Home Blog Page 484

নিউইয়র্কে বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার কার্যকরী কমিটি গঠন

নিউইয়র্ক : বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার সদস্যদের উপস্থিতিতে আমেরিকার নিউইয়র্ক সিটির একটি রেষ্ট্যুরেন্টে সমিতির ২০২৫ – ২০২৬ বর্ষের কার্যকরী কমিটি গঠিত হয় গত ১৬ই ফেব্রুয়ারী ২০২৫। দ্বিবার্ষিক এই নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন কমিশন এই কমিটিকে নির্বাচিত ঘোষণা করেন। মাসুদুল হক রুবেল সভাপতি এবং ইউসুফ আলীকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি গঠিত হয়। এছাড়াও ১০ সদস্যের উপদেষ্টা কমিটি গঠিত হয়।
সমিতির পূর্নাঙ্গ কমিটি : সভাপতি: মাসুদুল হক রুবেল, সিনিয়র সহ-সভাপতি: এ্যাডভোকেট সুরাইয়া মনিরা, সহ-সভাপতি (৫জন): মো: আব্দুল বাকী, রোকেয়া বেগম, শারমিন আখতার মুন, রবিউল ইসলাম, এম. এইচ মোস্তফা(বিপ্লব), সাধারন সম্পাদক: মো: ইউসুফ আলী, সহ-সাধারন সম্পাদক: রানা আহমেদ, কোষাধ্যক্ষ: মো: ওয়ালিউল্লাহ, দপ্তর সম্পাদক: মো: মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক: মমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক: রানা কবির, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক: হুমায়ুন কবির, সহ- ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক: সোবহান আলী, আপ্যায়ন সম্পাদক: আফরোজা বেগম শেলী, সহ- আপ্যায়ন সম্পাদক: নুর-ই-জান্নত মুন্নী, প্রচার সম্পাদক: হুমায়ুন সরকার, মহিলা বিষয়ক সম্পাদক: সুফিনাজ স্বপ্না, সহ- মহিলা বিষয়ক সম্পাদক: সানজিদা আখতার লোপা, কার্য্যকরী সদস্য(৫জন): মোহাম্মদ এন মন্ডল ফানসু, আগা ই জলিল তুহিন, রেজাউদ্দৌলা এ্যাপোলো, আলতাব হোসেন সবুজ, আতাউর রহমান লিটন।

Bogra 1

নির্বাচিত বগুড়া সমিতির উপদেষ্টা : প্রকৌশলী মার্ক ফারুকী, এ্যাড: মাহবুবুর রহমান বকুল, মোস্তফা আলমগীর, নুরুন চন্দনা, আব্দুল কাদির, বিধান চন্দ্র পাল, জাহাংগীর আলম, মো: রুহুল আমিন, নাজনীরা খাতুন, এ্যাড: এম. জুয়েল ।
নির্বাচনী সভার সভাপতিত্ব করেন পূর্ববতী কমিটির সভাপতি মোহাম্মদ এন মন্ডল ফানসু এবং সভা পরিচালনা করেন এ্যাড: মাহবুবুর রহমান বকুল। সভায় সমিতির সাবেক সহ-সভাপতি এবং সাধারন সম্পাদক আশরাফ হোসেন রতন এবং নির্বাচিত সভাপতির পিতার মৃত্যুতে শোক প্রকাশ এবং তাঁদের আতœার মাগফেরাত কামনা করে দোয় করা হয়।
নির্বাচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মাসুদুল হক রুবেল। নির্বাচিত সভাপতি প্রথমেই তাঁর বক্তব্যে তাকে নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি তার বক্তব্যে প্রবাসের অন্যতম এই সংগঠনকে এগিয়ে নিতে, কার্য্যক্রমকে গতিশীল করতে সকলের সহযোগীতা কামনা করেন। বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকা যেনো আমেরিকায় বসবাসরত বগুড়াবাসী তথা সকল প্রবাসী বাংলাদেশীদের কল্যানে কাজ করতে পারে এজন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
সমিতির নব-নির্বাচিত সাধারন সম্পাদক তাঁর স্বাগতিক বক্তব্যে তাকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানান। সংগঠনের সকল কার্য্যক্রমে জোরদার করতে সকলকে অংশগ্রহন করার আহ্বান জানান।

খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ২ মার্চ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ আবেদনের শুনানির জন্য আগামী ২ মার্চ ধার্য করেছেন আপিল বিভাগ।

আজ রোববার বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসিফ হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুদকের আইনজীবী আসিফ হোসাইন আদালতে জানিয়েছেন তারাও একটি আপিল আবেদন করেছেন। শুনানির জন্য সময় চাইলে ২ মার্চ দু’টি আপিল আবেদনের শুনানি দিন ঠিক করেছেন আপিল বিভাগ।

গত ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে এ রায় দেন।

২০১৮ সালের অক্টোবর মাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একইসাথে অন্য তিন আসামিকেও সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। খালেদা জিয়াসহ প্রত্যেককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রাস্টের নামে কেনা কাকরাইলে ৪২ কাঠা জমি বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রের অনুকূলে নেয়ার আদেশ দেয়া হয়। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া।

ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করল ইসরাইল

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার ছয় ইসরাইলি পণবন্দীকে মুক্তি দিয়েছে। বিনিমিয়ে ইসরাইলের ৬২০ ফিলিস্তিনি বন্দীকে হস্তান্তর করার কথা থাকলেও তারা তা স্থগিত করেছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছে এবং ভবিষ্যতে পণবন্দীদের মুক্তি ‘অপমানজনক অনুষ্ঠান’ ছাড়াই নিশ্চিত করার দাবি জানিয়েছে।

গত মাসে শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে শনিবার গাজা থেকে ছয়জন ইসরাইলি পণব্ন্দীকে মুক্তি দেয়া হয়েছে। হামাস বৃহস্পতিবার আরো চার পণবন্দীর লাশ হস্তান্তর করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে শনিবারে ছয় পণবন্দী মুক্তির বিনিময়ে ইসরাইলের ২৩ শিশু ও একজন নারীসহ ৬২০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়ার কথা ছিল। তবে ইসরাইলি কর্মকর্তারা আরো নিরাপত্তা পর্যালোচনার কারণ দেখিয়ে সেই মুক্তি বিলম্বিত করেন।

হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানৌ এক বিবৃতিতে নেতানিয়াহুর এ ঘোষণাকে ‘টালবাহানা এবং যুদ্ধবিরতি চুক্তি স্থবির করার কৌশল’ বলে অভিযুক্ত করেন।

তিনি বলেন, ‘ইসরাইলি দখলদার বাহিনীর নির্ধারিত সময়ে বন্দীদের মুক্তি স্থগিত করা চুক্তির স্পষ্ট লঙ্ঘন।’

হামাস আরো জানিয়েছে, তারা এ বিলম্বের বিষয়ে মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারকে অবহিত করেছে। গোষ্ঠীটি সতর্ক করে দিয়ে বলেছে, চুক্তি লঙ্ঘন করলে এবং বন্দীদের মুক্তি দিতে অস্বীকৃতি জানালে ইসরাইল আর মধ্যস্থতাকারী খুঁজে পাবে না।

সূত্র : সিএনএন ও ডয়চে ভেলে

ইউক্রেনকে দেয়া অর্থ ফেরত চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা হিসেবে পাঠানো কোটি কোটি ডলারের অর্থ তিনি ফেরত পাওয়ার চেষ্টা করছেন।

যুদ্ধকালীন ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন ইউক্রেনকে যে সাহায্য দিয়েছিলেন, তার ক্ষতিপূরণ হিসেবে তিনি যে খনিজ সম্পদ চুক্তি চেয়েছেন, ওয়াশিংটন এবং কিয়েভ সেই চুক্তি নিয়ে আলোচনাকালে ট্রাম্প এই মন্তব্য করেছেন।

ওয়াশিংটন থেকে এএফপি আজ এই খবর জানায়।

ওয়াশিংটনের কাছে কনজারভেটিভ পলিটিক্যাল কনফারেন্স (সিপিএসি)-এ প্রতিনিধিদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, ‘আমি টাকা ফেরত পেতে চেষ্টা করছি।’

তিনি বলেছেন, ‘আমি চাই তারা আমাদের কাছ থেকে যত টাকা নিয়েছে, তার বিনিময়ে আমাদের সাথে খনিজ সম্পদ চুক্তি সম্পাদন করুক।’

ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হচ্ছে, ইউক্রেন আমাদের টাকা ফেরত দিতে পারবে না। সেজন্য আমরা চাই তারা আমাদের সাথে চুক্তিতে আসুক। কারণ, পরিস্থিতি ভয়াবহ।’

মাত্র কয়েক ঘন্টা আগে একটি সূত্র এএফপিকে জানিয়েছে, মার্কিন চাপ বৃদ্ধি সত্ত্বেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে ‘প্রস্তুত নন।’

ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট বুঝতে পেরেছিলেন যে আমেরিকার সাথে চুক্তি স্বাক্ষর করা গুরুত্বপূর্ণ।’

বিশেষ দূত গত সপ্তাহে কিয়েভ সফরে গিয়েছিলেন।

ইউক্রেন চায় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত যেকোনো চুক্তিতে নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি অন্তর্ভুক্ত করা হোক। কারণ তারা রাশিয়ার প্রায় তিন বছরের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে।

ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে তীব্র বাকযুদ্ধের মধ্যে দুই দেশের এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এতে কিয়েভ এবং ইউরোপে উদ্বেগ বাড়ছে।

এদিকে কিয়েভ ছাড়াই সৌদি আরবে রাশিয়ান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনার একদিন পর গত বুধবার ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্টকে ‘স্বৈরশাসক’ হিসেবে অভিহিত করেছেন এবং যুদ্ধের অবসান ঘটাতে ‘দ্রুত পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানিয়েছেন।

কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, ইউক্রেন সঙ্ঘাতের বিষয়ে জাতিসঙ্ঘের একটি প্রস্তাবে রাশিয়ার দখলকৃত ভূখণ্ডের কোনো উল্লেখ বাদ দেয়া হয়েছে, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্র।

কিয়েভকে দেয়া সাহায্যের ক্ষতিপূরণ হিসেবে ট্রাস্প ৫০০ বিলিয়ন ডলার মূল্যের দুর্লভ খনিজ সম্পদের দাবি করেছেন, তবে ইউক্রেন তা অস্বীকার করেছে। কারণ, ট্রাম্পের দাবিকৃত অর্থের চেয়ে খনিজ সম্পদের মূল্য অনেক বেশি।

প্রস্তাবিত চুক্তি সম্পর্কে ইউক্রেনীয় সূত্র এএফপিকে জানিয়েছে, ‘গ্যারান্টি বা বিনিয়োগের বিষয়ে চুক্তিতে কোনো আমেরিকান বাধ্যবাধকতা নেই, তাদের সম্পর্কে সবকিছুই খুবই অস্পষ্ট এবং তারা আমাদের কাছ থেকে ৫০০ বিলিয়ন ডলার আদায় করতে চায়।’

সূত্রটি জানিয়েছে, ‘এটা কী ধরনের অংশীদারিত্ব? আর কেন আমরা তাদের ৫০০ বিলিয়ন ডলার দিতে হবে, এর কোনো উত্তর নেই।’ ইউক্রেন খসড়ায় সংশোধনী আনার প্রস্তাব করেছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, রুশ আগ্রাসনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়েছে। কিয়েভের মিত্রদের মধ্যে এটিই সবচেয়ে বেশি। তবে ট্রাম্পের দাবিকৃত অর্থের তুলনায় অনেক কম।

সূত্র : এএফপি/বাসস

ভারতে সুড়ঙ্গে আটকা পড়া ৮ শ্রমিকের ভাগ্য অনিশ্চিত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় একটি নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া আট শ্রমিকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে।

আজ রোববার পর্যন্ত তাদের উদ্ধার করতে না পাড়ায় অনিশ্চিত হয়ে পড়ে তাদের ভাগ্য।

তাদের উদ্ধারকারী দলের তদারকির দায়িত্বে থাকা এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা শ্রমিকদের উদ্ধারে নতুন করে তৈরি করা রাস্তাতেও বাধার মুখে পড়েছেন।

একজন কর্মকর্তা জানিয়েছেন, সুড়ঙ্গের ধসে পড়া অংশটি দুর্গম। আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য তাদের বিকল্প পথ খুঁজতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তেলেঙ্গানার নাগারকুর্নুল জেলায় শ্রীশৈলম লেফট ক্যানেল (এসএলবিসি) প্রকল্পের ওপরের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। যখন র্দুঘটনাটি হয় তখন সেখানে একটি লিকেজ মেরামতের জন্য সুড়েঙ্গের ভিতরে প্রায় ৫০ জন শ্রমিক ছিলেন। বাকিরা বের হয়ে আসতে পারলেও আটজন ভেতরে আটকে পড়েন। আটকেপড়াদের মধ্যে দু’জন প্রকৌশলী, দু’জন কারিগরি কর্মী ও চারজন শ্রমিক রয়েছেন। সূত্র : ইউএনবি

চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে মাঠে নামছে ভারত-পাকিস্তান

দুই দলের মাঝে এখন আর দ্বিপাক্ষিক সিরিজ হয় না। ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই দেখতে অপেক্ষায় থাকতে হয় বছরের পর বছর, তাকিয়ে থাকতে হয় বৈশ্বিক কোনো আসরের দিকে। এবার সেই অপেক্ষা ঘোচাল চ্যাম্পিয়নস ট্রফি।

চ্যাম্পিয়নস ট্রফির শুরু হয়েছে আজ চারদিন, তবে কেন যেন ঠিক পূর্ণতা পাচ্ছিল না আসর। কিছু একটার কমতি রয়েই যাচ্ছিল। অবশেষে পূর্ণতা ফিরছে। চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরছে উৎসবের আবহ। বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ।

আসরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে রোববার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাইব্রিড মডেল অনুযায়ী দুবাইয়ে গড়াবে খেলা। লড়াই শুরু বাংলাদেশ সময় বেলা ৩টায়।

দুই দলের এই লড়াইয়ে সীমান্তের সঙ্ঘাত ফিরে আসে ক্রিকেটে। জয় পরাজয় ছাপিয়ে লড়াইটা রূপ নেয় তার চেয়েও বেশিকিছুতে। লড়াইটা সম্মান, ইতিহাস, ঐতিহ্যের; লড়াইটা মতবাদ, মতভেদ আর বিশ্বাসের বৈপরীত্যের।

দুই দলেরই আছে গৌরবময় ইতিহাস। চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দলই পেয়েছে শিরোপার দেখা। ভারতের দুইবারের পাশাপাশি পাকিস্তান শিরোপা জিতেছে একবার। সর্বশেষ আসরে সফরাজ খানের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় দলটা।

আজ পাকিস্তান মাঠে নামবে শিরোপা ধরে রাখার মিশনে। চ্যাম্পিয়ন তকমা হাতছাড়া করতে চায় না তারা। তাছাড়া ঘরের মাঠের আয়োজন বলে কথা! অন্যদিকে শিরোপা পুনরুদ্ধার করতে প্রস্তুত ভারত।

তবে দুই দলের শক্তিমত্তায় আছে ফারাক। যেকোনো সময়ে, যেকোনো ফরম্যাটেই ভারত প্রতিপক্ষের চিন্তার কারণ। প্রতিটি বৈশ্বিক আসরেই শিরোপার অন্যতম দাবিদার হয়েই মাঠে নামে তারা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন তারা।

সেখানে পাকিস্তানকে বলা হয় ডার্ক হর্স। হিসেবে না থাকলেও চমকে দিতে জানে তারা। ইমরান খানের পাকিস্তান থেকে আফ্রিদির পাকিস্তান, কখনোই মোটা দাগে হট ফেভারিট ছিলো না তারা। তবে সব শেষে ঘরে ফিরেছে তারা শিরোপা উল্লাস করেই।

এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দলেরই অবশ্য এইটা দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে ভারত বাংলাদেশকে হারিয়ে আছে সুবিধাজনক অবস্থানে। বিপরীতে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হেরে অনেকটা ‘ডু অর ডাই’ অবস্থানে দাঁড়িয়ে। জিততেই হবে তাদের।

হারলেই কার্যত বিদায় হবে মোহাম্মদ রিজওয়ানের দলের। আর একই গ্রুপের মাঝে থাকায় বাংলাদেশের ভাগ্যও অনেকটা ঝুলে আছে এই ম্যাচের দিকে। আগামীকালের ম্যাচেই অনেকাংশে নির্ধারিত হবে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ।

সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে কঠিন পরীক্ষাই দিতে হবে। ভারত বধ করতেই হবে। যদিও এমন চ্যালেঞ্জিং অবস্থান থেকে ঘুরে দাঁড়ানো বেশ কঠিন হলেও দলটা পাকিস্তান বলে সবই সম্ভব। কখন কিভাবে কি করে ফেলে, হিসেব-নিকেশ বদলে দেয়, তা কে জানে!

দুই দল ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৫ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত। যেখানে পাকিস্তানের জয় ৭৩টিতে, ভারতের জয় ৫৭টিতে। পাঁচটি পরিত্যক্ত হয়। তবে সর্বশেষ ১৫ ম্যাচের শেষ ১০টিতেই জিতেছে টিম ইন্ডিয়া।

তবে মহারণে নামার আগে পাকিস্তানকে অক্সিজেন দিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে তাদের রেকর্ড। ২০০৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট পাঁচবার।

যেখানে পাকিস্তান জিতেছে তিনবার ও ভারত মাত্র দু’বার। এর মধ্যে রয়েছে ২০১৭ সালে ফাইনালও।

তবে জয়-পরাজয় ছাপিয়ে পাক-ভারত সমর্থকদের বাইরে লক্ষ্য, উদ্দেশ্য, চাওয়া একটাই। ম্যাচটা জমে উঠুক, পায়ে-পা রেখে ছুটে চলুক, চোখে চোখ রেখে লড়াই হোক আর সর্বশেষে ক্রিকেটেরই জয় হোক।

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি রোববার বলেছেন, ইউক্রেনে মস্কোর আগ্রাসনের তিন বছর পূর্তিতে সোমবার রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করতে চলেছে যুক্তরাজ্য।

ল্যামি এক বিবৃতিতে বলেন, ‘এখনই সময় ভ্লাদিমির পুতিনের রাশিয়ার ওপর চাপ প্রয়োগের।’

তিনি আরো বলেন, ‘আগামীকাল আমি রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা ঘোষণা করার পরিকল্পনা করছি। এ নিষেধাজ্ঞা তাদের সামরিক যন্ত্র ধ্বংস করে দেবে এবং ইউক্রেন ধ্বংসে ব্যবহার করা রাজস্ব হ্রাস করবে।’

২০২২ সালে মস্কো ইউক্রেন আক্রমণ করার পর থেকে যুক্তরাজ্য ইতোমধ্যেই পুতিনের সরকারের সাথে সংশ্লিষ্ট এক হাজার ৯০০ ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নতুন নিষেধাজ্ঞার ঘোষণাটি এমন সময়ে এলো যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ অবসানের দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্র।

ল্যামি বলেন, ‘এটি ইউক্রেন, ব্রিটেন ও সমগ্র ইউরোপের ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখন সময় এসেছে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন দ্বিগুণ করার।’

সূত্র : ডয়চে ভেলে

এ টি এম আজহারের মামলার রিভিউ শুনানি মঙ্গলবার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ধার্য করেছেন আপিল বিভাগ।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ শুনানির জন্য এদিন ধার্য করেন।

আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম। এখন সেই রিভিউ আবেদন শুনানি ও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
সূত্র : বাসস

দ্বিতীয় পর্যায়েও ভারতীয়দের হাত-পা বেঁধেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আমেরিকা থেকে আরো ১১৯ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে অবতরণ করল মার্কিন বিমান। এই নিয়ে দ্বিতীয় দফায় ভারতীয় অবৈধবাসীদের দেশে ফেরাল আমেরিকা। মার্কিন মুলুক থেকে নির্বাসিত এই ১১৯ জনের মধ্যে ৬৭ জন পঞ্জাবের এবং ৩৩ জন হরিয়ানার। এছাড়া দেশে ফেরা অবৈধবাসীদের ৮ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের, ২ জন গোয়ার, ২ জন মহারাষ্ট্রের, ২ জন রাজস্থানের এবং ১ জন করে হিমাচলপ্রদেশ এবং জম্মু ও কশ্মীরের বাসিন্দা আছেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ১৫৭ জন অবৈধবাসী বহনকারী তৃতীয় মার্কিন বিমানটিও রোববার অমৃতসরে অবতরণ করতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি অবৈধবাসী ভারতীয়দের বহনকারী মার্কিন বিমানবাহিনীর একটি বিমান অমৃতসরে এসে পৌঁছেছিল। অমৃতসরে অবতরণ করা সেই বিমানটিতে মোট ১০৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। সেই বিমানে করে দেশে ফেরা বহু ভারতীয় অভিযোগ করেছিলেন, গোটা যাত্রাকালে তাঁদের হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল। এমনকি নারীদেরও পা, কোমরে শিকল বাঁধা ছিল বলে অভিযোগ ওঠে। যা নিয়ে সংসদে বিরোধী হট্টগোল তৈরি করেছিলেন।

এই নিয়ে ভারতে ব্যাপক হৈচৈয়ের পর নয়াদিল্লি নির্বাসিতদের সাথে আচরণের বিষয়ে ওয়াশিংটনকে তাদের উদ্বেগের কথা জানিয়েছিল।

এদিকে সম্প্রতি মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মোদি বলেছিলেন, ‘যারা অন্য দেশে অবৈধভাবে বসবাস করছে, তাদের সেখানে থাকার অধিকার নেই। ভারত ও আমেরিকার ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে যারা সত্যিই ভারতীয় এবং আমেরিকায় অবৈধভাবে থাকছেন, তাদের ফিরিয়ে নিতে ভারত তৈরি।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

ভারতে আইরিশ পর্যটককে ধর্ষণের পর হত্যা : ৮ বছর পর রায়

প্রায় আট বছর আগে জনপ্রিয় একটি পর্যটন রিসোর্টে এক আইরিশ নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের পশ্চিমাঞ্চলীয় গোয়া রাজ্যের একটি আদালত এই আদেশ দেন।

২০১৭ সালের মার্চে গোয়ায় ছুটি কাটাতে আসা ২৮ বছর বয়সী ড্যানিয়েল ম্যাকলাফলিনের লাশ পর্যটকদের কাছে জনপ্রিয় সমুদ্র সৈকতে এক কৃষক দেখতে পান। একটি ময়নাতদন্তে দেখা গেছে, মস্তিষ্ক ও ঘাড়ের আঘাতের কারণে তার মৃত্যু হয়েছিল।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ওই হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত হন বিকাশ ভগত।

রায়ের পর ম্যাকলাফলিনের পরিবার এক বিবৃতিতে বলেছে, তারা এবং তার বন্ধুরা ‘ন্যায়বিচারের জন্য পাবলিক প্রসিকিউটর এবং তদন্তকারী কর্মকর্তার কাছে কৃতজ্ঞ।’

সাধারণত ভারতীয় আইনে ধর্ষণের শিকার নারীর নাম প্রকাশ করা হয় না। এক্ষেত্রে নির্যাতিতার পরিবার মামলার বিষয়ে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের সাথে কথা বলেছেন।

২০১২ সালে নয়া দিল্লিতে বাসে গণধর্ষণের শিকার এক তরুণীর মৃত্যুর পর যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর আইন পাস করে ভারত। এর পরও দেশটিতে নারীদের বিরুদ্ধে অব্যাহত সহিংসতা বন্ধ হয়নি।

গোয়া ভারতের পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। প্রতি বছর লাখ লাখ পর্যটক -এর অসংখ্য সমুদ্র সৈকতের রিসোর্টগুলো পরিদর্শন করেন।
সূত্র : ইউএনবি