরিবর্তন এলে তা স্বরযন্ত্র বা থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সারের উপস্থিতি নির্দেশ করতে পারে।

গিলতে অসুবিধা: ক্রমাগত বদহজম বা কোনো খাবার গিলতে গেলে সমস্যা হলে সেটা ইসোফ্যাগাস, পাকস্থলি বা গলার ক্যানসারের লক্ষণ হতে পারে। তবে যাই হোক না কেন, এই প্রতিবেদনে উল্লেখিত সব উপসর্গই ক্যানসার ছাড়াও অন্য আরও অনেক কারণেই দেখা দিতে পারে।