Home Blog Page 496

যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তির ‘খুব কাছাকাছি’ ইসরাইল-হামাস : পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

যুদ্ধবিরতি এবং বন্দীবিনিময় চুক্তির ‘খুব কাছাকাছি’ রয়েছে ইসরাইল ও হামাস। বুধবার প্যারিসে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোটের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন এ কথা বলেন।

এ সময় ব্লিঙ্কেন আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র আশাবাদী, আমাদের হাতে যে সময় আছে তার মধ্যেই আমরা চুক্তিতে পৌঁছাতে পারব।’

তিনি জানান, যদি ইসরাইল ও হামাস কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে প্রেসিডেন্ট বাইডেনের যুদ্ধবিরতি পরিকল্পনা আসন্ন ট্রাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, যখন আমরা সেই চুক্তিটি করতে পারব – এবং আমরা এটি অর্জন করবই – তখন এটি প্রেসিডেন্ট বাইডেন মে মাসে বিশ্বের সামনে যে পরিকল্পনাটি রেখেছিলেন তার ভিত্তিতে হবে।’

তিনি আরো জানান, বন্দী ও যুদ্ধবিরতি চুক্তিতে গাজার নিরাপত্তা, তার প্রশাসন এবং পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অবিশ্বাস্য পরিমাণে কাজ করেছে।

মার্কিন শীর্ষ এই কূটনীতিক বলেন, ‘আরো বিস্তৃতভাবে বলতে গেলে, সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ শুরু করার মাধ্যমে মধ্যপ্রাচ্যের জন্য রূপান্তরমূলক ব্যবস্থায় আমরা কাজ করেছি এবং বিনিয়োগ করেছি। তাই গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের জন্য এগিয়ে যাওয়ার পথে সমঝোতার সুযোগ পেলে আমরা সবকিছুই করতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘সেখানে অসাধারণ সুযোগ রয়েছে।’

নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে এটিই হবে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের শেষ আন্তর্জাতিক সফর।

সূত্র : দ্য জেরুসালেম পোস্ট

বিডিআর বিদ্রোহ : বিশেষ আদালতের এজলাস পুড়ে গেছে

ঢাকার বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের এজলাস কক্ষ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর বেলায় আগুনে পুড়ে গেছে। এ অবস্থায় বিচারকার্য পরিচালনা করা সম্ভব নয় বলে বাসস’কে জানিয়েছেন প্রসিকিউটর বোরহান উদ্দিন।

আজ ঢাকার বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার শুনানি হওয়ার কথা ছিল। এদিন এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে। পুড়ে যাওয়া এজলাস কক্ষ পরিদর্শন করেন বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইব্রাহিম মিয়া। দুপুর পৌনে ১২টার দিকে আলিয়া মাদরাসার আদালত প্রাঙ্গণে এসে পুড়ে যাওয়া এজলাস কক্ষ পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে প্রসিকিউশন টিম, আইনজীবী ও মাদরাসার শিক্ষার্থীরাও ছিলেন।

পরবর্তীতে মামলায় রাষ্ট্রপক্ষের ও আসামিপক্ষের আইনজীবীদের সাথে কথা বলে ১২টা ১০ মিনিটে চলে যান।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর বোরহান উদ্দিন বাসস’কে বলেন, আদালত পুড়িয়ে দেয়া হয়েছে। বড় ধরনের সংস্কার করা ছাড়া এখানে বিচারকার্য করা সম্ভব নয়। আদালতের বিচারক আদালত এসেছিলেন। তিনি পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছেন। এরপর চলে গেছেন। এ মামলার বিচারকার্য করার জন্য পরবর্তীতে দিন ঠিক করা হবে।

এরআগে আলিয়া মাদরাসার মাঠে আদালত বন্ধের দাবিতে বুধবার রাত থেকে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।

আজ সকালে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মোড়, পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার, বকশীবাজার, অরফানেজ রোড ব্যারিকেড দিয়ে আটকে দেন। পরে পরিস্থিতে নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান সেনবাহিনী ও পুলিশ।

সূত্র : বাসস

বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

আন্দোলন-সংগ্রামে যার যেটা কন্ট্রিবিউশন সেটা স্বীকার করতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, তা হলো ঐক্য।

আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘রাজবন্দীর জবানবন্দী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহর সভাপতিত্বে ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান।

মির্জা ফখরুল বলেন, কী দুর্ভাগ্য আমাদের, হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে কেন জানি আমরা নিজেদের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না। ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কী দুর্ভাগ্য! এখন যেটা শুরু হয়েছে, এটা কিন্তু এতটুকু সুস্থ ব্যাপার না, একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতায় তো তখনই টিকে থাকবে, যখন এটাকে সেটেল (স্থির) করতে পারবে, স্টেবিলিটি (স্থিতিশীলতা) আসবে।

তিনি বলেন, সংস্কার তো আমরা শুরু করেছি। দেশে প্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সংস্কার অবশ্যই লাগবে, সংস্কারের পেছনে যে শক্তিটা লাগবে, সেটা হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে বৈধতা দিতে পারব না আমরা। তাই সেসব বিতর্কে জড়াতে চাই না। আমরা বিতর্কে বেশি না জড়াই।’

সকল পর্যায়ের রাজনৈতিক কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনুরোধ করব, বিভাজন সৃষ্টি করবেন না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি বুঝি না, কিছু মানুষ যেন বেপরোয়া হয়ে গেছে। তারা দেশকে ভাগ করবে আবার জনগণকে বিভক্ত করবে। এমন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম উসকানি দিচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না।’

পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে নয় মাস কারাগারে ছিলেন এবং ১৬ ডিসেম্বর বেগম খালেদা জিয়া মুক্তি পান জানিয়ে তিনি বলেন, ‘দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন বেগম খালেদা জিয়া। যদি তিনি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা না হবেন, তাহলে কি হাসানুল হক ইনু, আমির হোসেন আমু মুক্তিযোদ্ধা? যারা কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডে বসে মুক্তিযুদ্ধ করেছেন- তারা?’

বিএনপি মহাসচিব বলেন, আজকে মিডিয়াও কেন জানি নেগেটিভ জিনিসগুলোকে তুলে ধরতে চায়। পজিটিভ বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছুদিনের মধ্যে মামলা থেকে পুরোপুরি মুক্ত হবেন, তিনি তখন দেশে উপস্থিত হবেন।

ভারতের দখলে থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদীর ৫ কিলোমিটার ভারতের দখল থেকে উদ্ধার করেছে মহেশপুর-৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এতদিন কোদলা নদীর বাংলাদেশ সীমান্তের এই ৫ কিলোমিটার ভারতের বিএসএফ দখল করে আধিপত্য বিস্তার করেছিল।

সোমবার রাতে ৫৮ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, কোদলা নদী বাংলাদেশের অভ্যন্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় ৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত চিহ্নিত করেছে। ১৯৬১ সালে প্রণীত বাংলাদেশ-ভারত (স্টিপ ম্যাপ সিট নম্বর-৫১) মানচিত্র অনুসারে কোদলা নদীর উল্লেখিত ৪ দশমিক ৮ কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত।

মহেশপুরের যাদবপুর ইউনিয়নের মাটিলা গ্রামের স্থানীয়রা জানায়, এক সময় এই নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হতো। স্বাধীনতার পর কোদলা নদী পাড়ের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের আরো অভ্যন্তরে বসবাস শুরু করলে কোদলা নদীর বাংলাদেশ অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে। ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরতে যেতে পারতো না।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন জানান, কোদলা নদীর বাংলাদেশ অংশে গেলেই বিএসএফ বাধা প্রদান করতো। এতে নদীটি ব্যবহার করা নিয়ে মাটিলা গ্রামের মানুষের সাথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র সাথে প্রায়ই বাদানুবাদ হতো।

মহেশপুর ৫৮ বিজিবি জানিয়েছে, সম্প্রতি কোদলা নদীর প্রকৃত মালিকানা সংক্রান্ত বিষয়টি বিজিবির নজরে এলে তারা প্রথমে বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে বিএসএফ’র অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানায়। বিজিবি সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কোদলা নদী নিজেদের আয়ত্বে আনতে সক্ষম হয়। বর্তমানে বিজিবি সদস্যরা প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি এলাকার জন্য যন্ত্রচালিত বোট এবং নদীর পাড়ে দ্রুত টহলের জন্য অল ট্যারেইন ভেহিক্যেল (এটিভি) বরাদ্দ করেছে।

এদিকে ভারতের কবল থেকে ৫ কিলোমিটার নদী উদ্ধারের পর সোমবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো: আজিজুস সহিদ স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন।

এ সময় নদী উদ্ধারে তাদের সহায়তার জন্য বিজিবি কর্মকর্তারা জনসাধারণকে ধন্যবাদ জানান এবং নদীর প্রকৃত অবস্থান এবং মালিকানা সম্পর্কে পরবর্তী প্রজন্মকে অবগত রাখার জন্য অনুরোধ জানান। সেই সাথে নদীর বাংলাদেশ অংশে প্রয়োজনীয় সেচ এবং চাষাবাদ চালু রাখার জন্য গ্রামবাসীকে অনুরোধ করেন বিজিবির কর্মকর্তারা।
সূত্র : বাসস

তামিমের বিধ্বংসী ইনিংসে বরিশালের বড় জয়

জ্বলে উঠলেন তামিম ইকবাল। অধিনায়কের বিধ্বংসী ইনিংসে দুর্বার রাজশাহীকে হেসেখেলেই হারিয়েছে ফরচুন বরিশাল। তাতে এক ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তামিম ইকবাল ৪৮ বলে করেন অপরাজিত ৮৬* রান।

বিপিএলে আজ সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে বরিশাল। প্রথমে ব্যাট করে ১৬৮ রানের পুঁজি পায় রাজশাহী। জবাবে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় বরিশাল।

রাজশাহীর দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি। নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে একাদশে আনা প্রীতম কুমার ভালো করতে পারেননি, ফেরেন ৯ বলে ৩ করে।

তবে ছোট ছোট জুটিতে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন বরিশালের তামিম। প্রথমে মায়ার্সের সাথে ৪১ ও এরপর হৃদয়ের সাথে ৪০ রানের জুটি গড়েন তিনি। মায়ার্স ১১ বলে ২৪ ও তাওহীদ ফেরেন ১৩ রান করে।

তবে পাঁচে নেমে মুশফিকুর রহিম দলকে জিতিয়ে ফেরেন তামিমের সাথে মিলে। অধিনায়কের সাথে ৭৬ রানের অপরাজিত জুটি করে দলকে জেতান তিনি। মুশফিক অপরাজিত থাকেন ২৪ বলে ৩৪ রানে। রাজশাহীর হয়ে দুইটি উইকেট নেন মোহর শেখ।

এর আগে জিসান আলমের ২৭ বলে ৩৮, এনামুল হক বিজয়ের ৩৯ ও ইয়াসির আলির ২৩ বলে ৩৭ রানে ১৬৮ রানের পুঁজি পায় রাজশাহী। মোহাম্মদ হারিস ২২ ও আকবর আলি করেন ৯ বলে ১৫ রান।

২ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ফাহিম আশরাফ নেন ১ উইকেট। একটি উইকেট পেয়েছেন তানভীর ইসলামও।

ভারতে মাওবাদী অধ্যুষিত এলাকায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে বিস্ফোরণ : নিহত ৯

ভারতে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলায় নয়জন নিহত হয়েছে। মাওবাদী দমন অভিযান সেরে ফেরার সময় ওই নিরাপত্তা বাহিনীর উপর মাওবাদীরা পাল্টা হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। ওই গাড়িটিকে আইইডি বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বস্তার সুন্দররাজ পি জানিয়েছেন, দান্তেওয়াড়া, নারায়ণপুর, বস্তার ও বিজাপুর থেকে স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) ও সিআরপিএফ জওয়ানরা মাওবাদী অভিযান থেকে ফিরছিলেন।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে কুতরু থানার আম্বেলি গ্রামের কাছ দিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি আইইডি বিস্ফোরণে বিধ্বস্ত হয়।

এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে জেলা রিজার্ভ গার্ডের আটজন সৈন্য এবং একজন চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কয়েকজন জওয়ান গুরুতর আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

শনিবার থেকেই বিজাপুর লাগোয়া নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমানায় মাওবাদী দমন অভিযান শুরু করেছিল যৌথবাহিনী। সেই সময় দুই পক্ষের গুলি বিনিময়ে একজন জওয়ান এবং চারজন মাওবাদীর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তারই পাল্টা হিসেবে সোমবারের এই হামলা বলে অনুমান করা হচ্ছে।

সূত্র : বিবিসি

পদত্যাগের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর

নিজ দলের ভেতরে প্রচণ্ড চাপের মুখে পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) দেশটির রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে, দ্যা গ্লোব অ্যান্ড মেইল রোববার তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

জাস্টন ট্রুডো ২০১৩ সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই সময় কানাডিয়ান এ দলটি গভীর সমস্যায় পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল।

রয়টার্স বলছে, ট্রুডোর এ পদত্যাগের ফলে দেশটির ক্ষমতাসীন এ দলটিকে এমন এক সময়ে স্থায়ী প্রধান ছাড়াই রাজনৈতিক মাঠে ছেড়ে দেবে যখন জরিপগুলোতেও দেখা যাচ্ছে যে-চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যাবে।

সূত্র : আল জাজিরা

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

আগামীকাল মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ -এ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য তার গাড়ি কোন পথে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে সে রুট প্রকাশ করেছে বিএনপি।

জানা গেছে, গুলশান-২ এর বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি গুলশান-২ এর গোলচত্বর হয়ে কাকলী গোলচত্বর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

ইতোমধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’টি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

বিমানের হোস্টদের স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী।

কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির

অভিযোগ ওঠা সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলকে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। সে অনুযায়ী সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে।

সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৬ (৫) (বি) অনুসরণ করে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের নিকট নির্দেশনা প্রেরণ করেছেন। সে অনুযায়ী সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে।

এর আগে বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে কয়েকজন বিচারপতির আচরণ বিষয়ক তথ্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। গত ১৫ ডিসেম্বর এ তথ্য জানিয়েছিল সুপ্রিম কোর্ট।

গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমানে বেশ কয়েকজন বিচারপতি আচরণের (কনডাক্ট) বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে।

তার ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানায়, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল সংবিধানের ৯৬ অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টর কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যবলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ইতোমধ্যে পাঠানো হয়।

১৯৭২ সালে প্রণীত মূল সংবিধানে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ছিল। ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে অর্পণ করা হয়। পরে জিয়াউর রহমানের শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিচারকদের অপসারণের ক্ষমতা দেয়া হয় সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কাছে।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর ষোড়শ সংশোধনীতে সেটা বাতিল করে বিচারকদের অপসারণের ক্ষমতা ফিরিয়ে দেয়া হয় সংসদকে। বিলটি পাসের পর একই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়।

সংবিধানের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয় আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। রুলের রুল শুনানি শেষে ২০১৬ সালের ৫ মে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ।

রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর ২০১৭ সালের ৪ জানুয়ারি এ বিষয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।

ওই আপিলের শুনানি শেষে ২০১৭ সালের ৩ জুলাই হাইকোর্টের রায় বহাল রেখে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রায়টি দেন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। পরে একই বছরের ১ আগস্ট ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়। এ রায় পুনর্বিবেচনা চেয়ে ২০১৭ সালের ২৪ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

এরপর গত ২০ অক্টোবর সেই রিভিউ আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন আপিল বিভাগ।
এরপর সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করা হয়।

কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে এই কাউন্সিল যাচাই বাছাই করে রাষ্ট্রপতির কাছে অভিযোগ প্রেরণ করেন। সংবিধান অনুসারে, প্রধান বিচারপতি ও জ্যেষ্ঠ দু’জন বিচারপতির সমন্বয়ে এ কাউন্সিল গঠিত হয়।

সেই সময়ে অন্তত ১৫ জন বিচারপতিকে বিচার কাজের বাইরে রাখা হয়েছিল। এর মধ্যে তিনজন বিচারপতি ইতোমধ্যে পদত্যাগ করেছেন। একজন অবসরে যান। এখন ১১ জন বিচারপতি বিচার কাজের বাইরে আছেন।

বিচার কাজের বাইরে থাকা ১২ বিচারপতি হলেন- বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি আশিষ রঞ্জন দাস, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো: আখতারুজ্জামান, বিচারপতি মো: আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন।

চট্টগ্রাম আদালত থেকে ১৯১১টি মামলার ফাইল ‘উধাও’

চট্টগ্রাম আদালত থেকে ১ হাজার ৯১১টি মামলার নথি সিডিএস (কেস ডকুমেন্টস) গায়েব হয়ে গেছে। সোমবার ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার পর গায়েবের বিষয়টি প্রকাশ্যে আসে।

আইনজীবীরা বলেছেন, এই মামলার নথিগুলো অপরাধ প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো গায়েব হলে ন্যায়বিচার মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

আদালত সূত্রে জানা গেছে, মহানগর পিপির অফিসটি চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় অবস্থিত, যা দায়রা জজের আদালত কক্ষ এবং অন্যান্য বিচারিক কক্ষের সংলগ্ন।

স্থান সঙ্কটের কারণে পিপির অফিসের বাইরের বারান্দায় হারিয়ে যাওয়া মামলার নথিগুলো প্লাস্টিকের ব্যাগে সংরক্ষণ করা হয়েছিল।

২৮ থেকে ৩০টি আদালতের এই নথিগুলো ২০২৩ সালের ২৪ এপ্রিল তারিখে সেখানে রাখা হয়েছিল।

ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আদালতের ছুটির সময় নথিগুলো হারিয়ে যেতে পারে।

এ ঘটনায় জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, এই ফাইলগুলো ছাড়া মামলা বিলম্বিত হতে পারে এমনকি মামলা ঝুঁকির মধ্যেও পড়তে পারে।

পিপি মফিজুল হক ভূঁইয়া এই নিখোঁজকে নিরাপত্তার গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘এটি কোনো তুচ্ছ বিষয় নয়। এই ফাইলগুলো অপসারণের জন্য দায়ীদের চিহ্নিত করতে হবে। এছাড়া আসামিরা তাদের মামলায় অযাচিত সুবিধা অর্জনের জন্য এ কাজের পরিকল্পনা করে থাকতে পারে।’
সূত্র : ইউএনবি