আনপ্রেডিক্টেবল শব্দটা পাকিস্তান ক্রিকেটের সঙ্গে জুড়ে আছে লম্বা সময় ধরেই। মাঠের ক্রিকেটে যেমন এর মিল পাওয়া যায় তেমনি মাঠের বাইরেও এমনটি দেখা যায় হরহামেশায়। কে কখন বোর্ড প্রধান হচ্ছে, কোচ, নির্বাচক, অধিনায়ক, কিংবা অবসর বলছে বা ভাঙছে তা আগে থেকেই অনুমান করা কঠিন।
এবার পাকিস্তানে লেগেছে অবসর বলার হিড়িক। গত ৪৮ ঘণ্টার ব্যবধানে তৃতীয় ক্রিকেটারের অবসরের ঘটনা ঘটেছে পাকিস্তানে। মোহাম্মদ ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমিরের পর এবার অবসরের ঘোষণা দিয়েছেন ‘টাওয়ার অব ক্রিকেট’ খ্যাত দেশটির সবচেয়ে লম্বা ক্রিকেটার মোহাম্মদ ইরফান।
শুক্রবার বিকেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো অবসরের ঘোষণা দেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। গতকাল শনিবার সকালে ইমাদের পথ অনুসরণ করেছেন তারকা ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তিনিও জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দ্বিতীয়বারের মতো। আর আজ অবসর ঘোষণা দিলেন ৪২ বছর বয়সী বাঁহাতি পেসার ইরফান। তিনি অবশ্য এবারই প্রথমবার অবসরের ঘোষণা দিলেন।
পেস বোলার হিসেবে নিজের উচ্চতার কারণে আলাদাভাবে পরিচিতি পেয়েছিলেন ইরফান। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই বোলারই আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড়। যে কারণে তাকে ‘টাওয়ার অব ক্রিকেট’ নামেও ডাকা হতো। সেই তিনি ক্যারিয়ারে শেষবার খেলেছিলেন ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
নিজের অবসর বার্তায় দীর্ঘদেহী এই পেসার লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহিত করেছেন এবং অবিস্মরণীয় স্মৃতি তৈরি করেছেন, সে জন্য সবাইকে ধন্যবাদ। যে খেলাটি আমাকে সবকিছু দিয়েছে, আমি তাকে সমর্থন করে যাব এবং উদযাপন করব।’
উল্লেখ্য, পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৮৬ ম্যাচ খেলেছেন ইরফান। উইকেট নিয়েছেন ১০৯টি।
পাকিস্তানের ‘টাওয়ার অব ক্রিকেট’ এর অবসর
শ্রীলংকাকে উড়িয়ে নবম বাংলাদেশ
ওমানের মাস্কাটে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে শনিবার শ্রীলংকাকে ৮-০ গোলে হারিয়ে নারী হকি জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ নারী হকি দল নবম স্থান অর্জন করেছে।
মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা চার ম্যাচে হারার পর বাংলাদেশ স্থান নির্ধারণী ম্যাচে ঘুরে দাঁড়ায়। রিয়া আরলিনের হ্যাটট্রিকসহ চার গোলের সুবাদে শ্রীলংকাকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে নবম হয়েছে বাংলাদেশ।
একচেটিয়া খেলায় লংকানরা উড়ে যায়। রিয়া আরলিনের চার গোল ছাড়াও ফাতেমাতুজ্জোহরা, অর্পিতা পাল, নাদিরা ইমা ও সোনিয়া খাতুন একটি করে গোল করেন। এই জয়ে নবম হয়ে দেশে ফিরছে বাংলাদেশ।
এর আগে, হকি জুনিয়র এশিয়া কাপ অভিযানে গ্রুপ এ ম্যাচে শক্তিশালী চীনের কাছে বাংলাদেশ হারে ১৯-০ গোলের বিশাল ব্যবধানে। এরপর দ্বিতীয় গ্রুপ ম্যাচে ভারতের কাছে ১৩-১ গোলে হারে বাংলাদেশ। এরপর থাইল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হারের পর মালয়েশিয়ার কাছে হারে ৬-১ ব্যবধানে।
ফ্রাঁসোয়া বায়রুকে ফ্রান্সের প্রধানমন্ত্রী ঘোষণা
দেশজুড়ে কয়েকদিনের রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থী রাজনীতিক ফ্রাঁসোয়া বায়রুর নাম ঘোষণা করেছেন তিনি।
ফ্রান্সের পার্লামেন্টে ঐতিহাসিক অনাস্থা ভোটে গত ৪ ডিসেম্বর ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার। পরের দিন জাতির উদ্দেশে দেয়া ভাষণে মাক্রোঁ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু সেদিন তিনি তা করেননি। এরপর মঙ্গলবার (১০ ডিসেম্বর) দলের নেতাদের বৈঠকে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে তাকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়।
তবে সেই সময়সীমাও অতিক্রান্ত হলে আজ (শুক্রবার) নতুন প্রধানমন্ত্রীর নামের ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়। অবশেষে সেই খবর সত্যি করে ফ্রাঁসোয়া বায়রুকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
মাক্রোঁর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ৭৩ বছর বয়সী বায়রু মধ্যপন্থী জোটের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। গত কয়েক দশক ধরে ফরাসি রাজনীতিতে তিনি সুপরিচিত নাম। তিনি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন মেয়র এবং মধ্যপন্থী ডেমোক্র্যাটিক মুভমেন্ট (মোডেম) দলের শীর্ষ নেতা। ২০০৭ সালে তিনি নিজেই দলটি প্রতিষ্ঠা করেন।
১৯৯৩ থেকে ১৯৯৭ সালের মধ্যে রক্ষণশীল সরকারের শিক্ষামন্ত্রী থাকাকালে ফরাসি জনগণের কাছে পরিচিত হয়ে ওঠেন এই রাজনীতিক। এরপর ২০০২, ২০০৭ ও ২০১২ সালে তিনবার দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন তিনি।
পরে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় মাক্রোঁকে সমর্থকন দেন বায়রু। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মাক্রোঁ তাকে ফ্রান্সের বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেও পরবর্তী সময়ে ইউরোপীয় পার্লামেন্টের তহবিল তছরুপের অভিযোগে মোডেমের বিরুদ্ধে তদন্তের মধ্যে তিনি পদত্যাগ করেন।
চলতি বছর প্যারিসের একটি আদালত ওই মামলায় মোডেমের ৮ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত ও দলটিকে জরিমানা করলেও বায়রুকে নির্দোষ সাব্যস্ত করে অব্যাহতি দেয়।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত তিনজন প্রধানমন্ত্রী পেয়েছেন মাক্রোঁ। বাইরু হতে যাচ্ছেন তার চতুর্থ প্রধানমন্ত্রী।
চলতি গ্রীষ্মে আগাম নির্বাচনের ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তারপর থেকেই দেশটির রাজনৈকিক অঙ্গনে অস্থিরতার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বায়রুর রাজনৈতিক অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে বায়রুর কাজ হবে একটি নতুন সরকার গঠন করা। নতুন মন্ত্রী নির্বাচনে আগামী দিনগুলোতে তিনি বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সাথে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
তবে এই কাজ বায়রুর জন্য মোটেও সহজ হবে না। কারণ, ফ্রান্সে সর্বশেষ সংসদীয় নির্বাচনে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় একটি ঝুলন্ত সংসদ গঠিত হয়। সেখানে মাক্রোঁর মধ্যপন্থী জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে সরকার গঠনে বাম ও ডান উভয় পক্ষের মধ্যপন্থী নেতাদের ওপর তার নির্ভর করতে হবে। এমনকি, রক্ষণশীল নেতাদের কেউ কেউ নতুন সরকারের অংশ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সূত্র : ইউএনবি
ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার ৯৩টি ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে শুক্রবার ভোরে ৯৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উদ্ধৃতি দিয়ে শুক্রবার কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।
ইউক্রেনের নেতা সামাজিকমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ইউক্রেনের বিরুদ্ধে আরেকটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ৯৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
তিনি পশ্চিমা বিমান প্রতিরক্ষা জোরদার ও মস্কোর উপর আরো কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।
সূত্র : এএফপি
সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় আরো ৪৫ জন নিহত
সুদানের পশ্চিমাঞ্চলের আবাসিক এলাকা ও শরণার্থী শিবিরে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) গোলাবর্ষণে অন্তত ৪৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ২৮ জন আহত হয়েছেন।
দেশটির সশস্ত্র বাহিনীর (এসএএফ) ষষ্ঠ পদাতিক ডিভিশনের কমান্ড এক বিবৃতিতে বলেছে, বিদ্রোহী মিলিশিয়াদের ইচ্ছাকৃত গোলাবর্ষণের ফলে গতকাল (বৃহস্পতিবার) এল ফাশের শহরের আশপাশের এলাকা ও শরণার্থী শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক গণহত্যা প্রত্যক্ষ করা হয়েছে। এতে শিশু ও নারীসহ ৪৫ জন নিহত এবং আরো ২৮ জনকে স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এল ফাশেরের দক্ষিণাঞ্চলের আবাসিক এলাকা, শহরের দক্ষিণে অবস্থিত জমজম শরণার্থী শিবির ও উত্তরের আবু শৌক শিবির লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়।
হামলার বিষয়ে আরএসএফের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।
২০২৩ সালের এপ্রিলের মাঝামাঝি সময় থেকে পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশেরে এসএএফ ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। গত ১০ মে থেকে এই সঙ্ঘাত আরো তীব্র হয়েছে।
আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, সুদানের ভেতরে বা বাইরে প্রাণঘাতী এই সঙ্ঘাতে এ পর্যন্ত ২৭ হাজারের বেশি মানুষের মৃত্যু এবং ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র : এএফপি
আবারো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আজ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের পুনরায় ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।’
বাণীতে তারেক রহমান বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদৎ বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অম্লান স্মৃতির প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। তাদের রূহের মাগফিরাত কামনা করি।’
তিনি বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন। অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণজন্মা শ্রেষ্ঠ সন্তান, যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। তারা ন্যায়বিচারভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন। কিন্তু হানাদার বাহিনীর দোসররা চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত এ হত্যাযজ্ঞ সংঘটিত করে।’
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘স্বাধীনতার অব্যবহিত পরেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে পাকিস্তানী হানাদার বাহিনীর ন্যায় দেশের মানুষের সর্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক হরণ করতে থাকে। এক নদী রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিনে দিনে দুর্বল করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণে শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা ধূলিসাৎ করে। সেই দুঃশাসনের ঐতিহ্য ধারণ করে তাদের উত্তরসূরী আওয়ামী ফ্যাসিস্টরা বিভেদ, অনৈক্য, সংকীর্ণতা, গুম, খুন ও ক্রসফায়ারের দ্বারা ঐক্যবদ্ধ জাতি গড়া ও জাতীয় অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল এবং গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। সুতরাং আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং দেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার বদলে একদলীয় দুঃশাসনের বাতাবরণ তৈরি করে। সুতরাং আজ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের পুনরায় ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবীরা আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করে যাবেন।’
‘আজকের এ শোকাবহ দিনে দেশবাসীর প্রতি আহ্বান জানাই- আসুন শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করি,’ বলেন তিনি।
আমি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান তারেক রহমান।
সাকিবের বোলিং অ্যাকশন বৈধ
দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন সাকিব আল হাসান। আছে বিশ্বের বিভিন্ন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা। বল হাতে বিশ্বের সেরা স্পিনারদের একজনকে ধরা হয় তাকে। ছিলেন র্যাঙ্কিংয়ের সেরা অবস্থানেও অনেকদিন।
অথচ ক্যারিয়ারের শেষ দিকে এসে কিনা তার বোলিং নিয়েই কিনা উঠে প্রশ্ন। প্রশ্ন তুলে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের কর্তৃপক্ষ। ফলে তাকে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়।
চলতি মাসের শুরুতে বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিক্যাল বিভাগে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা নেয়া হয়। পরীক্ষায় মোট চার ওভার বল করেন সাকিব, যেখানে ২৪টি ডেলিভারি বিশ্লেষণ করা হয়।
শেষ পর্যন্ত এলো সেই পরীক্ষার ফলাফল। পরীক্ষার পর বিশেষজ্ঞরা কোনো ত্রুটি পাননি। বোলিং অ্যাকশনের পরীক্ষায় ভালোভাবেই উতরে গেছেন সাকিব আল হাসান। বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি পাওয়া যায়নি তার।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে দীর্ঘ ১৩ বছর পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ফেরেন সাকিব। সারের হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্ম করেন সাকিব।
তবে সেই ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে হলে তাকে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে বলা হয়।
র্যাকিংয়ে উন্নতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের
গত অক্টোবরে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপা জয়ে ফিফা র্যাংকিংয়ে সাত ধাপ এগিয়েছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরা বাংলার নারীরা।
শুক্রবার র্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে সাত ধাপ এগিয়ে ১৩৯তম স্থান থেকে ১৩২তম স্থানে উঠেছে বাংলাদেশ। ২১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়েছে তাদের। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ১০৯৭ দশমিক ৫৫।
সাফে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশের নারীরা। দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বের সেরা হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।
সেমিতে ভূটানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। ফাইনালের মঞ্চে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে সাবিনা-ঋতুপর্নারা।
র্যাংকিংয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে যথাক্রমে- স্পেন ও জার্মানি।
সূত্র : বাসস
ভারতের সাথে রাজনৈতিক মেঘ কেটে গেছে : উপদেষ্টা রিজওয়ানা
বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সাথে আমাদের সম্পর্কের ওপর যে ছায়া পড়েছে, দুই দেশের স্বার্থেই তা দূর করতে হবে।‘
শুক্রবার রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক ও চালক পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর রাজনৈতিক অস্থিরতা যে ছায়া পড়েছিল, তা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন। সেই সাথে দুই দেশের মধ্যে একতাবদ্ধ অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।
বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য স্বীকার করে রিজওয়ানা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির সাথে এ ভারসাম্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।
তিনি বলেন, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দেশে সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আমরা অস্বীকার করতে পারি না।
শব্দ দূষণ ও পরিবেশগত উদ্যোগ
অনুষ্ঠানে রিজওয়ানা বলেন, শিগগিরই শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে। এটি শব্দদূষণ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আইনগত ব্যবস্থা দৃঢ় করবে।
তিনি বলেন, ‘প্রয়োজনীয় পদক্ষেপ চূড়ান্ত করার চেষ্টা চলছে এবং শিগগিরই আইনটি প্রকাশ করা হবে।‘
রাজনৈতিক সংস্কার
রাজনৈতিক সংস্কারে অগ্রগতির অভাব নিয়ে প্রশ্ন তুলে কয়েক দশকের স্থবিরতার জন্য রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নেয়ার আহ্বান জানান রিজওয়ানা।
রাজনৈতিক দলের উদ্দেশ্যে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন, তাহলে গত ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি কেন?’
সূত্র : ইউএনবি
অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ।
আগামীকাল ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষ্যে শুক্রবার দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
শহিদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘শহিদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।’
তিনি বলেন, বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে স্বাধীনতাবিরোধীরা দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনীর চৌধুরী, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার, গিয়াসউদ্দিন, ডা. ফজলে রাব্বি, আবদুল আলীম চৌধুরী, সিরাজউদ্দীন হোসেন, সেলিনা পারভীন, ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতাসহ আরো অনেকে।
বাঙালি জাতিকে মেধাশূন্য করাই তাদের মূল উদ্দেশ্য ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতা বিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়।
শহিদ বুদ্ধিজীবী দিবসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির যেকোনো চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
সূত্র : বাসস


