Home Blog

‘সাদ্দামের রেস্তোরাঁ’ খোঁচায় ক্ষুব্ধ ট্রাম্প, জবাব দিলেন ৩ মিনিট ধরে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস দেখে মনে হয়, এটি যেন চিজকেক রেস্তোরাঁ। যেটি চালায় সাদ্দাম হোসেন।’ স্থানীয় সময় সোমবার পূর্বসূরির এমন খোঁচার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট।

ওবামা ও ট্রাম্পের বিরোধ দীর্ঘদিনের। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে সাবেক প্রেসিডেন্ট ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রচার চালাচ্ছেন। সেগুলোতে তিনি ট্রাম্পের সমালোচনা করে নানা মন্তব্য করেন। এর মধ্যে ‘সাদ্দামের চিজকেক রেস্তোরাঁ’ সংক্রান্ত খোঁচাটি সম্ভবত ট্রাম্পকে বেশি আঘাত করেছে।

সাংবাদিকরা খোঁচার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প প্রায় তিন মিনিট ধরে এ নিয়ে কথা বলেন। ওবামাকে উদ্দেশ্য করে বলেন, ‘হোয়াইট হাউসকে আপনার চিজকেক ফ্যাক্টরি মনে হওয়ার বিষয়টিই প্রমাণ করে যে, আপনি কত বাজে প্রেসিডেন্ট ছিলেন।’

মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প বলেন, ‘ওবামার মতো লোকেরা সামনের দরজা (হোয়াইট হাউসের) দিয়ে হেঁটে চলে যেতেন। তারা ভাঙা ইটের গাঁথুনি দেখতেন। দেয়ালগুলো বছরের পর বছর পরিষ্কার করা হয়নি। সেখানে ময়লা-আবর্জনা জমে ছিল। সেগুলো চোখে পড়েনি।’

চিজকেক ফ্যাক্টরি একটি জনপ্রিয় রেস্তোরাঁ চেইন। খাবারের তালিকা ও বৈচিত্র্যময় অন্দরসজ্জার জন্য এটি পরিচিত। ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউস সংস্কার করেছেন। এর মধ্যে আছে বিশাল একটি বলরুম নির্মাণ এবং ওভাল অফিসজুড়ে সোনার পাতের অলংকার যোগ করা।

গত শনিবার এক নির্বাচনী সমাবেশে ওবামা বলেন, ‘তিনি (ট্রাম্প) হোয়াইট হাউসের এমন অবস্থা করেছেন, যেন সাদ্দাম হোসেন সেখানে একটি চিজকেক ফ্যাক্টরি খুলেছেন।’ এখানে সাদ্দাম হোসেন বলতে ইরাকের সাবেক স্বৈরশাসককে ইঙ্গিত করা হয়েছে। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

চিজকেক ফ্যাক্টরি নিয়ে ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইঙ্গিত দেয়- নির্বাচন যত ঘনিয়ে আসছে, ৮০ বছর বয়সী এই প্রেসিডেন্টের ধৈর্যও তত কমে যাচ্ছে। গত রোববার রাতে ট্রুথ সোশ্যালে তিনি প্রায় ১ হাজার ৩০০ শব্দের একটি পোস্ট দেন। সেটি ইরান যুদ্ধ কিংবা মার্কিন অর্থনীতি নিয়ে ছিল না। বরং বিল মাহের নামে এক কৌতুকশিল্পীকে আক্রমণ করে ওই দীর্ঘ পোস্ট দিয়েছিলেন।

গত কয়েকদিনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেওয়ার সময়ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ট্রাম্পকে। ওই প্রশ্নগুলো ছিল, কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে।

বাংলাদেশ ব্যাংক মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তার ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন আয়কর নথিতে অসংগতি, একের পর এক জমি, সঞ্চয়পত্র কিনেছেন

০

বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের অন্যতম কাজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সন্দেহজনক লেনদেন তদারক করে ব্যবস্থা নেওয়া। অথচ এই বিভাগের একজন যুগ্ম পরিচালক নিজেই জড়িয়েছেন সন্দেহজনক লেনদেনে। তাঁর আয়কর নথিতে উল্লেখ নেই এমন ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা ও উত্তোলন হয়েছে। বেতন-ভাতার পুরো টাকা ঋণ ও বাসা ভাড়ার জন্য কেটে নেওয়ার পরও তিনি একের পর এক জমি কিনেছেন। নিজের ও স্ত্রীর নামে বড় অংকের সঞ্চয়পত্র, এফডিআর খুলেছেন। শেয়ারবাজারেও করেছেন বিনিয়োগ। নিজের তথ্য গোপন করে মুদি দোকানদার পরিচয়ে খুলেছেন ‘বিকাশ’ অ্যাকাউন্ট ।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর প্রভাবশালী হয়ে ওঠা ওই কর্মকর্তার নাম মো. মোশাররফ হোসেন। তিনি ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। এখন পঞ্চম গ্রেডে বেতনভুক্ত কর্মকর্তা। মূল বেতন ৫৬ হাজার ৩০ টাকা এবং অন্যান্য ভাতাসহ সব মিলিয়ে প্রতি মাসে চাকরি বাবদ পান ৯০ হাজার টাকার মতো। মোশাররফের গৃহনির্মাণ ও গাড়ির ঋণ বাবদ কর্তন এবং বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারে থাকার বাসা ভাড়ার টাকা কেটে নেওয়ার পর বেতন-ভাতার এক টাকাও তাঁর অ্যাকাউন্টে যায় না।

মোশাররফ হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ে অপেশাদার আচরণের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এর মধ্যে দুটি ঘটনা তদন্তাধীন। প্রথম ঘটনা গত ২৬ ফেব্রুয়ারির; নতুন গভর্নর নিয়োগের দিন। ওই দিন মানবসম্পদ বিভাগের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর ড. কবির আহম্মদ ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামকে জোরপূর্বক কিছু আদেশে সই করতে বাধ্য করেন মোশাররফের নেতৃত্বে কয়েক কর্মকর্তা। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকে তদন্ত চলছে।

দ্বিতীয় ঘটনা তদবিরের। আওয়ামী লীগ নেতা ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. এইচবিএম ইকবালের বিরুদ্ধে বিএফআইইউ যেন কোনো ব্যবস্থা না নেয়, সে জন্য একজন নির্বাহী পরিচালকের কাছে তদবির নিয়ে যান তিনি। এ ক্ষেত্রে বিএনপির এক কেন্দ্রীয় নেতার রেফারেন্স দেন। এ ঘটনায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগে মোশাররফ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়।

মোশাররফ হোসেনকে প্রায়ই নিজ দপ্তরের কাজ বাদ দিয়ে উচ্চপদস্থ নির্বাহীদের ফ্লোরে ঘোরাফেরা করতে দেখা যায়। তদবির নিয়ে অনেক সময় ঊর্ধ্বতন কর্মকর্তার রুমে সরাসরি ঢুকে যান। গত মাসে তিনি বিতর্কিত এক ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে বিএফআইইউ প্রধানের রুমে ঢুকে পড়েন। গত বছরের জানুয়ারিতে ঘোষিত বিশেষ ঋণ পুনঃতপশিলের আওতায় কিছু গ্রাহকের সুবিধা আদায় করে দিতে তিনি তৎপর ছিলেন। তাঁর বেপরোয়া আচরণ নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের বিএনপিপন্থি কর্মকর্তাদের সংগঠনের পক্ষ থেকে গভর্নরের হস্তক্ষেপ চেয়ে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে।

সমকালের অনুসন্ধানে দেখা যায়, মোশাররফ হোসেন বাংলাদেশ ব্যাংক থেকে ২০১৯ সালে গৃহনির্মাণের জন্য ৪ শতাংশ সুদে ঋণ নেন। এখন যার বকেয়া স্থিতি এক কোটি ২ লাখ ২৯ হাজার  টাকা। এর বাইরে গাড়ি কিনতে ঋণ নিয়েছেন ৩০ লাখ টাকা। এখন যার বকেয়া ২৯ লাখ ৫৭ হাজার টাকা। তাঁর আয়কর নথিতে কৃষি সম্পত্তি ক্রয় দেখানো হয়েছে ৭৯ লাখ টাকার। অকৃষি জমি বা ভবন নির্মাণ ব্যয়ের ঘর দেখানো হয়েছে শূন্য। এর মানে, তিনি ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করেননি।

বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় সমিতিতে মোশাররফের হিসাবের ২০২৫ সালের জানুয়ারি থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত ২২ মাসের লেনদেনের তথ্য রয়েছে সমকালের হাতে। এতে দেখা যাচ্ছে, সব কর্তনের পর প্রতি মাসে বেতন বাবদ প্রতীকী ৫ পয়সা জমা হয়েছে তাঁর হিসাবে। বেতনের বাইরে তাঁর হিসাবে বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া উৎসব বোনাস, বৈশাখী ভাতা, উৎসাহ বোনাস জমা হয়। এর বাইরে দুপুরের খাবারের বিল, ইন্টারনেট ও মোবাইল ভাতা যায়। এসব ভাতা বাবদ প্রতি মাসে গড়ে ১০ হাজার টাকার মতো পান তিনি।

বিভিন্ন ভাতা ও বিলের বাইরে গত ২২ মাসে মোশাররফের হিসাবে ৩৭ লাখ ৫ হাজার টাকা জমা হয়েছে। এর মধ্যে ভাউচারে নগদ জমা করেছেন ২৬ লাখ ৩০ হাজার টাকা। অন্য ব্যাংক থেকে ক্লিয়ারিং হয়ে ঢুকেছে ১০ লাখ ৭৫ হাজার টাকা। হিসাব বিবরণীতে এসব অর্থের উৎস সম্পর্কে কিছু উল্লেখ নেই।

মোশাররফের সমিতির হিসাবে চলতি বছরের ৫ জানুয়ারি ৮৫ হাজার টাকা জমা হয়। একই মাসের ২৬ তারিখ অন্য ব্যাংক থেকে ক্লিয়ারিং হয়ে ঢুকেছে ১০ লাখ ৭৫ হাজার টাকা। চলতি বছরের মার্চে পাঁচ দফায় নগদ ভাউচারে ১২ লাখ ৫ হাজার টাকা জমা হয়। এরপর কিছুটা বিরতি দিয়ে গত ১২ জুলাই নগদ ভাউচারে ৫ লাখ টাকা জমা করেন তিনি। সবশেষ গত ৪ আগস্ট নগদ জমা হয় আরও ৫ লাখ টাকা। গত বছরের ১ জানুয়ারি নগদ ভাউচারে তাঁর হিসাবে জমা হয় এক লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা। এভাবে ধারাবাহিক তিনি নগদ অর্থ জমা করেছেন।

ব্যাংক হিসাবেও অস্বাভাবিক লেনদেন
বাংলাদেশ ব্যাংকের ঋণদান সমিতির বাইরে মোশাররফ হোসেনের নামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে সমকাল। ২০১৯ সালের ২৪ মার্চ সঞ্চয়ী হিসাবটি খোলা হয়। এই হিসাবের তথ্য তাঁর আয়কর বিবরণীতে উল্লেখ নেই। গত সেপ্টেম্বর পর্যন্ত এখানে মোট ২ কোটি ২১ লাখ ৭২ হাজার টাকা জমা হয়েছে। প্রায় সমপরিমাণ উত্তোলন এবং সার্ভিস চার্জসহ অন্যান্য কর্তনের পর এখন স্থিতি মাত্র ৩ হাজার ৪৫০ টাকা।

এই হিসাবে মোশাররফের নামে সঞ্চয়পত্র ক্রয় বাবদ ৪০ লাখ টাকা জমার তথ্য রয়েছে। তাঁর আয়কর নথিতে এর উল্লেখ নেই। এই হিসাবে বিভিন্ন সময়ে তিনি নগদ জমা করেছেন ৪০ লাখ ৪০ হাজার ৭৩৭ টাকা। আরটিজিএসসহ বিভিন্ন উপায়ে অন্য ব্যাংক থেকে স্থানান্তর করে এনেছেন ২৪ লাখ ৮০ হাজার ৫০ টাকা। শেয়ার বেচাকেনা ও লভ্যাংশ হিসেবে জমা হয়েছে ২৯ লাখ ৪০ হাজার ১৮৮ টাকা। এর বাইরে মোবাইল ওয়ালেট, এটিএম রিভার্স ও সঞ্চয়ী হিসাবের মুনাফার বিপরীতে বাকি অর্থ জমা হয়েছে তাঁর এই হিসাবে।

মুদি দোকানদার পরিচয়ে বিকাশ অ্যাকাউন্ট
মোশাররফ হোসেনের ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান ‘বিকাশ’-এ ২০২১ সালে অ্যাকাউন্ট খোলেন। যেখানে পেশার ঘরে লিখেছেন ‘মালিক, মুদি দোকান সবুজবাগ, ঢাকা’। ব্যাংক বা এমএফএসের অ্যাকাউন্টে ব্যক্তি হিসাবে বড় লেনদেন হলে সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন হিসেবে তা বিএফআইইউতে রিপোর্ট হয়। অ্যাকাউন্টে লেনদেনের তথ্য আড়াল করতে তিনি মুদি দোকানদার পরিচয়ে ‘বিকাশ’ অ্যাকাউন্ট খুলেছেন। তথ্য গোপনের মাধ্যমে তিনি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন।

স্ত্রীর হিসাবে বিপুল লেনদেন
মোশাররফের স্ত্রী উম্মে হাসান ডলির হিসাবেও বিপুল অংকের টাকা জমার তথ্য পাওয়া গেছে। তিনি জনতা ব্যাংকে ২০২১ সালে ২৬ হাজার ৪০০ টাকা বেতনে চাকরি শুরু করে এখন সাকল্যে বেতন-ভাতা বাবদ মাসে পান ৩০ হাজার টাকা। চাকরির শুরু থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত বেতন-ভাতা হিসেবে তিনি মোট ১৮ লাখ ৪২ হাজার টাকা পেয়েছেন। অথচ বেতনের ১০ গুণ তথা এক কোটি ৮৭ লাখ টাকা জমা হয়েছে ব্যাংকটির কামাল আতাতুর্ক অ্যাভিনিউ শাখায় তাঁর হিসাবে। এর বাইরে শাহ্জালাল ইসলামী ব্যাংকে তাঁর আরেকটি হিসাবে জমা হয় এক কোটি ১৫ লাখ টাকা। এসব অর্থের বড় অংশই মোশাররফের অ্যাকাউন্ট থেকে এসেছে।

২০২৪ সালের অক্টোবর পর্যন্ত জনতা ব্যাংকে মোশাররফের স্ত্রীর হিসাবে শুধু বেতন-ভাতার টাকা জমা হয়। তবে ওই বছর নভেম্বরে হঠাৎ নগদ ৮ লাখ টাকা জমা হয়। এরপর ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩৫ লাখ টাকা জমা হয়। এরপর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ২২ লাখ টাকা নগদে জমা হয় তাঁর হিসাবে।

উম্মে হাসান ডলির নামে শাহ্জালাল ইসলামী ব্যাংকে সঞ্চয়ী হিসাব খোলা হয় ২০২০ সালে। এই হিসাবের বিপরীতে তাঁর সঞ্চয়পত্র রয়েছে আরও ৪৩ লাখ টাকার। এর মধ্যে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর কিনেছেন ২৩ লাখ টাকা; ২০২৫ সালের জানুয়ারিতে ১০ লাখ; ২৮ সেপ্টেম্বর ৫ লাখ এবং ২৬ নভেম্বর ২ লাখ টাকার। এই হিসাবে নগদ জমা হয়েছে ২৯ লাখ ৬৫ হাজার এবং অন্য হিসাব থেকে ক্লিয়ারিংয়ের মাধ্যমে দুই ধাপে এসেছে ১৯ লাখ টাকা।

আয়কর রিটার্নে অসংগতি
আয়কর রিটার্নে মোশাররফ হোসেন ভূরুলিয়া মৌজায় ৭৯ লাখ ৮ হাজার ৮০০ টাকা মূল্যের তিনটি জমির মালিকানা দেখিয়েছেন। এর মধ্যে ২৭৪৩ নম্বর দলিলে ২০১৯ সালে মোছা. আছমা আক্তার ও জামান মোল্লার কাছ থেকে কিনেছেন ৮ দশমিক ১৬ শতাংশ জমি। যার মূল্য দেখানো হয় ৪০ লাখ ২৫ হাজার টাকা। আর ১৪৫৮০ নম্বর দলিলে ৩৮ লাখ ৮৩ হাজার ৮০০ টাকায় কিনেছেন ১৮ দশমিক ১৫ শতাংশ জমি। এর মধ্যে নিজ নামে ৯ দশমিক ৯০ শতাংশ কিনেছেন ২১ লাখ ১৮ হাজার ৪৩৬ টাকায়। আর নাবালক পুত্রের নামে ৮ দশমিক ২৫ শতাংশ জমি কিনেছেন ১৭ লাখ ৬৫ হাজার ৩৬৪ টাকায়। এই দুটি জমি কিনেছেন স্থানীয় অপূর্ব চন্দ্র পাল, অমল চন্দ্র পাল ও মাধবী পালের কাছ থেকে।

গাজীপুরের ভূরুলিয়া মৌজায় মোশাররফ হোসেনের আয়কর নথিতে উল্লেখ নেই এ রকম ৬২ দশমিক ৬৬ শতাংশ জমির সন্ধান মিলেছে। দুটি দলিলের বিপরীতে অন্য দুজনের সঙ্গে যৌথভাবে এই জমিও কিনেছেন অপূর্ব চন্দ্র পাল ও অমল চন্দ্র পালের কাছ থেকে। একই মৌজায় ২৬৬৬ নম্বর দলিল ও ৮১৪৪ নম্বর দলিলে কেনা উভয় জমির পরিমাণ ৩১ দশমিক ৩৩ শতাংশ করে। যৌথ মালিকানায় কেনা দুই ব্যক্তির বাড়ি মোশাররফের গ্রামের পার্শ্ববর্তী গাজীপুরের কাপাসিয়ার রাওনাট এলাকায়।

মোশাররফ হোসেনের বক্তব্য 
সমকালের কাছে মোশাররফ হোসেন দাবি করেন, তাঁর সমস্ত লেনদেনের পেছনে ব্যাংকিং রেকর্ড রয়েছে এবং কোনো অনুপার্জিত বা অবৈধ অর্থ তাঁর হিসাবে ঢোকেনি। সমস্ত অর্থই বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া তাঁর গৃহনির্মাণ ও গাড়ি ঋণ, সঞ্চয়পত্র ভাঙানো টাকা এবং সহকর্মীদের কাছ থেকে নেওয়া ধারের সঙ্গে সম্পর্কিত।

জমি বিক্রেতা অমল চন্দ্র পালকে স্ত্রীর ব্যাংক হিসাব থেকে ৪৮ লাখ টাকা স্থানান্তর বিষয়ে মোশাররফ হোসেন জানান, এই অর্থ মূলত বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া তাঁর গৃহনির্মাণ ঋণ এবং মেয়াদি সঞ্চয়পত্র ভাঙানোর টাকা থেকে এসেছে। সঞ্চয়পত্র মেয়াদপূর্তির পর জমি বায়নার টাকা পরিশোধের সুবিধার্থে তিন মাসের জন্য স্ত্রীর নামে একটি এফডিআর করা হয়েছিল, যার মেয়াদ শেষে জমি পেমেন্টে ব্যবহৃত হয়। এত অল্প মেয়াদের হওয়ায় এটি আয়কর রিটার্নে প্রদর্শিত হয়নি বলে দাবি করেন তিনি।

সমিতির হিসাব ছাড়াও নিজ ও স্ত্রীর ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে সুনির্দিষ্টভাবে বড় অঙ্কের লেনদেন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এগুলো সহকর্মীদের থেকে নেওয়া ঋণ। ক্যাশ ভাউচারে প্রচুর টাকা জমা ও উত্তোলনের কারণ হিসেবে তিনি জানান, এসব অর্থের বড় একটি অংশ সহকর্মীদের থেকে নেওয়া ধার। গত তিন-চার মাসে সহকর্মীদের থেকে প্রায় ২০ লাখ টাকা ধার নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

সরকারি কর্মকর্তা হয়েও পেশা ‘মুদি দোকানদার’ উল্লেখ করে বিকাশ নাম্বার খোলার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ২০১৯ সালে বিকাশ এজেন্টের কাছে গিয়ে বিকাশ হিসাব খোলার সময় এজেন্টই ভুলবশত পেশা হিসেবে তা উল্লেখ করেছে। এমন ভুল তথ্যের বিষয়টি জানা ছিল না বলেও দাবি তাঁর।

বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু ২০২৭ সালের মধ্যে চুক্তি সম্পন্নের লক্ষ্য

০

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। উভয় দেশ ২০২৭ সালের মধ্যে একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থসম্মত চুক্তি চূড়ান্ত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

মঙ্গলবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী প্রথম দফার আলোচনা উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে মালয়েশিয়ার ৩১ সদস্যের প্রতিনিধিদলের প্রধান ও দেশটির চিফ নেগোশিয়েটর ড. রশিদি সাইদ এবং বাংলাদেশের চিফ নেগোশিয়েটর ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অধিবেশনে আলোচনার রূপরেখা ও কার্যপরিধি নির্ধারণে ‘টার্মস অব রেফারেন্স’ (টিওআর) স্বাক্ষরিত হয়। প্রথম দফার এ আলোচনা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব বলেন, ঐতিহাসিক বন্ধুত্ব, অভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক সুদৃঢ় হয়েছে। দুই দেশের বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আশাব্যঞ্জক হলেও বিনিয়োগ ও বাণিজ্য বহুমুখীকরণের বিপুল সম্ভাবনা এখনো কাজে লাগানো সম্ভব হয়নি।

তিনি জানান, গত জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে ২০২৭ সালের মধ্যে একটি টেকসই ও পারস্পরিক স্বার্থরক্ষাকারী মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

বাণিজ্য সচিব আরও বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে এফটিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে বাংলাদেশ মালয়েশীয় বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনাময় বাজার। হালাল শিল্প, সেমিকন্ডাক্টর খাতে দক্ষতা উন্নয়ন, ডিজিটাল বাণিজ্য, লজিস্টিকস এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সময় আঞ্চলিক অর্থনৈতিক জোট ‘রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ’ (আরসিইপি)-এ বাংলাদেশের যোগদানের আকাঙ্ক্ষার প্রতি মালয়েশিয়ার সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

মালয়েশিয়ার চিফ নেগোশিয়েটর ড. রশিদি সাইদ বলেন, প্রস্তাবিত এফটিএ কেবল শুল্ক হ্রাসের চুক্তি নয়; বরং দুই দেশের দীর্ঘমেয়াদি ও সুষম অর্থনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠার কৌশলগত উদ্যোগ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার। চুক্তি কার্যকর হলে বাণিজ্য সম্প্রসারণ, শিল্পায়ন ও বিনিয়োগে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

তিনি পারস্পরিক সমঝোতা, নমনীয়তা ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনার মাধ্যমে ২০২৭ সালের মধ্যে আলোচনা সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর এ প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশের চিফ নেগোশিয়েটর খাদিজা নাজনীন বলেন, এফটিএ কার্যকর হলে উভয় দেশের বাজারে প্রবেশাধিকার সহজ হবে, বাণিজ্য বাধা কমবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাণিজ্য কার্যক্রম আরও স্বচ্ছ, সহজ ও পূর্বানুমানযোগ্য হবে।

তিনি জানান, আলোচনায় পণ্য ও সেবা বাণিজ্য, রুলস অব অরিজিন (পণ্যের উৎপত্তিবিধি) এবং শুল্ক প্রক্রিয়াসহ গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে ঐকমত্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উভয় দেশের প্রতিনিধিরা গঠনমূলক সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও নমনীয়তার ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ যুবদলের গণতান্ত্রিক সংগ্রাম থেকে কখনও পিছিয়ে যায়নি যুবদল: রিজভী

০

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের সাবেক চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘৮ বছর আগে এদেশের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক, মহান স্বাধীনতার ঘোষক এবং পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র, বাক-ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতা নিশ্চিতকারী শহীদ রাষ্ট্রপতি জিয়ার হাত ধরে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়।’

তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের তরুণদের এক বৃহত্তম যুব সংগঠন। যে সংগঠনটি সংগ্রাম, সাহস, ঐক্য এবং দূরত্বের প্রতীক। এরা অনেকবার পুলিশের হাতে ধরা পড়েছে, এদেরকে রিমান্ড দেওয়া হয়েছে, মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে, এদের অনেকের যাবজ্জীবন জেলের সিদ্ধান্ত হয়েছে আদালতের পক্ষ থেকে শুধুমাত্র রাজনৈতিক কারণে।’

তারপরেও তারা তাদের গণতান্ত্রিক সংগ্রাম থেকে পিছিয়ে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘আজকে যে উৎপাদন, উন্নয়ন এবং জনগণের যে রাজনীতি তারেক রহমান শুরু করেছেন, সামাজিক নিরাপত্তার রাজনীতি শুরু করেছেন, বিভিন্ন সংস্কারমূলক যে পদক্ষেপ নিয়েছেন, সেই সমস্ত কর্মসূচিতেও যুবদল একটি অনবদ্য অবদান রাখবে।’

এ সময় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ক্রসফায়ার নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইজিপি: জাহেদ উর রহমান ‘আলোচনার বিষয় হওয়া উচিত নয়’

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ক্রসফায়ার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলেন, ‘বক্তব্যটা নিয়ে তিনি একটা ক্লারিফিকেশন দিয়েছেন। উনার এই বক্তব্য যে মিসকমিউনিকেট করেছে, তাতে (ব্যাখ্যায়) কিন্তু এটা ক্লিয়ার হয়েছে।’

আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, আমার মনে হয় আর খুব আলোচনার বিষয় হওয়া উচিত না, কারণ পুলিশ সদরদপ্তর এর পরবর্তীতে একটা স্টেটমেন্ট দিয়েছে। সেই স্টেটমেন্টে আসলে তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।

এ সময় সাংবাদিকদের বিষয়ে আইজিপির আরেক মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘একই সাথে সাংবাদিকদের সম্পর্কেও যে বক্তব্যটা জেনারেলাইজ করা হয়েছে বলে মনে হয়েছে, সেটার ব্যাপারেও তার বক্তব্য আছে। সেজন্য আমার মনে হয় এটার পর আমাদের এই কনফিউশনটা কেটে যাওয়া উচিত।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইজিপির বিষয়ে সরকারের ফাইনাল অবস্থান কী হবে তা প্রধানমন্ত্রী বিবেচনা করবেন। তিনি বলেন, ‘তবে আবারও বলি, যখন কেউ তার অবস্থানে অটল থাকছেন না, তখন তার প্রতি একটু বেশি আনকাইন্ড হচ্ছি কি না?’

গতকাল সোমবার দুপুরে পুরান ঢাকায় এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব।’

তিনি আরও বলেন, ‘পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।’

এ সময় সাংবাদিকদের সমালোচনা করে আইজিপি বলেন, ‘এই মাদক হচ্ছে, এইগুলার বিরুদ্ধে আপনারা মুভ করতেছেন না। সেখান থেকে গোপনে টাকা নিতেছেন। সাংবাদিক সাহেবরা ওখান থেকে যখন পয়সা না পাইতেছেন, তখন লিখতেছেন—দেশে  পুলিশ অকার্যকর হয়ে গেছে।’

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’তে অনুষ্ঠিত দুই নেতার দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি জানান।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও শিল্পায়নের লক্ষ্য অর্জনে জাপান সরকার ও দেশটির বেসরকারি খাতকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশকে অর্থনৈতিক, প্রযুক্তি ও উৎপাদনশিল্পের কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা অর্থনীতিতে পরিণত হতে পারে। ২০৩৪ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের বিশেষ স্থান রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর জাপান প্রথমদিকের স্বীকৃতিদানকারী দেশগুলোর একটি। স্বাধীনতার পর থেকে দেশটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে ভূমিকা রেখে আসছে। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে।

তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুইবার জাপান সফর এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে অবদানের কথা স্মরণ করেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য। এ ক্ষেত্রে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

এশিয়ায় জ্বালানি নিরাপত্তা জোরদারে ‘পার্টনারশিপ ফর পাওয়ার এশিয়া’ উদ্যোগের আওতায় সাম্প্রতিক ৫০ বিলিয়ন জাপানি ইয়েনের জরুরি সহায়তা ঋণের কথা উল্লেখ করে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো, দক্ষ বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তারেক রহমান।

গবেষণা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি। এর মাধ্যমে জাপানের কোম্পানি, বিশ্ববিদ্যালয় ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের তরুণ মেধাবী, উদ্যোক্তা এবং প্রযুক্তি খাতের দক্ষ জনশক্তির সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। প্রস্তাবিত টেক পার্কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।

এ ছাড়া মহাকাশবিজ্ঞান, স্যাটেলাইট প্রকৌশল ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে জাপানের অগ্রসর সক্ষমতার সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন তারেক রহমান।

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আধুনিক ও সমন্বিত যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে দেশের ছয়টি প্রধান বিভাগীয় শহরকে যুক্ত করে দ্রুতগতির রেল নেটওয়ার্ক এবং দেশব্যাপী উড়াল সড়ক নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি।

এসব বৃহৎ অবকাঠামো প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন, কারিগরি সহায়তা, বিনিয়োগ ও অর্থায়নে জাপানের সহযোগিতা কামনা করেন তারেক রহমান। জাপানের অবকাঠামো উন্নয়ন ও আধুনিক পরিবহন ব্যবস্থায় দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে জ্বালানি, অবকাঠামো ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে এক ট্রিলিয়ন জাপানি ইয়েন বা ৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। এ পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত বাংলাদেশে জাপানি প্রতিনিধিদল পাঠানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বাংলাদেশে জাপানি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নতুন বিনিয়োগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে তার সরকার নিয়ন্ত্রণব্যবস্থা, করনীতি, শুল্ক ছাড়করণ ও অর্থ স্থানান্তর প্রক্রিয়ায় স্বচ্ছতা, পূর্বানুমানযোগ্যতা এবং দক্ষতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি দ্রুত কার্যকর করার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, এ চুক্তির সুফল দুই দেশের জনগণের কাছে পৌঁছে দিতে উভয় পক্ষকে একযোগে কাজ করতে হবে।

জাতিসংঘ, ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী। এ সময় বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক শান্তি ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার বিষয়ে দুই দেশের অভিন্ন অঙ্গীকারের কথা তুলে ধরেন তারেক রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নির্বাচনে জাপানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার সভাপতিত্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশাও জানান প্রধানমন্ত্রী।

একটি অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে তারেক রহমান আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্যের অবাধ প্রবাহ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

মিয়ানমারের ক্রমাবনতিশীল পরিস্থিতি এবং এর ফলে সৃষ্ট রোহিঙ্গা বাস্তুচ্যুতি সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সব ধরনের সহিংসতা বন্ধ, নির্বিঘ্ন মানবিক সহায়তা নিশ্চিত এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানান।

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের মানবিক প্রচেষ্টায় জাপানের সহযোগিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে জাপানের সক্রিয় সম্পৃক্ততা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত। রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

বৈঠকের সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশ-জাপান সম্পর্কের ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এ শীর্ষ বৈঠক দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে। আরও গভীর আস্থা, বিস্তৃত অর্থনৈতিক সহযোগিতা, শক্তিশালী বিনিয়োগ সম্পর্ক এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুই দেশের অগ্রাধিকারভিত্তিক খাত চিহ্নিত করা, সেগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং সহযোগিতার সুযোগগুলোকে কার্যকর উদ্যোগে রূপ দিতে মন্ত্রীপর্যায়ের একটি যৌথ কমিশন প্রতিষ্ঠার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষা আরও সুদৃঢ় হয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। এ সময় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

নিউইয়র্কে দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

জন্মভূমি প্রতিবেদকঃ প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সমাপ্তি হল প্রতিমা বিসর্জনের মাধ্যমে। পাঁচদিনব্যাপী দুর্গাপূজায় নিউইয়র্ক সিটিতে প্রায় ২৫টি পূজা মণ্ডপ-এ বিভিন্ন সংগঠন ও মন্দির যথাযথ মর্যাদা ও ধর্মীয় গুরুগম্ভীর পরিবেশে পালন করা হয়। টাইম স্কয়ার পূজা দিয়ে শুরু প্রায় সব পূজাতেই বিপুল দর্শকের সমাগম ঘটে। উল্লেখযোগ্য অনুষ্ঠানের মাঝে ছিলো ঢাকা ও কলকাতা সহ স্থানীয় শিল্পীদের মনমাতানো গানের অনুষ্ঠান। আঞ্চলিক সঙ্গীত, সিলেটের জনপ্রিয় ধামাল নৃত্য এবং কাঠি নৃত্য ছিলো উপভোগের। শেষ দিন বিজয়া দশমীতে মহিলাদের সিঁদুর খেলা ও একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়।

এবার নিউইয়র্কের পূজার উল্লেখযোগ্য আয়োজকরা হলেন, বাংলাদেশ হিন্দু মন্দির, ওম শক্তি মন্দির, দিব্যধামে সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, কুইন্স প্যালেসে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, -ঢাকা ক্লাবে হিন্দু মিশন মেলা, ডাইবারসিটি প্লাজায় বেঙ্গলী ক্লাব, জ্যামাইকায় মহামায়া মন্দির, রিচমুন্ডহীলে মতুয়া হরি মন্দির, জ্যামাইকায় শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ও টাইমস্ স্কয়ারে বেঙ্গলী ক্লাব ও ফ্লোরাল পার্কে দেবালয় মন্দির,জ্যামাইকায় শিব মন্দির ও প্রতি বছরের মতো এবারো তিথিমত মন্দির ও প্রতিষ্ঠানের মন্ডপে দুর্গোৎসব পালিত হয়। ১৫ই অক্টোবর থেকে ষষ্ঠী পূজা দিয়ে শুরু করে ২০ই অক্টোবর শনিবার ছিলো শেষদিন অর্থাৎ বিজয়া দশমী।

নিউইয়র্কের প্রতিটি পূজায় ধর্মপ্রাণ হিন্দুদের সমাগম ঘটে বিপুল সংখ্যায়। পাশাপাশি বাংলাদেশী মুসলিম সম্প্রদায়ের অনেকেই পূজার আনন্দ উপভোগ করতে মন্ডপে মন্ডপে যায়। প্রবাসের বিভিন্ন সংগঠন যেমন বাংলাদেশ সোসাইটি, চট্টগ্রাম সমিতি, জালালাবাদ এসোসিয়েশন সহ অনেক সামাজিক সংস্কৃতির সংগঠন হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপভোগ করে।
নিউইয়র্ক শহর ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য নিউজার্সি, পেনসেলবেনিয়া, ক্যানেটিকার থেকেও অনেকেই নিউইয়র্ক শহরে পূজা দেখতে আসে। উত্তর আমেরিকায় কানাডাসহ প্রায় শতাধিক দুর্গাপূজার খবর পাওয়া গেছে। আমেরিকায় লস্ এনজেলস্, শিকাগো, বোষ্টন, ওয়াশিংটন, টেক্সাস, মিশিগান, ম্যারীলেন্ড, ভার্জিনিয়া, জর্জিয়া সহ ফ্লোরিডায় অনেক দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারের দুর্গাপূজা সহ অন্যান্য সংগঠন ও মন্দিরে পূজায় বিদেশী নাগরিকদের আনন্দ করতে দেখা গেছে। নতুন প্রজন্মের আমেরিকান-বাংলাদেশী তরুণ কিশোর-কিশোরীদের রং-বেরং-এর শাড়ী ও পাঞ্জাবী পরিহিত রঙিন বেশে উৎফুল্ল ও আনন্দমুখর দেখা গেছে। সংক্ষিপ্ত আকারে বিভিন্ন সংগঠনের পূজার বিবরণ দেয়া হল।

বাংলাদেশ হিন্দু মন্দির——-
বাংলাদেশ হিন্দু মন্দির। নিউইয়র্ক-এ বাংলাদেশী হিন্দুদের প্রথম ও প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান হিন্দু মন্দির। কুইন্সের করোনা এলাকায় হিন্দু মন্দিরে পাঁচদিনব্যাপী দুর্গোৎসবে বিপুল দর্শকের সমাগম হয়। বাংলাদেশ হিন্দু মন্দিরের সভাপতি ডা. দেবব্রত দত্ত সকল ভক্তদের ধন্যবাদ জানায়। পূজায় পৌরহিত্য করেন শংকর পারিয়াল ও স্বপন কুমার চ্যাটার্জী।

সার্বজনীন পূজা উদযাপন পরিষদ——-
উড সাইডের গীতা সংঘের মন্দিরে সার্বজনীন পূজা উদযাপন পরিষদ প্রতিবারের ন্যায় দুর্গাপূজার আয়োজন করে। এখানেও প্রতিদিন শত শত মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে। পৌরহিত্য করেন জগদীশ ব্রহ্মচারী। সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবীর রায় সকল ভক্তদের শুভেচ্ছা জানান। সংগঠনের সভাপতি প্রভাষ চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক বিজয় বিশ্বাস আগত ভক্তদের ধন্যবাদ জানায়।

জ্যাকসন হাইটসের ডাইবারসিটি প্লাজা————-
জ্যাকসন হাইটসের ডাইবারসিটি প্লাজায় প্রতিবারের মত এবারো সুন্দর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হয়। এখানে ভক্তরা দলে দলে যোগদান করে। বিপুলসংখ্যক বাংলাদেশী মুসলিম সম্প্রদায়ও এই পূজা উপভোগ করে। বেঙ্গলী ক্লাব-এর আয়োজনে এই পূজার সভাপতি দীনেশ মজুমদার সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানায়।

শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ——
শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় জ্যামাইকায় তাদের নিজস্ব মন্দিরে। ১৬২নং স্টিটের মন্দিরে শত শত দর্শক ও ভক্তের আগমন ঘটে। পাঁচদিনের পূজায় ধর্মীয় আচার-অনুষ্ঠান ছাড়াও প্রসাদ বিতরণ ও স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো। শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের কর্মকর্তারা সকল ভক্তদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানায়।

শিব মন্দির—-
জ্যামাইকার অপর বাংলাদেশী প্রতিষ্ঠান শিব মন্দিরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব পালিত হয়। পাঁচদিনের পূজায় শতশত ভক্তের সমাগম হয়। পূজা-অর্চনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ ছিলো উল্লেখযোগ্য। মহামায়া মন্দিরের সভাপতি ডা. সমীর সরকার আগত ভক্তদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপ্যায়ন করে।

শ্রীহরি মন্দির
রিচমুন্ডহীলের শ্রীহরি মন্দিরের দুর্গোৎসব অন্যরকম মেজাজে অনুষ্ঠিত হয়। অনেকাংশে দেশের অনুভূতি পাওয়া যায় এই মন্দিরে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মতুয়া সম্প্রদায়ের সংগঠন শ্রীশ্রীহরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এই মন্দিরটি নিয়ে নিউইয়র্কে বাংলাদেশী হিন্দুদের মন্দিরের সংখ্যা প্রায় এক ডজন।
শ্রীহরি মন্দিরে ১৫ই অক্টোবর থেকে ২০ই অক্টোবর পর্যন্ত পাঁচদিন পূজা-অর্চনা চলে। হয় মতুয়া মেলাও। বিপুল সংখ্যক ভক্ত ও দর্শক প্রতিদিনই মন্দির প্রাঙ্গণে ভিড় জমায়। প্রসাদ বিতরণ এই মন্দিরের একটি বিশেষ আয়োজন। ১২ই অক্টোবর বিজয়া দশমীতে সিঁদুর খেলে ও মাতম নৃত্য করে এ বছরের জন্য শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটে।

নিউইয়র্ক হিন্দু টেম্পল-এ শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় জ্যামাইকায় তাদের নিজস্ব মন্দিরে। মন্দিরে শত শত দর্শক ও ভক্তের আগমন ঘটে। পাঁচদিনের পূজায় ধর্মীয় আচার-অনুষ্ঠান ছাড়াও প্রসাদ বিতরণ ও স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো। ডা.সুভাষ শিকদার সকল ভক্তদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানায়।

নিউইয়র্কে দুর্গাপূজা

০

শিতাংশু গুহ, ২০ অক্টবর ২০২৬, নিউইয়র্ক।।
আমরা যখন পূজায় যাই তখন কিছু পয়সা দিতে মন চায়, কিন্তু কতটা দেয়া যায়? আমাদের অনেক বন্ধুবান্ধব বলে থাকেন তারা ২/৩টি পূজায় যান, কারণ সব জায়গায় চাঁদা দেয়ার অর্থনৈতিক সক্ষমতা তাদের নেই। কথাটা সত্য। চাঁদা দেয়া কি বাধ্যতামূলক? না, তা নয়, কিন্তু চক্ষুলজ্জ্বা বলে তো একটা কথা আছে? চাঁদা না দিলে পরে এনিয়ে কথা ওঠে, বলা হয়, চাঁদা দেয়না, কিন্তু প্রসাদ তো ঠিকই খায়? একটি মন্দির পলিসি নিয়েছে তারা কারো কাছে চাঁদা চাইবে না, এটি ভাল উদ্যোগ। ফোনে ফোনে চাঁদা তোলা বা বাড়ী বাড়ী গিয়ে চাঁদা তোলা আজকাল কমেছে, তবে বন্ধ হয়নি। পূজা করতে গেলে টাকা লাগবে, এটি সত্য। চাঁদা তো দিতে হবে, এটিও সত্য। কিন্তু এ প্রশ্নও ওঠে যে, মানুষের কাছে টাকা নিয়ে আপনাকে পূজা করতে বলছে কে? দূর্গাপূজা কি লাভজনক ব্যবসা? কারো কারো জন্যে তো বটেই, তবে লোকসান হলে এত পূজা হবার কোন কারণ নেই? এতে কি ধর্মের প্রসার হচ্ছে? আপনি যেকোন পূজায় যান, শুনবেন, অনেক খরচ, দাদা এবার একটু বেশি দিন্। গতবার আমাকে একজন বলেন, দাদা, সেই ১৯৯০ সালে ১শ’ ডলার চাঁদা দিয়েছেন এখনো ১শ’? তাদের কিভাবে বোঝাবো যে, ১৯৯০ সালে ছিলো ১টি পূজা, এখন ২০টি! একটি পূজা কমিটি’র এক নেতা আমাকে দেখলেই বলেন, ‘দাদা, চাঁদা দেয়ার ভয়ে আমাদের পূজায় আসেনা’। কথাটা মিথ্যা নয়?
মন্দিরে দুর্গাপূজা হবে সেটি ঠিক আছে, কিন্তু বিভিন্ন পূজা কমিটি করে যে পূজা এবং প্রতিবছর পূজার সংখ্যা বাড়ছে কেন? হিন্দু বাড়ছে বলে পূজা বাড়তেই হবে? প্রতি পূজার কমিটি থাকে, এই কমিটি’র সদস্যদের চাঁদা দিয়েই পূজা হওয়া উচিত, জনসাধারণের কাছ থেকে চাঁদা নিয়ে নয়, ব্যবসায়ীদের বিজ্ঞাপন নেয়া যেতে পারে। পূজা মন্ডপগুলোতে রশিদ বই নিয়ে টেবিল পেতে বসাটা একেবারে উঠে যাওয়া উচিত। ঢালাও খাওয়া-দাওয়ার ব্যবস্থাটা সীমিত হওয়াটা দরকার। ২০ টাকা চাঁদা দিয়ে খেয়ে আবার বাড়ীতে প্রসাদ নিয়ে যাওয়াটা দৃষ্টিকটু। আমার ধারণা পূজায় খাওয়া-দাওয়া সীমিত হলে খরচ কমে যাবে, মানুষের ভীড় কমবে। একই কথা কীর্তন বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের জন্যে প্রযোজ্য। প্রসাদ হিসাবে শুধু ফলমূল দিন্, খিচুড়ি দেয়া বন্ধ করুন, দেখুন কত মানুষ আসে? পাঠক, আমি কারো বিরুদ্ধে লিখছি না, এখন সময় এসেছে চিন্তা করার। আমরা কি করছি, কেন করছি? নুতন প্রজন্মের জন্যে এসব করছি? না, নুতন প্রজন্মকে আমরা টানতে পারছি কই? হ্যাঁ, তারা হয়তো স্বল্প সংখ্যক আসছে, মন্দিরগুলোতে তাঁদের উপস্থিতি কম কেন? আমরা যারা পূজা বা মন্দির কমিটি’র নেতানেত্রী, তাদের ছেলেমেয়েরা অংশ নিচ্ছেনা কেন? নিউইয়র্কে প্রায় কুড়িটি দুর্গাপূজা হয়, এসব কমিটি’র প্রায় সকল নেতার বয়স চল্লিশোর্ধ। নুতন প্রজন্মের একটি পূজাও নেই, এ ব্যর্থতা আমাদের!
আমি প্রায়শ: পূজা কমিটি’র নেতৃবৃন্দকে বলি, আপনারা প্রতি কমিটি প্রতি বছর বাংলাদেশে শুধুমাত্র একটি পরিবারের দায়িত্ব নিন, মাত্র ১হাজার ডলার দিয়ে একটি গরিব পরিবারকে স্বাবলম্বী করে তুলুন। কেউ সাড়া দেয়নি। এমনকি আমি দু’টি পূজা কমিটি’র সাথে জড়িত তারাও নন? এটি শুরু হলে শুধুমাত্র নিউইয়র্ক পূজা কমিটিগুলো বছরে ২০টি পরিবারকে স্বাবলম্বী করে দিতে পারে। ভাবুন, পুরো আমেরিকা বা পুরো বিশ্ব এটি শুরু করলে কি হবে? পূজা কিমিটির নেতারা অনেকেই দেশে মানুষকে সাহায্য করে থাকেন। সমষ্টিগত সহায়তা ব্যক্তিগত সাহায্যের চেয়ে ঢের বেশি ভাল। নিউইয়র্কে প্রায় সকল মন্দিরেই শনিবার অনুষ্ঠান থাকে, এদের অনেক মন্দিরকেই আমি পরামর্শ দেই যে, অনুষ্ঠান শেষ আপনারা ৫মিনিট সময় দেশ ও বিশ্বের কথা ভক্তদের জানান। কেউ কথা রাখেনি। শুধু পরকালের কথা শুনিয়ে লাভ কি, যদি ইহকাল যন্ত্রণার মধ্যে কাটে?
সামাজিক মাধ্যমে ৯ই অক্টবর ২০২৬ দুপুর ১২:২০মিনিটে একটি পোস্টিং দেই যে, এবারের পূজায় শ্লোগান উঠুক, ‘চিন্ময় প্রভুর মুক্তি চাই’। ১২ই অক্টবর ২০২৬ রাত ১০টায় দেখলাম তাতে ১২.২ হাজার লাইক পড়েছে, কমেন্ট ১.৭হাজার। অসংখ্য কমেন্টে খুশি হবার কোন কারণ নেই, কারণ বাংলাদেশী একশ্রেণীর মুসলমান ব্যাপকভাবে কমেন্ট করেছেন এবং সেগুলো প্রায় সর্বাংশে নেতিবাচক। সাধারণ এ পোষ্টে এত জঘন্য গালিগালাজ পড়তে পারে তা ভাবা যায়না। অধিকাংশ লাইক হিন্দুদের; সামান্য সংখ্যক মুসলমান লাইক ও ভাল মন্তব্য করেছেন, তাদের ধন্যবাদ। লন্ডনে ধ্রুব রাঠীর সমাবেশে কিছু মুসলমান বাংলাদেশী পতাকা গায়ে দাবি করেছে তারা ‘দিদি’র শাসন চায়’ (মমতার)? দিল্লিতে কক্রোচদের বিক্ষোভে বাংলাদেশিদের উৎসাহের কোন কমতি নেই, তারা প্রতিদিন মোদিকে ফেলে দিচ্ছেন। সৌদিতে দুই বাংলাদেশীর হত্যাকান্ড দু:খজনক। একই সময়ে সৌদি আরব নবীকে অবমাননার জন্যে একজন শ্রীলংকান নাগরিকের মৃত্যুদন্ড বাতিল করেছে। এই দু’টি ঘটনা কি বলছে? সামাজিক মাধ্যমে একজন প্রশ্ন করেছেন, সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদন্ড কার্যকর এবং বাংলাদেশে উন্মত্ত জনতা ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে হাজারো কণ্ঠে ‘আল্লাহুআকবার’ বলে পুড়িয়ে মেরেছে, এ দু’টি ঘটনার মধ্যে কোনটি বেশি বর্বর?

‘কুনু-ফিরোজ’ প্যানেলের ব্রুকলীনের সভায় মানুষের ঢল – চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার রাস্তায় মিছিল-শ্লোগান

জন্মভূমি প্রতিবেদকঃ বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘পরিবর্তনের শ্লোগান’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘কুনু-ফিরোজ’ প্যানেলের উদ্যোগে ব্রুকলীনের সর্বশেষ নির্বাচনী ও প্যানেল পরিচিতি সভায় মানুষের ঢল নেমেছিলো। বিশেষ করে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদের এলাকা হিসেবে ব্রুকলীন-কে ‘কুনু-ফিরোজ’ প্যানেলের ঘাঁটি হিসেবে উল্লেখ করে বক্তারা বলেছেন ২৫ অক্টোরের নির্বাচনে ব্রুকলীন কেন্দ্র তথা সকল কেন্দ্রে জয়ী হয়ে প্রবাসীদের ন্যায্য দাবী পূণ করবেন। সভায় কুনু বলেন, আসন্ন নির্বাচনে আমি সবার সহযোগিতা চাই, ভোট চাই। আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। কমিউনিটির সেবাই আমার লক্ষ্য। তিনি বলেন, এটাই আমার শেষ নির্বাচন। আগামী নির্বাচনে জয়ী হলে সবাইকে নিয়ে বাস্তবভিত্তিক কর্মসূচী নিয়ে সোসাইটিকে তথা কমিউনিটিকে শক্তিশালী করবো। অপরদিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ আবেগ আপ্লুত কন্ঠে তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গত তিন মাস অনেক বক্তব্য দিয়েছি। আজ আর বক্তব্য নয়। তিনি কান্না জড়িত কন্ঢে বলেন, আমি ব্রুকলীনের মানুষ, ব্রুকলীনবাসীরাই আমার ভাই-বোন-ভাবী, বন্ধু, চাচা-চাচী। আপনাদের সন্তান হিসেবে আমি ২৫ অক্টোবরের নির্বাচনে সবার দোয়া আর ভোট চাই। আর কোন কারণে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাই। তিনি বলেন, আমরা বিজয়ী হলে সোসাইটিকে সবার সংগঠনে পরিণত করবো, জবাবদিহীর সোসাইটি গড়বো।
গত ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় ব্রুকলীনের বেভার্লী রোডের উপর বিশাল ছামিয়ানা টাঙ্গিয়ে এই সভার আয়োজন করা হয়। প্রচন্ড ঠান্ডার মধ্যেও ‘কুনু-ফিরোজ’ প্যানেলের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় সর্বস্তরের বিপুল সংখ্যক বাংলাদেশীর উপস্থিতিতে সভাটি জনসভায় পরিণত হয়। সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সভার কার্যক্রম চলে। উল্লেখ্য, সভা শুরুর আগে ‘কুনু-ফিরোজ’-এর নেতৃত্বে দেশীয় স্টাইলে বিপুল সংখ্যক মানুষ চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার রাস্তায় মিছিল বের করেন এবং নানা শ্লোগান দেন।
‘কুনু-ফিরোজ’ প্যানেলের ব্রুকলীনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সন্ধীপ সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মাহফুজুল মওলানা নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাষ্ট্রি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি এম এ আজিজ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নাসির উদ্দিন।
সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও ‘কুনু-ফিরোজ’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা জামাল আহমেদ জনি, বাংলাদেশ সোসাইটি ও গ্রেটার নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সাবেক সদস্য ও গ্রেটার নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান হাজী মফিজুর রহমান, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সোসাইটির সাবেক সহ সভাপতি ও কুইন্স নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফারুক চৌধুরী, ‘কুনু-ফিরোজ’ প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বেলাল মাহমুদ, আহ্বায়ক রুহুল আমীন সিদ্দিকী, সদস্য সচিব আনোয়ার হোসেন, কো-চেয়ারম্যান এবং বৃহত্তর কুমিল্লা সমিতি ইউএসএ’র সভাপতি ইউনুস সরকার, প্রধান সমন্বয়কারী বাবুল চৌধুরী এবং অর্থ কমিটির চেয়ারম্যান মইনুল ইসলাম, মিডিয়া ও কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আজাদ, বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী মোস্তফা কামাল পাশা বাবুল, লুৎফুল করীম, সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি ও বোর্ড অব ট্রাষ্টির সদস্য আব্দুল ওয়াদুদ, সন্দ্বীপ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টির সদস্য রফিকুল ইসলাম মানিক ও গোলাম মাহমুদ, সন্দ্বীপ এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি আশ্রাফ উদ্দিন, নারায়নগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ মহসীন, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, কমিউনিটি নেতা টি মোল্লা, এস এম ফেরদৌস, আহসানউল্লাহ বাচ্চু, ইঞ্জিনিয়া জাহাঙ্গীর আলম, কবি গৌউস খান, গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সভাপতি মোহাম্মদ নাসিম, কুমিল্লা সোসাইটি ইউএসএ’র সভাপতি কাজী আসাদুল্লাহ, জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ভিপি জহির মোল্লা, ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল ওয়াদুদ, আহ্বায়ক ফখরুল ইসলাম, সদস্য সচিব মির্জা মাহমুদুল হাসান, অর্থ কমিটির চেয়ারম্যান আরিফ আর চৌধুরী প্রমুখ। সভায় প্যানেল নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন এম ও জি রাসেল ভূইয়া।
সভায় ‘কুনু-ফিরোজ’ প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সহ অন্যান্য প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী দুলাল বেহেদু, সহ সভাপতি পদপ্রার্থী ও সোসাইটির বর্তমান সহ সাধারণ সম্পাদক কালাম ভূঁইয়া, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোর্শেদ আলম, কার্যকরী সদস্য আবুল বাশার ভূইয়া প্রমুখ। যৌথভাবে সভা পরিচালনা করেন ‘কুনু-ফিরোজ’ প্যানেলের ব্রুকলীন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাইনুল উদ্দিন মাহবুব ও সদস্য সচিব ওয়ালিদুল ইসলাম।
সভার মাঝে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন মাইনুল উদ্দিন মাহবুব। প্যানেলের প্রার্থী হলেন: সভাপতি- আজমল হোসেন কুনু, সিনিয়র সহ সভাপতি- দুলাল বেহেদু, সহ সভাপতি- আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক-ফিরোজ আহমেদ, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ নওশাদ হোসেন, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ জামিল আনসারী, সাংস্কৃতিক সম্পাদক- আহমেদ আর চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক- সৈয়দ গৌসুল হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক- কয়েস আহমেদ, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ এ আখতার, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোর্শেদ আলম, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ মাইন উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক- বেগম এম চৌধুরী, যুব ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- কাজী আর হাসান এবং কার্যকরী সদস্য- সিরাজুদ্দিন হক, মোহম্মদ এ সিদ্দিক, মোহাম্মদ আবুল বাসার, মাসুদুল হক সানু, মোহাম্মদ কাওসার আলম ও মোহাম্মদ এম ইসলাম।
সভায় আজমল হোসেন কুনু আরো বলেন, সোসাইটিতে আগেও সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছি। কোন মিথ্যা প্রতিশ্রুতি, আশ্বাস দেবো না। কমিউনিটির সেবায় যা করা দরকার তাই করবো, এজন্য সবার সহযোগিতা নেবো। বাস্তবমুখী পদক্ষেপ নেবো। সোসাইটিকে গণমুখী করবো।
সভায় বক্তারা বর্তমান কমিটির আয়-ব্যয়ের হিসাব দাবী, কবর ক্রয় করা না করার তীব্র সমালোচনা করেন এবং ‘কুনু-ফিরোজ’ প্যানেল-কে একটি যোগ্য প্যানেল হিসেবে উল্লেখ করে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, আজমল হোসেন কুনু ওজনপার্কের মানুষ, ফিরোজ আমহমেদ আমাদের ব্রুকলীনের অর্থাৎ আমাদের ঘরের মানুষ, তাঁদের সম্মান মানেই আমাদের সম্মান। ব্রুকলীনবাসীদের সম্মান রাখতেই ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে জয় করতে হবে।

জ্যামাইকায় ‘সেলিম-আলী’ প্যানেলের স্মরণীয় সভা পুনরায় বিজয়ী করার আহ্বান

জন্মভূমি প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনকে সামনে রেখে জ্যামাইকায় অনুষ্ঠিত ‘সেলিম-আলী’ প্যানেলের পরিচিতি ও নির্বাচনী সভায় গণজোয়ার নেমেছিলো। সোসাইটির নির্বাচন ঘিরে স্মরণকালের স্মরণীয় এই সভায় ছিলো সর্বস্তরের মানুষের ঢল। সভায় সোসাইটির সফলতা, উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা অব্যাহত রাখতে ‘সেলিম-আলী’ প্যানেলকে যোগ্য প্যানেল হিসেবে পুনরায় এই প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান বক্তারা।
‘সেলিম-আলী’ প্যানেলের জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটি গত ১৬ অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় জ্যামাইকার নব প্রতিষ্ঠিত সুবিশাল অঙ্গন পার্টি হলে এই সভার আয়োজন করে। সভায় বিপুল সংখ্যক নারী সহ কুইন্স ছাড়াও ব্রুকলীন ও ব্রঙ্কসসহ নিউইয়র্কের বিভিন্ন বরো থেকে শত শত প্রবাসী যোগ দিয়ে প্যানেলটির প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
সেন্ট্রাল জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মঞ্জুরুল করীম। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সভায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন পরিচলনা কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক দুলাল মিয়া এনাম, এম এ বাসেত, যুগ্ম সদস্য সচিব এএসএম মাইনুদ্দীন পিন্টু, চিটাগাং এসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সাবেক কর্মকর্তা জামান তপন, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সভাপতি সোহান আহমেদ টুটুল, বাংলাদেশী আমেরিকান সোসাইটির সাধারণ সম্পাদক আমীন মেহেদী বাবু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকীম, ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আমিনুল ইসলাম চুন্নু, এম এ করীম, এডভোকেট রেদওয়ানা রাজ্জাক, ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির কো কনভেনর নজরুল ইসলাম লিটন ও প্রধান উপদেষ্টা সামির উদ্দিন প্রমুখ।
সভা মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপবিষ্ট ছিলেন মোর্শেদ আলম, মুক্তিযোদ্ধা বাবর উদ্দিন, ছদরুন নূর, আব্দুস শহীদ, গহর চৌধুরী কিনু, তাজু মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ভিপি জহিরুল ইসলাম মোল্লা, প্রমুখ। সভা পরিচালনা করেন সেন্ট্রাল জ্যামাইকার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সদস্য সচিব ইসমাইল হোসেন স্বপন ও জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী এম আর খান (সেলিম)। সহযোগিতায় ছিলেন প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম লিপন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটির চলমান উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখার জন্য ‘সেলিম-আলী’ প্যানেল যোগ্য, সুপরিচিত ও পরীক্ষিত প্যানেল। তাই আসন্ন নির্বাচনে এই প্যানেলের কোনো বিকল্প নেই। বক্তারা দল-মত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীকে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
সভায় আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী বিগত নির্বাচনে জয়ী করার জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করে সোসাইটিকে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন। বিশেষ করে জ্যামাইকায় বসবাসকারী হিসেবে মোহাম্মদ আলী তাকে নিজেদের সন্তান হিসেবে গত নির্বাচনের মতো এবারের নির্বাচনেও তাকে সহ ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের সর্বোচ্চ ভোট দিয়ে জয়ী করার অনুরোধ জানান।
সভায় সোসাইটির প্রচার ও জনসংযোগ সম্পাদক এবং আগামী নির্বাচনে একই পদে প্রার্থী রিজু মোহাম্মদ সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং বিভিন্ন অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি ‘সেলি-আলী’ প্যানেলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিষ্কার করেন। রিজু মোহাম্মদ বলেন, আগামী দিনে সোসাইটিকে পুরোপুরি আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, ওয়ান স্টপ সলিউশন ও স্থায়ী ‘কমিউনিটি সেন্টার’ গঠন করা হবে যেখানে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি নিউইয়র্কে আসা নতুন প্রবাসী এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মৌলিক সমস্যাগুলোর সমাধানে সহযোগিতা করা হবে।
সভায় ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীরাও সংক্ষেপে তাদের পরিচয় তুলে ধরে ভোট প্রার্থনা করেন।
সভার মাঝে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জে মোল্লা সানি। ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- হারুন রশিদ (চেয়ারম্যান), কোষাধ্যক্ষ- নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজকলাণ সম্পাদক পদপ্রার্থী মুনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক পদপ্রার্থী রুমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- হাসান খান, স্কুল ও শিক্ষা সম্পাদক- এএসএম মাইন উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক- শাহনাজ হোসেন, এবং কার্যকরি সদস্য- জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ উজ্জল বিপুল, সারোয়ার খান বাবু, মোহাম্মদ এ মান্নান, শামীম আহমেদ, মোহাম্মদ আব্দুল মালেক খান ও কাজী রবিউজ্জামান।
নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।