Home Blog Page 473

টিউলিপকে বহিষ্কার করছে ব্রিটিশ সরকার!

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়ার কথা ভাবছেন যুক্তরাজ্য সরকার। এ লক্ষ্যে ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের শর্টলিস্টও করা হয়েছে।

লেবার পার্টির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সূত্রে ব্রিটিশ গণমাধ্যম দি টাইমস জানিয়েছে, বাংলাদেশের পতিত সরকারের প্রধানমন্ত্রী ও টিউলিপ সিদ্দিকীর খালা শেখ হাসিনার সাথে সম্পর্কের কারণে যদি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, তবে মন্ত্রী হিসেবে কাকে নিয়োগ দেয়া হবে, ওই বিষয়ে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সম্ভাব্য ব্যক্তিদের শর্টলিস্টও করা হয়েছে।

কর্মকর্তারা জানান, যদিও টিউলিপ নিজেকে নির্দোষ দাবি করে প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থার কাছে তদন্তের আহ্বান জানিয়েছেন; তবু যুক্তরাজ্যের ক্ষমতাসীনরা তাকে নিয়ে বিব্রত। সেজন্য ডাউনিং স্ট্রিট টিউলিপ সিদ্দিকের বিকল্প খুঁজছে।

অবশ্য বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক এই মন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়লেও অতীতে তার পাশেই দাঁড়িয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি টিউলিপের ওপর পূর্ণ আস্থা রাখেন বলেও ঘোষণা দিয়েছেন। স্টারমারের এ অবস্থানের কারণে দ্য টাইমস কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পায়নি। বরং ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেছেন, দলটি টিউলিপের বিকল্প প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বলে যে ধারণা করা হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য।

তবে টাইমসকে এ-ও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ অন্তত অনানুষ্ঠানিকভাবে কে কে টিউলিপের উত্তরসূরী হতে পারেন তা বিবেচনা করছেন।

স্টারমারের পক্ষাবলম্বন নিয়েও যুক্তরাজ্যের রাজনীতি সরগরম। এর পেছনের কারণ খুঁজে বের করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

সূত্র : দি টাইমস

লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১০

ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস। এতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লস অ্যাঞ্জেলেস মেডিক্যাল এক্সামিনার কাউন্টি জানায়, এই লোকদের লাশ এখনো শনাক্ত করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তারা বলেছে, ‘শনাক্তকরণে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। কারণ মেডিক্যাল পরীক্ষক বিভাগ আগুনের পরিস্থিতি এবং নিরাপত্তার উদ্বেগের কারণে সমস্ত মৃত্যুর অবস্থানে প্রতিক্রিয়া জানাতে সক্ষম নয়।’

এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক দলীয় গভর্নরের সাথে রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। ট্রাম্প পানি সঙ্কটের জন্য ক্যালিফোর্নিয়া প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আলাদা ছয়টি দাবানলের মধ্যে অনেকগুলোই নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে। হারিকেন তীব্রতার বাতাস, শুষ্ক আবহাওয়া এবং পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা।

আগুনের তীব্রতা দেখে তা নিয়ন্ত্রণ করার বদলে সাধারণ মানুষকে সরিয়ে নেয়ার কাজ করছেন ফায়ার ফাইটাররা। ফলে হতাহতের সংখ্যা বেশ কম হয়েছে।
সূত্র : বিবিসি ও অন্যান্য

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৬ হাজারের বেশি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরো কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। ২০২৩ সালের অক্টোরবর থেকে সামগ্রিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ছয়জনে। এবং আহত হয়েছে এক লাখ নয় হাজার ৩৭৮ জন।

বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলছে, ‘গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীরে তিনটি পরিবারে গণহত্যায় ৭০ জন নিহত এবং ১০৪ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।’

২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রেখেছে। গাজায় গণহত্যার দ্বিতীয় বছর ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার সৃষ্টি করেছে।

২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতারবিরোধী অপরাধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো ওই থানার সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘শাহ আলম যাতে বিমানবন্দর, স্থলবন্দরসহ যেকোনো সীমান্ত পয়েন্ট দিয়ে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য আমরা সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছি।’

তিনি আরো বলেন, ‘শাহ আলমকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। দেশে প্রবেশ ও প্রস্থানের সমস্ত পয়েন্টে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কীভাবে তিনি পালিয়ে গেলেন তা জানতে কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় বুধবার তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করার জন্য তাকে উত্তরা পূর্ব থানায় আনা হলেও ওইদিন দুপুরে তিনি কৌশলে পালিয়ে যান।

সাবেক এই ওসির বিরুদ্ধে দায়িত্বে থাকাকালে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। আন্দোলন চলাকালে হয়রানি, মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ ও হত্যার অভিযোগে তার নামে মামলা করা হয়।

সূত্র : ইউএনবি

রুদ্ধশ্বাস লড়াইয়ে সোহান ঝড়ে হেরে গেল বরিশাল

বিপিএলের রুদ্ধশ্বাস ম্যাচে অবিশ্বাস্য জয় পেয়েছে রংপুর রাইডার্স। অসম্ভবকেই যেন সম্ভব করলেন নুরুল হাসান সোহান। ফরচুন বরিশালের হাতের নাগাল থেকে জয় ছিনিয়ে আনলেন রাইডার্স অধিনায়ক। শেষ ওভারে ৩০ রান তুলে জেতালেন দলকে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে সিলেটে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। যেখানে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৭ রান তুলে তামিম বাহিনী। বিপরীতে দমবন্ধ লড়াই শেষে শেষ বলে এসে ৩ উইকেটের জয় পায় রংপুর।

প্রথম দেখায় বড় ব্যবধানে হারানোর পর সামাজিক মাধ্যমে বরিশালকে খোঁচা দিয়েছিল রংপুর। এবার সে খোঁচার জবাব দেয়ার সুযোগ আসে বরিশালের কাছে। তবে খুব কাছে গিয়েও সেই আশা অপূর্ণ থেকে গেল, এক সোহানের কাছে বিফলে গেল তাদের সব প্রচেষ্টা।

সোহান বল খেললেন মাত্র সাতটি, যেখানে সমান তিনটি করে চার-ছক্কা! তবুও আবার এমন মুহূর্তে, যখন জয়ের জন্য প্রয়োজন ৬ বলে ২৬ রান। বেশ দুরূহ কাজ বটে। তবে সোহান তার ধার ধারেননি, প্রতিটি বলেই মায়ার্সকে মেরে পাঠিয়েছেন সীমানার ওপারে।

অথচ জয়ের পথেই ছিল বরিশাল। এমনকি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জয় নিশ্চিত ভেবে ‘জাগো বাহে জাগো’ লিখে একটা পোস্টও আপলোড করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেই পোস্ট ডিলিট করা হয় তাদের পেইজ থেকে।

১৯৮ রানের বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই এলেক্স হেলসকে (১) হারায় রংপুর। সাইফ হাসান ১৯ বলে ২২ ও তৌফিক খান ২৮ বলে ৩৮ করে আউট হোন। ৯ ওভারে ৬৬ রানে ৩ উইকেট হারায় রংপুর।

সেখান থেকে ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ মিলে দলকে পাড় করে দেন দেড় শ’ রানের গণ্ডি। ৫৩ বলে করেন ৯১ রানের জুটি। তবে ৪ বলের ব্যবধানে দু’জনে ফেরেন। ইফতেখার ৩৬ বলে ৪৭ ও খুশদিল করেন ২৪ বলে ৪৮ রান।

তাদের বিদায়ের পর ম্যাচ ফের হেলে পড়ে বরিশালের দিকে। শেখ মেহেদী শিকার হন বিতর্কিত ‘অবস্ট্রাকিং দ্য ফিল্ড’ আউটের (১)। পরের বলেই ছক্কা হাঁকাতে গিয়ে ফেরেন সাইফুদ্দিন। ১৮.৫ ওভারে ১৭২ রানে ৭ উইকেট হারায় রংপুর।

এরপর শেষ ওভারে মায়ার্সকে পাত্তাই দেননি সোহান। ওভার কার্ড ছিল— ৬, ৪, ৪, ৬, ৪, ৬। বিশাল ছক্কা হাঁকিয়েই জয় নিশ্চিত করেন সোহান। তাতে রংপুর পায় ৩ উইকেটের জয়।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর উদ্বোধনী জুটিতে বড় পুঁজির ভিত পায় বরিশাল। ১০ ওভারেই উঠে বিনা উইকেটে ৮০ রান। টানা ব্যর্থতার পর রানের দেখা পান শান্ত, ১০.১ ওভারে ফেরার আগে করেন ৩০ বলে ৪১।

একই ওভারের শেষ বলে ফেরেন তামিম ইকবালও। আউট হোন ৩৪ বলে ৪১ করে। তবে মায়ার্স ও তাওহীদ হৃদয় ধরেন হাল। হৃদয় ১৮ বলে ২৩ রানে ফেরার আগে জুটিতে যোগ করেন ৩৫ বলে ৫৯ রান। মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য রান পাননি (২)।

তবে শেষ দিকে ফাহিম আশরাফকে নিয়ে ৯ বলে আরো রান যোগ করেন মায়ার্স। আশরাফ থামেন ৬ বলে ২০ করে। মায়ার্স অপরাজিত থাকে ১ চার আর ৭ ছক্কায় ২৯ বলে ৬১ রান নিয়ে। কামরুল ইসলাম নেন ২ উইকেট।

ফলে ৬ ম্যাচের সব কটিতে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করল রংপুর। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বরিশাল দুটি ম্যাচে হারল, দুটিই রংপুরের বিপক্ষে। মুখোমুখি দেখায় আগের ম্যাচে ৮ উইকেটে হেরেছিল তারা।

লস অ্যাঞ্জেলসের দাবানলে আটকে পড়েছেন নোরা ফাতেহি

জনপ্রিয় বলিউড নৃত্যশিল্পী এবং অভিনেত্রী নোরা ফাতেহি লস অ্যাঞ্জেলসে আটকে পড়েছেন। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি আগুনের বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তার দলকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে নোরা ফাতেহি ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি লস অ্যাঞ্জেলসে আছি। এখানে ভয়ানক দাবানলে পুড়ে গিয়েছে কয়েকটি অঞ্চল। আমরা মাত্র পাঁচ মিনিট আগে এটির খবর পেয়েছি। তাই আমি শিগগির আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এবং আমি এখান থেকে সরে যাচ্ছি। আমি বিমানবন্দরের কাছে যাব।’

তিনি বলেন, ‘আজ (স্থানীয় সময়) আমার ফ্লাইট আছে। আমি জানি না আমি ফ্লাইট ধরতে পারব কি না। আমি আশা করি, এটি বাতিল হবে না। এটি ভীতিজনক। আমি আপনাদের আপডেট দেব। আমি আশা করি, মানুষ নিরাপদে রয়েছে। আমি এর আগে এ রকম দাবানল দেখিনি।’

প্রসঙ্গত, অভিনেত্রী নোরা লস অ্যাঞ্জেলসে কয়েকটি ইভেন্টে যোগ দেয়ার জন্যে গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন।

এদিকে, প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনসসহ একাধিক হলিউড সেলিব্রিটিদের কোটি টাকার বাড়িও আগুনে ধ্বংস হয়ে গিয়েছে।

মেক্সিকো জাদুঘর থেকে ভেঙে ফেলা হলো নেতানিয়াহুর ভাস্কর্য

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির জাদুঘরে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি মোমের ভাস্কর্য ভেঙে ফেলেছেন ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভকারী। হাতুড়ি দিয়ে ভাস্কর্যটি ভাঙেন তিনি।

মেক্সিকোর ‘বয়কট, বিনিয়োগ এবং নিষেধাজ্ঞা আন্দোলন’ বা বিডিএস-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাস্কর্যটির একটি ছবি শেয়ার করা হয়েছে। যার চারপাশের মেঝেতে রক্তের মতো লাল রঙ ব্যবহার করা হয়েছে। ছবিতে একটি ফিলিস্তিনি পতাকাও দেখা যাচ্ছে।

বিডিএস তাদের পোস্টে বলেছে, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত জাদুঘরটিতে বিখ্যাত শিল্পী, অভিনেতা, ক্রীড়াবিদ, বিশ্বনেতা এবং পৌরাণিক ব্যক্তিত্বের আদলে তৈরি প্রায় ২৬০টি মোমের ভাস্কর্য রয়েছে। সেখানে একজন ‘গণহত্যা পাগল’ ব্যক্তির ভাস্কর্য কেন রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিডিএস পরে অনলাইনে ঘটনার একটি ভিডিও শেয়ার করে, যেখানে ব্রিটিশ রাজপরিবারের মোমের মূর্তির ছবি দেখানো হয়েছে। ভিডিওতে দেখা যায়, হামলাকারী ব্যক্তিকে প্রথমে ভাস্কর্যটিতে লাল রঙ মেখে দেন। তারপর হাতুড়ি দিয়ে পেটাতে থাকেন। সবশেষে ধাক্কা দিয়ে ভাস্কর্যটি ফেলে দেন। এ সময় তাকে ‘ফিলিস্তিন দীর্ঘজীবী হোক, সুদান দীর্ঘজীবী হোক, ইয়েমেন দীর্ঘজীবী হোক, পুয়ের্তো রিকো দীর্ঘজীবী হোক’ বলে শ্লোগান দিতে দেখা যায়।

এদিকে, দখলদার ইসরাইলের মেক্সিকো দূতাবাস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এটি একটি ‘ঘৃণ্য কাজ’। মূর্তি ভাঙার বিষয়টি হানাহানি, অসহিষ্ণুতা এবং ঘৃণার বার্তা দিচ্ছে বলেও দাবি করে তারা।

সূত্র : পার্সটুডে

যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তির ‘খুব কাছাকাছি’ ইসরাইল-হামাস : পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

যুদ্ধবিরতি এবং বন্দীবিনিময় চুক্তির ‘খুব কাছাকাছি’ রয়েছে ইসরাইল ও হামাস। বুধবার প্যারিসে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোটের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন এ কথা বলেন।

এ সময় ব্লিঙ্কেন আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র আশাবাদী, আমাদের হাতে যে সময় আছে তার মধ্যেই আমরা চুক্তিতে পৌঁছাতে পারব।’

তিনি জানান, যদি ইসরাইল ও হামাস কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে প্রেসিডেন্ট বাইডেনের যুদ্ধবিরতি পরিকল্পনা আসন্ন ট্রাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, যখন আমরা সেই চুক্তিটি করতে পারব – এবং আমরা এটি অর্জন করবই – তখন এটি প্রেসিডেন্ট বাইডেন মে মাসে বিশ্বের সামনে যে পরিকল্পনাটি রেখেছিলেন তার ভিত্তিতে হবে।’

তিনি আরো জানান, বন্দী ও যুদ্ধবিরতি চুক্তিতে গাজার নিরাপত্তা, তার প্রশাসন এবং পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অবিশ্বাস্য পরিমাণে কাজ করেছে।

মার্কিন শীর্ষ এই কূটনীতিক বলেন, ‘আরো বিস্তৃতভাবে বলতে গেলে, সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ শুরু করার মাধ্যমে মধ্যপ্রাচ্যের জন্য রূপান্তরমূলক ব্যবস্থায় আমরা কাজ করেছি এবং বিনিয়োগ করেছি। তাই গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের জন্য এগিয়ে যাওয়ার পথে সমঝোতার সুযোগ পেলে আমরা সবকিছুই করতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘সেখানে অসাধারণ সুযোগ রয়েছে।’

নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে এটিই হবে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের শেষ আন্তর্জাতিক সফর।

সূত্র : দ্য জেরুসালেম পোস্ট

বিডিআর বিদ্রোহ : বিশেষ আদালতের এজলাস পুড়ে গেছে

ঢাকার বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের এজলাস কক্ষ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর বেলায় আগুনে পুড়ে গেছে। এ অবস্থায় বিচারকার্য পরিচালনা করা সম্ভব নয় বলে বাসস’কে জানিয়েছেন প্রসিকিউটর বোরহান উদ্দিন।

আজ ঢাকার বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার শুনানি হওয়ার কথা ছিল। এদিন এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে। পুড়ে যাওয়া এজলাস কক্ষ পরিদর্শন করেন বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইব্রাহিম মিয়া। দুপুর পৌনে ১২টার দিকে আলিয়া মাদরাসার আদালত প্রাঙ্গণে এসে পুড়ে যাওয়া এজলাস কক্ষ পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে প্রসিকিউশন টিম, আইনজীবী ও মাদরাসার শিক্ষার্থীরাও ছিলেন।

পরবর্তীতে মামলায় রাষ্ট্রপক্ষের ও আসামিপক্ষের আইনজীবীদের সাথে কথা বলে ১২টা ১০ মিনিটে চলে যান।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর বোরহান উদ্দিন বাসস’কে বলেন, আদালত পুড়িয়ে দেয়া হয়েছে। বড় ধরনের সংস্কার করা ছাড়া এখানে বিচারকার্য করা সম্ভব নয়। আদালতের বিচারক আদালত এসেছিলেন। তিনি পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছেন। এরপর চলে গেছেন। এ মামলার বিচারকার্য করার জন্য পরবর্তীতে দিন ঠিক করা হবে।

এরআগে আলিয়া মাদরাসার মাঠে আদালত বন্ধের দাবিতে বুধবার রাত থেকে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।

আজ সকালে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মোড়, পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার, বকশীবাজার, অরফানেজ রোড ব্যারিকেড দিয়ে আটকে দেন। পরে পরিস্থিতে নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান সেনবাহিনী ও পুলিশ।

সূত্র : বাসস

বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

আন্দোলন-সংগ্রামে যার যেটা কন্ট্রিবিউশন সেটা স্বীকার করতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, তা হলো ঐক্য।

আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘রাজবন্দীর জবানবন্দী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহর সভাপতিত্বে ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান।

মির্জা ফখরুল বলেন, কী দুর্ভাগ্য আমাদের, হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে কেন জানি আমরা নিজেদের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না। ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কী দুর্ভাগ্য! এখন যেটা শুরু হয়েছে, এটা কিন্তু এতটুকু সুস্থ ব্যাপার না, একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতায় তো তখনই টিকে থাকবে, যখন এটাকে সেটেল (স্থির) করতে পারবে, স্টেবিলিটি (স্থিতিশীলতা) আসবে।

তিনি বলেন, সংস্কার তো আমরা শুরু করেছি। দেশে প্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সংস্কার অবশ্যই লাগবে, সংস্কারের পেছনে যে শক্তিটা লাগবে, সেটা হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে বৈধতা দিতে পারব না আমরা। তাই সেসব বিতর্কে জড়াতে চাই না। আমরা বিতর্কে বেশি না জড়াই।’

সকল পর্যায়ের রাজনৈতিক কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনুরোধ করব, বিভাজন সৃষ্টি করবেন না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি বুঝি না, কিছু মানুষ যেন বেপরোয়া হয়ে গেছে। তারা দেশকে ভাগ করবে আবার জনগণকে বিভক্ত করবে। এমন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম উসকানি দিচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না।’

পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে নয় মাস কারাগারে ছিলেন এবং ১৬ ডিসেম্বর বেগম খালেদা জিয়া মুক্তি পান জানিয়ে তিনি বলেন, ‘দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন বেগম খালেদা জিয়া। যদি তিনি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা না হবেন, তাহলে কি হাসানুল হক ইনু, আমির হোসেন আমু মুক্তিযোদ্ধা? যারা কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডে বসে মুক্তিযুদ্ধ করেছেন- তারা?’

বিএনপি মহাসচিব বলেন, আজকে মিডিয়াও কেন জানি নেগেটিভ জিনিসগুলোকে তুলে ধরতে চায়। পজিটিভ বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছুদিনের মধ্যে মামলা থেকে পুরোপুরি মুক্ত হবেন, তিনি তখন দেশে উপস্থিত হবেন।