ইমরুলের ব্যাটে রানের ফোয়ারা, সেরা তিনে অগ্রণী ব্যাংক

ডিপিএলে আবারো হেসেছে ইমরুল কায়েসের ব্যাট। জয় পেয়েছে তার দল অগ্রণী ব্যাংকও। এই জয়ে শিরোপার দৌঁড়ে দারুণ পাঙ্গা দিচ্ছে দলটা, ৬ ম্যাচে ৫ জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিনে।

বুধবার (১৯ মার্চ) বিকেএসপিতে শাইনপুকুরের মুখোমুখি হয় অগ্রণী ব্যাংক। যেখানে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৯৪ রান তুলে তারা। জবাবে ৫ উইকেটে ২৪৮ রানে থামে শাইনপুকুর। ৪৬ রানের জয় পেয়েছে অগ্রণী ব্যাংক।

জয়ের নায়ক ইমরুল কায়েস। ৮৫ বলে ৮৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। তাছাড়া দারুণ ছন্দে থাকা সাদমান ইসলাম ৫৩, অমিত হাসান ৪১ ও ইমরানুজ্জামান করেন ৩২ রান।

জবাব দিতে নেমে রায়ান রাফসান সেঞ্চুরি হাঁকালেও জয়ের দেখা মেলেনি। ১৩০ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন তিনি। ৬১ বলে ৫১ রানের ইনিংস খেলেন মিনহাজুল আবেদিন। তবে বাকিদের ব্যর্থতায় সব ম্লান হয়।

দিনের অন্য ম্যাচে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে রূপগঞ্জ টাইগার্স। পারটেক্সকে হারিয়েছে ৪ উইকেটে। বিকেএসপিতে আগে ব্যাট করে ২২৩ রান করে পারটেক্স। যা ইনিংসের শেষ বলে পেরিয়ে যায় রূপগঞ্জ।

রূপগঞ্জের জয়ের পথে দারুণ এক শতক হাঁকান আব্দুল মজিদ। ১২৩ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। আসাদুল্লাহ আল গালিব করেন ৮০ বলে ৫০। অন্যদিকে পারটেক্সের হয়ে জয়রাজ ৫৪ ও রুবেল মিয়া করেন ৫২ রান।

অন্যদিকে ব্রাদার্স ইউনিয়নকে ২ উইকেটে হারিয়েছে গুলশান। মিরপুরে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৯০ রান করে ব্রাদার্স। বিশাল চৌধুরী ৭৫ বলে ৮৩, মিজানুর রহমান ৫০ ও আইচ মোল্লা করেন ৫১ বলে ৬৫ রান।

জবাবে ৪৮.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় গুলশান। টপ অর্ডার ব্যর্থ হলেও নাইম ইসলামের ৫০, মোহাম্মদ ইলিয়াসের ৫৩, ফরহাদ রেজার ৩৬ বলে অপরাজিত ৪৭ ও মেহেদীর ১৮ বলে ৩২ রানে নিশ্চিত হয় জয়।

লিটন দাস ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি, আউট হোন ৪০ বলে ৩৩ করে। ১৭ বলে ৩০ রান আসে জাওয়াদ আবরারের ব্যাটে। ব্রাদার্সের হয়ে ৪ উইকেট নেন সোহাগ গাজি।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর