Home Blog Page 453

শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল আইপিএল

শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল আইপিএল ২০২৫ । ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার কারণে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই, জানিয়েছে ক্রিকইনফো। খুব শিগগিরই বিষয়টি নিয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

টুর্নামেন্ট স্থগিত হওয়ার খবর আসে বৃহস্পতিবার পাঞ্জাব কিংস (পিবিকেএস) ও দিল্লি ক্যাপিটালস (ডিসি)-এর ম্যাচটি মাঝপথে পরিত্যক্ত হওয়ার পর। ওই ম্যাচের প্রথম ইনিংস চলছিল যখন, তখনই খেলা বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পরপরই জানা যায়, ধর্মশালার বিমানবন্দরসহ আশেপাশের অঞ্চলের সব বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে।

এর ফলে পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের দিল্লি নেওয়া হয় বিশেষ একটি ট্রেনে করে, যা আইপিএলের পক্ষ থেকেই শুক্রবার সকালে ব্যবস্থা করা হয়।

আইপিএল ২০২৫ এর এ পর্যন্ত ৫৮টি ম্যাচ হয়েছে। এর মধ্যে রয়েছে ধর্মশালার সেই পরিত্যক্ত ম্যাচটিও। গ্রুপ পর্বে এখনো বাকি রয়েছে ১২টি ম্যাচ। ম্যাচগুলো হওয়ার কথা ছিল লক্ষ্ণৌ (২টি), হায়দরাবাদ, আহমেদাবাদ (৩টি), দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু (২টি), মুম্বাই এবং জয়পুরে। এরপর ছিল প্লে-অফ পর্ব, যার সব ম্যাচ হওয়ার কথা ছিল হায়দরাবাদ ও কলকাতায়।

চলতি আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। ১০ দলের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বিশ্বের অনেক বড় ক্রিকেট তারকা। আইপিএলের ফাইনাল হওয়ার কথা ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে। এই ম্যাচ টিভিতে বিশ্বের কোটি কোটি দর্শক দেখবেন বলে আশা করা হয়।

ভারত ও পাকিস্তান এর আগেও তিনটি বড় যুদ্ধ করেছে। যার মধ্যে দুটি হয়েছে কাশ্মীর নিয়ে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান হওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে দুই দেশের বিরোধ চলছে।

পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

সকালে ঘোষণা এল, ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলের বাকি ম্যাচগুলো সরিয়ে দুবাইয়ে আয়োজন করা হবে। কিন্তু এর কয়েক ঘন্টা যেতে না যেতেই এখন আবার ইউটার্ন নিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিছুক্ষণ আগে বিবৃতি দিয়ে জানিয়েছে, পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

গতকাল ভারতের ড্রোন হামলায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাওয়ালপিন্ডিতেই হতে যাওয়া পিএসএলের পেশোয়ার-লাহোর ম্যাচটি স্থগিত করা হয়। এরপর আজ সকালে পিসিবির দিক থেকে ঘোষণা আসে, পিএসএলের বাকি ৮ ম্যাচ দুবাইয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এদিকে গতকালই ভারতের জম্মুসহ সীমান্তবর্তী কয়েকটি শহরে পাকিস্তানের ড্রোন হামলার পর সীমান্তবর্তী আরেক অঞ্চল ধর্মশালায় আইপিএলের দিল্লি-পাঞ্জাব ম্যাচটি দশ ওভার হওয়ার পর হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়। আনুষ্ঠানিক কারণ হিসেবে ফ্লাডলাইটের সমস্যার কথা বলা হলেও মূলত ড্রোন হামলার কারণেই এই সিদ্ধান্ত। এরপর আজ ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দেয়, আইপিএলের বাকি ১৮টি ম্যাচ আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত।

এখন আবার এল পিএসএল স্থগিত হওয়ার ঘোষণা। বিবৃতিতে পিসিবি লিখেছে, ‘প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরীফের পরামর্শক্রমে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মেঘালয় সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি

সিলেট সীমান্তের ওপারে ভারতের মেঘালয়ের জৈন্তিয়া হিলস এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির জেলা প্রশাসন। গতকাল শুক্রবার পূর্ব জৈন্তিয়া হিলস জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক আদেশে এই কারফিউ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, সীমান্তে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য, চোরাকারবারি এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের সম্ভাবনা রয়েছে। যেহেতু পূর্ব জৈন্তিয়া জেলার সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে সম্পূর্ণরূপে বেড়া দেওয়া নেই, তাই অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশের ঝুঁকি বেশি। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো আন্তর্জাতিক এই সীমান্তে জড়ো হয়ে কার্যকলাপ চালাতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে কারফিউ জারি করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ চলমান থাকবে বলেও আদেশে বলা হয়।

এ বিষয়ে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, শোনা গেছে পূর্ব জৈন্তিয়া হিলস জেলা ম্যাজিস্ট্রেট রাত্রিকালীন কারফিউ জারি করেছে। তবে এ ব্যাপারে অফিশিয়ালি কোনো তথ্য এখনও আসেনি।

পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে পাক প্রধানমন্ত্রী

পেহেলগামে হামলাকে কেন্দ্র করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায় ভারত। ইতোমধ্যে ভারতেও পাল্টা সামরিক হামলা শুরু করেছে পাকিস্তান। এমন অবস্থায় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) সঙ্গে জরুরি বৈঠকে বসছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (১০ মে) বিবিসি বাংলার ওয়েসাইট থেকে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক ডেকেছেন।

মূলত দেশটির স্থল, আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে এনসিএ। তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।

জানা গেছে, এনসিএ বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হন। এর জন্য পাকিস্তানের ওপর দায় চাপিয়েছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই দেশটির পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান।

বিভাজন নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম দিয়ে সমাজে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো শক্তি যাতে আমাদের বিভক্ত করতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর খামারবাড়িতে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিটি ধর্ম মানুষকে ভালো হতে শেখায়। ধর্ম দিয়ে বিভাজন করা ঠিক নয়। প্রতিটি ধর্মই ঐক্যের কথা বলে। স্বাধীনতা যুদ্ধে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেই চেতনা ধরে রাখতে হবে। কোনো শক্তি যেন আমাদের বিভক্ত করতে না পারে।’

তিনি বলেন, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সবাই ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে।

‘গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি। এর উদ্দেশ্য একটি, গণতন্ত্রের রাষ্ট্র চাই। সেখানে যে যার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে। বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে আমাদের একসঙ্গে থাকতে হবে’, যোগ করেন তিনি।

সারাদেশে গণজমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামীকাল সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (৯ মে) রাতে শাহবাগে তিনি এই কর্মসূচি ঘোষণা করেছেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সারা বাংলাদেশে যেসব স্থানগুলোতে গণজমায়েত হয়েছিল, সেখানে গণ জামায়াতের কর্মসূচি পালন করবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি, ২৫ ঘণ্টা হয়েছে। গতকাল রাত দশটা থেকে আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমরা জানি না এ কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়, কতক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

ইতোমধ্যে আমরা তিন দফা দাবি দিয়েছি। তিন দফার মধ্যে প্রথম দফা হচ্ছে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে, আওয়ামী লীগের যত সংগঠন সবগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দফা দাবি হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের ব্যবস্থা করতে হবে। তৃতীয়, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

আ. লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার

স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।

আজ (শুক্রবার) দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত একটি বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে-আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য যে, ইতোমধ্যে সরকার জনদাবীর প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে।

এছাড়া, সরকারের পক্ষে থেকে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

১২ ঘণ্টা ধরে দক্ষিণাঞ্চলের রেল চলাচল বন্ধ

পয়েন্টম্যানের ভুল সিগন্যাল দেওয়ার কারণে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুটি কোচ ভাঙ্গা বামনকান্দা জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল ১২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৯টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় ৬০০-৭০০ যাত্রী দুর্ভোগে পড়েছেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শনিবার সকাল থেকেই লাইনচ্যুত কোচ দুটি উদ্ধারে ঈশ্বরদী ও খুলনা থেকে দুটি রিলিফ ট্রেন ও ক্রেনসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাচিনা খাতুন বলেন, গতকাল রাত থেকে লাইনচ্যুত কোচ দুটি উদ্ধারে রাজবাড়ী ও খুলনা থেকে দুটি ক্রেন এনে লাইন সচল করতে কাজ করছি। পয়েন্টম্যানের ভুলের কারণে তাকে (নজরুল ইসলাম) বরখাস্ত করা হয়েছে। সে কতৃপক্ষের নিকট থেকে অনুমতি না নিয়েই সিগনাল বা পয়েন্ট চেন্স করেছে। ভুল করার বিষয় সত্যতা পেয়েছি। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। তবে আশা করছি, দুপুর নাগাদ লাইনটি সচল করা সম্ভব হবে।

ভাঙ্গা জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার সুমন বাড়ৈ বলেন, ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙ্গা রেল জংশন থেকে বের হওয়ার কিছুদূর পরে গিয়ে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। সামনের ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দুইটি এক লাইন থেকে অন্য লাইনের ওপর চলে যায়। পয়েন্ট ম্যান নজরুল ইসলামের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তাকে বরখাস্ত করা হয়েছে।

টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা

ভারতকে দীর্ঘ সময় পর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক ফরম্যাটটিকে বিদায় বলেছিলেন রোহিত শর্মা। গত মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ওয়ানডেকেও তিনি বিদায় বলবেন বলে গুঞ্জন উঠেছিল। তবে আরেকটি ৫০ ওভারের বিশ্বকাপে খেলার আশা রয়েছে তার। এরই মাঝে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় এই অধিনায়ক।

এর আগে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের পরই রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন বলে জোর আলোচনা শুরু হয়েছিল। তবে তিনি এখনই টেস্ট ছাড়বেন না বলে জানিয়ে দেন। এদিকে, চলমান আইপিএল শেষে ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। আসন্ন সিরিজকে কেন্দ্র করে রোহিতের কাঁধে টেস্ট দলের নেতৃত্বভার থাকা নিয়ে পক্ষে-বিপক্ষে কথা হচ্ছিল। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছিল, তরুণ কোনো ক্রিকেটারকেই টেস্ট অধিনায়ক করতে চায় বিসিসিআই।

ফুটবলকে ‘টোপ’ বানিয়ে যুদ্ধ থামাতে চান ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ আপাতত নেই। কূটনৈতিক নানা প্রচেষ্টা ব্যর্থ হলে এবার এক ভিন্নধর্মী প্রস্তাব নিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ও ২০২৬ বিশ্বকাপ আয়োজক দেশের নেতা ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ফুটবল হতে পারে শান্তির নতুন সেতু।

২০১৮ সালে বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ার ২০২৬ আসরে তাদের কোনো জায়গা নেই। ইউক্রেনে ২০২২ সালের হামলার পর থেকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ রয়েছে রুশ ফুটবল দল। এই নিষেধাজ্ঞা সম্পর্কে ২০২৬ বিশ্বকাপ টাস্কফোর্সের এক বৈঠকে প্রথম জানতে পারেন ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে রাশিয়ার নিষেধাজ্ঞার কথা শুনে ট্রাম্প বলেন, আমি এটা জানতাম না, সত্যি? ইনফান্তিনো তখন জানান, তারা আপাতত নিষিদ্ধ, তবে আমরা আশা করি শান্তি ফিরবে।

রাশিয়া আবার ফুটবলে ফিরবে। ট্রাম্প সেখানে যুক্ত করেন, এটা তো ভালো একটা প্রণোদনা হতে পারে। আমরা চাই, তারা (যুদ্ধ) থামাক। প্রতি সপ্তাহে পাঁচ হাজার তরুণ মারা যাচ্ছে-এটা অবিশ্বাস্য।

রাশিয়ার টেস্টবিহীন অবস্থা শুধু মাঠে নয়, কূটনীতিতেও স্পষ্ট। ২০২১ সালের নভেম্বরের পর থেকে তারা কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। খেলেছে ১৬টি প্রীতি ম্যাচ, যার ১১টিতে জয় পেলেও আন্তর্জাতিক মঞ্চে ফিরতে এখনও পথ পেরোতে হবে যুদ্ধ থামিয়ে।

এই বিষয়ে উয়েফা সভাপতি সেফেরিনেরও অবস্থান পরিষ্কার, ‘যুদ্ধ শেষ হলেই রাশিয়া ফিরবে ফুটবলে।’

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে খেলাধুলা দেখতে এলে বিদেশি দর্শকদের খেলা শেষে দেশে ফিরতে হবে, আমরা উদ্‌যাপন চাই, উত্তেজনা চাই, কিন্তু সময় শেষ হলে তাদের বাড়ি ফিরে যেতে হবে।

২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ৭৮টি ম্যাচ আয়োজন করবে, যার মধ্যে রয়েছে ফাইনাল। আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ, যেখানে ১২টি স্টেডিয়ামে খেলবে শীর্ষ ক্লাবগুলো।

হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, এই টুর্নামেন্ট থেকে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির পূর্বাভাস পাওয়া যাবে। বিশ্বকাপের মতো ক্রীড়া আসর নিয়ে যখন বিশ্বজুড়ে উন্মাদনা, তখন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ও নিষিদ্ধ রাশিয়া ফুটবলের সীমানার বাইরে।

ট্রাম্পের আশা-এই খেলার টোপ হয়তো টেনে আনতে পারে আলোচনার নতুন দরজা।