Home Blog Page 603

বাফেলো শহরে অর্ধশতাধিক গাড়ীর বহর চালিয়ে পালন হলো “বাংলাদেশ ডে প্যারেড”

পিবিসি নিউজ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগরী বাফেলো শহরে অর্ধশতাধিক গাড়ীর বহর নিয়ে, লাউড স্পিকারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বাজিয়ে, রং বেরংয়ের সাজানো গাড়ীর বহর নিয়ে উদযাপন করা হলো “বাংলাদেশ ডে প্যারেড”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাফেলো সিটি শাখা ও নিউইয়র্ক স্টেট্ বিএনপি শাখার স্থানীয় নেতৃবৃন্দের অয়োজনে এই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছে ৩০শে মার্চ রোজ শনিবার, দুপুর ১২:০০ ঘটিকা স্থানীয় সময়ে। সিটি রাস্তার মোড়ে মোড়ে বাফেলো পুলিশ প্রহরায় “বাংলাদেশ ডে প্যারেড” হয়ে উঠেছিল অত্যন্ত উপভোগ্য। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা হাজার হাজার উৎসুক জনতা হাত নেড়ে গাড়ী বহর ও স্বাধীনতা দিবস উদযাপনকারীদের শুভেচ্ছা জানাচ্ছিলেন।

কয়েক সপ্তাহের গোপনীয় প্রস্তুতির মাধ্যমে বাফেলো সিটি মেয়র অফিস থেকে পারমিশন সংগ্রহ করে অত্যন্ত সুশৃঙ্খভাবে বাফেলো শহরে ঐতিহাসিকভাবে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান। সিটি হলে কর্মরত বাংলাদেশী বংশোদ্ভূত জাভেদ মোস্তফার সহযোগীতায় পারমিশন প্রাপ্তিটা ত্বরান্বিত হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। এছাড়া বাফেলো পুলিশ ও মিডিয়াকর্মীদের জানানো হয়েছে অফুরন্ত ভালোবাসা।

গাড়ীর বহর বাফেলো মেয়র অফিস মেইন গেইট নায়াগারা স্কয়ারে এসে থামলে সেখানে একটি পথসভার আয়োজন করা হয়। সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট্ বিএনপির যুগ্ম আহবায়ক, জিয়া লাইব্রেরি ডটকমের প্রেসিডেন্ট, পিবিসি টুয়েন্টিফোর টেলিভিশনের প্রধান সম্পাদক মতিউর রহমান লিটু।

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাজমুল আলম। উপস্থাপনায় ছিলেন বাফেলো বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা মহানগরীর তাঁতীদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম এবং নিউইয়র্ক মহানগর বিএনপি উত্তর শাখার সদস্য আবু জাফর ফরাজী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ বেলাল, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির সদস্য তারিকুল ইসলাম প্রিন্স মৃধা।

আয়োজকদের সার্বিক সহযোগিতা ও অনুষ্ঠানে উপস্থিত থেকে যারা অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করেছেন তারা হলেন: নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য আমিনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও বরিশাল ডিভিশনাল সোসাইটি অফ বাফেলো ইনকের সভাপতি সৈয়দ ঝিলু, বরিশাল বিএম কলেজের সাবেক ছাত্রনেতা ও বরিশাল ডিভিশনাল সোসাইটি অফ বাফেলো ইনকের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মিয়া, গাউসুল আনোয়ার রাহিন, তোফাজ্জেল হোসেন, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি বাবুল তালুকদার, সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা ফকর উদ্দিন, জায়েদ বিশ্বাস, মনিরুল আহসান, ফেন্সুগঞ্জ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছায়াদুর রহমান, মিলাদুল ইসলাম, কাজী কবির, বশির উদ্দিন, মাকসুদুর রহমান টিটু, সুমন আহমেদ, মোহাম্মদ শহীদ খান, মোহাম্মদ পুনম প্রমুখ।

শুরুতে বেইলি এভিনিউ এবং ব্রডওয়েতে সকল গাড়ি গুলিকে লাইন আপ করিয়ে রাখা হয়, সেখান থেকে পুলিশের প্রহরায় ব্রডওয়ে হয়ে শহর প্রদক্ষিণ করে নিয়ে যাওয়া হয় বাফেলো মেয়র অফিস সিটি হলের সামনে, সেখানে নায়াগারা স্কয়ারের কয়েকবার ঘূর্ণায়নের পরে রাস্তার পাশে সকলের গাড়ি দাঁড় করিয়ে পথসভাটি অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের বাফেলো শহরে ইতিহাসের এই প্রথম এমন ব্যতিক্রমী আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হলো। যারা আজকের বাংলাদেশ ডে উদযাপনের সাক্ষী হয়েছেন তারাই যেন আমেরিকার এক নতুন ইতিহাস হয়ে রইলেন।

নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ ব্রঙ্কস শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ ব্রঙ্কস শাখার উদ্যোগে গত ২৭ মার্চ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নর্থ ব্রঙ্কস ইসলামী সেন্টারে ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলে এনওয়াইপিডির ৫২ পুলিশ প্রিসেনক্টের পুলিশ অফিসার, আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ ব্রঙ্কস শাখার সদস্য সহ বিপুল সংখ্যক মুসল্লী যোগ দেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র ব্রঙ্কস শাখার সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে এবং ব্রঙ্কস শাখার সাধারণ সম্পাদক শাহ জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ, ক্যাশিয়ার আরিফ চৌধুরী, সহ সভাপতি মাওলানা শাহান শাহ এহিয়া, সৈয়দ গসুল ইসলাম, মো. মাহাবুব হোসেন, আব্দুল হক হেলাল, আলহাজ্ব আব্দুল মোছাব্বির, এনওয়াইপিডির পুলিশ অফিসার মাহবুব জুয়েল, আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র ব্রঙ্কস শাখার সহ সভাপতি নাজমুল আলম খান, সৈয়দ ইসহাক আলী, বদরুল হক, তানিম চৌধুরী প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের ইমাম হাফিজ মোসাদ্দিক আহমেদ ও হাফিজ কামরান শাহ। ইফতারের পূর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ।
বক্তারা পবিত্র কোরআন-হাদীসের আলোকে রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, এ মাস সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত, মাগফিরাত এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মাস। রোজার সওয়াবের পুরস্কার স্বয়ং আল্লাহ পাক প্রদান করবেন। এ মাসে যারা সঠিকভাবে সিয়াম পালন বা রোজা রাখবেন তাদের মর্যাদাও হবে অনেক।
আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র ব্রঙ্কস শাখার সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন এবং সাধারণ সম্পাদক শাহ জাকারিয়া ইফতার মাহফিলে অংম গ্রহণ করার জন্য সকল অতিথি ও মুসল্লীবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কবি মুক্তাদির চৌধুরী তরুণের ইন্তেকাল

 নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কবি ও সংগঠক মুক্তাদির চৌধুরী তরুণ আর নেই। তিনি ২৬ মার্চ লসএঞ্জেলেসের সিডার সাইনাই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি একমাত্র পুত্র এবং অসংখ্য বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের মেধাবি ছাত্র তরুণ যুক্তরাষ্ট্রে আসার আগে বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের সিনিয়র সায়েন্টিস্ট ছিলেন। তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে ক্রপ সায়েন্সে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছিলেন।
তরুণের ঘনিষ্ঠ বন্ধু বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা রবীন্দ্র সঙ্গীত শিল্পী কাদেরি কিবরিয়া জানান, ২৮ মার্চ লসএঞ্জেলেসে মসজিদে জানাজা শেষে সেখানকার মুসলিম গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
বিক্রমপুরের সন্তান মুক্তাদির চৌধুরী তরুণ ৩২ বছর আগে যুক্তরাষ্ট্রে বসতি গড়েন। তিনি লসএঞ্জেলেসস্থ বাংলাদেশ রাইটার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ছিলেন।

কোরআন পড়ে মুগ্ধ হলিউড সুপারস্টার উইল স্মিথ

পবিত্র রমজানে কোরআনে কারিম পাঠ করে মুগ্ধ হয়েছেন হলিউড সুপারস্টার ও মার্কিন তারকা অভিনেতা উইল স্মিথ। গত বছরের রমজানে তিনি কোরআন পড়ে মুগ্ধ হন বলে জানিয়েছে আলজাজিরা ও ডেইলি সাবাহ।

মঙ্গলবার (১৯ মার্চ) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিসরীয় সাংবাদিক আমর আদিবকে বিগ টাইম পডকাস্টে তিনি জানান, আমি সরলতা ভালোবাসি। আল কোরআন স্পষ্ট। এটি পুরো স্বচ্ছ। এ নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই।

তিনি বলেন, এটির সারমর্ম স্পষ্ট এবং খুবই সুন্দর।

তিনি জানান, তিনি ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ পড়েছেন। এরপর তিনি কোরআন, তাওরাত ও বাইবেলের মধ্যকার মিল দেখে বেশ অবাক হয়েছেন।

স্মিথ বলেন, আমি খুব অবাক হলাম যখন দেখলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনো ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এরপর ঈসা ও ঈসমাইলের সাথে তার বিভক্তি। এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল।

হলিউডের এ তারকা বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশুগুলোর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন। তিনি রসিকতার ছলে বলেন, আমার মনে হয় আমি পূর্বের জীবনে দৈত্য ছিলাম। মনে হচ্ছে- আমি আমার বাড়িতে রয়েছি। বিষয়টি আমি পছন্দ করছি।

স্মিথ দুই বছর আগে অস্কারের মঞ্চে ক্রিস রককে চড় মারার জন্য আলোচনায় এসেছিলেন। বিখ্যাত আলাদিন ছবিতে অভিনয় করেছিলেন এ মার্কিন তারকা।

সূত্র : আলজাজিরা ও ডেইলি সাবাহ

এবার উদ্বেগ জাতিসঙ্ঘের, কেজরির গ্রেফতারি নিয়ে প্রশ্নের মুখে ভারত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা এবং কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ। ভোটমুখী ভারতে কেন্দ্রীয় সংস্থার এই দুই পদক্ষেপ নিয়ে এবার পরোক্ষে উদ্বেগপ্রকাশ করল খোদ জাতিসঙ্ঘ। তাদের বক্তব্য, ‘আমরা আশা রাখছি ভারতে সবার অধিকার সুরক্ষিত থাকবে।’ ফলে প্রশ্নের মুখে পড়ে গেছে ভারত সরকার।

দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে আগেই মুখ খুলেছে জার্মানি এবং আমেরিকা। জার্মানির বক্তব্য ছিল, ‘যেকোনো অভিযুক্তের মতোই কেজরিওয়ালও ন্যায্য ও পক্ষপাতহীন বিচারের অধিকারী। কোনো বিধিনিষেধ ছাড়াই তিনি যেন সব ধরনের আইনি রাস্তায় যেতে পারেন। সেটাই আমাদের প্রত্যশা।’

একই সুরে ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রও। মার্কিন পররাষ্ট্র দতফতর আবার বলে দেয়, কেজরিওয়ালার গ্রেফতারির বিষয়টি তাদের নজরাধীন রয়েছে। আপ সুপ্রিমোর বিচার যেন ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও সময়োপযোগী হয়।

এবার খোদ জাতিসঙ্ঘ খানিকটা জার্মানি এবং আমেরিকার সুরে দিল্লির উপর চাপ বাড়ানোর কৌশল নিলো। জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিচ বললেন, ‘আমরা ভীষণভাবে আশাবাদী যে ভারত বা যে যে দেশে নির্বাচন হচ্ছে, সেখানেই সবার অধিকার সুরক্ষিত থাকবে। এর মধ্যে যেমন রাজনৈতিক অধিকারের বিষয়টি রয়েছে, তেমনই রয়েছে সামাজিক অধিকার। আমরা চাই, সবাই যেন নির্ভয়ে সুষ্ঠুভাবে ভয়মুক্ত পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’

উল্লেখ্য, এর আগে জার্মানি এবং যুক্তরাষ্ট্র দুই দেশকেই জবাব দিয়েছে ভারত। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপই বরদাস্ত করা হবে না, সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। এবার জাতিসঙ্ঘের এই উদ্বেগ নিয়ে দিল্লি কী পদক্ষেপ করে, সেটাই দেখার।
সূত্র : সংবাদ প্রতিদিন

শ্রীলঙ্কায় ইসলাম অবমাননা করায় বৌদ্ধ ভিক্ষুর জেল

শ্রীলঙ্কায় সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর দায়ে প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু গালাগোদাত্তে জ্ঞানসারাকে চার বছরের কঠোর শ্রমের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। খবর বার্তা সংস্থা এএফপির।

গত বৃহস্পতিবার কলম্বো হাইকোর্ট বলেছে, গালাগোদাত্তে জ্ঞানসারা ২০১৬ সালের একটি সংবাদ সম্মেলনে ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে মুসলিম জনগোষ্ঠীকে আঘাত করেছেন।

আদালত বলেছে, বৌদ্ধ ভিক্ষুকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ রুপি জরিমানা করা হয়েছে। সাজা শুরু করার জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কায় মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেয়ার অভিযোগ আনা হয়েছে জ্ঞানসারার বিরুদ্ধে।

দেশটির মোট জনসংখ্যা প্রায় ২ কোটি ২০ লাখ। সেখানে মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মুসলিম।

মায়ানমারের চরমপন্থী বৌদ্ধ ভিক্ষু উইরাথুর সাথে গালাগোদাত্তে জ্ঞানসারার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উইরাথুর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে, তিনি বিভিন্ন সময়ে দেয়া বক্তব্যে মায়ানমারে মুসলিম জনগোষ্ঠীর ওপর নিপীড়নকে সমর্থন করেছেন।

বাইডেনের সাথে এরদোগানের সাক্ষাত আগামী ৯ মে

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত করবেন।

আগামী ৯ মে হোয়াইট হাউসে উভয়ের এই সাক্ষাত অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউসে এটি হবে তাদের প্রথম সাক্ষাত।
তুরস্কের এক কর্মকর্তা শুক্রবার এ কথা জানান।

সুইডেনের স্থগিত ন্যাটো সদস্যপদ তুরস্ক অনুমোদন দেয়ার পরপরই জানুয়ারিতে বাইডেন প্রশাসন আঙ্কারার জন্যে ২৩ বিলিয়ন মার্কিন ডলার মঞ্জুর করে। এফ-১৬ বিমানের জন্যে যুক্তরাষ্ট্র এই অর্থ অনুমোদন করে।

হামাসের ৭ অক্টোবরের হামলার পর মুসলিম বিশ্বে তুরস্ক গাজায় ইসরাইলি অভিযানের সবচেয়ে কট্টর সমালোচকে পরিণত হয়।

এরদোয়ান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এডলফ হিটলারের সাথে তুলনা করেন। তিনি একইসঙ্গে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যায় মদদ দেয়ায় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন। সূত্র : বাসস

সূর্যগ্রহণ দেখতে কানাডার নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ মানুষ

১৯৭৯ সালের পর প্রথমবারের মতো বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে কানাডা। পূর্ণাঙ্গ এই সূর্যগ্রহণ দেখতে কানাডার নায়াগ্রা জলপ্রপাতে সমাগম হতে পারে অন্তত ১০ লাখ মানুষের।

জানা গেছে, ৮ এপ্রিলের বিরল পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ দেখার জন্য পুরোপুরি প্রস্তুত স্থানীয় ব্যবসায়ীরা। তাদের ধারণা, ঐতিহ্যবাহী ট্রেন ভ্রমণে জনপ্রতি খরচ পড়বে ৪ হাজার ডলার। প্রতিরাতের জন্য হোটেল রুম ভাড়া বাবদ গুণতে হবে ১ হাজার ৬০০ ডলার।

কানাডা-আমেরিকা সীমান্তে অবস্থিত জলপ্রপাতটি সূর্যগ্রহণের পথে পড়ায় অনেকেই আবার আগে থেকে হোটেল বুকিং করে রেখেছেন। অতিরিক্ত চাহিদার কারণে রুমগুলোর ভাড়া বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে, সূর্যগ্রহণের সময় ব্যস্ত হয়ে উঠবে জলপ্রপাতের দুই পাশে থাকা অন্টারিও ও নিউইয়র্ক। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন দূর থেকে সূর্যগ্রহণ দেখতে আসার। কারণ বিরল এই সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়া সূর্যকে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে ফেলবে। এই ধরনের ঘটনা আবার দেখা যেতে পারে ২০৪৪ সালে।

আগামী মাসে পূর্ণ সূর্যগ্রহণে অন্ধকার হয়ে যাবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর কিছু অংশ।
আমেরিকার টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেন্টাকি, ওহাইয়ো, পেনসিলভেনিয়া, নিউইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইনেও দেখা যাবে এই সূর্যগ্রহণ। এছাড়া টেনেসি এবং মিশিগানের কিছু অংশেও দেখা যাবে।

আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আলোচনায় বসতে পারে : সিএনএন

গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ নগরীতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর সম্ভাব্য অভিযানের বিষয়ে আগামী ১ এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আলোচনায় বসতে পারে।

সিএনএন তাদের সূত্রের বরাত দিয়ে এই কথা জানিয়েছে।

টিভি চ্যানেলের খবরে বলা হয়, আগামী ১ এপ্রিল সোমবার এই আলোচনার জন্য ইসরাইলি প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।

এর আগে রাফাহ নিয়ে আলোচনার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়।

টিভি চ্যানেলের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটনে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনার কথা সামরিক মন্ত্রিসভার সদস্যদের জানান।

উপজেলা নির্বাচনে এমপি’রা হস্তক্ষেপ করতে পারবে না : ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচনে সংসদ সদস্যরা প্রভাব বিস্তার বা হস্তক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমি সংসদ সদস্য, আমি নির্বাচনে প্রভাব বিস্তার করব, আমার একজন থাকবে তাকে জেতানোর জন্য গোটা প্রক্রিয়া বাধাগ্রস্ত করব, এটা হতে পারবে না। যে উদ্দেশ্যে এই নির্বাচন উন্মুক্ত করা হয়েছে সেই উদ্দেশ্যটা কোনো অবস্থাতেই ব্যাহত করা যাবে না।’

সেতুমন্ত্রী আজ আওয়ামী লীগের রংপুর বিভাগের নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এই কথা জানান। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সামনে উপজেলা নির্বাচন। উপজেলা নির্বাচন এবার নতুনভাবে, নতুন পরিবেশে আপনাদের অনুরোধে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা দেখতে চাই এর মধ্য দিয়ে নির্বাচন কতটা প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। নির্বাচনে যারা প্রার্থী হতে চায় হবে। আমরা একটা প্রভাবমুক্ত ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে চাই।’

তিনি বলেন, আমরা এবার প্রথম থেকেই আটঘাট বেঁধে নেমেছি। কারণ, প্রথম থেকেই সাংগঠনিক প্রক্রিয়ার দিকে আমরা নজর দিয়েছি। যার যেমন খুশি যখন তখন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেবেন সেটার দায়িত্ব দল গ্রহণ করবে না। একজনের একটা বক্তব্য গোটা দলের শৃঙ্খলার ওপর আঘাত করে, এমন কিছু হলে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের যেখানে সাংগঠনিক প্রক্রিয়ায় ওয়াল আছে তা ভেঙে দিতে হবে।

কাদের বলেন, যে উদ্দেশ্যে এই নির্বাচন উন্মুক্ত করা হয়েছে, সে উদ্দেশ্য ব্যাহত করা যাবে না। প্রতিযোগিতা যারা করতে চায় করুক। ইলেকশন সম্পূর্ণভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে চাই। জাতীয় নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলে। নির্বাচন আগের আশঙ্কা, আতঙ্ক ছিল, তা নির্বাচনের মধ্য দিয়ে কেটে গেছে। সারা বিশ্ব নির্বাচন প্রত্যক্ষ করেছে। ৮০টি দেশ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। তার সাথে ৩২টি সংস্থা অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের সাথে সেতুবন্ধন তৈরি করতে হবে। জেলার সাথে উপজেলা, উপজেলার সাথে ইউনিয়নের সাংগঠনিক সেতু তৈরি করতে হবে। আমাদের যেখানে সাংগঠনিক প্রক্রিয়ায় ওয়াল আছে তা ভেঙে দিতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আসাদুজ্জামান নূর এমপি।

রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সভা সঞ্চালনা করেন। সূত্র : বাসস