Home Blog Page 426

ট্টগ্রামের কাঁচা বাজারে স্বস্তির হাওয়া কমছে নিত্যপণ্যের দাম

প্রতিদিনের বাজারে দাম বাড়ার ধাক্কায় যখন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ, তখন একরাশ স্বস্তি এনে দিল চট্টগ্রামের বাজারগুলোতে। চলতি সপ্তাহে নগরীর কর্ণেলহাট ও পাহাড়তলীসহ বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে দেখা গেছে। বিশেষ করে সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের মনে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে। তবে গরু ও খাসির মাংসসহ কিছু পণ্য এখনো ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে।

শনিবার (২৪ মে) চট্টগ্রাম নগরীর কর্ণেলহাট ও পাহাড়তলী বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি মৌসুমি সবজি মিলছে উল্লেখযোগ্য কম দামে। বাজারে টমেটো ৩০-৫০, দেশি গাজর ৪০-৬০, লম্বা বেগুন ৬০, সাদা গোল বেগুন ৬০, কালো গোল বেগুন ৭০, শসা ৩০-৫০, উচ্ছে ৬০, করলা ৬০, কাঁকরোল ৪০-৬০, পেঁপে ৮০, মুলা ৬০, ঢেঁড়স ২০-৪০, সজনে ১২০, পটল ৩০-৪০, চিচিঙ্গা ২০-৩০, ধুন্দল ৪০, ঝিঙা ৩০-৪০, বরবটি ৪০-৬০, কচুর লতি ৫০-৭০, মিষ্টি কুমড়া ২৫-৩০, কাঁচা মরিচ ৩০-৫০ এবং ধনেপাতা ৪০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির দাম কমায় বাজার করতে অনেকটাই সুবিধা হচ্ছে বলেন কর্ণেলহাট বাজারের ক্রেতা শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘গত সপ্তাহে যে বেগুন ৬০ টাকায় কিনেছি, আজ সেটা ৫০ টাকায় পাচ্ছি।’

‘টমেটো, গাজর, শসাসহ প্রায় সবকিছুর দামই গত সপ্তাহের তুলনায় কমেছে। এতে আমরা সাধারণ মানুষ উপকৃত হচ্ছি’ বলেন গৃহিনী ফাতেমা বেগম।

সবজির দামের বিষয়ে সবজি বিক্রেতা সিদ্দিক উল্লাহ বলেন, আগের তুলনায় বাজারে সবজির সরবরাহ বেড়েছে। যেকোনও কিছুর সরবরাহ বাড়লে দাম অটোমেটিক কমে যায়। কিছু দিন আগেও সবজির দাম যখন বাড়তি ছিল তখন বিক্রিও কম হয়েছিল। এখন দাম কম, ক্রেতাদের চাহিদাও মোটামুটি বেশি।

মাংসের বাজারে ব্রয়লার, কক এবং দেশি মুরগির দামেও স্তিতিশীলতায় স্বস্তি এনেছে ভোক্তাদের মধ্যে। ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা, কক মুরগি ২৫০ টাকা, লেয়ার মুরগি ৩শ-৩১০ এবং দেশি মুরগি ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের মধ্যে বর্তমানে প্রতি ডজন ফার্মের লাল ডিম ১২৫-১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

কর্ণেলহাটের মাংস বিক্রেতা মো. সেলিম জানান, ক্রেতারা এখন স্বাচ্ছন্দ্যে মুরগি কিনছেন। কোরবানির আগ পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে বলে আমরা আশা করছি।

এদিকে সবজির বাজারে স্বস্তি মিললেও গরু ও খাসির মাংসের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। গরুর মাংস ৮শ এবং খাসির মাংস ১২শ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় এখনো বেশি।

পেঁয়াজের দাম মান ও আকারভেদে ৫৫-৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুনের মধ্যে দেশি রসুন ১২০, চায়না রসুন ১৮০-২শ টাকা আর চায়না আদা ১৮০-২শ এবং ভারতীয় আদা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলুর ক্ষেত্রে সাদা ও লাল আলু উভয়ই ১৮ থেকে ২০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে, তবে বগুড়ার আলুর দাম ৩৫ টাকা। মুদি সামগ্রীর মধ্যে ছোট মসুর ডাল ১৩০, মোটা মসুর ১১০, বড় মুগ ১৪শ, ছোট মুগ ১৭০, খেসারি ১শ, বুটের ৬০, মাষকলাই ১৯০, ডাবলি ৬০ ও ছোলা ১শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়াও বাদাম, কিসমিস, মসলা আগের মতই, চাল ১১০-১৫০, চিনি ১১০-১১৫, ময়দা ১৫০, আটা ১১৫, সয়াবিন তেল ১৫৭-১৮৯ এবং সরিষার তেল ১৯০ টাকা প্রতি লিটার দরে পাওয়া যাচ্ছে।

প্যাকেট পোলাও চাল ১৫০, খোলা ১১০-১৩০ টাকা, প্যাকেটজাত চিনি ১১৫ টাকা, খোলা ১১০ টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৫০ এবং আটা ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। তেলের মধ্যে বোতলজাত সয়াবিন ১৮৯ (প্রতি লিটার), খোলা ১৫৭ টাকা এবং খোলা সরিষার তেল ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে ইলিশ ১২শ-৩ হাজার, রুই ৪শ-৬শ, কাতল ৪শ-৫৫০, কালিবাউশ ৪শ-৭শ, চিংড়ি ৯শ-১৭শ, কাঁচকি ৪শ, কৈ ২৫০-৩শ, পাবদা ৪শ-৫শ, শিং ৪শ-৬শ, টেংরা ৭শ-১ হাজার, বোয়াল ৬শ-১২শ, শোল ৭শ-১ হাজার, চিতল ৬শ-১ হাজার এবং রূপচাঁদা ১২শ-১৪শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে; সরবরাহ ঠিক থাকলে দাম আরও স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

পাহাড়তলী বাজারের ব্যবসায়ী ইয়াকুব সওদাগর জানান, সরবরাহ ঠিকঠাক থাকলে ভবিষ্যতেও বাজার স্থিতিশীল থাকবে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি আসবে।

এদিকে, আসন্ন কোরবানির ঈদ ঘিরে দেশে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে দাম বেড়েছে লবঙ্গ ও দারুচিনির। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫৫ টাকা বেড়ে দারুচিনি ৪৪৫ এবং ১০ টাকা বেড়ে লবঙ্গ ১৩৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কেজিতে ২শ টাকা দাম কমেছে এলাচের। খাতুনগঞ্জে ৪ হাজার ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পণ্যটি। এর বাইরে জিরা ৬শ, ধনিয়া ১৫০ এবং গোলমরিচ ১১শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারটিতে।

অনুমতি ছাড়া ডাউনলোড হবে না হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো করে। শুধু ব্যক্তিগত কাজ নয়, অফিসসহ যাবতীয় কাজে ব্যবহৃত হয় এই অ্যাপসটি। স্বাভাবিকভাবেই বহু প্রয়োজনীয় নথি আদান-প্রদান হয় এই অ্যাপে। তবে অযথাই বহু ছবি-ভিডিও না চাইতেও ডাউনলোড করে ফেললেই নষ্ট নয় ডাটা ও ফোনের স্টোরেজ। এখন মেটা নতুন একটি ফিচার যুক্ত করেছে।

এখন আপনি না চাইলে কোনো কিছুই ডাউনলোড হবে না। আপনি ক্লিক করলে তবেই ডাউনলোড হবে। কিন্তু একইসঙ্গে সেভ হয়ে যায় গ্যালারিতে। ফলে না চাইলেও ডাটা ও স্পেস, দুটোই নষ্ট হয়। এই সব কথা মাথায় রেখেই নতুন ফিচার আনছে সংস্থা।

এবার থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি-ভিডিও প্রাপকের গ্যালারিতে সেভ হবে কি না, তা ঠিক করতে পারবেন প্রেরক। এতে একে যেমন ডাটা বাঁচবে, তেমন ছবি-ভিডিওর অপব্যবহার কমবে।

ছবি বা ভিডিও গ্যালারিতে সেভ হবে কি না, সেই নিয়ন্ত্রণ থাকবে প্রেরকের হাতে। তিনিই ঠিক করবেন, যা পাঠাচ্ছেন প্রাপক তা আদৌ সেভ করতে পারবেন কি না। জানা যাচ্ছে, শুধু ছবি-ভিডিও নয়, পরবর্তীতে টেক্সটের ক্ষেত্রেও চালু হবে এই ফিচার। শিগগির হয়তো সব ব্যবহারকারী এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।

আনচেলত্তি-মদরিচের বিদায়ী ম্যাচে এমবাপ্পের জোড়া গোল

লা লিগার শেষ ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য হয়ে উঠেছিল আবেগঘন এক বিদায়ী উপলক্ষ। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে মৌসুম শেষ করে লস ব্লাঙ্কোরা। আর এই জয়ে নায়ক কিলিয়ান এমবাপ্পে, যিনি জোড়া গোল করে ক্লাবের তিন কিংবদন্তির বিদায়ের দিনে রাঙিয়ে তুললেন মঞ্চ।

এই ম্যাচ দিয়েই রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিলেন কোচ কার্লো আনচেলত্তি, মিডফিল্ডের রাজপুত্র লুকা মদ্রিচ ও দীর্ঘদিনের নির্ভরযোগ্য উইঙ্গার লুকাস ভাসকেস। এই তিনজনকে বিদায় জানাতে ভরা গ্যালারিতে হাজির ছিলেন সমর্থকরাও। ক্লাবও আয়োজন করেছিল স্মরণীয় বিদায়ী অনুষ্ঠান।

মাঠের খেলায় প্রথমার্ধেই এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে আরও একবার জালের দেখা পান এমবাপ্পে। লা লিগায় এটি তার প্রথম মৌসুম হলেও ৩৪ ম্যাচে ৩১ গোল করে একপ্রকার নিশ্চিত করে ফেলেছেন পিচিচি ট্রফি (লা লিগার সর্বোচ্চ গোলদাতার খেতাব)। দ্বিতীয় স্থানে থাকা রবার্ট লেভানদোভস্কির গোল ২৫টি (৩৩ ম্যাচে)। শুধু পিচিচিই নয়, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতা হিসেবেও এমবাপ্পে নিশ্চিত করেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট।

মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৮৪ (২৬ জয়, ৬ ড্র, ৬ হার)। বার্সেলোনা এক ম্যাচ কম খেলে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, অর্থাৎ রানার্সআপ হয়েই মৌসুম শেষ করতে হয়েছে আনচেলত্তির শিষ্যদের।

তবে এক মৌসুমে সব না পেলেও, শেষ দিনে জয়, কিংবদন্তিদের বিদায় আর ভবিষ্যতের তারকার উজ্জ্বলতা সব মিলিয়ে রিয়ালের রাতটা ছিল স্মরণীয়। নতুন যুগের আগমনী বার্তা যেন দিয়ে রাখলেন কিলিয়ান এমবাপ্পে।

আলী’র বিশ্বজয়, বাংলাদেশি চলচ্চিত্র পেল কানে বিশেষ স্বীকৃতি

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি) দেয়া হয়েছে আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটিকে। শনিবার উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা করা হয়।

সিনেমাটি কানে প্রদর্শিত হয় গত শুক্রবার।

আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হলো, সে নারীকণ্ঠেও গাইতে পারে!

ছবির মূল কারিগার নির্মাতা আদনান আল রাজীব। দেড় যুগ ধরে টিভির নির্মাণে কাজ করছেন। ১৫ মিনিটের সিনেমা ‘আলী’ ছবির শুটিং প্রসঙ্গে আদনান জানান, গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করেছিলেন। টানা পাঁচ দিন কাজ করে শুটিং শেষ করেন।

এটি শেয়ার করে রাজীব ফেসবুকে লিখেছেন, এটা বাংলাদেশের জন্য সিনেমাটি উৎসবের কথা মাথায় রেখে বানিয়েছিলেন আদনান আল রাজীব। তবে তা যে কান উৎসব হবে, ভাবেননি তিনি। কানে মনোনয়নের পর আদনান বলেছিলেন, ‘আমরা তো আসলে কখনোই কান উৎসবের কথা ভাবিনি। এটা তো স্বপ্নের মতো ব্যাপার। আমাদের লক্ষ্য ছিল একটা ফিল্ম বানাব। এরপর একটা অভিনব ভাবনা মাথায় আসে। তখন আমার কাছে মনে হয়েছিল, এই ভাবনা নিয়ে কাজ করি।’

ভারত – পাকিস্তানের মধ্যে আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়লো

ভারত ও পাকিস্তান পরস্পরের আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। শুক্রবার প্রতিবেশী দুই দেশ পাল্টাপাল্টি এ পদক্ষেপ নেয়। শনিবার (২৪ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) উড়োজাহাজ পরিচালকদের উদ্দেশে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আগামী ২৪ জুন ভোর ৪টা ৪৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামরিক ফ্লাইটসহ ভারতের নিবন্ধিত, পরিচালিত বা মালিকানাধীন উড়োজাহাজ এবং দেশটির উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর ইজারা নেওয়া উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

পিএএ বলেছে, এ নিষেধাজ্ঞা ভূমি থেকে শুরু করে সীমাহীন উচ্চতা পর্যন্ত প্রযোজ্য হবে। নির্দেশনার আওতায়, কোনো ভারতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বা নিয়ন্ত্রকের ফ্লাইট পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ বা অতিক্রম করতে পারবে না। তবে অন্যান্য আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

অন্যদিকে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ও একইরকম বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, সামরিক ফ্লাইটসহ পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ইজারা নেওয়া উড়োজাহাজ ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।

উল্লেখ্য গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন। এরপর গত মাসে ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো একে অপরের আকাশসীমায় নিষেধাজ্ঞা আরোপ করে।

গণহত্যা চলছেই, গাজায় প্রাণহানি ছাড়াল ৫৩ হাজার ৯০০

গাজায় হামাস উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই। প্রতিদিনই তীব্রতর হচ্ছে ইসরায়েলি বাহিনীর হামলা; দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য। একদিকে আকাশ ও স্থল অভিযান, অন্যদিকে ত্রাণ সরবরাহ বন্ধ; গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য।

ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত ভূখণ্ডটি পুরো দখলের প্রতিজ্ঞা নিয়ে গাজায় হামলার তীব্রতা ব্যাপকহারে বাড়িয়েছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় সবশেষ ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত সাড়ে ১৯ মাসে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫৩ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৯ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও ২১১ জন ফিলিস্তিনি। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২২ হাজার ৫৯ জনে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক হামলার প্রতিক্রিয়াস্বরূপ গাজায় ভয়াবহ এক অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৭৪৭ জন নিহত ও প্রায় ১০ হাজার ৬০০ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

আওয়ামী লীগ আমলের সব নির্বাচন বাতিল ও ইসি পুনর্গঠনের দাবি এনসিপির

আওয়ামী লীগ সরকারের সময় করা সব নির্বাচন বাতিল ও নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার(২৪ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৈঠক শেষে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই মাসে ‘জুলাই সনদ’ ঘোষণার বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধান তাদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, “আমরা বলেছি প্রধান উপদেষ্টা যেন তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করে যান। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করেন।” প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন এবং মনে করেন যে, চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে।

এনসিপি প্রধান আরও জানান, তারা পূর্ববর্তী সরকারের সময়ের নির্বাচনগুলোকে ‘অবৈধ’ ঘোষণার দাবি জানিয়েছেন এবং স্থানীয় নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, সরকারে কাছে সংস্কার, গণহত্যার বিচার ও নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ চেয়েছেন।

বিএনপি কর্তৃক দুই ছাত্র উপদেষ্টাকে অপসারণের দাবিকে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।

চট্টগ্রামের আট উপজেলায় হাসনাত-জারার পথসভা আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা রবিবার দক্ষিণ চট্টগ্রামের পটিয়াসহ ৮ উপজেলার ৯ স্থানে পথ সভা করবেন। এদিন সকাল ৯টা থেকে দক্ষিণ চট্টগ্রামের আট উপজেলায় এ পথ সভা শুরু করবেন তারা।

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি মিডিয়া উইংয়ের মুখপাত্র আরফাত আহমেদ রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক, সকাল ১০টায় আনোয়ারার চাতুরী চৌমুহনী, বেলা সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলা চত্বর, দুপুর দেড়টায় সাতকানিয়া কেরানীহাট, দুপুর ২টায় লোহাগড়া উপজেলার আমিরাবাদ। বিকেল সাড়ে ৩টায়  চন্দনাইশের দোহাজারী পৌরসভা, বিকেল ৪টায় চন্দনাইশ পৌরসভা, বিকেল ৫টায় পটিয়া উপজেলা কলেজ গেইট মোড়, সন্ধ্যা ৬টায় বোয়ালখালী উপজেলার গোমদণ্ডি, ফুলতলে পথসভা করবেন হাসনাত আব্দুল্লাহ ও ডা. তাসনিম জারা।

পথসভায় জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম এবং কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম মানিক বলেন, হাসনাত আবদুল্লাহ ও  ডা. তাসনিম জারা রোববার সকালে চট্টগ্রামে পৌঁছাবেন। দক্ষিণের নানা উপজেলায় পথসভা করবেন তারা।

নির্বাচন ৩০ জুনের মধ্যে, সমর্থন দিয়েছে জামায়াত-এনসিপি: প্রেস সচিব

আগামী বছরের ৩০ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার(২৪ মে) সন্ধ্যায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

শফিকুল আলম বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জামায়াত ও এনসিপি এ বিষয়ে সমর্থন জানিয়েছে।”

তিনি আরও বলেন, তিনটি রাজনৈতিক দলই প্রধান উপদেষ্টার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় এবং নির্বাচন ডিসেম্বর থেকে জুনের ৩০ তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে, এর বাইরে যাবে না।

প্রেস সচিবের তথ্য অনুযায়ী, এনসিপি স্থানীয় নির্বাচনে জোর দিয়েছে এবং আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে। তবে, বিএনপি, জামায়াত ও এনসিপি কেউই প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি, বরং তাকে সমর্থন জানিয়েছে।

ঈদ যাত্রা: ট্রেনের চার জুনের টিকিট মিলছে আজ

আগামী সাত জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই যাত্রায় পঞ্চম দিনের (৪ জুন) ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হচ্ছে রোববার। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

এদিন সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।

এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

কর্মপরিকল্পনার তথ্য মতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের আসন বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে, তিন জুনের আসন বিক্রি হয়েছে ২৪ মে, পাঁচ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ছয় জুনের আসন বিক্রি হবে ২৭ মে।

রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাত দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।