Home Blog Page 581

যুক্তরাষ্ট্র আ:লীগ নেতৃবৃন্দের সাথে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিউইয়র্ক॥ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ এমপির সাথে ম্যানহাটনে মিলিনিয়াম হোটেলে এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হন। এর আগে ৩০ মে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড.সিদ্দিকুর রহমানকে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্দেশিত শূন্যস্থান পূরণ পদে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সে সকল নেতাকর্মীদের সাথে দেখা করার ইচ্ছা পোষণ করেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান  মাহমুদ এমপি।এরি ধারাবাহিকতায় আজ ৩১মে শুক্রবার মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা।

এসময় ড. হাছান মাহমুদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমানের ভুয়সী প্রশংসা করেন তিনি বলেন সুন্দর সুশৃংখল একটা মিটিং করার জন্য.আপনি সহ আপনার  নেতা কর্মীদেরকে অনেক ধন্যবাদ। তিনি বলেন সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে এবং দলের পাশাপাশি মূলধারায় রাজনীতিতে আমাদের নেতা কর্মীদের অংশগ্রহণ করতে হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার মাসুদুল হাসান.সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবু.সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া (রনেল)সাংগঠনিক সম্পাদক তারিকুল হায়দার চৌধুরী. প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ . প্রবাসী কল্যান সম্পাদক নাফিকুর রহমান (তুরান) কার্যনির্বাহী সদস্য সাহানারা রহমান. সদস্য বদরুজ্জামান (পান্না) সহ অনেকই।

ভারতে ৬৪ কোটি ভোটের বিশ্বরেকর্ড

ভারতে এবারের লোকসভা নির্বাচনে বিশ্বের সর্বোচ্চ ভোটদানের রেকর্ড গড়েছে দেশটি। এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার বলেছেন, ‘এ বছরের লোকসভা নির্বাচনে ৬৪ কোটি ২ লাখ ভোটার ভোট প্রদান করে বিশ্বরেকর্ড গড়লেন।’ এর মধ্যে ৩১ কোটি ২ লাখ নারী ভোটার ছিলেন। লোকসভা নির্বাচনের ভোটগণনা আজ থেকে শুরু হবে। এর আগেই সোমবার এমন খবর দিয়েছেন রাজীব কুমার। এনডিটিভি।
রাজীব আরও বলেছেন, ভোটগণনায় কারচুপির কোনো সুযোগ নেই। এটি খুবই বলিষ্ঠ একটি প্রক্রিয়া। দেশে মোট সাড়ে ১০ লাখ বুথ রয়েছে। ৩০ থেকে ৩৫ লাখ পোলিং এজেন্ট থাকবেন বাইরে। এছাড়া নজরদারি দল থাকবেন। পাশাপাশি গণনায় অফিসাররাও থাকবেন।
সিসি ক্যামেরারও ব্যবস্থা থাকবে। কোনো ভুল হতেই পারে না। বিভিন্ন দল ভোটগণনা নিয়ে যে দাবি করেছিলেন সব মেনে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সিইসি বলেছেন, নির্বাচনি আচরণবিধি ভঙ্গের যেসব অভিযোগ পেয়েছি তার ৯০ শতাংশের বেশি আমরা খতিয়ে দেখেছি। নেতাদের স্বজনদের ভোটের দায়িত্ব থেকে সরানো হয়েছে। মানুষ এগিয়ে এসে ভোট দিয়েছেন। ২৩টি দেশ থেকে ৭৫ জন এসে ভারতের অনেক বুথ ঘুরে দেখে দেখেছেন। অতীতে নির্বাচনের পরিবেশ নিয়ে রাজীব বলেছেন, আমরা কী রকম সহিংসতা দেখতাম আপনাদের মনে আছে। কিন্তু এ বছর সেরকম কোনো ঘটনা ঘটেনি। ঝাড়খণ্ড, মণিপুর, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কাশ্মীরসহ সারা দেশে সেরকম কোনো হিংসার ঘটনা ঘটেনি।
তবে এবার ভারতে ভোট প্রদানে বিশ্ব রেকর্ড অর্জন করেছে। এই নির্বাচনে নির্বাচন কমিশন প্রায় ১০ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করার রেকর্ড তৈরি করেছে বলেও জানান তিনি। এটি ২০১৯ সালে বাজেয়াপ্ত করা মূল্যে প্রায় তিনগুণ।
পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে রাজীব কুমার বলেছেন, আমরা আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে কোনো সহিংসতা হবে না। তবে যদি হয়, তা মাথায় রেখে কয়েকটি রাজ্যে সিআরপিএফ থাকবে। তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। আমরা নিশ্চিত, রাজ্য সরকার ও সিআরপিএফ ভোট-পরবর্তী সহিংসতা হতে দেবে না। এছাড়াও সংবাদ সম্মেলনে তিনি বিরোধী নেতাদের কাছ থেকে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগের প্রমাণ চান। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় এই নির্বাচনে ৬৮ হাজারেরও বেশি মনিটরিং টিম এবং দেড় কোটি পোলিং ও নিরাপত্তাকর্মী নিয়োজিত ছিল।

যুক্তরাজ্যে ফারাজের প্রার্থী হওয়ার ঘোষণা কি সুনাকের জন্য ধাক্কা

নাইজেল ফারাজ যুক্তরাজ্যের রাজনীতিতে বেশ পরিচিত এক নাম। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিটের প্রতি অকুণ্ঠ সমর্থন ও সহায়তার কারণে তিনি বেশ আলোচিত। এখন টিভি শো উপস্থাপনা করছেন ফারাজ।
নতুন করে আলোচনায় এসেছেন ৬০ বছর বয়সী ফারাজ। স্থানীয় সময় গতকাল সোমবার জানিয়েছেন, আগামী মাসের সাধারণ নির্বাচনে লড়বেন তিনি। নেতৃত্ব দেবেন ডানপন্থী রিফর্ম পার্টির। দলটি রিফর্ম ইউকে নামেও পরিচিত।
বিশ্লেষকদের অনেকের মতে, ফারাজের ভোটে দাঁড়ানোর ঘোষণা চাপে ফেলতে পারে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। কেননা, নিজেদের প্রভাবশালী প্রার্থী না থাকলে সচরাচর ডানপন্থী ভোটারদের ভোট কনজারভেটিভ পার্টির পক্ষে যায়। ডানপন্থী ভোটাররা লেবার পার্টিকে খুব একটা ভোট দিতে চান না। এ পরিস্থিতিতে ফারাজ নির্বাচনে দাঁড়ালে কনজারভেটিভদের ভোট ভাগ হয়ে যেতে পারে।
এর আগে ফারাজ বলেছিলেন, যুক্তরাজ্যে আগামী জুলাইয়ের নির্বাচনে তিনি প্রার্থী হবেন না; বরং আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী হতে ভূমিকা রাখতে চান তিনি। এখন ইউটার্ন নিয়েছেন তিনি। বলেছেন, মত বদলে ফেলেছেন। কেননা, রাজনীতির মাঠে যেসব মানুষ দীর্ঘদিন ধরে তাঁকে সমর্থন করছিলেন, তাঁদের জন্য ভোটের লড়াইয়ে না নেমে মনঃপীড়ায় ভুগেছেন তিনি।
এক সংবাদ সম্মেলনে ফারাজ বলেন, ‘আমরা বিরোধী কণ্ঠস্বর হতে চলেছি। আমি আগেও বলেছি, আবারও বলছি এবং সব সময় বলে যাব, আমি সবাইকে চমকে দেব।’
সংবাদ সম্মেলনে ফারাজ বলেন, আগামী জুলাইয়ের নির্বাচনে খুব সম্ভবত লেবার পার্টি জিততে চলেছে। কিন্তু তিনি ডানপন্থী রিফর্ম পার্টিকে প্রধান বিরোধী দল করতে লড়ে যাবেন।
ফারাজের মতে, যুক্তরাজ্যে এখন আর কোনো সরকারি পরিষেবা ঠিকঠাক কাজ করছে না। এমনকি স্বাস্থ্যসেবা এবং সড়ক পরিবহনের মতো সেবা নানা সমস্যায় জর্জরিত। তিনি যুক্তরাজ্যে একটি ‘রাজনৈতিক সংস্কার’ আনতে আগ্রহী।
একসময় কনজারভেটিভ পার্টির রাজনীতি করেছেন ফারাজ। এখনো তিনি তাঁর প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী ব্রিটিশ রাজনীতিকদের একজন। অভিবাসী মোকাবিলা ও ইইউর বিষয়ে আরও কঠোর নীতি নেওয়ার বিষয়ে তিনি বরাবর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীদের ওপর চাপ দিয়ে এসেছেন।
যুক্তরাজ্যে আগামী ৪ জুলাই জাতীয় নির্বাচন হবে। দেশটিতে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

নতুন ‘ভালোবাসা’ খুঁজছেন সানিয়া মির্জা

কয়েক মাসের জল্পনা-কল্পনার পর চলতি বছরের জানুয়ারিতে শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন সানিয়া মির্জা। পাকিস্তানের সাবেক অধিনায়ক মডেল তারকা সানা জাভেদের সঙ্গে নিজের তৃতীয় বিয়ের কথা ঘোষণার পরই বিষয়টি নিশ্চিত করেন সানিয়া।
ভারতীয় টেনিস তারকা স¤প্রতি নিজের ব্যক্তিগত জীবনের পাতা সবার সামনে উন্মোচন করেন। পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তিনি নাকি নিজের ভালোবাসাকে খুঁজছেন!
স¤প্রতি প্রকাশিত কপিল শর্মা শো’র এক প্রোমোতে সানিয়াকে এমনটাই বলতে শোনা গেছে। ভারতের তুমুল জনপ্রিয় ওই শোতে সানিয়া মির্জাকে কপিল শর্মা শাহরুখ খানের একটা লোভনীয় অফারের কথা মনে করিয়ে দিতেই এমন কথা বলেন ভারতীয় টেনিস কুইন।
দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘প্রথমে আমাকে আমার ভালোবাসাকে খুঁজে পেতে হবে। বাকি সব পরে’।
এর আগে সানিয়া মির্জা নিজে ও তার পরিবার সব সময় তার ব্যক্তিগত বিষয়াদি লুকিয়ে রাখতেই পছন্দ করতেন। তবে এবার বিষয়টি প্রকাশ্যে আনলেন সানিয়া নিজেই।
সানিয়া মির্জা এবং শোয়েব মালিক ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিয়ের আট বছরের মাথায় ২০১৮ সালে দুই ক্রীড়া তারকার ঘর আলো করে আসে ছেলে ইজহান মির্জা মালিক। পরে ২০২৩ সালের শেষ দিকে এসে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তবে ছয় বছর বয়সি ইজহান তার মায়ের সঙ্গেই জীবনযাপন করছে।

ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে শ্রীলংকার বাজে রেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকা ক্রিকেট দল। ২০১৪ সালের শিরোপাজয়ী দলটি চলমান নবম আসরে খেলতে নেমেই চরম ব্যাটিং বিপর্যয়ের পড়ে যায়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৭৭ রানেই অলআউট হয় শ্রীলংকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই শ্রীলংকার দলীয় সর্বনিম্ন স্কোর।
এর আগে ২০১০ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল শ্রীলংকা। টি-টোয়েন্টিতে তাদের সেটাই ছিল এতদিন দলীয় সর্বনিম্ন রানের স্কোর।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয় সর্বনিম্ন দুটি রেকর্ডের মালিক নেদারল্যান্ডস। তারা ২০১৪ সালে শ্রীলংকার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়। ২০২১ সালে সেই শ্রীলংকার বিপক্ষেই দ্বিতীয় সর্বনিম্ন ৪৪ রানে অলআউট হয় ডাচরা।
সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের নবম আসরের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় শ্রীলংকা বনাম দক্ষিণ আফ্রিকা।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩.১ ওভারে মাত্র ১৩ রানেই সাজঘরে ফেরেন ওপেনার পাথুম নিশাঙ্কা।
এক উইকেটে শ্রীলংকার সংগ্রহ ছিল ৩১ রান। এরপর মাত্র ১ রানের ব্যবধানে ৩ উইকেট (কামিন্দু মেন্ডিস, ওয়ানেন্দু হাসারাঙ্গা ও সাদিরা সামারাবিক্রমার) উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় লংকানরা।
দলীয় ৪০ ও ৪৫ রানে আউট হন আরেক ওপেনার কুশাল মেন্ডিস ও মিডলঅর্ডার ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা। ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় শ্রীলংকা।
৬ উইকেটে শ্রীলংকার সংগ্রহ ছিল ৬৮ রান। এরপর মাত্র ৩ রানের ব্যবধানে সাবেক দুই অধিনায়ক দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও তারকা পেসার মাথিশা পাথিরানার উইকেট হারায় লংকানরা। দলীয় ৭৭ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরেন নুয়ান থুশারা।
দক্ষিণ আফ্রিকার হয়ে আনরিচ নর্টজে ৪ ওভারে মাত্র ৭ রানে ৪ উইকেট শিকার করেন। ২ ওভারে ২১ রানে ২ উইকেট নেন কাগিসো রাবাদা। ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন কেশভ মহারাজ।

‘বেনজীর-আজিজ আওয়ামী লীগের কেউ না’: ওবায়দুল কাদের

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ নন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা অপকর্ম করলে বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে তেজগাঁওয়ে ওবায়দুল কাদের বলেন, সিনিয়ারিটি ও যোগ্যতা দিয়ে বেনজীর আইজিপি আর আজিজ সেনাপ্রধান হয়েছে। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এটা যখন সরকারের কাছে বিষয়টি আসে; তখন এটার বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে।

বিএনপির উদ্দেশে কাদের বলেন, আপনাদের সময় কেউ শাস্তি পায়নি। আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতিবাজ। আমরা সিঙ্গাপুর থেকে তারেক-কোকোর পাচার করা অর্থের একটা অংশ আনতে পেরেছি। এফবিআই ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে তারেকের দুর্নীতির বিরুদ্ধে।

এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে এমন কাউকে পুলিশ, সেনা, র‌্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি। ৮ জনকে পাশ কাটিয়ে ৯ নম্বর ব্যক্তি মঈন উদ্দিনকে সেনাপ্রধান কে বানিয়েছে? বেগম খালেদা জিয়া। সাবেক আইজিপি শামসুল হুদা, এসপি কহিনুর কার সৃষ্টি? মির্জা ফখরুল ভুলে গেছেন, বিএনপির ভারপ্রাপ্ত প্রধান অস্ত্র মামলায় দশ বছর, অর্থ পাচারে আজকে পলাতক আসামি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিদেশে একজন সৎ রাজনৈতিক হিসেবে পরিচিত। তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।

বিএনপির প্রধান খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় সাজা স্থগিত করে বাসায় বসে চিকিৎসা নিতে পারছেন। আজকে সেই বিএনপি দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা। আমাদের দলের নেতৃত্বে কোনো দুর্নীতি থাকলে তথ্য প্রমাণ নিয়ে আসেন। আজকে বিএনপি তাদের দুর্নীতিবাজ পলাতক আসামি তারেক রহমানকে ভালো লোক সাজানোর চেষ্টা করছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বাইডেন পুত্রের

ফৌজদারি অভিযোগে অভিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন বিচারের মুখোমুখি হচ্ছেন। স্থানীয় সময় সোমবার থেকে তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই তিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়।
তার বিরুদ্ধে অস্ত্র কেনার সময় মাদক ব্যবহারের বিষয়ে মিথ্যা তথ্য দেয়া ও ২০১৮ সালের অক্টোবরে অবৈধভাবে ১১ দিন নিজের কাছে অস্ত্র রাখাসহ তিনটি অভিযোগ আনা হয়।
হান্টার বাইডেনের বিরুদ্ধে করফাঁকির মামলাও রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর এই বিচার শুরু হচ্ছে। হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মার্কিনিরাও বিভক্ত হয়ে পড়েছেন। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন।

২৯০ আসনে এগিয়ে মোদির এনডিএ, রাহুলের ইন্ডিয়া ২৩৭

ভারতের লোকসভার নির্বাচন শেষে মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা চলছে। প্রাথমিক গণনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট ২৯০ আসনে এগিয়ে আছে। অপরদিকে রাহুলের ইন্ডিয়া ২৩৭ আসনে এগিয়ে।মঙ্গলবার (৪ জুন) কংগ্রেসের মুখপাত্র পাওয়ান খেরা গণমাধ্যমকে বলেছেন, এটা একেবারে শুরুর দিকের ফল। দিনের পরের অংশে আমরা আরও ভালো ফল দেখতে পাব।

দেখা গেছে, কংগ্রেস এককভাবে ৯৭ আসনে এগিয়ে আছে। ইন্ডিয়া জোট বুথফেরত জরিপের আভাস পার করতে সক্ষম হয়েছে।

বারাণসী লোকসভা কেন্দ্রে প্রাথমিক তথ্যে এগিয়ে আছেন নরেন্দ্র মোদি। অমেঠী কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। অন্যদিকে গান্ধীনগরে এগিয়ে আছেন অমিত শাহ।

হামিরপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর, কনৌজ কেন্দ্রে এগিয়ে আছেন অখিলেশ যাদব। তবে রায়বরেলী এবং ওয়েনাড় দুই কেন্দ্রেই এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার (১ জুন) বুথফেরত জরিপের বলা হয়, মাত্র ১৪১-১৬২টি আসন পেতে পারে বিরোধী ইন্ডিয়া জোট। যা ইতোমধ্যে ছাড়িয়ে গেছে। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল ২১ আসনে এগিয়ে থেকে বিজয়ের আশা করছে।

এদিকে ভারতের নির্বাচন কমিশনের দাবি, প্রায় ১০০ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে রেকর্ড সংখ্যক ৬৪ লোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন।

দেশটিতে সরকার গঠনে লোকসভায় ৫৪৩ আসনের মধ্য ২৭২ আসনে বিজয়ী হতে হবে। দেশটিতে সাত দফার ভোটে প্রথমে পোস্টাল ব্যালট গণনা করেন কর্মকর্তারা। বর্তমানে একে একে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা করা হচ্ছে। এদিকে বিজয় উদ্‌যাপনের প্রস্তুতিও শুরু করেছে বিজেপি। বিভিন্ন রাজ্যে জমকালো আয়োজনের অপেক্ষায় দলের নেতাকর্মীরা। গত আড়াই মাস ধরে মোট সাত দফায় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশটির প্রধান উৎসব সাধারণ নির্বাচনে ভোট হয়েছে। এবারের নির্বাচনে নথিভুক্ত ভোটার ছিলেন প্রায় ৯৭ কোটি। এদের মধ্যে ৬৪ কোটি ২০ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব

ইমা এলিস, নিউইয়র্ক: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ জাতিসংঘের অনেক কর্মযজ্ঞে বাংলাদেশ অবদানের কথা উল্লেখ করে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলেও উল্লেখ করেন তিনি। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ জাতিসংঘের অনেক কর্মযজ্ঞে বাংলাদেশ উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে এবং সেই কারণেই আমরা বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বিবেচনা করি।’ জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা জানান। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে সে দেশের সেনাবাহিনী তরুণ রোহিঙ্গাদের জোরপূর্বক নিয়োগ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
দ্বিপাক্ষিক এই বৈঠকে মহাসচিব জলবায়ু পরিবর্তনের সাথে বাংলাদেশের অভিযোজন ও প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতার প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী হাছান নিম্ন আয়ের দেশের কাতার থেকে বাংলাদেশের উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা কামনা করলে গুতেরেস এই বিষয়ে বিশ্বসংস্থার পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, ‘এই জন্য বাংলাদেশকে পুরস্কৃত করা উচিত, শাস্তিদান নয়’।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান ফিলিস্তিনের গাজায় সংঘাতসহ চলমান বিশ্বের কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় মহাসচিবকে তার নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, রাফায় সংঘাত এড়াতে সেখানে জাতিসংঘ মহাসচিব যেভাবে নিজে উপস্থিত হয়েছিলেন, শান্তিপ্রিয় বিশ্ববাসী তার প্রশংসা করেছে।
এই সময় রোহিঙ্গা সঙ্কটের উপর বিশ্বের আলোকপাত বজায় রাখা, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মর্যাদার সাথে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন এবং মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতির উন্নতিকল্পে জাতিসংঘের জোরদার ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘ মহাসচিব গত দশকে বাংলাদেশের অসামান্য অগ্রগতির প্রশংসা করলে ড. হাছান মহাসচিব গুতেরেসকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও দক্ষ নেতৃত্বের কারণেই বাংলাদেশ অনেক আগেই সামাজিক, অর্থনৈতিক, মানবিক সূচকসহ সকল সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে এবং গত কয়েক বছরে অনেক সূচকে ভারতকেও ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক অর্থ তহবিলের পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালে মাথাপিছু আয়েও ভারতকে ছাড়িয়ে গেছে।
পররাষ্ট্রমন্ত্রী হাছান গত ৫০ বছর ধরে বাংলাদেশ ও জাতিসংঘের দৃঢ় অংশীদারিত্ব এবং উন্নয়নে সহায়তার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের জাতিসংঘে যোগদানের অর্ধশত বছরপূর্তিতে গুতেরেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গীরা ও মিশনের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

সংকটে সিলেটের বন্যাদুর্গত মানুষ

বেলা ১২টা। নগরের বন্যাদুর্গত সুবহানীঘাট এলাকায় ঢুকতেই নাকে এলো দুর্গন্ধ। বিকট সে গন্ধ। এরইমধ্যে বসবাস করছে মানুষ। পানির রং কালচে হয়ে গেছে। সুয়ারেজ খালের সঙ্গে মিশে গেছে সড়কের পানি। এ কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। মুখ চেপে ওই এলাকায় চলাচল করছেন মানুষজন। আর বাসা-বাড়িতে যারা আছেন তারা খুব কষ্টে আছেন। স্থানীয় সুমন আহমদ জানিয়েছেন- এলাকার কয়েকশ’ বাসার নিচতলায় পানি ঢুকেছে।
বাসা ছেড়ে অনেকেই চলে গেছেন আত্মীয়স্বজনের বাড়ি। এখন যারা আছেন তারা পড়েছেন নানা সংকটে। স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন হাজার হাজার মানুষ। স্থানীয় ব্যবসায়ী কেরামত মিয়া জানান- চারদিন ধরে এলাকায় পানি। বন্যার পানির সঙ্গে শুধু সুয়ারেজ খালই নয়, ড্রেনের ময়লাও এসে যুক্ত হয়েছে। এ কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। নগরের উপশহরের ডি বøক। ওই এলাকায়ও অন্তত ৫ শতাধিক বহুতল ভবনের নিচতলায় পানি ঢুকেছে। অনেকের আসবাবপত্র ভিজে গেছে। একই এলাকার ই এবং এফ বøকেরও দৃশ্য একই। ওই এলাকার অন্তত ৩ শতাধিক বাসার নিচতলায় পানি ঢুকেছে। বেদনা বেগম নামের এক ভাড়াটে বাসিন্দা জানিয়েছেন- রাতে হঠাৎ করে পানি ঢুকে পড়ায় তার বাসার আসবাবপত্র ভিজে গেছে। সবকিছু রেখে পাশের বাসায় এসে ওঠেন। এখনো বাসা থেকে পানি না নামায় যেতে পারছেন না। আসবাবপত্র ভিজে দুর্গন্ধ ছড়াচ্ছে।
চারদিনের মধ্যে শুধুমাত্র খিচুড়ি খেয়ে জীবন যাপন করছেন বলে জানান। জানান- গতকাল দুপুরের দিকে একবার বাসায় গিয়েছিলেন। বাসার ভেতরে পানি থাকায় তিনি কোনো মালামালই সরাতে পারছেন না। সাদাটিকর, কুশিঘাট এলাকায় এখনো পানি রয়েছে। এসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট চলছে। দূরবর্তী এলাকা থেকে পানি নিয়ে আসছেন কলোনির বাসিন্দারা। তারা জানান- সিলেট সিটি করপোরেশন থেকে একদিন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়েছিল। আর দেয়া হয়নি। এখন তারা দূরের টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতে হচ্ছে। সিলেটে বন্যায় আক্রান্ত প্রায় ৫ হাজার মানুষ দুর্ভোগে রয়েছে। এখনো দুটি আশ্রয় কেন্দ্রে রয়েছেন ৫ শতাধিক মানুষ। তাদের বাড়িঘর সুরমা নদীর তীরবর্তী এলাকায়। দুটি আশ্রয়কেন্দ্রে সিটি করপোরেশন থেকে খিচুড়ি রান্না করে দেয়া হচ্ছে। এ ছাড়া জনপ্রতিনিধিরা তাদের দেখভাল করছেন। তবে; বাসা বাড়িতে যারা পানিবন্দি রয়েছে তাদের দিকে তাকাচ্ছেন না কেউ। এখন পর্যন্ত বেসরকারি ত্রাণও আসেনি। সিলেট নগর ছাড়াও জেলার জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও ওসমানীনগরে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস গতকাল বিকালে জানিয়েছেন- সিলেট নগরে সুরমার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে; এখনো নগরের বহু এলাকায় পানি রয়েছে। জকিগঞ্জে অমলসীদ ও কানাইঘাটে সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি জানান- পানি কমছে। বৃষ্টি না হলে আরও পানি কমবে। বিভিন্ন এলাকায় ডুবে যাওয়া বাঁধ ভেসে উঠেছে। পানি নামার পর বাঁধের ক্ষয়ক্ষতি নির্ণয় করা হবে বলে জানান তিনি। এদিকে- জেলার বিভিন্ন উপজেলার বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সংকট চলছে। খোদ আশ্রয় কেন্দ্রে থাকা মানুষজনও খাবার সংকটে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পানি না নামায় গতকাল সকাল পর্যন্ত আশ্রয়কেন্দ্রে থাকা আড়াইশ’ মানুষ বাড়ি ফিরেছে। সিলেট জেলা প্রশাসন সূত্র জানিয়েছে- দুটি পৌরসভাসহ জেলার ৬৮ ইউনিয়নের ৭৬১টি গ্রামে বন্যার পানি ঢুকেছে। বন্যাকবলিত মানুষের সংখ্যা প্রায় ৬ লাখ ৮০ হাজার। জেলা প্রশাসন থেকে ৫৫০টি আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে। বর্তমানে আশ্রয়কেন্দ্রে ১ হাজার ৮০৬ জন মানুষ বসবাস করছে। সিলেট সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ড, সদর উপজেলা, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ উপজেলা বন্যাকবলিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এদিকে- বন্যাকবলিত এলাকায় রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন বন্যাদুর্গত এলাকার মানুষজন। তারা জানান- বর্তমানে ভাইরাস জ্বরে বেশি আক্রান্ত মানুষ। পানিবন্দি থাকার কারণে অনেকেই চিকিৎসাসেবা পাচ্ছেন না। তবে সিলেট জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মোজয় দত্ত জানিয়েছেন- সিলেট জেলায় ১৩১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। নৌকাযোগে এসব মেডিকেল টিমের সদস্যরা বন্যার্তদের মধ্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিটি উপজেলায় চিকিৎসাসেবার পাশাপাশি একজন সার্বিক বিষয় মনিটরিং করছেন একজন ডাক্তার।
তিনি জানান- বন্যার কারণে রোগীর সংখ্যা এখনো বাড়েনি। পানি নামলে হয়তো রোগী বাড়তে পারে বলে জানান তিনি।
নগরে উন্নতি: সিলেট নগরীর বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। গতকাল সুরমা নদীর পানি বিপদসীমা থেকে নিচে নেমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। দুপুর ১২টায় বিপদসীমার নিচ দিয়ে সিলেটে সুরমার পানি প্রবাহিত হচ্ছিলো। টানা বৃষ্টি না হলে পানি আরও কমবে বলে জানায় পাউবো। সিলেট নগরীর কয়েকটি ওয়ার্ডে বন্যা পরিস্থিতি দেখা দেয়ায় সাপ্তাহিক ছুটি বাতিল করে বিভিন্নভাবে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, বন্যায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বেশির ভাগ এলাকার। তাছাড়া বন্যার ঝুঁকিতে আছে এমন সকল ওয়ার্ডে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পানি বাড়লে তাদের ওই আশ্রয়কেন্দ্রে নেয়া হবে। সুরমা তীরবর্তী বিদ্যুৎ সাব-স্টেশনগুলো রক্ষার জন্য বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে। ২৫ ও ২৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর তাকবিরুল ইসলাম পিন্টু ও রায়হান আহমদের মাধ্যমে বাঁধ নির্মাণ করা হয়। তিনি জানান, নগরীর ১৫নং ওয়ার্ডের কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী একটি ৫ তলা খালি ভবনে দুটি আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন। তাদের রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য সিসিকের স্বাস্থ্য শাখার একটি চিকিৎসক দল সেখানে চিকিৎসাসেবা প্রদান করছেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে এই দুটি আশ্রয়কেন্দ্রসহ বন্যাকবলিত ওয়ার্ডগুলোতে শুকনা খাবার, চিঁড়া, মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন ও কিছু কিছু ওয়ার্ডে মোমবাতি সরবরাহ করা হয়েছে। গত শনিবার বিকাল থেকে আশ্রয়কেন্দ্রে রান্না করা খিচুড়ি দেয়া হয়েছে।