Home Blog Page 522

ব্রিটিশ চ্যারিটির আজীবন সদস্য হলেন মির্জা ফখরুল

লন্ডনে ‘ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট’ নামের ব্রিটিশ চ্যারিটির অনারারি লাইফ মেম্বার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১টায় তিনি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চ্যারিটি শপে পরিদর্শনে করতে গেলে তাকে আজীবন সদস্যপদ প্রদান করা হয়।

এ সময় চ্যারিটির অ্যাডভাইজার আ স ম মাসুম বিএনপি মহাসচিবকে ব্রিটেন, আফ্রিকা ও বাংলাদেশে ব্রিটিশ বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম তুলে ধরেন। চ্যারিটির চেয়ারম্যান খসরুজ্জামান খসরু, চিফ অ্যাডভাইজার কামাল আহমেদসহ অন্যান্য অ্যাডভাইজার ও ভলান্টিয়ারা বিএনপি মহাসচিবের হাতে লাইফ মেম্বারশিপ তুলে দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি গর্বিত এই চ্যারিটির অংশ হতে পেরে। এই চ্যারিটি বিশ্ব মানবতার জন্য কাজ করে যাচ্ছে। এটা আমাদের জন্য গর্বের।’

এ সংস্থা বাংলাদেশের আর্ত-মানবতার সেবায় আরো কাজ করে যাবে বলে প্রত্যাশা করেন তিনি।

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ২০১২ সাল থেকে ব্রিটেনের বিভিন্ন কমিউনিটি, আফ্রিকা ও বাংলাদেশে কাজ করে যাচ্ছে বলে জানান সংস্থার চিফ অ্যাডভাইজার কামাল আহমেদ। একইসাথে বর্তমানে ব্রিটেনের স্থানীয় গভর্নমেন্টের ফান্ডিং নিয়ে স্কিল ডেভলপমেন্ট, স্বাস্থ্য সচেতনতার জন্য বাগান করা ও কষ্ট অব লিভিংয়ের বেশ কিছু প্রজেক্ট চলছে বলে জানান তিনি।

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু বলেন, ‘আমাদের চ্যারিটি বাংলাদেশে ও আফ্রিকায় কাজ করলেও ব্রিটেনের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টে আমরা অনেক কাজ করে যাচ্ছি। আমাদের চ্যারিটির অনারারি লাইফ মেম্বার হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তর্ভূক্তি আমাদের কার্যক্রমকে আরো বেগবান করবে।’

ব্রিটেনের কমিউনিটিতে অবদান রাখায় ইতোমধ্যে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ব্রিটেনের রাজার অফিস থেকে পাঁচবার লিখিত প্রশংসাপত্র পেয়েছে।

যেভাবে দেশ ছেড়ে পালিয়েছেন বাশার আল-আসাদ

সিরিয়ার ‘স্বৈরশাসক’ প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা।

এর আগে বার্তাসংস্থা রয়টার্স সিরিয়ার দু’জন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশে রাজধানী দামেস্ক ছেড়ে গেছেন।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের সশস্ত্র গোষ্ঠী, যারা এই অভিযানের নেতৃত্বে আছে তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে বলেছে, এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে।

দামেস্কের পথে পথে বিপুল সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে।

বিদ্রোহীরা বলছে, আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ যারা কারাবন্দী ও বাড়িঘর ছেড়ে পালিয়ে ছিলেন তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন।

এদিকে রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেদনায়া থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করেছে বিদ্রোহীরা।

সিরিয়া বিভিন্ন শহর থেকে হিজবুল্লাহ বাহিনী তাদের সৈন্য প্রত্যাহার করেছে।

এই পরিস্থিতিকে একজন বিশ্লেষক ‘৫৪ বছরের স্বৈরশাসনের চূড়ান্ত মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে- এমন ঘোষণা দেয়ার পরপর প্রেসিডেন্টের দেশ ছাড়ার খবর পাওয়া যায়, কিন্তু শুরুতে সে খবর অস্বীকার করা হয়েছিল।

তিনি চলে যাওয়ার পর বিমানবন্দর থেকে সরকারি বাহিনী সরিয়ে নেয়া হয়েছে।

যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে একটি ব্যক্তিগত বিমান দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে গেছে এবং সম্ভবত এতেই প্রেসিডেন্ট আসাদ ছিলেন।

রাজধানীতে প্রবেশ শুরুর আগে বিদ্রোহীরা দেশটির তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নিয়েছে।

দামেস্কে প্রবেশের ঘটনাকে বিদ্রোহী ইসলামপন্থী হায়াত তাহরির আল-শামস বা এইচটিএস-এর প্রধান ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন।

বিদ্রোহীরা তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, ‘আমাদের বাহিনী রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে।’

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, বিদ্রোহীদের হাতে দামেস্কে একটার পর একটা শহরতলীর পতন হচ্ছে।

এদিকে দামেস্কের প্রাণকেন্দ্র উমায়াদ স্কয়ারে লোকজন উৎসব শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই এলাকাতেই সেখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর দফতরসহ সরকারি সংস্থাগুলোর কার্যালয়।

‘জবাইখানা’ হিসেবে পরিচিত কারাগারে যা হলো
জাতিসঙ্ঘ একসময় ‘মনুষ্য জবাইখানা’ হিসেবে বর্ণনা করেছিল এমন একটি কারাগার থেকে বন্দীদের মুক্ত করেছে সিরিয়ার বিদ্রোহীরা।

সেদনায়ার ওই কারাগারে হাজার হাজার বিরোধী সমর্থককে ফাঁসি ও নির্যাতনের অভিযোগ আছে।

টেলিগ্রাম চ্যানেলে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস বলেছে, বন্দীদের মুক্ত করে তারা একে অবিচারের যুগের অবসান হিসেবে উল্লেখ করেছে।

কিছু ভিডিওতে কারাগার থেকে লোকজনকে বেরিয়ে আসতে দেখা গেছে। তবে এগুলোর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

দ্যা অ্যাসোসিয়েশন অফ ডিটেইনিস অ্যান্ড দা মিসিং ইন সেদনায়া প্রিজন বলেছে, মুক্ত হওয়া বন্দীরা দামেস্কের কাছেই একটি শহর মানিনের দিকে যাচ্ছে।

এরপর কী হবে
তুরস্ক সিরিয়া সীমান্ত এলাকার কাছে আছেন বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা হুগো ব্যাচেগা। তিনি লিখেছেন, প্রেসিডেন্ট আসাদ বিদায় নিলে বহু মানুষ খুশি হিবে, কিন্তু এরপরই একটি প্রশ্ন নিশ্চিতভাবে আসবে যে এরপর কী হবে।

এবারের বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে বিদ্রোহী হিসেবে পরিচিত এইচটিএস। বহুবছর ধরেই তারা নিজেদের জাতীয়তাবাদী শক্তি হিসেবে পরিচিত করানোর চেষ্টা করছে। তবে অনেকেই এটা মানতে রাজি নয়।

তাদের মতে, গ্রুপটি এখনো চরমপন্থী সহিংস একটি সংগঠন এবং সে কারণেই এরপর দেশটিতে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন তারা।

হিজবুল্লাহ সৈন্য সরিয়ে নিচ্ছে
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সহযোগী হিজবুল্লাহ সিরিয়ার নির্দিষ্ট কিছু এলাকা থেকে তাদের সৈন্যদের সরিয়ে নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

ইরান-সমর্থিত হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, তারা হোমস ও দামেস্ক শহর থেকে সৈন্যদের প্রত্যাহার করছে।

ওদিকে রয়টার্স জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুসেইর শহর থেকেও হিজবুল্লাহ যোদ্ধারা সরে যাচ্ছে।

সিরিয়ার আর্মি অফিসাররা কী করছে
যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা দ্যা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) খবর দিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী ও অন্য নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য তাদের সামরিক পোশাক খুলে ফেলেছে।

এর আগে তাদের বলা হয়েছে, সরকারের পতন হয়েছে এবং তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

একটি ব্যক্তিগত বিমান চলে যাওয়ার পর একই ধরনের আদেশ দামেস্ক বিমানবন্দর এলাকায় থাকা সরকারি বাহিনী সদস্যদেরও দেয়া হয়েছে।

‘৫৪ বছরের স্বৈরশাসনের অবসান’
দ্যা সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর মধ্যপ্রাচ্যবিষয়ক কর্মসূচির সিনিয়র ফেলো নাতাশা হল।

বিবিসি রেডিও ফাইভ লাইভে তিনি বলেছেন, ‘এটাকে সত্যিকার অর্থেই মনে হচ্ছে যে সিরিয়ায় ৫৪ বছরের স্বৈরশাসনের চূড়ান্ত মুহূর্ত।’

সিরিয়ায় আসাদ পরিবারের শাসন শুরু হয়েছিল সত্তরের দশকের শুরু থেকে। নাতাশা হল বলছেন, প্রেসিডেন্ট আসাদ দামেস্ক ছেড়ে গেছেন বলেই প্রতীয়মান হচ্ছে।

তার মতে মূলত আসাদের দুই ঘনিষ্ঠ সহযোগী রাশিয়া ও ইরান অন্য ঘটনায় ‘দুর্বল ও মনোযোগ হারানোর’ কারণেই তার এ পরিণতি হলো।

রাশিয়া কয়েক বছর ধরে ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত, আর ইরানসমর্থিত দুই গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহ ইসরাইলের হামলায় বিপর্যস্ত। ইরান ও ইসরাইলের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলাও হয়েছে।

এছাড়া সিরিয়ান ৯০ ভাগ মানুষ এখন দারিদ্রসীমার নিচে বাস করে এবং অনেকেই বাস্তুচ্যুতদের জন্য নির্মিত ক্যাম্পে বাস করে।

নাতাশা বলেন, ‘আমি মনে করি মানুষ ক্লান্ত হয়ে পড়েছে।’

২০১৮ সাল থেকে দেশটি কার্যত তিন ভাগে বিভক্ত হয়ে আছে, যেখানে বাশার আল-আসাদের কর্তৃত্ববাদী শাসন, কুর্দি বাহিনী এবং বিদ্রোহীরা বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে।

একটা সময় পর্যন্ত সিরিয়ায় যুদ্ধ শেষ করা কঠিন বলে বিশ্বাস করেছেন বিশ্লেষকেরা।

বছরের পর বছর ধরে চলা যুদ্ধ সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে। একইসাথে দেশটির অর্থনীতিকে পঙ্গু, অবকাঠামোকে ধ্বংস এবং লাখ লাখ মানুষকে ভয়াবহ দুর্দশায় ফেলেছে।

এটি এমন একটি মানবিক সঙ্কট তৈরি করেছে যেখান থেকে পুনরুদ্ধারের কোনো সুস্পষ্ট পথ নেই।

জাতিসঙ্ঘর তথ্য অনুযায়ী, সিরিয়ায় যুদ্ধের আগের দুই কোটি ২০ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে।

অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়া ৬৮ লাখ মানুষের মধ্যে ২০ লাখেরও বেশি লোক সীমিত সুবিধা নিয়ে ভিড়ে উপচে পড়া শরণার্থী শিবিরে বসবাস করছে।

এর বাইরে আরো প্রায় ৬০ লাখ মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে, যার বেশিভাগই আশ্রয় নিয়েছে লেবানন, জর্ডান এবং তুরস্কে। এসব দেশে সবমিলিয়ে ৫৩ লাখ সিরিয়ান শরণার্থী রয়েছে।
সূত্র : বিবিসি

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের ৫ মামলা বাতিলের রায় বহাল

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে গত ২৪ অক্টোবর হাইকোর্ট পাঁচ মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন। শ্রম আইনে করা মামলাগুলোর কার্যক্রম বাতিল চেয়ে ড. ইউনূসের করা পৃথক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এই রায় দেন।

মামলার কার্যক্রম বাতিল ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে রাষ্ট্রপক্ষ। এসব লিভ টু আপিলের ওপর আজ শুনানি হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ড. ইউনূসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।

পরে জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান বলেন, পাঁচটি মামলার কার্যক্রম বাতিল ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক পাঁচটি লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে মামলাগুলোর কার্যক্রম বাতিলের হাইকোর্টের রায় বহাল রইল।

সংশ্লিষ্ট আইনজীবীর ভাষ্যমতে, ড. ইউনূসের নামে যখন শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে মামলাগুলো করা হয়। মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ ও ২০১৯ সালে হাইকোর্টে পৃথক আবেদন করেন ড. ইউনূস। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বিভিন্ন সময়ে রুলসহ আদেশ দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ২৪ অক্টোবর রায় দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক পাঁচ আবেদন আজ আপিল বিভাগে শুনানির পর খারিজ হলো।

ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের পদযাত্রা শুরু

০

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন।

পদযাত্রা শেষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনে একটি স্মারকলিপি প্রদান করা হবে।

রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।

পদযাত্রায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠন তিনটির কয়েক হাজার নেতাকর্মী এসেছে। তাদের ভারতবিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা।

গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার ফিরিয়ে দেয়ার দাবি জানানো হচ্ছে পদযাত্রা থেকে। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলেও জানান উপস্থিত নেতাকর্মীরা।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

দামেস্কের নিয়ন্ত্রণ সিরিয়ার বিদ্রোহীদের, বাশারের শাসন শেষ

সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করার কথা ঘোষণা করেছে বিদ্রোহীরা। আর এর মাধ্যমে বাশার আল-আসাদ সরকারের পতন হলো বলেও তারা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানে করে ইতোমধ্যেই রাজধানী ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। তার বিদায়ের পরপরই দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরকারি বাহিনী সরে যায়। সরকারি বাহিনী জানিয়েছে, তাদের সৈন্যরা প্রতিরক্ষা মন্ত্রণালয় ছেড়ে চলে গেছে। আর বিদ্রোহীরা সরকারি টেলিভিশন ও রেডিও স্টেশন দখল করার দাবি করেছে। তারা অন্যান্য স্থাপনার নিয়ন্ত্রণ গ্রহণ করছে।

সিরিয়ার বিদ্রোহীরা জানিয়েছে, ‘স্বৈরাচার বাশার আল-আসাদ পালিয়ে গেছেন। আমরা দামেস্ককে স্বৈরাচার বাশার আল-আসাদমুক্ত বলে ঘোষণা করছি।’

এর আগে দাবি করা হয়, পর্যবেক্ষণকারী ইউনিটগুলো রাতেই দামেস্কে প্রবেশ করে। তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সন্ধান করছে। তবে তাকে তারা পায়নি।

শনিবার এক দিনে সিরিয়ার চারটি নগরী দখল করার পর বিদ্রোহীরা রাজধানী দখল করার দিকে মনোযোগ দেয়। দারা, কুনিত্রা, সাওয়াদা ও হোমস শনিবার বিদ্রোহীরা দখল করে।

শনিবার সিরিয়াবিষয়ক জাতিসঙ্ঘ বিশেষ দূত, গেইর পেডারসান ‘সুশৃঙ্খলভাবে রাজনৈতিক পরিবর্তন’ নিশ্চিত করতে জেনেভায় জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। কাতারে বার্ষিক দোহা ফোরামে ভাষণ দেয়ার সময়ে তিনি বলেন সিরিয়ার পরিস্থিতি মিনিটে মিনিটে পাল্টাচ্ছে। আসাদের প্রধান আন্তর্জাতিক সমর্থক দেশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন তিনি ‘সিরিয়ার জনগণের জন্য দুঃখ বোধ করছেন’।

দামেস্কে লোকজন তাদের সরবরাহ জমিয়ে রাখার চেষ্টা করছেন। হাজার হাজার লোক দেশ ত্যাগের উদ্দেশে লেবাননের সাথে সিরিয়িার সীমান্তের দিকে চলে গেছেন। সেখানকার একজন বাশিন্দা এপিকে জানান যে রাজধানীর বহু দোকান বন্ধ ছিল এবং যেগুলো এখনো খোলা রয়েছে সেখানে চিনির মতো প্রধান খাদ্যের ঘাটতি রয়েছে। কোনো কোনো দোকানে স্বাভাবিক দামের চেয়ে তিনগুণ বেশি দামে বিক্রি করা হচেছ।

প্রতিশোধের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা বলেন, ‘পরিস্থিতি বড় অদ্ভূত। আমরা এতে অভ্যস্ত নই। লোকজন উদ্বগিন রয়েছেন যে ( দামেস্কে) লড়াই হবে, কী না।”

২০১৮ সালের পর এই প্রথম বিরোধী বাহিনী দামেস্কের বাইরে পৌঁছে গেছে। সেই সময়ে এক বছর ধরে অবরুদ্ধ থাকার পর সিরীয় বাহিনী ওই সব এলাকা আবার দখল করে নেয়। জাতিসঙ্ঘ বলছে যে সাবধানতা হিসেবে তারা অত্যাবশকীয় নন এমন কর্মীদের সেখান থেকে সরিয়ে নিচ্ছেন।

সূত্র : আল জাজিরা, সিএনএন, ভিওএ এবং অন্যান্য

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

০

দুবাইয়ে যুব (অনূর্ধ্ব-১৯) এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে হেসেখেলে হারালো বাংলাদেশ। তাদের দেয়া ১১৭ রানের টার্গেট মাত্র ২২ ওভার ১ বল ব্যাট করেই পেরিয়ে যায় বাংলাদেশ।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল। ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১১৬ রানেই গুটিয়ে দেয় যুব টাইগাররা।

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। মারুফ মৃধা প্রথম ওভারেই আঘাত হানেন। দলীয় ২ রানে আউট করেন ওপেনার উসমান খানকে (০)। এরপর নিজের দ্বিতীয় ওভারে আরো আরেক ওপেনার শাহজাইব খানকেও ০ রানে ফেরান এই পেসার।

মাঝে অধিনায়ক সাদ বাইগ আর মোহাম্মদ রিয়াজুল্লাহ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। সেট এই দুই ব্যাটারকেই আউট করেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন।

৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। এরপর ফারহান ইউসুফ (৩২) ছাড়া আর কোনো ব্যাটারকে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ।

টাইগার পেসার ইকবাল হোসেন ইমন ২৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। ২৩ রানে ২ উইকেট শিকার করেন আরেক পেসার মারুফ মৃধা।

ছোট লক্ষ্য তাড়ায় যুব টাইগাররা দেখেশুনে শুরুর পর স্ট্রাইকরেট বাড়িয়েছেন প্রয়োজনমতো। মাত্র ৩৯ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন গ্রুপপর্বে একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করা তামিম। ফলে বাংলাদেশও ওয়ানডে ফরম্যাটের ম্যাচটি মাত্র ২২.১ ওভারেই জিতেছে।

‘এই পদ্মা এই মেঘনা’ গানের আবু জাফর আর নেই

০

দেশের গান ‘এই পদ্মা এই মেঘনা’-সহ অসংখ্য কালজয়ী গানের গীতিকার, সুরকার, ইসলামি চিন্তাবিদ, লেখক, অনুবাদক আবু জাফর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

লোক-গবেষকসাইমন জাকারিয়া এই গীতিকারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বার্ধক্যজনিত নানা সমস্যায় তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন তার সাবেক স্ত্রী।

সুরকারের লাশ নেয়া হচ্ছে তার জন্মস্থান কুষ্টিয়ায়। শুক্রবার আসরের নামাজের পর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তার জানাজা হবে।

আবু জাফর রচিত অনন্য সংগীতের মধ্যে রয়েছে ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি’, ‘তুমি রাত আমি রাতজাগা পাখি’ প্রভৃতি উল্লেখযোগ্য। তার রচিত সব গানের বাণীতে অসামান্য সুর সংযোজনও করেন তিনি। শুধু তাই না, নিজের রচিত ও সুর সংযোজিত বেশিভাগ গানে কণ্ঠও দিয়েছেন তিনি।

আবু জাফর ছিলেন একাধারে একজন গীতিকার, সুরকার, কবি এবং সংগীতশিল্পী। পেশাগতজীবনে তিনি ছিলেন একজন শিক্ষক। চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন।

রাজশাহী-ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর। তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গানগুলো তুমুল আলোড়ন তুলেছিল। ‘এই পদ্মা এই মেঘনা’ আবু জাফরের সৃষ্টি। এই গান তাকে নিয়ে গিয়েছিল অনন্য উচ্চতায়। গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান করে নিয়েছিল।

তবে জীবনের একটি পর্যায়ে এসে ইসলামি ভাবধারা অনুসরণ করতে থাকেন। ইসলামবিষয়ক বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ বইও তিনি রচনা করেন।

ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই : উপদেষ্টা এম সাখাওয়াত

নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে।’

শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশীদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশীরাও ভারতে যাবে না।’

তিনি বলেন, ‘আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোনো বিভাজন নেই। এখানে সবধর্মের মানুষ বসবাস করছেন।’

কোনো ধরনের উষ্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমরা ঐতিহাসিকভাবে এক আছি।’

বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই

পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই। দক্ষিণ এশিয়ার এই দেশটির বন্দরনগরী করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম এ ঘোষণা দিয়েছেন।

এর ফলে উভয় দেশ এবং দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

এক্সপ্রেস ট্রিবিউনে বলা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হবে, যা দুই দেশ এবং উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।

এস এম মাহবুবুল আলম বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের সাথে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন।

বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে বর্ণনা করে এইচসিএসটিএসআইকে ঢাকায় একটি প্রতিনিধি দলও পাঠাতে বলেছেন মাহবুবুল আলম। সেইসাথে পাকিস্তানি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশ তার পণ্য ৮০টি দেশে রফতানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে। তবে, তিনি পাকিস্তানের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের মাধ্যমে আরো সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

অনুষ্ঠানে এইচসিএসটিএসআই-এর সভাপতি মুহাম্মদ সেলিম মেমন বলেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও বাণিজ্যের মধ্যে নিহিত। তিনি উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির কথাও এ সময় তুলে ধরেন। এছাড়া ইতিহাসে প্রথমবারের মতো গত ১১ নভেম্বর পাকিস্তান থেকে সরাসরি কার্গো জাহাজ বাংলাদেশে পৌঁছানোর বিষয়টিকে তিনি মাইলফলক হিসেবেও উল্লেখ করেন।

দরিদ্র দেশগুলোর জন্য রেকর্ড ঋণ সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের

দরিদ্র দেশগুলোর জন্য রেকর্ড ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কয়েকটি দরিদ্র দেশকে ১০০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেয়া হবে। ইতোমধ্যে বিশ্বব্যাংক প্রায় ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংকের এক মুখপাত্র বৃহস্পতিবার বার্তাসংস্থা এএফপিকে জানান, গত তিন বছরে তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করে দাতা দেশগুলো ব্যাংকের রেয়াতি ঋণ পরিশোধের জন্য ২৩ দশমিক ৭ বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) নামে পরিচিত।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দু’দিনব্যাপী আলোচনা শেষে বিশ্বব্যাংক এ ঋণ সহায়তার ঘোষণা করে।

বিশ্বব্যাংক এই অর্থ ব্যবহার করে আর্থিক বাজার থেকে ঋণ নিতে সক্ষম, যার মাধ্যমে তারা সঞ্চিত অর্থকে প্রায় চারগুণ বাড়াতে পারে এবং এর ফলে নতুন ঋণ ও অনুদানের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা ২০২১ সালে ছিল ৯৩ বিলিয়ন ডলার।

বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছে, এই অর্থ সাহায্য ৭৮ দেশের জন্য ব্যবহার করা হবে, যেসব দেশ সব থেকে বেশি ঋণ ও দরিদ্রে জর্জরিত। এটি স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এবং জলবায়ু স্থিতিস্থাপকতায় বিনিয়োগ করতে সহায়ক হবে।

আইডিএ বিশ্বব্যাংকের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশ থেকে প্রচুর অর্থায়ন আসে।

চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র আইডিএ নতুন তহবিলের জন্য চার বিলিয়ন ডলার ঘোষণা করেছে। নরওয়ে এবং স্পেনসহ অন্য দেশগুলোও উল্লেখযোগ্যভাবে তাদের আর্থিক সহায়তা বাড়িয়েছে।