Home Blog Page 7

সৈকতে পর্যটকের ঢল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছুটিতে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকের ঢল নেমেছে। সাগরের নীল জলরাশি আর ঢেউ দেখার টানে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। বিপুল লোকসমাগম ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

কক্সবাজার শহরের হোটেল, গেস্টহাউস ও কটেজগুলোতে চাপ বেড়েছে। হোটেলমালিকরা বলছেন, ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর পর্যটক আসা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সেই শঙ্কা কেটে পর্যটকের ভিড় বেড়েছে। দুর্গাপূজা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি মিলিয়ে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনে কক্সবাজারে ১০ লাখের বেশি পর্যটকের সমাগম হতে পারে। এ সময়ে পর্যটনসংশ্লিষ্ট খাতে ৯০০ থেকে ১ হাজার কোটি টাকার ব্যবসার আশা করছেন তারা।

হোটেলমালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতি, শুক্র ও শনিবার অন্তত তিন লাখ পর্যটক সৈকত ভ্রমণ করেছেন। রোববার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিন সরকারি ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি। এই দীর্ঘ ছুটিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
কক্সবাজার হোটেল-গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, তারকামানের ২০টির বেশি হোটেলে প্রায় ৯৫ শতাংশ কক্ষ এবং মাঝারি আকারের হোটেল, গেস্টহাউস ও কটেজের প্রায় ৮০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়েছে। অবশিষ্ট কক্ষগুলোও এক-দুই দিনের মধ্যে বুকিং হয়ে যেতে পারে। এবার কক্ষভাড়ায় কোনো ছাড় দেওয়া হচ্ছে না। তবে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে প্রশাসন তদারকি করছে।

গতকাল বুধবার সকালে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট ঘুরে দেখা যায়, পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আনন্দঘন সময় কাটাচ্ছেন পর্যটকরা। কেউ সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, কেউ ছবি তুলে স্মরণীয় করে রাখছেন ভ্রমণের মুহূর্ত। অনেকে ঘোড়া, বিচবাইক ও জেটস্কিতে চড়ার পাশাপাশি সাগরে গোসল করছেন। কেউ বালুচরে ছাতা-চেয়ারে বসে সমুদ্র দেখছেন। অনেকে ঘোড়ার পিঠে বা বিচবাইকে ঘুরছেন। দক্ষিণের সুগন্ধা ও কলাতলী সৈকতেও ছিল উপচে পড়া ভিড়।

সুগন্ধা পয়েন্টে কথা হয় ঢাকার ধানমন্ডি এলাকার ব্যবসায়ী রাসেল চৌধুরীর সঙ্গে। তিনি স্ত্রী ও এক সন্তানকে নিয়ে মঙ্গলবার রাতে কক্সবাজার আসেন। কলাতলীর একটি হোটেলে ওঠার পর সকালে সুগন্ধা সৈকতে যান। সেখানে মানুষের ভিড় দেখে পরিবার নিয়ে চলে আসেন লাবণী পয়েন্টে। রাসেল বলেন, লাবণী পয়েন্টেও হাজারো মানুষের সমাগম দেখেছেন।
তারকামানের হোটেল কক্স টুডের মহাব্যবস্থাপক আবু তালেব জানান, তাদের হোটেলের ৮৫ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত অতিথির চাপ থাকবে বলে আশা করছেন তারা।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল শুক্কুর বলেন, এবারের ছুটিতে ১০ লাখ পর্যটকের সমাগম হলে হোটেল-রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট খাতে ৯০০ থেকে ১ হাজার কোটি টাকার ব্যবসা হতে পারে।

পর্যটকের সংখ্যা বাড়তে থাকায় সৈকতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লাইফগার্ড ও নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক নজরদারি করছেন। পর্যটকদের অন্যতম আকর্ষণ সমুদ্রস্নান নিরাপদ করতে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে দায়িত্ব পালন করছেন সি-সেইফ লাইফগার্ডের সদস্যরা।
জেলার অন্যান্য দর্শনীয় স্থানেও পর্যটকদের আনাগোনা বেড়েছে। মেরিনড্রাইভ, হিমছড়ি ঝর্ণা, দরিয়ানগর, ইনানী, পাটুয়ারটেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রেও ভ্রমণপিপাসুদের উপস্থিতি নজর কেড়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এএসপি ফাহিম ফয়সাল বলেন, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সৈকতসহ সব পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ দায়িত্ব পালন করছে। এ ছাড়া এসআরবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে।

ছুটি ও কার্নিভাল ঘিরে জমজমাট কুয়াকাটা
দুর্গাপূজার ছুটি ও পর্যটন কার্নিভাল ঘিরে পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটক সমাগম বেড়েছে। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সৈকত ও আশপাশের দর্শনীয় স্থান। হোটেল-মোটেলের বুকিং, রেস্তোরাঁ এবং পর্যটনকেন্দ্রিক ব্যবসাপ্রতিষ্ঠানে বেড়েছে ব্যস্ততা। সব মিলিয়ে কার্নিভালকে ঘিরে কুয়াকাটার পর্যটন খাতে তৈরি হয়েছে বাড়তি চাঞ্চল্য।
গতকাল কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, কেউ পরিবার-পরিজনের সঙ্গে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন। আবার অনেকে সৈকতের বালুকাবেলায় ঘুরে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য।
পর্যটকদের আগমনে আবাসিক হোটেল-মোটেলগুলোতে দেখা যাচ্ছে মিশ্র চিত্র। কোনো কোনো হোটেলে কয়েক দিনের জন্য শতভাগ কক্ষ বুকিং থাকলেও অন্য দিনগুলোতে বুকিং কমে যাওয়ার তথ্য জানিয়েছেন ব্যবসায়ীরা।

হোটেল ডি’মোরের পরিচালক জয়নুল আবেদিন জুয়েল বলেন, আমাদের মোট রুম ৫৭টি। ২১ ও ২২ অক্টোবর শতভাগ বুকিং থাকলেও ২৩ অক্টোবর ৫০ শতাংশ বুকিং রয়েছে। তবে ২৪ অক্টোবর কোনো বুকিং নেই। অন্যদিকে, প্রেসিডেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টের জেনারেল ম্যানেজার এমজি মোর্শেদ খান বলেন, আমাদের মোট ৪৩টি রুম। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সব রুমের শতভাগ বুকিং রয়েছে।
গাজীপুর থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা লায়লা শিরিন বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। সমুদ্রের ঢেউ, বিশাল সৈকত আর মনোরম পরিবেশ পরিবারের সবাইকে আনন্দ দিয়েছে। দুর্গাপূজার ছুটিতে ঘুরতে এসে কার্নিভালের আমেজও উপভোগ করতে পারছি।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, কুয়াকাটায় তিন শতাধিক আবাসিক হোটেল-মোটেল রয়েছে। এসব হোটেল-মোটেলে প্রায় ৪০ হাজার পর্যটকের ধারণক্ষমতা রয়েছে। বুধবার লক্ষাধিক পর্যটকের আগমন ঘটেছে।
পর্যটকদের আগমনকে কেন্দ্র করে কুয়াকাটার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বেড়েছে কর্মচাঞ্চল্য। বিশেষ করে রাখাইন পল্লি মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে পর্যটকদের আনাগোনা বাড়ায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ
নাজমুল আহসান।

সৌদিতে মৃত্যুদণ্ড বাংলাদেশ কনস্যুলেটের গোপনীয় নথিতে ছিল না সাজার বিষয়

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ উইং থেকে ১৮ অক্টোবর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো একটি গোপনীয় নথিতে বলা হয়েছে, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে সেই দেশের কারাগারে আটক ছিলেন।

ওই নথির তথ্য অনুযায়ী, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে দেশটির কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আগে থেকে কিছুই জানায়নি। এমনকি তাদের মৃত্যুদণ্ড কার্যকরের পরও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি।

১৪ অক্টোবর সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে দেশটির কয়েকটি গণমাধ্যমের খবর থেকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানা যায় বলে চিঠিতে উল্লেখ করা হয়।
সূত্র জানায়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন– নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার। চিঠিতে বলা হয়, সৌদির গণমাধ্যমে প্রকাশিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির তথ্য অনুযায়ী, মক্কা অঞ্চলে এ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত হয়ে মসজিদের পবিত্রতা লঙ্ঘন করা।

এ দুই ব্যক্তির বিস্তারিত তথ্য সৌদি কর্তৃপক্ষ সরবরাহ করেনি বলে কনস্যুলেটের চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলখানায় বিভিন্ন অপরাধে আটক বাংলাদেশিদের তথ্য চেয়ে জেদ্দা কনস্যুলেট থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ করা হয়েছিল। এই অনুরোধের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর তালিকা পাওয়া যায়। এই তালিকায় নজরুল ও সুইটির নাম পাওয়া যায়। তবে তালিকায় তাদের শাস্তির বিষয়ে কোনো তথ্য ছিল না। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারা সৌদির আল মাজাল নামে একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

তালিকার তথ্য অনুযায়ী, নজরুলকে ২০২৩ সালের ১ আগস্ট তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত অপরাধের অভিযোগে আটক করা হয়। পরদিন সুইটিকে ব্যভিচারের অভিযোগে আটক করা হয়। নজরুল ছিলেন জেদ্দা সংশোধনাগারে। সুইটি ছিলেন জেদ্দা নারী কারাগারে। তালিকায় তাদের কারও সাজার বিষয়টি উল্লেখ ছিল না বলে চিঠিতে বলা হয়।

সৌদি আরবে তথ্যপ্রযুক্তি বা ব্যভিচারের অভিযোগে আগে কোনো বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়ার নজির নেই বলে কনস্যুলেটের চিঠিতে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চিঠিতে বলা হয়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের কারাগারগুলোতে বিভিন্ন ধরনের নৈতিকতা-সংক্রান্ত মামলায় ৩০৬ জন বাংলাদেশির আটক থাকার তথ্য তালিকায় আছে। তাদের মধ্যে ১৪৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সাজা ঘোষিত হয়েছে। সর্বনিম্ন সাজা এক মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড।

চিঠিতে কনস্যুলেট জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পরিবারের পক্ষ থেকে আইনগত সহায়তার জন্য কোনো আবেদন পাওয়া যায়নি, কোনো যোগাযোগ করা হয়নি। সৌদির কর্তৃপক্ষও এ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা এবং তা কার্যকরের বিষয়ে কিছু জানায়নি।

রায়ের কপি ও মামলার বিস্তারিত তথ্য পেতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছে কনস্যুলেট। চিঠিতে বলা হয়, রায়ের কপি পাওয়ার পর বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

ঘন ও লম্বা চুলের জন্য খাদ্যতালিকায় রাখুন বায়োটিন সমৃদ্ধ ৭ খাবার

সুন্দর, ঝলমলে চুল কার না পছন্দ? কিন্তু প্রতিদিনের দূষণ, পুষ্টির অভাবে চুল পড়াসহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। চুল দ্রুত বড় করতে এবং গোড়া থেকে মজবুত করতে খাদ্যতালিকায় বায়োটিন সমৃদ্ধ খাবার রাখা জরুরি। এমন কিছু খাবার আছে যা চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে। যেমন-

মটরশুঁটি, বিনস ও ডাল 

মটরশুঁটি, বিনস এবং ডালে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার ও বিভিন্ন খনিজ পাওয়া যায়। এসব উপাদান চুলের বৃদ্ধি দ্রুত করতে সাহায্য করে।
মাশরুম
মাশরুমে অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি সেলেনিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান থাকে। এক কাপ তাজা মাশরুম থেকে ৫.৬ মাইক্রোগ্রাম বায়োটিন পাওয়া যায়।
মিষ্টি আলু
মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এসব উপাদান চুলকে ভেতরে থেকে স্বাস্থ্যকর করে তোলে।
ডিম
ডিমে পর্যাপ্ত পরিমাণে ভিামিন বি, প্রোটিন, আয়রন এবং ফসফরাস থাকে। ডিমের কুসুমে থাকা বায়োটিন চুলের জন্য খুবই উপকারী।
স্যামন মাছ
স্যামনের মতো চর্বিযুক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা  থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এই উপাদান ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে।
ফ্ল্যাক্স সিড 
ফ্ল্যাক্স সিডে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং স্বাস্থ্যকর ফ্যাট ভরপুর মাত্রায় থাকে। নিয়মিত এটি খেলে চুল মজবুত এবং স্বাস্থ্যোজ্জ্বল হয়।
কাঠবাদাম 
কাঠবাদামে বায়োটিন পাওয়া যায় । চুলের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত এটি খেতে পারেন।

ডালিম নাকি আপেল, হার্টের জন্য কোনটি উপকারী?

ডালিম ও আপেল দুই ফলে খাদ্য আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে, যা হৃদযন্ত্র সুস্থ রাখে। ডালিমে রয়েছে পলিফেনল, যা হার্টের জন্য উপকারী। অন্যদিকে, আপেলেও রয়েছে খাদ্যআঁশসহ বিভিন্ন ধরনের পলিফেনল। আর এ পলিফেনল হার্টের স্বাস্থ্য ভালো রাখে।

ডালিম খাওয়ার উপকারিতা
ডালিম রক্তচাপ কমাতে সহায়তা করে, অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে ভূমিকা রাখে। এ ফল প্রদাহ কমাতে সহায়তা করে। পাশাপাশি হৃদযন্ত্রে রক্তপ্রবাহ উন্নত করতে ভূমিকা রাখে।

আপেল খাওয়ার উপকারিতা
আপেল মোট কোলেস্টেরল ও ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, রক্তনালির কার্যকারিতা উন্নত করতে ভূমিকা রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, শরীরের প্রদাহ কমাতে ভূমিকা রাখে। সেই সঙ্গে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে এ ফল। তবে এসব উপকারের মাত্রা ব্যক্তির খাদ্যাভ্যাস, শারীরিক অবস্থা এবং ফল খাওয়ার পরিমাণের ওপর নির্ভর করে। তবে ফল খাওয়াকে কোনো রোগের চিকিৎসার বিকল্প হিসেবে দেখা উচিত নয়।

ডালিমের পুষ্টিগুণ 
আধা কাপ ডালিমের দানায় রয়েছে, ক্যালরি ৭২, প্রোটিন ১.৪৫ গ্রাম, মোট চর্বি ১ গ্রাম, কার্বোহাইড্রেট ১৬ গ্রাম, খাদ্যআঁশ ৩.৫ গ্রাম, মোট শর্করা ১২ গ্রাম, ম্যাগনেশিয়াম ১০ মিলিগ্রাম, পটাশিয়াম ২০৫ মিলিগ্রাম এবং সোডিয়াম ২.৬ মিলিগ্রাম।

আপেলের পুষ্টিগুণ 
একটি মাঝারি আকারের আপেলে রয়েছে ক্যালরি ৯৬, প্রোটিন ০.৪ গ্রাম, মোট চর্বি ০.৩ গ্রাম, কার্বোহাইড্রেট ২৩ গ্রাম, খাদ্যআঁশ ৪ গ্রাম, মোট শর্করা ১৭ গ্রাম, ম্যাগনেশিয়াম ৮.৫ মিলিগ্রাম, পটাশিয়াম ১৬৯ মিলিগ্রাম এবং সোডিয়াম ৩.৪ মিলিগ্রাম।

দেখা যায়, একটি মাঝারি আপেলে ডালিমের আধা কাপ দানার তুলনায় খাদ্যআঁশ বেশি। অন্যদিকে, ডালিমে প্রোটিন, ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের পরিমাণ কিছুটা বেশি। আপেলে ক্যালরি, কার্বোহাইড্রেট ও মোট শর্করার পরিমাণও বেশি। অন্যদিকে, আপেলের অন্যতম প্রধান অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হলো ফেনলিক যৌগ। আপেলে রয়েছে পলিফেনল, ফ্ল্যাভোনয়েড ও ভিটামিন সি। এসব উপাদান শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষা দেয়।

কোন ফলে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি?
ডালিমের অন্যতম গুরুত্বপূর্ণ জৈব সক্রিয় উপাদান হলো পুনিক্যালাজিন। এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত। হৃদস্বাস্থ্যের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়েও গবেষণা হয়েছে। ডালিমে আরও রয়েছে বিভিন্ন ধরনের পলিফেনল, যেমন এলাজিট্যানিন, ট্যানিন, ফ্ল্যাভোনল, অ্যান্থোসায়ানিন ও এলাজিক অ্যাসিড। অন্যদিকে, আপেলের অন্যতম প্রধান অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হলো ফেনলিক যৌগ। আপেলে রয়েছে পলিফেনল, ফ্ল্যাভোনয়েড ও ভিটামিন সি। এসব উপাদান শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষা দিতে ভূমিকা রাখে। তবে শুধু অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বিবেচনা করে কোন ফল হৃদ্‌স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, তা নিশ্চিতভাবে বলা যায় না। ফলের পুষ্টিগুণ, শরীরে উপাদানগুলোর কার্যকারিতা এবং সামগ্রিক খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ।

যেভাবে খাদ্যতালিকায় রাখবেন ডালিম ও আপেল
ডালিম ও আপেলের পুষ্টিগুণ পেতে প্রতিদিনের খাবারে সহজেই ফল দুটি যোগ করা যায়। যেমন ফলের রসের পরিবর্তে ডালিমের দানা ও খোসাসহ গোটা আপেল খান, সকালের ওটমিল বা চিনি ছাড়া টক দইয়ের সঙ্গে ডালিমের দানা কিংবা আপেলের টুকরা মিশিয়ে নিন। সালাদ বা শস্যজাতীয় খাবারের সঙ্গে ফল দুটি যোগ করতে পারেন। বাদাম, বীজ, বাদামের মাখন অথবা কম চর্বিযুক্ত পনিরের সঙ্গেও এ দুটি ফল খেতে পারেন।

ডব্লিউটিওর হিসাব এলডিসি থেকে উত্তরণে রপ্তানি কমতে পারে বছরে ৬৩৮ কোটি ডলার

০

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হলে কমবে কিছু বাণিজ্য সুবিধা, যার ওপর দেশের রপ্তানি অনেকটাই নির্ভরশীল। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) এক হিসাব অনুযায়ী, এলডিসি হিসেবে পাওয়া শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা উঠে গেলে বাংলাদেশের রপ্তানি আয় ২৬ দশমিক ৬ শতাংশ বা বছরে প্রায় ৬৩৮ কোটি ডলার কমতে পারে।

২০১৮ সালের বাণিজ্য-উপাত্তের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। ফলে এটি ভবিষ্যতের সম্ভাব্য চিত্র, বর্তমান রপ্তানি থেকে ঠিক কত আয় কমবে তার হিসাব নয়। তবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, জাপানসহ কয়েকটি বড় বাজারে শুল্ক বাড়লে বিশেষ করে পোশাক রপ্তানিতে প্রতিযোগিতা কঠিন হতে পারে।

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা আবিদ খান গতকাল সোমবার রাজধানীতে এক সেমিনারে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে উপস্থাপনায় এ তথ্য তুলে ধরেন। তাঁর উপস্থাপনায় ডব্লিউটিওর তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে। বিএফটিআই ও অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

উপস্থাপনায় বলা হয়, বাজার সুবিধা হারানোর পাশাপাশি রপ্তানি প্রণোদনা, ওষুধশিল্প, আন্তর্জাতিক সংস্থায় চাঁদা ও উন্নয়ন সহায়তার ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসতে পারে। এ পরিস্থিতিতে রপ্তানি বহুমুখীকরণ, ব্যাংক খাতে শৃঙ্খলা, রাজস্ব সংগ্রহ বাড়ানো, বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ উন্নয়ন, প্রযুক্তি, শ্রমমান ও উৎপাদনক্ষমতা বাড়ানোর মতো সংস্কার জরুরি।  বিএফটিআইর সুপারিশ, উত্তরণের পর বাজার সুবিধা ধরে রাখার পাশাপাশি পণ্য ও বাজার— দুই দিকেই রপ্তানি বাড়াতে হবে।

নানা ধাপ পেরিয়ে ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় নির্ধারিত রয়েছে। তবে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করেছে।

কর্মসংস্থান বাড়াতে ডিজিটাল কর্মকৌশল নিল বিশ্বব্যাংক

০

কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়াতে প্রথমবারের মতো ডিজিটাল কর্মকৌশল উদ্বোধন করেছে বিশ্বব্যাংক গ্রুপ। এ কৌশলে সাশ্রয়ী ইন্টারনেট, ডিজিটাল সেবা ও দক্ষতা উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রস্তুতিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ডিজিটাল কর্মকৌশলের উদ্বোধন ঘোষণা করে সংস্থাটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানায়, আগামী ১০ থেকে ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোতে ১২০ কোটি তরুণ কর্মক্ষম বয়সে পৌঁছাবে। অথচ এ সময়ে এসব দেশের অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে প্রায় ৪২ কোটি। এ ব্যবধান কমাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছে সংস্থাটি।
বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেন, ডিজিটাল প্রযুক্তি কর্মসংস্থান সৃষ্টি এবং সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারে। তবে এর সুফল পেতে নির্ভরযোগ্য ইন্টারনেট, সাশ্রয়ী ডিভাইস, ডিজিটাল দক্ষতা ও কার্যকর সেবার সমন্বয় প্রয়োজন। কৌশলের চারটি অগ্রাধিকার হলো– নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ, স্মার্টফোন ও ডেটার ব্যয় কমানো, ডিজিটাল সেবা ও দক্ষতা বাড়ানো এবং এআই ব্যবহারের প্রস্তুতি তৈরি করা।

নতুন কৌশলের আওতায় ইন্টারনেট অবকাঠামো সম্প্রসারণে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, স্মার্টফোন ও ব্রডব্যান্ডের ব্যয় কমানো এবং ডিজিটাল পরিচয়, অর্থ পরিশোধ ও নিরাপদ তথ্য আদান-প্রদানের ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করবে বিশ্বব্যাংক। কর্মসংস্থানসংশ্লিষ্ট ডিজিটাল প্রশিক্ষণ বাড়ানোর উদ্যোগও থাকবে। পাশাপাশি উদীয়মান বাজারের দেশগুলোতে এআই ব্যবহারের সুযোগ বাড়াতে নতুন একটি উদ্যোগ ঘোষণা করেছে বিশ্বব্যাংক গ্রুপ।

যুদ্ধ শেষ করতে আলোচনা চালাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র হরমুজে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত, দুই ট্যাঙ্কারে বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই পক্ষের মধ্যে এই যোগাযোগ ও আলোচনা চলছে বলে জানিয়েছে কাতার। মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়ে গেলেও মাঠ পর্যায়ের কঠিন বাস্তবতায় স্থায়ী সমঝোতায় পৌঁছানো কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স ও আলজাজিরার।

কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, সংঘাত যদি এভাবেই বাড়তে থাকে, তবে তা মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিতে পারে। গতকাল মঙ্গলবার দোহার গ্লোবাল সিকিউরিটি ফোরামে তিনি বলেন, যে কোনো যুদ্ধবিরতি কোনো গন্তব্য নয়, বরং শান্তির দিকে পৌঁছানোর একটি দরজা মাত্র।

এদিকে আলোচনায় অচলাবস্থা নিরসনে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরে গেছেন। সফরে তিনি ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি গুরুত্ব পাবে বলে জানিয়েছে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আলোচনা দীর্ঘায়িত করছে তেহরান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান আলোচনা এবং কূটনীতির অচলাবস্থার পেছনে কৌশলগত হিসাবনিকাশ কাজ করছে। চারটি ইরানি সূত্র রয়টার্সকে জানিয়েছে, নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল যেন বড় ধাক্কা খায়, সে জন্য তেহরান ইচ্ছাকৃতভাবে আলোচনা দীর্ঘায়িত করছে।
আট মাস ধরে চলা এই যুদ্ধে উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের কারণে ট্রাম্পের জনসমর্থন ইতোমধ্যে রেকর্ড পতন হয়েছে। অন্যদিকে মার্কিন নৌ অবরোধ এবং কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতিও ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে।

ইরানে আবার হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
ইরানে আবার হামলার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরান সরকারের পতন ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। গত সোমবার ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেখানে আঞ্চলিক হুমকি মোকাবিলায় দুই দেশের প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা হয়।

হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত, তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ 
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা গতকাল সকালে হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে। এ ছাড়া প্রণালিতে নৌমাইনে আঘাতের পর একটি সুপার ট্যাঙ্কারে আগুন ধরে গেছে বলেও জানিয়েছে বাহিনীটি। তাদের দাবি, জাহাজটি নেভিগেশন ও রাডার ব্যবস্থা বন্ধ করে ইরানের সতর্কবার্তা উপেক্ষা করেছিল। ট্যাঙ্কারটিতে ২০ লাখ ব্যারেলের বেশি তেল ছিল। এর আগে আরও দুটি ট্যাঙ্কারে আগুন লাগার দাবি করেছিল আইআরজিসি। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ দাবি ‘ভুল’ বলে জানিয়েছে আলজাজিরাকে।

যুদ্ধের শুরু থেকে ইরানের এই হামলা-অবরোধে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। তবে এইচএসবিসির প্রধান নির্বাহী জর্জ এলহেদারি জানিয়েছেন, উপসাগরীয় দেশগুলো বিকল্প পাইপলাইন ও লজিস্টিক রুটে বড় ধরনের বিনিয়োগ শুরু করেছে। ফলে আগামী পাঁচ বছরের মধ্যে হরমুজ প্রণালি কৌশলগতভাবে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে।

ইরানকে কঠোর চাপে রাখার দাবি ট্রাম্পের 
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। কানসাসের এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ইরানের নৌবাহিনী কোণঠাসা হয়ে পড়েছে এবং দেশটির সামরিক সক্ষমতার প্রথম ও দ্বিতীয় স্তরের নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত করতে এবং মার্কিন-ইরান আলোচনার পথ উন্মুক্ত করতে মস্কোও সক্রিয় ভূমিকা পালন করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তেহরান সফর করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইতিহাসে এই প্রথম ইরান ও রাশিয়া এত ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে তার প্রশাসন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। দেশটিতে অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপ অব্যাহত থাকার মধ্যেই ভিসা বাতিলের এ তথ্য সামনে এল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা বাতিলের সংখ্যা আরও দ্রুত বেড়েছে। গত ১০ আগস্ট প্রকাশিত হালনাগাদ তথ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে তখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছিল।

ট্রাম্পের দাবি, অভিবাসন নিয়ন্ত্রণ কঠোর করা এবং অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) অভিযানের লক্ষ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা। তবে অধিকারকর্মীদের মতে, এসব পদক্ষেপ যথাযথ আইনি প্রক্রিয়া ও বাকস্বাধীনতার অধিকার ক্ষুণ্ণ করেছে এবং অনিরাপদ পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে জাতিগত সংখ্যালঘুরা নিজেদের জাতিগত পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হওয়ার আশঙ্কা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ট্রাম্প প্রশাসন ইতিহাসের অন্য যেকোনো প্রশাসনের তুলনায় অনেক দ্রুত বিপুলসংখ্যক ভিসা বাতিল করেছে। তিনি আরও বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত যেসব বিদেশি নাগরিক আইন ভঙ্গ করেন, জালিয়াতি করেন অথবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ান, তাদের বিষয়ে প্রশাসন ‘জিরো টলারেন্স’ বা বিন্দুমাত্র ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করছে।

অধিকারকর্মীরা যেসব ভিসা বাতিলের ঘটনার সমালোচনা করেছেন, তার মধ্যে রয়েছে গাজায় যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের হামলার প্রতিবাদকারী ফিলিস্তিনপন্থি বিদেশি বিক্ষোভকারীদের ভিসা বাতিল। এ ছাড়া রক্ষণশীল ভাষ্যকার চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার কারণে বিদেশিদের ভিসা বাতিলের ঘটনাও সমালোচনার মুখে পড়েছে।

বিদেশি বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের উদ্যোগের পাশাপাশি ট্রাম্প প্রশাসন অভিবাসী ও ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম যাচাই-বাছাই আরও কঠোর করেছে। অধিকারকর্মীদের অভিযোগ, সরকার জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে সমালোচকদের লক্ষ্যবস্তু করছে। এ ছাড়া জালিয়াতির বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে মিনেসোটায় বসবাসরত সোমালি-আমেরিকান সম্প্রদায়ের মতো বিভিন্ন অভিবাসী জনগোষ্ঠীকেও নিশানা করা হচ্ছে বলে তাঁদের দাবি।

২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তার প্রশাসন বৈধ অভিবাসনের প্রক্রিয়াও কঠিন করেছে। এর উদাহরণ হিসেবে নির্দিষ্ট কিছু কাজের ভিসার ক্ষেত্রে উচ্চ ফি আরোপের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে সামরিক বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

দুর্গাপূজার মহানবমীতে গতকাল রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে সকাল ৯টায় ঢাকা ছাড়েন তিনি।

প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে শারদ প্রণাম জানানো হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সামরিক বিমানে ঢাকায় ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।

৫ বছরে দুর্যোগে ২৫৩৩ মৃত্যু ৬০ শতাংশই বজ্রপাতে

দেশে গত পাঁচ বছরে বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, বজ্রপাত, ভূমিকম্প ও পাহাড়ধসে মোট দুই হাজার ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক হাজার ৫৩০ জনই মারা গেছেন বজ্রপাতে, যা মোট প্রাণহানির প্রায় ৬০ শতাংশ। অন্যদিকে, এসব দুর্যোগের মধ্যে আর্থিক ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে বন্যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগের ধরন, ক্ষয়ক্ষতি ও অগ্রাধিকার’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ছয় ধরনের দুর্যোগের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে প্রতিবেদনে দুর্যোগ ব্যবস্থাপনায় অগ্রাধিকার তালিকার প্রথম স্থানে রাখা হয়েছে বজ্রপাতকে। গত ৬ অক্টোবর সংসদীয় কমিটির বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, পাঁচ বছরে বজ্রপাতে মারা গেছেন এক হাজার ৫৩০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫৪ জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে। এ সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এক লাখ ২৪ হাজার ৪৮৬টি। বন্যায় মারা গেছেন ১৯৭ জন, পাহাড়ধসে ৯০ জন, ঘূর্ণিঝড়ে ৫২ জন এবং ভূমিকম্পে ১০ জন।

প্রতিবেদনে বজ্রপাতে প্রাণহানি কমাতে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা পৌঁছানো, জনসচেতনতা বাড়ানো এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, পাঁচ বছরে বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও বজ্রপাতে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ৪৩ হাজার ৮২৯ কোটি টাকার। এর মধ্যে বন্যায় ক্ষতির পরিমাণ ২৯ হাজার ৮৬০ কোটি টাকা। ঘূর্ণিঝড়ে ১১ হাজার ৭৩৬ কোটি, অগ্নিকাণ্ডে দুই হাজার ২০ কোটি, ভূমিকম্পে ১০৮ কোটি এবং বজ্রপাতে ১০৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময়ে দেশে ৯টি বড় বন্যা হয়েছে। আর ঘূর্ণিঝড় হয়েছে ছয়টি।
বাংলাদেশে বজ্রপাতে প্রাণহানির ঘটনা দীর্ঘদিনের। তবে সরকারিভাবে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয় ২০১৬ সালে। দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় পরিকল্পনায় মোট ১৩ ধরনের প্রাকৃতিক দুর্যোগের উল্লেখ রয়েছে। মাসভিত্তিক হিসাবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বজ্রপাতের ঘটনা তুলনামূলক কম থাকে। মার্চ থেকে তা বাড়তে শুরু করে। এপ্রিলে বজ্রপাতের তীব্রতা বাড়ে এবং মে মাসে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। জুন ও জুলাইয়ে আবার কমতে থাকে। সেপ্টেম্বরে বজ্রপাতের প্রবণতা কিছুটা বাড়ে। দেশের সব এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটলেও উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট অঞ্চলে এর প্রবণতা বেশি। উত্তরাঞ্চলেও বজ্রপাতের ঝুঁকি তুলনামূলক বেশি। বজ্রপাতে নিহত ব্যক্তিদের বড় অংশ কৃষক। মাঠে কাজ করার সময় ঝড়-বৃষ্টির মধ্যে নিরাপদ আশ্রয় না পাওয়ায় তাদের প্রাণহানির ঝুঁকি বাড়ে।

দুর্যোগ ব্যবস্থাপনা-বিশেষজ্ঞ গওহার নঈম ওয়ারা বলেন, মানুষের সঙ্গে কথা বলে আগে সমস্যাটা বুঝতে হবে। বজ্রপাতে মৃত্যু কমানোর কার্যকর প্রস্তুতি নেই। কারণ, বজ্রপাতে যারা মারা যান, তারা খুবই দরিদ্র। বজ্রপাতে যত মানুষ মারা যায়, তার তিন-চার গুণ গবাদি পশুর মৃত্যু হয়। সেই হিসাবও করতে হবে। বজ্রপাতে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য একটি প্রটোকল তৈরি করা প্রয়োজন।