Home Blog Page 502

লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলায় জাতিসঙ্ঘের নিন্দা

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) বুধবার লেবাননে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনআইএফআইএল) সদস্যদের উপর সাম্প্রতিক হামলার নিন্দা করেছে। এই বাহিনীর সদস্যদের নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

জাতিসঙ্ঘ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এএফপি এ খবর জানায়।

এক বিবৃতিতে পরিষদ ২৯ অক্টোবর, ৭ নভেম্বর এবং ৮ নভেম্বরের হামলার নিন্দা করেছে। যাতে বেশ কয়েকজন ব্লু হেলমেট সেনা আহত হয়।

পরিষদ বলেছে, তারা ইউএনআইএফআইএল কর্মীদের এবং তাদের অবস্থান স্থলের নিরাপত্তার প্রতি সম্মান জানানোর জন্য সকল পক্ষকে সব ধরনের ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।

জাতিসঙ্ঘ শান্তিরক্ষা বাহিনী জানিয়েছে, ২৯ অক্টোবর, হিজবুল্লাহ বা তার সহযোগীদের ছোড়া একটি রকেট ‘সম্ভবত’ দক্ষিণ লেবাননে ইউএনআইএফআইএল-এর সদর দফতরে আঘাত করেছিল, অস্ট্রিয়া জানায়, এতে তাদের আট সেনা আহত হয়।

৭ নভেম্বর, পাঁচজন শান্তিরক্ষী আহত হয় এবং পরের দিন ইউএনআইএফআইএল ইসরাইলি সেনাবাহিনীকে ‘ইচ্ছাকৃত এবং সরাসরি’ পদক্ষেপে দক্ষিণ লেবাননে তার একটি অবস্থানের ক্ষতি করার জন্য অভিযুক্ত করে।

নিরাপত্তা পরিষদ ‘স্মরণ করিয়ে দেয় যে শান্তিরক্ষীদের কখনই আক্রমণের লক্ষ্যবস্তু হতে হবে না’ এবং ইউএনআইএফআইএল কে তার ‘পূর্ণ সমর্থন’ দিতে হবে।

কাউন্সিলের সদস্যরা সাধারণ সঙ্ঘর্ষে ‘বেসামরিক অবকাঠামোর ধ্বংস’ এবং ‘লেবাননের সাংস্কৃতিক ঐতিহ্যের স্থানগুলোর ক্ষতিতে’ এবং বেসামরিক হতাহতের ঘটনা এবং দুর্ভোগের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’

এটি বিশেষভাবে বালবেক এবং টায়ারে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থানগুলোর বিপন্ন এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্র : এএফপি/বাসস

আসিফের গানের মডেল ‘ভাইরাল ফারজানা সিঁথি’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইটি ঘটনায় ভাইরাল হওয়া ফারজানা সিঁথি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গানের মিউজিক ভিডিওতে মডেল হচ্ছেন। যেখানে তার বিপরীতে রয়েছেন শেখ সাদী।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন আসিফ আকবর।

ফারজানা সিঁথি আন্দোলনে দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন তোলার জন্য তার প্রতিবাদী রূপের প্রশংসা করেন অনেকে। এরপর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়েও ফের আলোচনায় আসেন সিঁথি। সেই ঘটনায় দুঃখও প্রকাশ করেছিলেন তিনি।

আসিফ আকবরের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী। গানের কথাগুলো এমন- “ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এ পৃথিবী, তুমি ছাড়া আজ সব অচেনা।” 

এ বিষয়ে আসিফ আকবর বলেন, “মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে।গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচ মাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।”

তিনি বলেন, “নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুরে। ভিডিও পরিচালনা করবেন স্নেহের সৌমিত্র ঘোষ ইমন। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ।”

এদিকে ফেসবুকে সিঁথির সঙ্গে ছবি পোস্ট করার পর নেটিজেনদেরও নানা মন্তব্যে বিদ্ধ হচ্ছেন আসিফ। সেসবের দারুণ কিছু জবাবও দিয়েছেন তিনি। 

সালমানের পর এবার শাহরুখ খানকে হত্যার হুমকি

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ৫০ লাখ রুপি মুক্তিপণ দাবি করে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার মুম্বাই পুলিশ এই তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, ছত্তিশগড়ের রায়পুর থেকে যে ব্যক্তি ফোন করেছেন তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ‘হিন্দুস্তানি’ বলে পরিচয় দেন।

জানা গেছে, বান্দ্রা থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছে।

কল করা ওই ব্যক্তি ফৈজান খান বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে। তবে তিনি দাবি করেন, ২ নভেম্বর তার ফোন চুরি হয়ে যায়।

গত ৫ নভেম্বর দুপুর ১টা ২০ মিনিট নাগাদ ফোনটি আসে, যেখানে মুক্তিপণ না দিলে ‘জওয়ান’ তারকার ক্ষতি করার হুমকি দেয়া হয়।

উল্লেখ্য, শাহরুখ খানকে এই প্রথম হুমকি দেয়া হলো বিষয়টি এমন নয়। গত বছরের অক্টোবরে তাকে একইভাবে হুমকি দেয়া হয়েছিল। এর ফলে কর্তৃপক্ষকে তার সুরক্ষা ওয়াই+ স্তরে উন্নীত করেছিল। এই স্তরের সুরক্ষার আওতায় তাকে ২৪ ঘণ্টা ছয়জন সশস্ত্র কর্মী সরবরাহ করে। এই সুরক্ষা সুবিধা পাওয়ার আগে তার দু’জন সশস্ত্র সুরক্ষা প্রহরীর ছিল।

সম্প্রতি বলিউডের আরেক তারকা সালমান খানের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে শাহরুখ খানকে এই হুমকি দেয়া হয়।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে তাকে হুমকি দেয়া হয়েছিল। হুমকি দিয়ে বলা হয়, তাকে পাঁচ কোটি টাকা দিতে হবে অথবা কৃষ্ণসার হরিণ হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভিখারাম জালারাম বিষ্ণোই নামে ওই গ্যাংয়ের এক সদস্য এই হুমকি দিয়েছেন বলে জানা গেছে। এই গ্যাংয়ের নেতা কর্ণাটকে এখনো আটক রয়েছেন।

৩০ অক্টোবর আরেকটি ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি সালমান খানের কাছ থেকে ২ কোটি রুপি মুক্তিপণ দাবি করে সতর্ক করেছিল। বারবার এরূপ হুমকির পরিপ্রেক্ষিতে সালমান খানের সুরক্ষাও জোরদার করা হয়। বিশেষ করে ১২ অক্টোবর মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকীর সাম্প্রতিক হত্যার পরে এই ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

মুম্বাই পুলিশ উভয় বলিউড তারকার সর্বশেষ হুমকির তদন্ত করার সময় উচ্চ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করেছে। অভিনেতাদের ক্ষতির আশঙ্কা থেকে রক্ষায় এমন সুরক্ষা ব্যবস্থা যে রয়েছে তা এসব পদক্ষেপ নিশ্চিত করে।

সূত্র : ইউএনবি

জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ের পর বোলারদের দারুণ নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ২৯ রানে হারিয়েছে পাকিস্তানকে।

বৃষ্টি ও বজ্রপাতের কারণে ব্রিজবেনে প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। ম্যাচে বেশ কিছু সময় নষ্ট হয়ে যাওয়ায় ৭ ওভারে নির্ধারিত হয় ম্যাচটি।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারে ২টি চার ও ১টি ছক্কায় ১৬ রান তুলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ম্যাথু শর্ট ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।

দ্বিতীয় ওভারে পাকিস্তানের পেসার নাসিম শাহর প্রথম বলে ৯ রানে আউট হন ম্যাকগাক। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ওই ওভারে ৪টি বাউন্ডারি হাঁকান মারেন ম্যাক্সওয়েল। পরের ওভারে পেসার হারিস রউফের শিকার হয়ে ৯ রানে আউট হন শর্ট।

দুই ওপেনার ব্যর্থ হলেও দ্রুতগতিতে অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুরিয়েছেন ম্যাক্সওয়েল। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৫টি চার ও ৩টি ছক্কায় ১৯ বলে ৪৩ রান করে পেসার আব্বাস আফ্রিদির বলে আউট হন ম্যাক্সওয়েল। এই ইনিংস খেলার পথে বিশ্বের ১৬তম ও তৃতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েলের বিদায়ের পর অস্ট্রেলিয়াকে ৭ ওভারে ৪ উইকেটে ৯৩ রানের সংগ্রহ এনে দেন মার্কাস স্টয়িনিস। ২টি চার ও ১টি ছক্কায় ৭ বলে অপরাজিত ২১ রান করেন তিনি। ইনিংসের শেষ ওভারে নাসিমের বলে ২০ রান নেন স্টয়িনিস। আব্বাস ২ উইকেট নিয়েছেন।

৭ ওভারে ৯৪ রানের টার্গেটে অস্ট্রেলিয়ার তিন পেসার স্পেনসার জনসন, জার্ভিয়ার বার্টলেট ও ন্যাথান এলিসের তোপের মুখে পড়ে পাকিস্তানের ব্যাটাররা। তৃতীয় ওভারে ১৬ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। নিজেদের টি-টোয়েন্টিতে মাত্র ১৬ রানে দ্রুত ৫ উইকেট হারানোর লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান।

দলীয় ২৪ রানে ষষ্ঠ উইকেট পতনে পাকিস্তানের স্বীকৃত ছয় ব্যাটারের কেউই দুই অংকে পৌঁছাতে পারেননি। শাইবজাদা ফারহান ৮, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান শূন্য, বাবর আজম ৩, উসমান খান ও অভিষিক্ত সালমান আঘা ৪ এবং ইরফান শূন্যতে থামেন।

লোয়ার-অর্ডারে হাসিবুল্লাহ খান ১২, আব্বাস ২০ ও আফ্রিদির ১১ রানে দ্রুত গুটিয়ে যাবার লজ্জা এড়ায় পাকিস্তান। শেষ পর্যন্ত ৭ ওভারে ৯ উইকেটে ৬৪ রান করে সফরকারীরা।

বার্টলেট-এলিস ৩টি করে এবং স্পিনার এডাম জাম্পা ২টি ও জনসন ১টি উইকেট নেন। ম্যাচ সেরা হন ম্যাক্সওয়েল।

আগামী ১৬ নভেম্বর সিডনিতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।
সূত্র : বাসস

সাফজয়ী সাবিনাদের পুরস্কার দিলো সাউথইস্ট ব্যাংক

এবার সাফজয়ী সাবিনাদের পুরস্কার দিলো বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রতিষ্ঠানটি তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এ সম্মাননা জানায়।

টানা দ্বিতীয়বার সাফ জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়কে তিন লাখ টাকা করে এবং কোচদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেয়া হয়। আর্থিক পুরস্কার ছাড়াও সাফজয়ী দলের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট এর বিপরীতে দেশে-বিদেশে ব্যবহারযোগ্য একটি করে ভিসা ডেবিট কার্ড দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ হাশেম।

একই দিনে দুই দিপুর স্বর্ণ জয়

একই দিনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিপু চন্দ্র রায় ও আনসারের মোহাম্মদ দিপু স্বর্ণ জয় করেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) হ্যান্ডবল স্টেডিয়ামে শেষ হওয়া জাতীয় কুস্তিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, পুরুষ ও নারী দু’ বিভাগেই চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার। তারা পুরুষ বিভাগে সাতটি স্বর্ণ, একটি রৌপ্য ও ব্রোঞ্জ জয় করে। নারী বিভাগে তাদের অর্জন ছয়টি স্বর্ণ ও একটি রৌপ্য ও ব্রোঞ্জ। পুরুষ বিভাগে বিজিবি দু’টি স্বর্ণ, রৌপ্য ও একটি ব্রোঞ্জ পেয়ে রানার্সআপ হয়েছে। নারী বিভাগে সেনাবাহিনী রানার্সআপ হয়ে পেয়েছে তিনটি স্বর্ণ ও চারটি ব্রোঞ্জ।

বিজিবিতে কর্মরত দিপুর বাড়ি দিনাজপুর এবং ব্যাটালিয়ান আনসারে কর্মরত মোহাম্মদ দিপুর বাড়ি কুমিল্লায়। দু’জনই বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়। দু’জনই দু’মেয়ের বাবা।

মোহাম্মদ দিপু জানান, ‘আমি সেই ২০১২ সাল থেকেই টানা স্বর্ণ জিতে আসছি। শুধু গত বছর সেনাবাহিনীর প্রতিপক্ষের কাছে হারতে হয়েছিল। ২০১৪ সালে সেরা কুস্তিগির হয়েছিলাম।’

দিপু চন্দ্র জানান, ‘আমাদের খেলার পাশাপাশি সীমান্ত রক্ষার কাজ করতে হয় দেশের স্বার্থে। এরপরও আমাদের প্রতিষ্ঠান বিজিবির চেষ্টায় আমরা খেলে যাচ্ছি ও সাফল্য পাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা যে খেলে পদক জিতেছি এটাইতো অনেক। আমাদের ফেডারেশনের তো নিজস্ব কোনো ভেন্যুই নেই। দক্ষিণ এশীয় গেমস-এ ভালো করতে হলে বিদেশী কোচ এবং দেশের বাইরে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’

পুলিশ বাহিনীর নিজেদের প্রমাণ করার এখনই সময় : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ বাহিনীকে সেবা প্রদানের মাধ্যমে নিজেদের প্রমাণ করার এখনই উপযুক্ত সময়। কারণ অন্তর্বর্তীকালীন সরকার অরাজনৈতিক। রাজনৈতিক প্রভাবমুক্ত এ সরকারের আমলে সততা, দক্ষতা ও নিরপেক্ষভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এটিকে কাজে লাগিয়ে পুলিশ বাহিনীকে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল পুলিশ লাইনসের গ্রাটিটিউড হলে সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশের বিভিন্ন ইউনিট, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেজন্য বাহিনীর সদস্যদের চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং নিজেদেরও এটি থেকে দূরে থাকতে হবে। তা না করতে পারলে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে এবং ৫ আগস্টের শহিদদের রক্ত বৃথা যাবে। তিনি এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না। পরিচয় ছাড়া কাউকে আইনের আওতায় আনা যাবে না।

উপদেষ্টা বলেন, পুলিশের বিভিন্ন থানায় থাকা, খাওয়া ও শৌচাগারের অবস্থা ভালো নয়। তিনি পুলিশ সদস্যদের এসব সমস্যা-সমাধানে মনোনিবেশ করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদানের জন্য সশস্ত্র বাহিনীকে ২ মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছিল। তিনি বলেন, এটির মেয়াদ আরো বাড়ানো হবে এবং এতে বিজিবি ও কোস্টগার্ডকে অন্তর্ভুক্ত করা হবে।

মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার পুলিশকে জনবান্ধব বাহিনীকে পরিণত করতে চেষ্টা করে যাচ্ছে। এ লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠনসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, অন্যান্য এলাকার চেয়ে বরিশালের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো।

মতবিনিময় সভায় ছিলেন পুলিশ মহাপরিদর্শক মো: ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার মো: রায়হান কাওছার, পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।

খুলনায় আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণচন্দ্রকে ডিম নিক্ষেপ

খুলনায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দকে আদালতের শুনানি শেষে কারাগারে নেয়ার সময় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করেছেন। এ সময় ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে তার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর শুনানি শেষে পুলিশ নারায়ণচন্দ্র চন্দকে কারাগারের উদ্দেশে প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।

এর আগে ধর্ষণ ও অপহরণ মামলায় শুনানি শেষে বিচারক মো: রাকিবুল ইসলাম ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। গত ২৭ জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগ তুলে ওই নারী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পর দিন হাসপাতালের ওসিসির (ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার) সামনে থেকে কয়েকজন ভুক্তভোগীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অভিযুক্তরা সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের ঘনিষ্ঠ সহচর ও অনুসারী। তাদের বাঁচাতে তৎকালীন মন্ত্রী অবৈধ প্রভাব বিস্তার করায়-চিকিৎসা শেষ হওয়ার আগে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। এরপর তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করা হয়।

এ ঘটনায় ধর্ষণ ও অপহরণের শিকার ওই নারীর খালাতো ভাই পরিচয়দানকারী গোলাম রসুল গত ৯ অক্টোবর আদালতে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুাল-৩ ধর্ষণ ও অপহরণের অভিযোগ করে। পরে আদালত ঘটনাটি তদন্ত করে নগরীর সোনাডাঙ্গা থানাকে মামলা রুজু করার নির্দেশ দিলে গত ১৭ অক্টোবর ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদসহ আটজনের বিরুদ্ধে মামলা রুজু হয়। সাবেক ভূমিমন্ত্রী ও ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান নারায়ণচন্দ্র চন্দ ওই মামলার ২ নম্বর আসামি।

মামলার আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোমিনুল ইসলাম জানান, ‘আসামিরা প্রভাবশালী হওয়ায় বাদি এত দিন বিচার পায়নি। বর্তমানে আইনের শাসন কায়েম হওয়ায় নির্যাতিত নারী সঠিক বিচার পাবে বলে আশা করছি।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য ইউকে পাঠানো হবে

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে খুব শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হবে।

তিনি বলেন, ‘চিকিৎসকদের পরামর্শে প্রথমে ইউকে’তে নেয়া হবে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে যদি অন্য দেশে নেয়ার প্রয়োজন হয়, তাহলে পরে সিদ্ধান্ত নেয়া হবে’।

বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র দ্বিতীয় দিনের খেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ২০২১ সাল থেকে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে দীর্ঘদিন অসুস্থতা নিয়ে হাসপাতালে থাকতে হয়েছে। তিনি বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই চিকিৎসকের পরামর্শে তাকে দেশের বাইরে পাঠানো হবে।

তিনি আরো বলেন, মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের যুবকদের জন্য সর্বপ্রথম যুব ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং দেশের যুবকদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুপথ দেখিয়েছেন। তারই ধারাবাহিকতায় যুবকদের আত্মবিশ্বাসী হয়ে দেশের অনিয়ম ও দুর্নীতি রুখে দেয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফুল, রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক শামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুল হক লাকুসহ রংপুর বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে টুর্নামেন্টটি শেষ হবে।
সূত্র : বাসস

হাসিনাকে বিবৃতি থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয়েছে : পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারবাহিকভাবে রাজনৈতিক বক্তব্য-বিবৃতিতে দেশটির কাছে একাধিকবার তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তাকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।

তিনি বলেন, ভারতীয় হাইকমিশনার ও দেশটির সরকারকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার পর যেসব রাজনৈতিক বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তা ভালো চোখে দেখছে না বাংলাদেশ।

দুই দেশের ‘ঐতিহাসিক সম্পর্কের জন্য’ তাকে এ ধরনের বক্তব্য থেকে বিরত রাখা জরুরি বলেও প্রতিবেশীদের জানানো হয়েছে, বলেন মি. হাসান।

আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভিসা ইস্যুতে ভারতীয় কর্তৃপক্ষকে জানানোর পর, তারা জানিয়েছেন জনবল সংকটের কারণে ভিসা প্রাপ্তির জটিলতা দূর করা এখনই সম্ভব হচ্ছে না।

গত ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর ১০০ দিন পার হয়ে গেছে।

সূত্র : বিবিসি