Home Blog Page 422

কোরবানির মাংস রান্না করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

নানা কারণেই আলোচনায় থাকেন অপু বিশ্বাস। অবশ্য আলোচনা কখনো সমালোচনাতেও রূপান্তরিত হয়। এবার খাসি কোরবানি দিয়ে আলোচনায় এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গত বছর ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল কোরবানি দিয়েছেন অপু বিশ্বাস। কয়েক বছর ধরেই ছেলের পছন্দে ছাগল কোরবানি দিচ্ছেন তিনি। এ বছরও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর মাংস কাটার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।

যেখানে অপুকেও দেখা গেছে, কসাইদের পাশে বসে মাংস কাটাকাটিতে সাহায্য করতে।  ভিডিওতে অভিনেত্রী জানান, খাসি কোরবানি দিয়েছেন তিনি। এর পরই অপর একটি ভিডিওতে দেখা গেছে, মাটির চুলায় অপু বিশ্বাসকে মাংস রান্না করতে। সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।

যেখানে অপু বলছেন, ‘কোরবানি দিয়ে মাটির চুলায় কোরবানির মাংস রান্না, নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে? হ্যাঁ, স্পেশাল কেউ খাবে।’

এদিকে অভিনেত্রীর সেই ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন। ভক্তরা বলছেন, পছন্দের মানুষ শাকিব খানের জন্যই হয়তো রান্না করছেন অপু বিশ্বাস। আবার কেউ বলছেন, সব আয়োজন ছেলে আব্রাম খান জয়ের জন্য।

কয়েক দিন আগে শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়েছিল।

কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী মাথায় গুলিবিদ্ধ

কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়েল উরিবে টারবের মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শনিবার রাজধানী বোগোটায় একটি প্রচারণা অনুষ্ঠানে তাঁকে গুলি করা করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদন বলছে, একটি পার্কে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ৩৯ বছর বয়সী সিনেটর মিগুয়েল আক্রমণের শিকার হন। তিনবার গুলিবিদ্ধ হয়েছেন তিনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

মিগুয়েলের স্ত্রী মারিয়া ক্লডিয়া তারাজোনা জাতির কাছে তাঁর জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিগুয়েল জীবনের জন্য লড়াই করছেন। আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি।

মিগুয়েলের সেন্ট্রো ডেমোক্রেটিক পার্টি এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, কলম্বিয়ার গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য হুমকি এই হামলা। অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, বক্তব্যের মাঝখানে তাঁর মাথায় গুলি করা হয়েছে। এ সময় আতঙ্কিত হয়ে সমবেত লোকজন পালিয়ে যেতে বাধ্য হন।

এএফপি জানিয়েছে, মিগুয়েলের হাঁটুতে এবং মাথায় দুবার গুলি করা হয়েছে। তাঁকে বিমানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

করোনায় ভারতে এক দিনে ৬ জনের মৃত্যু

ভারতে আবারও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এক দিনেই মৃত্যু হয়েছে ছয়জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৮ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাতে কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ১৩৩ জনে। অথচ দুই সপ্তাহ আগে ২২ মে কোভিড রোগী ছিল ২৫৭ জন। খবর টাইমস অব ইন্ডিয়ার

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেরালায়। এরপরে রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লি। তাদের বেশিরভাগের করোনা রোগী ধরা পড়েছে সর্দিজ্বরে আক্রান্ত হওয়ার পর রোগ পরীক্ষায়।

এ বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ৬৫ জনের মৃত্যু হয়েছে।

শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চায় না জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে। শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না।

রোববার (৮ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি আরো বলেন, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর মৃত্যুর আগে আবু সাঈদের এই বক্তব্য শুধু বাংলাদেশ নয় গুটা পৃথিবীকে জানান দিলো জালিমের বিরুদ্ধে সাহস করে এইভাবেই জীবন দিতে হয়। ২০০১ সালে কুলাউড়া থেকে নির্বাচনে অংশগ্রহণের পর পরাজিত হলেও আমি কুলাউড়ার মায়া ছাড়িনি। নির্বাচনের পরাজয়ের পরও হাসপাতালসহ অনেক প্রাতিষ্ঠানিক উন্নয়ন করেছি। বিগত ১৫ বছরে নিজ এলাকায় অনেক বার আসার চেষ্টা করেছি  বিগত সরকার আমাকে আসতে দেয়নি। ২৪ এর গণবিপ্লবে ফ্যাসিস্টের পতন হওয়ায় আজ আমিসহ বাংলাদেশের নিপীড়িত জনগণ মুক্ত হয়ে চলাফেরা করতে পারছি। বিগত সরকারের আমলে জনগণ ঘরে থাকলে খুন, আর বাহিরে গেলে গুম বলেছিলেন এরশাদ সাহেব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল কুদ্দুস, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুর রহমান, ঢাকা পল্টন থানা জামায়াত ইসলামীর আমির শাহীন আহমেদ খান, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শামছুল হক, ভূকশিমইল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাসুক আহমদ, সিলেট উসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার সাঈদ এনাম, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা টিএইচও ডাক্তার জাকির হোসেন, মৌলভীবাজার আদালতের এডভোকেট ছালিক আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মরত পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য ডা. শফিকুর রহমান ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন তাঁর নিজ গ্রাম ভাটেরায় ঈদ উদযাপন করেন এবং ওইদিন সন্ধ্যায় পৌরসভা হলরুমে সাধারণ লোকজনের সাথেও শুভে”ছা  বিনিময় করেন।

৯০ শতাংশ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চান: আমীর খসরু

ডিসেম্বরের পরে নির্বাচন কোন গোষ্ঠীর স্বার্থে, এই প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন, ৯০ শতাংশ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের ‘সিদ্ধান্ত দিয়েছে’।

রবিবার (৮ জুন) নগরীর মেহেদীবাগের বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, “এই সরকারের অধীনে আগামী দিনে নির্বাচন করা সম্ভব হবে কিনা, এই প্রশ্ন কিন্তু মানুষের মনে জেগেছে।”

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগের মধ্যে ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দাবি করে আসছে বিএনপি।

শুক্রবার ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সরকারপ্রধান বলেছেন, “বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।”

এর প্রতিক্রিয়ায় ‘হতাশা’ প্রকাশ করে বিএনপি বলেছে এপ্রিল নির্বাচনের ‘উপযোগী নয়’। দলটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমার মতে ৯০ শতাংশের উপর রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের সিদ্ধান্ত দিয়েছে। তারা তাদের প্রস্তাব, তাদের মতামত পরিষ্কার করেছে।

“কারণ আগামী এক-দেড় মাসের মধ্যে আমাদের সংস্কার কার্যক্রম শেষ হয়ে যাওয়ার কথা। এর বেশি লাগার কোনো কারণ নাই।”

বিচার কাজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিচার কার্য চলছে, বিচার বিভাগের অধীনে। একটা বিচারালয়ে বিচার চলছে। সুতরাং সরকার আসবে যাবে, বিচার অব্যাহত থাকবে।”

যাদের এখনও বিচারের আওতায় আনা যায়নি, সে জন্য ডিসেম্বরের পর্যন্ত সরকার সুযোগ পাচ্ছে তুলে ধরে আমীর খসরু বলেন, “সরকার যদি তারপরও আনতে না পারে, বিএনপি আসলে বাকি যারা থাকবে তাদের বিচারের আওতায় নিয়ে আসবে।”

বাংলাদেশে বিএনপির থেকে বেশি আর কোনো দল ক্ষতিগ্রস্ত হয়নি মন্তব্য করে দলটি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “বিএনপির দায়িত্ব হচ্ছে যারা এই নিপীড়ন নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা। আর কেউ করুক আর না করুক আমরা করব। আর এর পরে নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার কোনো সুযোগ নাই।”

এখন সব কাজ সমাপ্তির দিকে, তাই নির্বাচন কেন ডিসেম্বরের পরে, কেন আগে নয়, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, “অনেকের মতে তো এগুলো সমাধানের পর অক্টোবর-নভেম্বরে নির্বাচন হয়ে যাওয়ার কথা। তাহলে কেন ডিসেম্বরের পরে? এই প্রশ্নটা সকলের মনে জেগেছে। কার স্বার্থে ডিসেম্বরের পরে? কোন গোষ্ঠীর স্বার্থে?

“ওই গোষ্ঠীর স্বার্থে যদি ৯০ শতাংশ রাজনৈতিক দলকে উপক্ষো করে সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে সন্দেহ মানুষের মনে জাগবে।”

আমীর খসরু বলেন, “তারা যেভাবে প্রভাবিত হচ্ছে ওই গোষ্ঠীর স্বার্থে। তাহলে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কিনা এই প্রশ্ন মানুষের মনে জেগেছে। এই সরকারের অধীনে আগামী দিনে নির্বাচন করা সম্ভব হবে কিনা এই প্রশ্ন কিন্তু মানুষের মনে জেগেছে।”

দেশের প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় দাবি করে তিনি বলেন, “ডিসেম্বরের পরে যাওয়ার কোন যুক্তি নাই। ডিসেম্বরের পরে গেলে যেটা হবে, রমজান মাস আমাদের ত্যাগের-সংযমের মাস। ধর্মীয় অনুভূতির মাস।

“ওই মাসে আমরা নির্বাচনী কর্মকাণ্ড করতে চাই না। এরপরে পরীক্ষা। তারপরে আবহাওয়াজনিত সমস্যা, ঘূর্ণিঝড়। সুতরাং ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। এটাই আমাদের সিদ্ধান্ত।” ঈদের শুভেচ্ছা জানাতে এদিন বিএনপির নেতাকর্মীরা আমীর খসরুর বাসায় আসেন।

বৃটিশ এমপি টিউলিপের চিঠি পায়নি সরকার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়ে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি সরকার পায়নি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

শফিকুল আলম বলেন, ‘সরকার এখনও এ ধরনের কোনো চিঠি পায়নি। আমরা এমন কিছু নিয়ে মন্তব্য করতে পারি না যা আমরা দেখিনি।’

রোববার ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মূহাম্মদ ইউনূসের আসন্ন লন্ডন সফরে তার সাথে বৈঠক করতে চেয়ে চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্দিক। টিউলিপ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে।

প্রতিবেদনে জানানো হয়, দুর্নীতির অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝি নিরসনে বৈঠক চেয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠিয়েছেন ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক।

চিঠিতে টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন -দুদকের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝি দূর করতে এই বৈঠক চান তিনি। সেইসাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও তার খালা শেখ হাসিনার সাথে জড়িত কিছু প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করেন টিউলিপ।

টিউলিপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। এসব অভিযোগ অস্বীকার করলেও দেশে-বিদেশে সমালোচনার জেরে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়েন তিনি।

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। এর জবাবে শুক্রবার (৬ জুন) ড. ইউনূসও নরেন্দ্র মোদি ও ভারতের জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

রবিবার (৮ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

নরেন্দ্র মোদি ৪ জুন পাঠানো এক বার্তায় ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, এই পবিত্র উৎসব আত্মত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অত্যাবশ্যক। ওই চিঠিতে মোদি অধ্যাপক ইউনূসের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

প্রধানমন্ত্রী মোদির এই বার্তার জবাবে ৬ জুন পাঠানো চিঠিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, এই বার্তা আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক মূল্যবোধের প্রতিফলন। ঈদুল আজহা আত্মোপলব্ধি, ত্যাগ ও ঐক্যের অনুপ্রেরণা নিয়ে আসে, যা বিশ্বজুড়ে মানুষের কল্যাণে একযোগে কাজ করতে উদ্বুদ্ধ করে।

ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, দুই দেশের মাঝে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও অগ্রগতির পথে একসঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

কোরবানির মাংস দ্রুত বরফ করতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন?

কোরবানির ঈদে মাংস টাটকা রাখতে ফ্রিজে একসঙ্গে অনেক মাংস রাখতে হয়। যা একদিকে ফ্রিজের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, অন্যদিকে সময়মতো বরফ না হওয়ায় মাংস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ফলে কোরবানির মাংস দীর্ঘদিন সংরক্ষণের সঠিক ধারণা রাখতে হবে।

কারণ, তাপমাত্রা এবং নিয়ম মেনে মাংস সংরক্ষণ করলে ফ্রিজ ভালো থাকার পাশাপাশি মাংসও ভালো থাকবে।

বিশেষজ্ঞদের মতে, কোরবানির মাংস ভালোভাবে সংরক্ষণ করতে হলে ফ্রিজের তাপমাত্রা -১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে রাখা জরুরি। তাপমাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি মাংস ছোট ছোট ভাগে কেটে, শুকিয়ে ও এয়ারটাইট প্যাকেটে রেখে সংরক্ষণ করলে তা ৬ মাস পর্যন্ত ভালো থাকতে পারে।

ডিপ ফ্রিজের ক্ষেত্রে সর্বোত্তম তাপমাত্রা হচ্ছে -১৮° বা তার কম। প্রথম ২৪ ঘণ্টা বরফ দ্রুত জমাতে তাপমাত্রা -২০° পর্যন্ত নামিয়ে আনা যেতে পারে। এরপর আবার -১৮°তে স্থির রাখা উত্তম। এতে করে বরফ জমবে দ্রুত এবং সংরক্ষিত মাংস ৬ মাস পর্যন্ত ভালো থাকবে।

দ্রুত বরফ জমাতে যা করবেন

মাংস ছোট প্যাকেটে ভাগ করুন

ফ্রিজ কম খুলুন

ফ্রিজে যথেষ্ট জায়গা রাখুন

মাংস সংরক্ষণের কিছু গুরুত্বপূর্ণ টিপস

রক্ত ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে

শুকিয়ে ফ্রিজে রাখুন

প্রতিটি প্যাকেটে তারিখ লিখে রাখুন

আগে রাখা মাংস আগে ব্যবহার করুন (এফআইএফও)

বিদ্যুৎ চলে গেলে ফ্রিজ না খোলাই উত্তম

পানিসহ রেখে দিলে বরফ জমে ফ্রিজের সমস্যা হতে পারে

ভেজা মাংসে ব্যাকটেরিয়া দ্রুত ছড়ায়, যা সংরক্ষণের ক্ষেত্রে বিপজ্জনক

সঠিক তাপমাত্রা ও নিয়ম মেনে ফ্রিজে মাংস সংরক্ষণ করলে শুধু তার স্বাদ ও গুণাগুণই অক্ষুণ্ন থাকবে না, বরং পরিবারের সবার স্বাস্থ্যও সুরক্ষিত থাকবে।

পৃথিবীতে আর কোনো লিওনেল মেসি আসবে না

বার্সেলোনার স্বর্ণালি যুগের স্মৃতিচারণ করতে গিয়ে পেপ গার্দিওলা আবারও প্রমাণ করলেন, লিওনেল মেসির মতো আর কাউকে তিনি চোখে দেখেন না। বর্তমান ম্যানচেস্টার সিটি কোচ ইউরো জয়ী ১৭ বছর বয়সী লামিন ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে বিস্মিত হলেও, সাবেক শিষ্য মেসির সঙ্গে কোনো তুলনার সুযোগই রাখলেন না।

DAZN-কে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলা বার্সেলোনার নতুন বিস্ময় লামিন ইয়ামালকে নিয়ে বলেন, ‘সবাই যা বলছে, তা একেবারেই সত্য। সাধারণত এই পরিপক্বতা আসে ২৪ কিংবা ২৫ বছর বয়সে। কিন্তু ওর খেলায় একটা অনন্য ভারসাম্য আছে—একটু পাস, তারপর বিশ্রাম। আবার দারুণ এক স্পর্শে ম্যাচে প্রভাব ফেলে। কখনও ছোট্ট ড্রিবলিং, কখনও নিখুঁত ব্যাক পাস। আবার হঠাৎ করে এমন কিছু করে বসে, যা দিয়ে সে ম্যাচটাই জিতে দেয়।’

স্প্যানিশ জাতীয় দলের হয়েও ইউরো ২০২৪ জয়ী ইয়ামালের এমন পারফরম্যান্সে আপ্লুত গার্দিওলা যেন বাধ্য হয়ে বলেই ফেলেন, ‘এটা খুবই আশ্চর্যজনক, এবং বার্সার জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে তারা এমন একজন প্রতিভাবান খেলোয়াড় পেয়েছে। ওর মধ্যে ভবিষ্যতের অসাধারণ এক দৃষ্টিভঙ্গি আছে।’

তবে এখানেই থেমে যাননি গার্দিওলা। ইয়ামালের প্রশংসার মাঝেও ‘মেসির ছায়া’ ডিঙাতে দেননি তাকে। বলেন,

‘আমি দুঃখিত, কিন্তু লিও… আমার কাছে সে অনন্য। এমন কেউ আর হবে না, কখনও না। পৃথিবীতে আর কোনো লিওনেল মেসি আসবে না। এটা অসম্ভব।’

বার্সেলোনায় কোচ হিসেবে গার্দিওলার যাত্রা মানেই ছিল মেসির যুগের উত্থান। একসঙ্গে জিতেছেন একাধিক লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও অন্যান্য ট্রফি। আর এখন, যখন ইয়ামালের মধ্যে নতুন দিনের সম্ভাবনা দেখছেন সবাই, তখনও পেপ জানিয়ে দিলেন—মেসি ছিলেন, আছেন, থাকবেন এক আলাদা উচ্চতায়।

এদিকে ২০২৫ সালের লা লিগা ও কোপা দেল রে জয়ের পাশাপাশি ইয়ামাল যখন ইউরো ট্রফিও জিতে ফেলেছেন মাত্র ১৭ বছর বয়সে, তখন তার প্রশংসা করা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু গার্দিওলার চোখে ‘আলোর গতিতে উড়তে থাকা’ লামিন ইয়ামালের চেয়েও বেশি উজ্জ্বল থেকেছেন ‘আটবারের ব্যালন ডি’অর জয়ী’ আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘আনন্দ উৎসব’ মাতাবেন যাঁরা

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘আনন্দ উৎসব’। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এ উৎসব। গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে একাডেমির জনসংযোগ বিভাগ।

উৎসবে গান শোনাবেন তানজির তুহিন, আতিয়া আনিসা এবং নতুন প্রজন্মের গায়িকা পারশা মাহজাবীন পূর্ণা। আরও গাইবেন মিঠুন চক্র, এঞ্জেল নূর ও সমীর কাওয়াল।

সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে থাকছে কাওয়ালি গান। পরিবেশন করবেন সমীর কাওয়াল ও তাঁর দল। এরপরই মঞ্চে উঠবেন কণ্ঠশিল্পী আতিয়া আনিসা ও পারশা মাহজাবীন পূর্ণা। এছাড়া ‘যদি আবার’, ‘তিল’ ও ‘আমায় প্রশ্ন করে’ গানগুলো পরিবেশন করবেন এঞ্জেল নূর।

মিঠুন চক্র শোনাবেন ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘সাদা সাদা কালা কালা’ ও ‘ওরে সাম্পান ওয়ালা’ গানগুলো। সবশেষে মঞ্চে উঠবে তানজির তুহিনের ব্যান্ড ‘আভাস’।

জানা যায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় হতে যাওয়া এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।