Home Blog Page 425

ঝিনাইদহে নাট্যশিল্পীর বাড়িতে আগুন

ঝিনাইদহের কালীগঞ্জে এক নাট্যশিল্পীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গোয়ালঘর ও খড়ের গাদা পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার রাখালগাছী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নাট্যশিল্পী প্রশান্ত হালদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রশান্ত হালদার ঢাকার অনুস্বর নাট্যদলের প্রতিষ্ঠাতাদের একজন। এ ঘটনায় শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ঘটনার পর ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মন্জুর মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাট্যশিল্পী প্রশান্ত হালদারের লিখিত অভিযোগে উল্লেখ করেন, শত্রুতাবশত ঘটনার দিন মধ্যরাতে কে বা কারা তার বাড়ির পেছনে খড়ের গাদায় আগুন দেয়। পরে আগুন গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান।

তিনি জানান, এর আগে দুর্বৃত্তরা কয়েকবার তার ঘরের জানালায় মলমূত্র লাগিয়ে দেয়। একাধিকবার টিনের ঘরের চালে ও দোতলা ঘর লক্ষ্য করে ইট ও ঢিল ছুড়েছিল। তারা এ ঘটনা ঘটাতে পারে।

পরিবার সূত্রে জানা গেছে, নাট্যশিল্পী প্রশান্ত হালদার ও তার বোন শ্রাবণী রাখী ঢাকায় থাকেন। আগুনের খবর পেয়ে তারা গ্রামের বাড়িতে আসেন। তার বাবা-কাকারা গ্রামের বাড়িতেই থাকেন। প্রশান্ত হালদার ঢাকার অনুস্বর নাট্যদলে প্রায় চার দশক ধরে যুক্ত। নাট্যকার ও অভিনেতা হিসাবে তার বেশ পরিচিতি রয়েছে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোফাজ্জেল হক বলেন, ‘অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’

‘তাণ্ডব’-এ শাকিবের সঙ্গে দেখা যাবে সিয়ামকে!

গত ঈদে প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল শাকিব খানের ‘বরবাদ’ এবং সিয়াম আহমদের ‘জংলি’ সিনেমা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে মুক্তি পেয়েছিল ঢালিউডের দুই অভিনেতার দুইটি সিনেমা। এবার বড় সুখবর তারকা জুটির অনুরাগীদের জন্য।

আসন্ন কোরবানি ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এ দেখা যাবে শাকিব-সিয়ামকে। বেশ কিছু গোপন সূত্রে জানা গেছে, ‘তাণ্ডব’ সিনেমায় বিশেষ চমক নিয়ে হাজির হবেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এ ছবিতে তিনি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

‘তাণ্ডব’ সিনেমা শুটিংয়ের আগের শোনা গিয়েছিল শাকিবের সঙ্গে চমক দেখাবেন আফরান নিশো। তবে শাকিবের আপত্তিতে ‘তাণ্ডব’ থেকে বাদ পড়েন নিশো। সেই জায়গায় দেখা যাবে ‘জংলি’ সিনেমার অভিনেতাকে। পরিচালক রায়হান রাফি সিয়ামের ওপরেই ভরসা রাখছেন।

ইতোমধ্যে অন্তর্জালে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’ সিনেমার ফরকাস্ট। যেখানে শাকিব খানকে এক ভয়ংকার অবতার রূপে দেখা গেছে। এক মিনিট তিরিশ সেকেন্ডের ফরকাস্ট মনে কেড়েছে শাকিবিয়ানদের। এখন অপেক্ষা প্রেক্ষাগৃহে মুক্তির। প্রথম ঝলকেই সিনেমাপ্রেমীদের মন ঝড় তুলেছেন নির্মাতা রাফি। তবে দেড় মিনিটের ফরকাস্ট দেখা যায়নি সিয়াম আহমদকে।

জানা গেছে, ‘তাণ্ডব’-এ সিয়ামের অভিনয়ের বিষয়টি গোপন রেখেই সিনেমার শুটিং হয়েছে। বর্তমানে চলছে এর এডিটিং। শিগগিরই সব কাজ শেষে জমা পড়বে সেন্সর সার্টিফিকেটের টেবিলে। দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। যদিও এই সিনেমা নিয়ে এখনই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি নন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা।

শাকিব খান, সাবিল নূর, জয়া আহসানের বিষয় নিশ্চিত হওয়া গেলেও বাকি অভিনয়শিল্পীদের বিষয় জানতে অপেক্ষা করতে হবে। শীঘ্রই একে একে প্রকাশ পাবে ‘তাণ্ডব’ সিনেমার আরও অনেক প্রচারণামূলক ভিডিও। সেগুলো দর্শকদের আরও চমকে দেবে বলে আশ্বস্ত করেছেন নির্মাতা রায়হান রাফী।

সাইবার ঝুঁকি এড়াতে যেভাবে তৈরি করবেন নিরাপদ পাসওয়ার্ড

বর্তমান ডিজিটাল যুগে অনলাইন ডিভাইস ও অ্যাকাউন্ট ব্যবহারের পরিমাণ বেড়েই চলেছে। ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ব্যাংকিং অ্যাপ পর্যন্ত প্রতিটি অ্যাকাউন্টের জন্য প্রয়োজন হয় একটি নিরাপদ ও জটিল পাসওয়ার্ড। দুর্বল পাসওয়ার্ড ব্যবহারে ঝুঁকি থাকায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার অপরিহার্য।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সাধারণ নিয়ম অনুসরণ করলেই একটি নিরাপদ ও কার্যকর পাসওয়ার্ড তৈরি করা যায়। নিচে এমন ছয়টি কৌশল তুলে ধরা হলো—

দীর্ঘ পাসওয়ার্ড তৈর:পাসওয়ার্ড যত বড় হবে, হ্যাকারদের জন্য তা অনুমান করা ততটাই কঠিন হবে। অন্তত ১২ থেকে ১৫ অক্ষরের একটি পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

নিরাপদ শব্দের বিকল্প সংস্করণ ব্যবহার: কোনো একটি সাধারণ শব্দ যেমন বই বা অভিধান থেকে নিয়ে তাতে সংখ্যা, প্রতীক এবং বড় ও ছোট হাতের অক্ষরের সংমিশ্রণ ঘটিয়ে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারেন। এটি হ্যাকারদের জন্য অনেক বেশি জটিল করে তোলে।

ব্যক্তিগত উক্তি বা বাক্য দেয়া: আপনার মনে রাখা সহজ, কিন্তু অন্যদের কাছে কঠিন এমন কোনো উক্তি বা বাক্যকে পাসওয়ার্ডে রূপান্তর করুন। এই বাক্যে কিছু অক্ষর প্রতীক বা সংখ্যায় পরিবর্তন করলে তা আরও নিরাপদ হয়ে উঠবে।

ইমোজি এবং প্রতীক ব্যবহার করুন: অনেকে জানেন না যে, ইমোজি বা ইউনিকোড সিম্বলও পাসওয়ার্ডে ব্যবহার করা যায় (যদি সিস্টেম তা সমর্থন করে)। এতে করে পাসওয়ার্ড আরও বেশি নিরাপদ হয় এবং অনুমান করা কঠিন হয়ে পড়ে।

পাসওয়ার্ড জেনারেটরের সহায়তা: অনলাইনে অনেক ফ্রি পাসওয়ার্ড জেনারেটর রয়েছে, যা ব্যবহার করে অল্প সময়ে একটি জটিল ও অনুমান করা কঠিন পাসওয়ার্ড তৈরি করা সম্ভব। এরপর সেটি নিজের প্রয়োজন অনুযায়ী কপি করে ব্যবহার করা যেতে পারে।

প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড: একই পাসওয়ার্ড বারবার বিভিন্ন অ্যাকাউন্টে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। একটি অ্যাকাউন্ট হ্যাক হলে অন্য অ্যাকাউন্টগুলোতেও সেই পাসওয়ার্ড দিয়ে ঢুকে পড়া সহজ হয়ে যায়। তাই প্রতিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা ও কাস্টমাইজ করা পাসওয়ার্ড ব্যবহার করা উচিত।

সবশেষে মনে রাখা দরকার, একটি শক্তিশালী পাসওয়ার্ড কেবলমাত্র প্রযুক্তির সুরক্ষা নয়, বরং নিজের ব্যক্তিগত নিরাপত্তারও একটি অংশ। তাই পাসওয়ার্ড ব্যবহারে যতটা সম্ভব সচেতন ও কৌশলী হওয়া প্রয়োজন।

ঈদে শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

দুল আজহা উপলক্ষ্যে আগামী ৫ জুন থেকে ১৪ জুন টানা ১০ দিন ছুটি থাকবে। এসময় বন্ধ থাকবে ব্যাংকও। তবে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় ৫, ১১ ও ১২ জুন সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে আগামী ৫ জুন সীমিত পরিসরে ব্যাংকের শাখা খোলা থাকবে।

শিল্পঘন ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশকে ২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ২৮৩ কোটি টাকা (প্রতি ডলার সমান ১২১ টাকা ৬০ পয়সা ধরে)। ‘বাংলাদেশ সাসটেইনেবল ইমার্জেন্সি রিকভারি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রকল্প’ (বি-স্ট্রং) বাস্তবায়নের জন্য এই ঋণ দেওয়া হবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ ঋণচুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে বিশ্বব্যাংক ঢাকা অফিসের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।

ইআরডির সিনিয়র সহকারী সচিব সাবরিনা শারমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রকল্পটিতে মন্ত্রণালয়-বিভাগভিত্তিক পাঁচটি কম্পোনেন্ট রয়েছে। প্রকল্পটি পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন পানি উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি উন্নয়ন করপোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর ২০৩০ মেয়াদে বাস্তবায়ন হবে। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গত ২০২৪ সালের আগস্টে দেশে সংঘটিত বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বাঁধ মেরামত এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন করা।

জানা গেছে, বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে এ ঋণ গ্রহণ করা হবে এবং গৃহীত ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। এ ঋণের উত্তোলিত অর্থের ওপর বার্ষিক ০ দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং ১ দশমিক ২৫ শতাংশ হারে সুদ পরিশোধ করতে হবে। অনুত্তোলিত অর্থের ওপর বার্ষিক সর্বোচ্চ ০ দশমিক ৫০ শতাংশ হারে কমিটমেন্ট ফি দিতে হবে। তবে বিশ্বব্যাংক চলতি অর্থবছরসহ দীর্ঘদিন ধরে কমিটমেন্ট ফি অব্যাহতি দিয়ে আসছে।

প্রসঙ্গত, বিশ্বব্যাংক বাংলাদেশের বৃহত্তম বহুপাক্ষিক উন্নয়ন অংশীদার। স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য ৪৩ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে যা বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যে পারস্পরিক সহযোগিতা গভীর করেছে।

বর্তমানে বিশ্বব্যাংক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে ৪৭টি চলমান প্রকল্পের জন্য ১৩ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে।

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ১৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৯ জন নিহত হয়েছেন। হামলার শিকার স্কুলটি একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং এখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। নিহতদের মধ্যে দুজন রেড ক্রস কর্মী এবং এক সাংবাদিকও রয়েছেন। সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদমধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী আবারও গাজা ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে। সেখানকার একটি স্কুলে বোমা বর্ষণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। নিহতদের মধ্যে রয়েছেন দুজন রেড ক্রস কর্মী, এক সাংবাদিক এবং একাধিক শিশু।

নিহতদের মধ্যে মাত্র ১১ বছর বয়সী গাজার কনিষ্ঠতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদও রয়েছেন।

এদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপ ও আরব বিশ্বের ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি সম্মেলন বসেছে। সেখানে স্পেন আহ্বান জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনায় নিতে হবে। সম্মেলনের মূল লক্ষ্য ছিল ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করা।

পৃথক প্রতিবেদনে আল জাজিরা বলছে, গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ১২ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি হাজার হাজার শিশু চরম অপুষ্টির শিকার হয়ে মৃত্যু ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে গাজায় ৭০ হাজারেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

এর আগে রোববার গাজায় মোহাম্মদ ইয়াসিন নামে চার বছর বয়সী এক শিশু না খেতে পেয়ে মারা যায়। গাজায় সম্প্রতি অনাহারে মারা যাওয়া অসংখ্য শিশুর মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করল এই শিশুটি।

এদিকে বোমাবর্ষণ ও স্থল অভিযান আরও বাড়িয়েছে ইসরায়েল। এতে মাত্র এক সপ্তাহেই প্রাণ হারিয়েছেন প্রায় ৬০০ জন। মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত তাঁবুতে হামলায় এক মা ও তার সন্তানরা নিহত হয়েছেন।

এছাড়া খান ইউনিসের পূর্বে বানি সুহেইলায় আরেক শিশুর মৃত্যুর খবর জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা; ওই শিশুর পরিবারকে লক্ষ্য করে চালানো হয় ড্রোন হামলা। উত্তর গাজার জাবালিয়ায় আরেকটি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন দুই নারী ও এক শিশু। এসব তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া আলাদা হামলায় নিহত হয়েছে ইয়াকিন হাম্মাদ। তিনি ১১ বছর বয়সেই গাজার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম তারকা ছিলেন। একইসঙ্গে নিহত হয়েছেন ডাক্তার আলা আমির আল-নাজ্জারের ১০ সন্তানের মধ্যে ৯ জনই। একমাত্র জীবিত সন্তান ১১ বছর বয়সী আদম এখনও আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

প্রায় তিন মাস ধরে চলা ইসরায়েলি অবরোধের ফলে গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করেছে, অল্প সময়ের মধ্যেই হাজার হাজার শিশু অনাহারে মারা যেতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের ১৯ মাসের হামলায় এখন পর্যন্ত যত ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ৩১ শতাংশই শিশু। উল্লেখ্য, এ হিসাব শুধু শনাক্তকৃত মৃতদের নিয়ে; বহু মৃত্যুর তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বারবার ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা চালিয়েছে। এর ফলে শিশুদের ওপর সহিংসতা বেড়েছে, শিশু মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে।

ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। হুমকি-ধামকি উপেক্ষা করে নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। প্রতিটি নাগরিককে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকতে হবে। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে এবং তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান-অভিমান কিংবা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই।

রোববার (২৫ মে) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ, সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। এর মাধ্যমে রাষ্ট্রে নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হয়। দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত থাকলে সরকারের পক্ষ ফ্যাসিবাদী চরিত্র ধারণ করা সহজ হয় না। সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার, সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে।

তিনি বলেন, হাজারো শহীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত বর্তমান এই অন্তর্বর্তী সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার হয়তো সংকট নেই। তবে এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। সরকার যেহেতু জবাবদিহিমূলক নয়, সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনাই কার্যকর এবং টেকসই হয় না, হবেও না।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের যোগ্য-অযোগ্যতা বিষয় নয়। দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশি-বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে, অন্যদিকে এক অনিশ্চিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এক রকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন। এ কারণে আমরা দেখছি, জনগণ প্রায় প্রতিদিন বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। যদিও তাদের এই দাবি-দাওয়া শোনার জন্য এই মুহূর্তে কেউ নেই।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ এবং সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারের প্রতি বিএনপিসহ আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে-বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তী সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে।

জুলাই অভ্যুত্থানে চোখ হারানো চার তরুণের দায়িত্ব নিলেন তারেক রহমান

চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চারজন রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিষপান করেছেন। তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিষপান করা চারজন হলেন- শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)। বিষপানের পর তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।

রোববার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংশ্লিষ্টদের খোঁজখবর নিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

‘আমরা বিএনপি পরিবার’ সেলের মাধ্যমে তাদের এই চিকিৎসা সহায়তা দেওয়া হবে। আহত চারজন এবং তাদের পরিবারের প্রতি তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও ড্যাবের সাবেক যুগ্ম-মহাসচিব ডা. আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. মঞ্জুরুল আজিজ ইমন, ছাত্রদলের সাবেক সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডা. তাওহীদুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন, ছাত্রনেতা শিহাব, সিফাত এবং কেন্দ্রীয় বিএনপি ও ছাত্রদলের দলের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জুলাই অভ্যুত্থানে চোখ হারানো চার যোদ্ধা রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিষপান করার বিষয়টিকে ‘কঠিন মনস্তাত্ত্বিক ধাক্কা’ হিসেবেই দেখছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

ফাউন্ডেশন বলছে, দীর্ঘদিনের অবহেলা, হতাশা ও একাকিত্বের চাপে পড়ে এই যোদ্ধারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা, সামাজিক অবহেলা ও নিরাপত্তাহীনতার জেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন চারজন জুলাই যোদ্ধা।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জুলাই ফাউন্ডেশন এসব তথ্য জানায়।

বিবৃতিতে ফাউন্ডেশনটির সিইও লে. কর্নেল (অব.) কামাল আকবার জানান, আত্মহত্যার চেষ্টা করা যোদ্ধাদের মধ্যে একজন কিছুদিন আগেই বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। যোদ্ধাদের এমন সিদ্ধান্ত শুধু তাদের ব্যক্তিগত দুর্বলতা নয়—বরং এটি একটি সামাজিক ব্যর্থতার বহিঃপ্রকাশ।

পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিকের শিক্ষকরা

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সোমবার (২৬ মে) থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এতে করে বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মূলত, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১ গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে তারা এই কর্মসূচি দিয়েছেন। সারাদেশের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক পূর্ণ বিরতির এই কর্মসূচি পালন করবেন।

‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচি নিয়ে শিক্ষকরা বলছেন, শিক্ষার মূল ভিত্তি গঠনের দায়িত্বে থাকা সহকারী শিক্ষকদের সঙ্গে ‘পদমর্যাদা ও বেতন কাঠামোয় বঞ্চনার’ অবসান না হলে আন্দোলন আরও জোরদার হবে।

নিক্কিই ফোরামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, বাজেট সহায়তাসহ ৬টি সমঝোতার প্রস্তুতি

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বুধবার চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। সফরকালে জাপানের কাছ থেকে ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা পাওয়া যাবে যাবে বলে আশা করা হচ্ছে। সফরে নিক্কিই ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সামনে রেখে ৬–৭টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাখছে দু’দেশ।

নিক্কিই ফোরাম আগামী ২৯ ও ৩০ মে ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি আগামী ৩০ মে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে করবেন দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ৩১ মে ঢাকায় ফেরত আসার কথা রয়েছে ড. ইউনূসের।

দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশিদারিত্বে রয়েছে। আসন্ন শীর্ষ পর্যায়ের বৈঠকে দুই দেশের সার্বিক বিষয়গুলো ভবিষ্যত দিক নির্দেশনা ঠিক করা হবে। বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন খাতভিত্তিক সহযোগিতা বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুগুলো আলোচনায় থাকবে।

সফরকে কেন্দ্র করে বেশ কিছু সমঝোতা নিয়ে দুই দেশ কাজ করছে। এর মধ্যে বাজেট সহযোগিতা, প্রকল্পগুলোতে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্ট (ওডিএ), বিদ্যুৎখাতে কৌশলগত সমঝোতা, নারায়নগঞ্জে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের (এসইজে) ভূমি নিয়ে সমঝোতা, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক প্রবাসী কল্যাণে সমঝোতা, বিনিয়োগ উন্নয়ন সমঝোতা এবং অথৈনিতক অংশিদারিত্ব চুক্তি (ইপিএ) নিয়ে আলোচনা চলছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে জানা গেছে, এবারের সফরে ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা আশা করছে ঢাকা। ২০২৩ বাংলাদেশকে সাড়ে ২২ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে জাপান। আগেরবার ঋণের সুদ হার ১ দশমিক ৬ শতাংশ, এককালীন ফ্রন্টএন্ড ফি দশমিক ১ শতাংশ ছিল। তা ঋণটি ১০ বছর গ্রেস পিরিয়ডসহ মোট ৩০ বছরে পরিশোধযোগ্য। এর আগে ২০২০ ও ২০২১ সালে জাপান সরকার বাংলাদেশকে মোট সাড়ে ৬৮ কোটি ডলারের বাজেট সহায়তার ঋণ দিয়েছিল।