ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। এরই মধ্যে ম্যাকাইতে অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট আনুষ্ঠানিকভাবে ‘সোল্ড আউট’। একই সঙ্গে বাকি দিনগুলোর টিকিট দ্রুত সংগ্রহ করতে দর্শকদের আহ্বান জানিয়েছে তারা। প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে টিকিট বিক্রি হচ্ছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সই দ্বিতীয় ম্যাচ ঘিরে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় অস্ট্রেলিয়ান দর্শকদের মধ্যেও ম্যাচটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
মারারা স্টেডিয়ামে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে দুই ইনিংসে ১৯৮ ও ২৮৪ রানে অলআউট করে বাংলাদেশ। বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রান করে ২২৮ রানের লিড নেয় সফরকারীরা। পরে মাত্র ৫৭ রানের লক্ষ্য এক উইকেট হারিয়ে ৯ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল।
আগামী ২২ আগস্ট ম্যাকাইতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি। অন্যদিকে ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় ফেরার লক্ষ্য অস্ট্রেলিয়ার।


