টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

আগের ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে সেমিফাইনালে উঠতে না পারায় এশিয়ান গেমসে খেলা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ সুযোগটা আর হাতছাড়া করেনি বাংলাদেশ। আজ স্থান নির্ধারণী ম্যাচে হংকং চায়নাকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছে লাল-সবুজের হকি দল।

থাইল্যান্ডের ব্যাংককে আজ ম্যাচের শুরু থেকেই ছিল চরম উত্তেজনা। নির্ধারিত ৬০ মিনিটের খেলা শেষ হয় ৪-৪ গোলের সমতায়। ম্যাচের ৪ মিনিটেই রকিবুল হাসানের ফিল্ড গোলে লিড নেয় বাংলাদেশ। ঠিক পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ২-০ করেন আমিরুল ইসলাম। তবে দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি হংকং চায়না। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ২-১ করেন পাক কো।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারে সমতায় ফেরে হংকং। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন ২-২ করেন ইশতিয়াক আহমেদ। এরপর ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের দুর্দান্ত গোলে আবারও ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ৪৬ মিনিটে হংকংয়ের কুলদ্বীপ সিং ফিল্ড গোল করে স্কোর ৩-৩ করেন।

ম্যাচের ৪৮ মিনিটে রোমাঞ্চ আরও বাড়ে। ওই মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে নেন আশরাফুল। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ওই একই মিনিটে গোল শোধ করে আবারও ম্যাচে ৪-৪ সমতা ফেরায় হংকং।

নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে ৩-২ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ হিটে ফজলে রাব্বির দারুণ এক গোল লাল-সবুজদের জয় নিশ্চিত করে।

এই জয়ে বাছাইপর্বের সেরা ছয় দলের একটি হয়ে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশ নেওয়ার টিকিট পেয়ে গেল বাংলাদেশ। মূল মঞ্চে যাওয়ার আগে এখন এশিয়ান গেমস বাছাইয়ে ব্যাংককেই টুর্নামেন্টের পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর