Home Blog Page 435

হজ ফ্লাইট মঙ্গলবার থেকে শুরু

পবিত্র হজের ফ্লাইট আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে ১১২ জন এবং বেসরকারি পর্যায়ে ১ হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহায়তা করবেন।

হজযাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ তিনটি এয়ারলাইনস। ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

পবিত্র হজ উপলক্ষে এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং নাস এয়ারলাইনস ৩৪টি ফ্লাইট।

হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফাতের ময়দানে হজের খুতবা, যা ৯ জিলহজ মসজিদে নামিরা থেকে প্রদান করা হয়। এবারও বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত হবে হজের খুতবা, এবং তাৎক্ষণিক অনুবাদ করা হবে ২০টি ভাষায়।

যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে সেগুলো হলো- বাংলা, ফরাসি (ফ্রেঞ্চ), মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো এবং জার্মান।

উল্লেখ্য, ১৪৪৬ হিজরির ৯ জিলহজ (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন, উচ্ছ্বসিত ভক্তরা

কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পেয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।
দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয় সিরিয়ালটির দ্বিতীয় ও তৃতীয় সিজন। ২০২১ সালের ১৩ এপ্রিল ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় তৃতীয় সিজনের শেষ পর্ব (৭৯)। এরপর চতুর্থ সিজন নির্মাণের দাবি জানান দর্শকরা। এ সিজন শেষ হয়েছে তাও আড়াই বছর আগে। বরাবরের মতো পঞ্চম সিজনের জোর দাবি ওঠে। কিন্তু তা আর হয়নি।
দীর্ঘ সময় বিরতি নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পঞ্চম সিজন নিয়ে হাজির হতে যাচ্ছেন পরিচালক অমি। নতুন সিজনের একটি পোস্টারও প্রকাশ করেছেন এই নির্মাতা। অমি বলেন, “দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট।” পরিচালকের এ ঘোষণায় আনন্দিত ভক্ত-অনুরাগীরা। নির্মাতার পোস্টটি প্রায় ২০ হাজার শেয়ার পড়েছে।
মিনহাজ নামে একজন লেখেন, “মনটা ভালো করে দিলেন।” শুভঙ্কর দেবনাথ লেখেন, “অধীর আগ্রহে অপেক্ষা করছি।” রফিকুল আমিন সাব্বির লেখেন, “তাড়াতাড়ি চাই সিজন ফাইভ।” ফারহান লেখেন, “আর অপেক্ষা করতে পারছি না।” অনেকে জানতে চেয়েছেন কবে থেকে নতুন সিজনের প্রচার শুরু হবে। যদিও এ তথ্য এখনো জানা যায়নি। এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে নির্মাতার কমেন্ট বক্সে।
গত দুই দিন ধরে নতুন সিজনের শুটিং চলছে। পূর্বের সিজনের অনেকেই শুটিংয়ে অংশ নিয়েছেন। তবে নতুন সিজনে কারা কারা অভিনয় করছেন সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা যায়নি। নতুন সিজনে চমক থাকবে বলে শোনা যাচ্ছে।

আগের সিজনের দেখা গেছে একঝাঁক তারকাকে। এ তালিকায় রয়েছেন- মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল প্রমুখ।

আবারও বিচারক পূর্ণিমা

দিলারা হানিফ পূর্ণিমা, অভিনয়ে অনিয়মিত হলেও তার রয়েছে আলাদা দর্শকপ্রিয়তা। বিশেষকরে, তার সৌন্দর্যের কারণে এখনও তিনি সমাদৃত।
অভিনেত্রী হিসেবে পূর্ণিমার আলাদা গ্রহণযোগ্যতা থাকলেও এই অভিনত্রী অনেকদিন অভিনয় থেকে দূরে। কবে তিনি অভিনয়ে ফিরবেন, সেটিও অজানা।
তবে রান্নাবিষয়ক একটি রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিচারক হয়ে পর্দায় ফিরলেন তিনি। মাছরাঙা টেলিভিশনে এর প্রচার শুরু হয়েছে।
কয়েক মাস ধরে এর প্রচার শুরু হলেও পূর্ণিমা এসেছেন স্টুডিও রাউন্ড থেকে। দেশসেরা রন্ধনশিল্পীদের রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজনের দায়িত্ব পালন করছেন তিনি।
এ বিষয়ে পূর্ণিমা বলেন, ‘এর আগেও নানা অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছি। তবে রান্না অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন উপভোগ করছি। আয়োজনে রন্ধনশিল্পীরা শ্রেষ্ঠত্বের লড়াই দেখাচ্ছেন। আশা করছি, এখান থেকে প্রতিভাবান রন্ধনশিল্পীরা বের হবেন।’
বলা প্রয়োজন, পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ রয়েছে নির্মাণাধীন। তবে কবে নির্মাণ কাজ শেষ হবে, সে বিষয়ে রয়েছে সংশয়।

‘সব ব্যাটারকেই দায়িত্ব নিতে হবে’

সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসরে। যে এক ফরম্যাট খেলছেন, সেই টেস্টেও রান পাচ্ছেন না মুশফিকুর রহিম। পঞ্চপাণ্ডবের একমাত্র ক্রিকেটার তিনি, যিনি দেশের হয়ে খেলতে নামেন এখনও। তবে ব্যাটে রান না থাকায় তাকে নিয়ে সমালোচনা কম হচ্ছে না। এবার মুশফিকের পাশে দাঁড়ালেন আরেক উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। জাকের মনে করিয়ে দিয়েছেন, রান করার দায়িত্ব শুধু মুশফিকের নয়, প্রত্যেক ব্যাটারের। মুশফিক ফর্মে ফেরার জন্য অনেক পরিশ্রম করছেন বলেও জানান তিনি। জাকের বলেন, ‘উনি তো একা খেলছে না। উনাকেই রান করতে হবে এমন তো না, সবাইকেই করতে হবে। উনি রান পাচ্ছেন না, এটা যে কারও সাথেই হতে পারে। উনারই প্রতিদিন রান করতে হবে এমন তো কোনো কথা নেই। সবাইকেই রান করতে হবে। ব্যাটার যতজন আছে সবারই দায়িত্ব নিতে হবে। সবার রান করতে হবে।’ জাকেরের চাওয়া, রান আসুক বা না আসুক সবার মধ্যে যেন চেষ্টা থাকে, ‘রান না করলেও অন্তত ঐ ফাইটটা শো করতে হবে। যেমন গত ইনিংসে হাসান, ওর ব্যাটিং আমার কাছে খুবই ভালো লেগেছে। ও যে ফাইট করেছে। এরকম ইনটেন্ট থাকল। সবাই প্রতিদিন রান করবে না। অন্তত চেষ্টা করুক। চেষ্টা করলেই বড় রান করা সম্ভব। সবার স্টেপ আপ করা জরুরী। মুশফিক ভাই সবসময় কঠোর পরিশ্রম করেন, এখনও করছেন। উনি থেমে নেই আসলে। উনিও পথ খুঁজছেন, ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি কামব্যাক করবেন।’

চট্টগ্রাম টেস্টেও জয়ে আত্মবিশ্বাসী কারান

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। সিলেট টেস্টে বাংলাদেশের চোখে চোখ রেখে লড়াই করেছে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত জিতে নিয়েছে ম্যাচটাও। এবার চট্টগ্রাম টেস্টেও জেতার ব্যাপারে দারুণ আশাবাদী জিম্বাবুয়ে দল। আগামীকাল ২৮ এপ্রিল চট্টগ্রামে গড়াবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্ট উপলক্ষে চলছে অনুশীলন ও প্রস্তুতি। অনুশীলন শেষে গতকাল (২৬ এপ্রিল) জিম্বাবুয়ের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন বেন কারান। সিলেট টেস্ট জিতে দারুণ আত্মবিশ্বাসী কারান চট্টগ্রামেও হারাতে চান বাংলাদেশকে। কারান বলেছেন, ‘(বাংলাদেশকে হারাতে) সবসময়ই আত্মবিশ্বাসী। আমরা চেষ্টা করে যাব নিজেদের প্রক্রিয়া সঠিকভাবে চালানোর, নিজেদের সঠিকভাবে প্রস্তুত করার চেষ্টা করব। কন্ডিশন সিলেটের চেয়ে ভিন্ন হবে এখানে, ফলে আমাদের মানিয়ে নিতে হবে এবং দ্রুত মানিয়ে নিতে হবে। ভিন্ন চ্যালেঞ্জ এখানে। ফলে মুখিয়ে আছি সেসবের জন্য।’
তবে বাংলাদেশও যে ছেড়ে কথা বলবে না তাও ভালো করেই জানা আছে কারানের। তিনি বলেছেন, ‘অবশ্যই প্রত্যাশা করছি বাংলাদেশ আমাদের উপর চড়াও হবে। একদমই আশা করছি না যে এটা খুব সহজ ম্যাচ হবে। টেস্ট ক্রিকেট অনেক কঠিন। যদি জিততে চান তাহলে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের সপ্তাহে আশা করি গত ম্যাচের মত করেই পারফরম্যান্স দেখাতে পারব আমরা।’
এছাড়া জিম্বাবুয়ের এমন বিখ্যাত জয় ভবিষ্যতে টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার দুয়ার খুলে দেবে কিনা এমন প্রশ্নের জবাবে কারান বলেছেন, ‘হ্যাঁ আমাদের দলে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণ আছে। ফলে আমরা এসব জায়গার জন্য নিজেদের প্রস্তুত করতে পারি। ঘরোয়া ক্রিকেট থেকে অনেক ছেলে উঠে আসছে আমাদের। নিজেদের কাজটা ঠিকভাবে করে যেতে চাই আমরা, পরের টেস্টেও।’
এছাড়া বাংলাদেশ সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মত দলের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। সিলেটে পাওয়া জয় সেখানে বাড়তি আত্মবিশ্বাস দেবে কিনা এমন প্রশ্নের জবাবে কারান বলেছেন, ‘অবশ্যই জয় সবসময়ই আপনাকে আত্মবিশ্বাস দেবে। সিলেট টেস্ট থেকে আমরা সবাই শিক্ষা নিয়েছি। আলাদা করে সবাই নিজেদের ব্যাপারেও অনেক কিছু শিখেছে।’
নিজের দুই ভাই স্যাম কারান এবং টম কারান খেলছেন আইপিএল এবং পিএসএলে। সেখানের খেলা দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে বেন কারান জানিয়েছেন, ‘হ্যাঁ। গত রাতেও দেখছিলাম (আইপিএল এবং পিএসএল), দারুণ (টুর্নামেন্ট)।’
নিজের জিম্বাবুয়ের জার্সিতে খেলার ব্যাপারে কারান বলেন, ‘অবশ্যই, এটা আমার জন্য একটা অর্জন। দারুণ কিছু স্মৃতি আছে জিম্বাবুয়ে দলের হয়ে। আমি কেবল চেষ্টা করে যাচ্ছি জিম্বাবুয়ের হয়ে আমার সেরাটা দিয়ে যাওয়ার এবং উপভোগ করার।’
চট্টগ্রাম টেস্টের পিচ নিয়ে বেন কারান জানিয়েছেন, ‘পিচ কাভারে ঢাকা ছিল। তাই দেখতে পারিনি (হাসি)। তবে এটা অনেক ভিন্ন ধরনের হবে তা নিশ্চিত। আগে অনেকে খেলেছে এখানে। দ্রুত মানিয়ে নিতে হবে আমাদেরকে।’

পাঁচশ’ টাকার ইন্টারনেট প্যাকেজে ১০ এমবিপিএস গতির সেবা পাবেন গ্রাহকরা

৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে ১০ এমবিপিএস গতির সেবা পাবেন গ্রাহকরা। আগে গতি ছিল ৫ এমবিপিএস। আজ শনিবার (১৯ এপ্রিল) থেকেই তা কার্যকর হবে।

টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ বিষয়ক সেমিনারে আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক এসব তথ্য জানান।

তিনি জানান, ব্রডব্যান্ড সেবার সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস করতে চায় সংগঠনটি। এজন্য লাইসেন্স আপগ্রেডেশন প্রয়োজন। অন্যদিকে বিনিয়োগ আকৃষ্ট করতে লাইসেন্সের মেয়াদ ১০ বছর নির্ধারণের দাবি জানান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। এমনকি সহজ শর্তে ঋণ প্রাপ্তির দাবিও জানান তারা।

নেটওয়ার্ক আপগ্রেডেশনের জন্য সোশ্যাল অবলিগেশন ফান্ড (এসওএফ) তিন বছরের জন্য স্থগিত রাখার আহ্বান জানান আইএসপি ব্যবসায়ীরা। তারা বলেন, লাইসেন্সিং প্রক্রিয়া ও নিয়মকানুন সহজ করা প্রয়োজন।

বিশ্বব্যাংক বাংলাদেশকে ১০ হাজার কোটি টাকা দেবে

বে টার্মিনাল নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য বাংলাদেশকে মোট ৮৫০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ ১০ হাজার ৩৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্বব্যাংকের ঢাকা অফিস সূত্র নিশ্চিত করেছে এ তথ্য।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এইচ. মার্টিন চুক্তিপত্রে সই করেন।

এ সময় বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং দক্ষিণ এশিয়ার বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারও উপস্থিত ছিলেন বলে বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, বিশ্বব্যাংক বন্দর নগরী চট্টগ্রামে বে টার্মিনাল মেরিন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে ৬৫০ মিলিয়ন ডলার দেবে। এছাড়া সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প বাস্তবায়নে ২০০ মিলিয়ন ডলার দেবে।

বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন জানিয়েছেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করে। টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে এই বিপুল জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন কর্মসংস্থান তৈরি করা জরুরি।

তিনি আরও বলেন, অনুমোদিত ৮৫০ মিলিয়ন ডলারের অর্থায়ন প্যাকেজটি রপ্তানি প্রতিযোগিতা বাড়ানো এবং সামাজিক সুরক্ষা থেকে চাকরির বাজারে উত্তরণে সহায়তা করে কর্মসংস্থান সৃষ্টিতে যুগান্তকারী ভূমিকা রাখবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার সিদ্দিকী জানিয়েছেন, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পগুলো জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধি ও একটি সমৃদ্ধ ভবিষ্যতের পথে অগ্রসর হতে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই অর্থায়ন এসেছে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে। বাংলাদেশ বিশ্বব্যাংকের অন্যতম প্রাথমিক উন্নয়ন সহযোগী।

বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার

কাতার বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে। আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে এই সেনাসদস্য নেয়া শুরু হবে।

আজ মঙ্গলবার কাতারের দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে দোহা সফরে রয়েছেন।

প্রেস সচিব বলেন, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাসদস্যরা কর্মরত রয়েছেন। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনাসদস্য নিতে চায়। প্রতি তিন বছর পরপর ৭২৫ জন করে সেনাসদস্য নেয়া হবে, তবে আমরা এই সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছি বলে জানান শফিকুল আলম।

এদিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আজ আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বাগত জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘আর্থনা শীর্ষ সম্মেলন’-এ যোগ দিতে এখন চার দিনের সফরে কাতার রয়েছেন।

সোমবার (দোহার সময়) রাত ৯:৪০ মিনিটে অধ্যাপক ড. ইউনূস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

এর আগে, তিনি সোমবার সন্ধ্যা (ঢাকা সময়) ৭:০০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

রোমে অবস্থিত বাংলাদেশ হাউস (বাংলাদেশ দূতাবাস) পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় শুক্রবার পরিদর্শনে গিয়ে সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে অধ্যাপক ইউনূস বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। আজ শনিবার ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তাঁর কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ এবং তাঁর ‘তিন শূন্য’ দৃষ্টিভঙ্গি—যেখানে কোনো বেকারত্ব, দারিদ্র্য এবং কার্বন নিঃসরণ থাকবে না, এর প্রশংসা করতেন।

রোমের ভ্যাটিকানে তিনি ২০০৬ সালের শান্তিতে নোবেল বিজয়ীর সঙ্গে যৌথভাবে ‘তিন শূন্য উদ্যোগ’ও চালু করেছিলেন।

ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বিসিবি সভাপতি

তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে উত্তাল ক্রিকেট পাড়া। ক্রিকেটার ও আম্পায়ার কমিটির চাপে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সমস্যা সমাধানে এর মাঝেই মোহামেডানের ক্রিকেটার ও আম্পায়ারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা নাগাদ তামিম ইকবালের প্রবেশের পর ক্রিকেটারদের আনাগোনা আরো বাড়তে শুরু করে। মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমানদের পাশাপাশি দেখা যায় নাঈম শেখ এমন কী শরিফুল ইসলামদেরও।

একাডেমি ভবনে আলোচনায় বসেন ক্রিকেটাররা। যা চলে দীর্ঘক্ষণ। এরপর জুমার নামাজের বিরতির পর ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে থাকবেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও। মিটিং শেষে জানা যাবে বিস্তারিত।

ঘটনার সূত্রপাত গেল ১২ এপ্রিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের ম্যাচে। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তাওহিদ হৃদয়। এরপর তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডানের তরফে আপিল করা হয়েছিল।

পরে তার শাস্তির মেয়াদ অনেকটা নাটকীয়ভাবে কমানো হয়। দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক ম্যাচে নেমে আসে। প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের দ্বিতীয় ম্যাচেই আবার মাঠে নেমে ছিলেন হৃদয়। মূলত হৃদয়কে খেলাতে টুর্নামেন্টের মাঝপথে বদলে যায় কোড অব কন্টাক্ট। সেদিন সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছিলেন হৃদয়। সেই সঙ্গে অধিনায়কত্বেও ফিরেন।

এরপর সেই ইস্যু নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। বিসিবির আম্পায়ারিং করতে চান না বলে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। এমন উত্তাপের মধ্যেই নতুন করে সেই এক ম্যাচের শাস্তি পুনঃবহাল হচ্ছে হৃদয়ের। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও সিসিডিএমের নতুন কনভেইনর নাজমুল আবেদিন ফাহিম।

আবারো নিষেধাজ্ঞার মুখে পড়ায় সুপার লিগে মোহামেডানের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না হৃদয়। এর মধ্যেই শোনা যায়, মোহামেডানের ক্রিকেটারদের নিয়ে সংবাদ সম্মেলন করতে পারেন তামিম।