Home Blog Page 3

প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির সভাপতি এবং মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি। সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল পৌনে ৪টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, সাক্ষাতে তারেক রহমান দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে মাসুমি কাকিনোকির নেতৃত্বের প্রশংসা করেন। মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখায় তাঁকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাতে মাসুমি কাকিনোকি বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্পসহ সম্ভাবনাময় খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে এসব খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) আধুনিকায়ন এবং দেশে দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের সম্ভাবনা যাচাইয়েও জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্কার, বিনিয়োগসংক্রান্ত অনুমোদনপ্রক্রিয়া সহজ করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের মাধ্যমে জাপানি ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়ুকি ওমোতোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা এবং দেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

০

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করেছেন অভিনেতা সুজাত শিমুল। শনিবার সন্ধ্যায় মিরপুরের একটি রেস্তোরাঁয় থিয়েটার ও আবৃত্তিশিল্পী জান্নাতুন নেছার সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেতা।

সুজাত শিমুল জানান, দুই পরিবারের স্বজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে। তবে ডিসেম্বর মাসে সহকর্মী ও সতীর্থদের নিয়ে বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

নিজের ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, ‘একান্তই পরিবারের স্বজনদের উপস্থিতিতে এই আয়োজন স্বল্প পরিসরে সম্পন্ন হয়েছে। ডিসেম্বর মাসে আপনাদের (সহকর্মী-সতীর্থ) সবাইকে নিয়ে মূল আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।’

865049257 2308023406631794 8010408669039682233 n 1793003002

মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের সিদ্ধান্তের পেছনের ভাবনাও জানিয়েছেন সুজাত। তার ভাষায়, ‘আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। অন্যদিকে আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে ৯৯৯ নম্বরে ফোন করি; সেখান থেকেই ট্রিপল নাইন ধারণাটা আসে।’

দেনমোহরের অঙ্কটি বেছে নেওয়ার পেছনে আরও একটি বার্তা দিতে চেয়েছেন অভিনেতা। তিনি বলেন, ‘সবচেয়ে বড় যে বার্তা দিতে চেয়েছি, আমরা বিয়েতে কাবিন করতে গিয়ে এত লাখ টাকা, এত লাখ টাকা—এর মধ্যে যেন মনে হয়, একটা বিনিময় কিংবা আস্থা-অনাস্থার বিষয় সামাজিকভাবে হয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে, নারী হিসেবে একটা সাহস—৯৯৯ টাকা কাবিনে বিয়ে করছে। অনেক কিছু মিলেই এই ৯৯৯ টাকার ভাবনাটা এসেছে।’

সুজাত শিমুল ও জান্নাতুন নেছার বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদসহ আরও অনেকে।

862349990 1111746774579551 6420825974938113391 n 1793003036

নতুন জীবনের শুরুতে দাম্পত্য সুখ ও সবার দোয়া চেয়েছেন অভিনেতা। ডিসেম্বরের বড় আয়োজন ঘিরেও এখন অপেক্ষায় রয়েছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিকের কারখানায় আগুনে একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম জানা যায়নি।

সোমবার দুপুর ১২টার দিকে নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বীন জসিম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ৮ ইউনিট আগুন নেভাতে কাজ করে।

তিনি জানান, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভাতে সেখানে পৌঁছেন।

প্রথমে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩টি এতে ইউনিট যোগ দেয়।

এছাড়া আগুনের ঘটনায় ঘটনা দগ্ধ মো. মানিক (৪৫) নামের একজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে।

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

সোমবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৫ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।

২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে এই প্রথম কোনো হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হলো। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই গণঅভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক হোসেন। এ ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুজন আহত হন।

হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামুজ্জামান গত বছরের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে রয়েছেন। জামিনে আছেন ১০ জন।

শেখ হাসিনা ছাড়া এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু।

বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড: পুরস্কার জিতলেন সমকালের সঞ্জয়

০

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৫’-এ পুরস্কার জিতলেন দৈনিক সমকালের ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল। শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে ফিচার (প্রিন্ট ও অনলাইন) বিভাগে (রনজিৎ বিশ্বাস ট্রফি) দ্বিতীয় রানার আপ হয়েছেন তিনি। এই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কালের কন্ঠের শাহজাহান কবীর। প্রথম রানার আপ হয়েছেন ডেইলি স্টারের আসফাক-উল-আলম আলম।

এছাড়া বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার জিতেছেন দৈনিক আগামীর সময়ের রাহেনুর ইসলাম। বরাবরের মতো স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে তওফিক আজিজ খান ট্রফি এবং ১ লক্ষ টাকার চেক জিতে নেন রাহেনুর। রানার-আপ হয়েছেন প্রথম আলো’র ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ ও ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের।

BSPA 1792866814

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ- সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ টানা ১১তম বারের মতো আয়োজন করেছে ক্রীড়া সাংবাদিকদের এই স্বীকৃতি প্রদান অনুষ্ঠান।

এবারও আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। ২০২৫ সালে এক্সক্লুসিভ রিপোর্ট বিভাগে সেরা হয়ে বদি-উজ- জামান ট্রফি জিতেছেন সময় টিভির সিনিয়র রিপোর্টার এস এম ইকবাল কাউসার। রানার্স-আপ হয়েছেন তিনজন- দৈনিক প্রথম আলো’র তারেক মাহমুদ, দ্য রিয়াসাদ আজিম- এর রিয়াসাদ আজিম ও দৈনিক প্রথম আলো’র জহির উদ্দিন। ইন্টারভিউ (প্রিন্ট ও অনলাইন) বিভাগে সেরা হয়ে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন রাহেনুর ইসলাম। এই বিভাগে দুই রানার্স- আপ হয়েছেন দৈনিক প্রথম আলো’র তারেক মাহমুদ ও বাংলাট্রিবিউন ডট কম- এর তানজীম আহমেদ। ইন্টারভিউ (টিভি) বিভাগে সেরা হয়েছেন নিউজ টোয়েন্টি ফোর- এর শুভ দেবনাথ। এই বিভাগে দুই রানার্স- আপ যমুনা টেলিভিশনের মেহেদী হাসান নাঈম ও টি স্পোর্টস- এর মৌসুমী মৌ।

সিরিজ রিপোর্ট বিভাগে সেরা হয়ে আব্দুল হামিদ ট্রফি জিতে নিয়েছেন ঢাকা পোস্ট ডট কম- এর আরাফাত জোবায়ের। এই বিভাগের দুই রানার্স-আপ দৈনিক আগামীর সময়ের রাহেনুর ইসলাম ও টি স্পোর্টস- এর রুবেল রেহান। ফিচার (প্রিন্ট ও অনলাইন) বিভাগে সেরা হয়ে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন দৈনিক কালের কণ্ঠের শাহজাহান কবীর। এই বিভাগে দুই রানার্স-আপ দৈনিক সমকালের সঞ্জয় সাহা পিয়াল ও দ্য ডেইলি স্টার- এর আশফাক উল আলম। ডকুমেন্টরি (টিভি) বিভাগে সেরা হয়ে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন এখন টিভি’র এসকে শাওন। এই বিভাগে দুই রানার্স- আপ শরীফ এখন টিভি’র রওশন ও টি স্পোর্টস- এর রাহুল রায়। ফটোগ্রাফি বিভাগে সেরা হয়ে বদরুল হুদা চৌধুরী ট্রফি জিতেছেন প্রথম আলো’র শামসুল হক টেংকু। এই বিভাগে দুই রানার্স- আপ ডেইলি স্টার- এর ফিরোজ আহমেদ ও দৈনিক আগামীর সময়ের মোশারফ হোসেন।

এই অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে সিনিয়র ক্রীড়া সাংবাদিক জনাব মোস্তফা কামাল ও সিনিয়র ক্রীড়ালেখক জনাব মেজর (অব.) শাহাবউদ্দিন চাকলাদারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

হঠাৎ ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে সরাল বিসিবি

০

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগমুহূর্তে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে অন্য একটি পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন সালাহউদ্দিন।

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক অধিনায়ক আশরাফুল। বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার জন্য তাকে ধন্যবাদও জানিয়েছে বিসিবি।

আগামী বুধবার শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। এর আগে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। দুই ম্যাচেই দুইশ রানের আগেই অলআউট হয় দল। সেই ব্যর্থতার পরই ব্যাটিং কোচের দায়িত্বে এই পরিবর্তন এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আশরাফুলকে সরানোর নির্দিষ্ট কারণ বিবৃতিতে উল্লেখ করেনি বিসিবি।

চুক্তিতে না এলে রোববারই ইরানে হামলা হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতা না হলে রোববারই দেশটিতে সামরিক হামলার সিদ্ধান্ত নিতে পারে যুক্তরাষ্ট্র। এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, তা স্পষ্ট করেননি তিনি।

শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে হয়তো ‘কাজটি সম্পন্ন’ করতে হবে। তবে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সুযোগও রয়েছে। তেহরান চুক্তিতে রাজি হলে নতুন করে হামলা এড়ানো সম্ভব।

ট্রাম্পের দাবি, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায়। তবে আলোচনার কথা বলার পাশাপাশি সামরিক হামলার হুঁশিয়ারি দিয়ে তেহরানের ওপর চাপ বাড়াচ্ছেন। হামলার পরিকল্পনা আগেভাগে জানানো হবে কি না, সে বিষয়ে প্রশ্নের সরাসরি উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট।

ইরানের পরমাণু অস্ত্র তৈরি ঠেকানো নিজের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন ট্রাম্প। বি-২ বোমারু বিমান ব্যবহার করেও সেই লক্ষ্য পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই বিষয়টি স্থায়ীভাবে সমাধান করতে চান তিনি। তবে ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তীকালীন চুক্তির আলোচনা ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। আমেরিকানদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা ‘সবকিছু এলোমেলো করে দিয়েছে’। তবে তেহরানের উচিত চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া।

এ ছাড়া, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এখন হরমুজ প্রণালি দিয়ে বেশি তেল পরিবহন হচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে এ দাবির পক্ষে কোনো পরিসংখ্যান দেননি। সংঘাত নিরসনে আরও সামরিক পদক্ষেপ নিতে হতে পারে, আবার দুই পক্ষের মধ্যে চুক্তিও হতে পারে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। যেকোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র জয়ী হবে।

অন্যদিকে, সৌদি আরব জানিয়েছে, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ মক্কা ও জেদ্দায় পড়েছে। ইয়েমেনের সরকার জানিয়েছে, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী এডেন শহরেও হামলা চালিয়েছে।

ইয়েমেনের একাধিক শহরে সৌদির বিমান হামলা, তিনজন নিহত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানায় গতকাল শনিবার বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরা জানিয়েছে। একই দিনে ইয়েমেনের মোখা শহর ও এর আশপাশে প্রায় ২০টি বিমান হামলার খবরও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

আল-মাসিরার প্রতিবেদনে এসব হামলাকে ‘সৌদি শত্রুর বিমান হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, রাজধানী সানার পশ্চিমাঞ্চলীয় আসর এলাকায় একটি বাড়িতে হামলা চালানো হয়। এতে অন্তত তিনজন নিহত হন। আহত হন আরও কয়েকজন। হতাহতের এই সংখ্যা প্রাথমিক হিসাব বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সানা গভর্নরেটের একটি সিমেন্ট কারখানায় পৃথক হামলার ঘটনাও জানিয়েছে আল-মাসিরা। ওই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। এর আগে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক সামরিক জোট জানিয়েছিল, হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফ ও ইয়ানবুর দিকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়েছিল বলে জানায় জোটটি।

এদিকে শনিবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা দেশটির পশ্চিমাঞ্চলের চারটি এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করে। এসব এলাকার মধ্যে তায়েফ, ইয়ানবু, মক্কা ও জেদ্দা রয়েছে। সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই অবশ্য তা প্রত্যাহার করা হয়। সতর্কবার্তায় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কার্যক্রম-সংক্রান্ত ছবি বা তথ্য প্রকাশ না করার বিষয়ে আইনি সতর্কতাও পুনর্ব্যক্ত করে সংস্থাটি।

তৎপরতা বন্ধে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি
তুরস্ক, মিসর, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা সৌদি আরবকে লক্ষ্য করে হুতি বাহিনীর সামরিক তৎপরতা বৃদ্ধি ও উত্তেজনা সৃষ্টির তীব্র নিন্দা জানিয়েছেন। তুরস্কের ইস্তাম্বুলে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে সৌদি আরবের ভূখণ্ডে বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুতি সশস্ত্র গোষ্ঠীর ধারাবাহিক হামলার সমালোচনা করা হয়েছে। একই সঙ্গে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলারও নিন্দা জানিয়েছেন তারা।

চার দেশের প্রতিনিধিরা বলেন, হুতিদের এসব কর্মকাণ্ড লোহিত সাগরের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করছে এবং মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা সৌদি আরবের সরকার ও ইয়েমেনের সরকারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে হুতি বাহিনীকে অবিলম্বে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করে শান্তি আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানান তারা। সামুদ্রিক নিরাপত্তার পাশাপাশি চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতার জন্য ইসরায়েলের দখলদারিত্বমূলক নীতিকে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।

রিয়াদমুখী ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি 
গতকাল শনিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আরও জানিয়েছে, ইরানের সমর্থনপুষ্ট হুতিরা রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি প্রতিহত করেছে বলে দাবি করেছে জোটটি। সৌদি রাজধানী রিয়াদে শনিবার ভোরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক। এ সময় সম্ভাব্য হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করতে আগাম সতর্কতা ব্যবস্থাও সক্রিয় করা হয়েছিল বলে জানায় সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

শুভ প্রবারণা পূর্ণিমা আজ রোববার। বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। দেশের বৌদ্ধরা নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, এই পুণ্যময় পূর্ণিমা তিথিতে মহামানব তথাগত গৌতম বুদ্ধ তাবতিংস স্বর্গে মাতৃদেবীকে অভিধর্ম দেশনার পর ভারতের সাংকাশ্য নগরে অবতরণ করেন। এ দিনেই মানবজাতির সুখ, শান্তি ও কল্যাণে দিকে দিকে স্বধর্ম প্রচারের জন্য তাঁর ভিক্ষু সংঘকে নির্দেশ দেন তিনি। একই দিনে তাঁর তিন মাসের বর্ষাবাসের পরিসমাপ্তিও ঘটে।

পূজনীয় ভিক্ষু সংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে এই প্রবারণা তিথি, অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস সমাপনীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এই পূর্ণিমা উদযাপনের মাধ্যমে বৌদ্ধভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয় বলে তাদের বিশ্বাস। এই দিনে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপ পূজা এবং ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন

করা হয়। প্রবারণা হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস ধরে দেশের বিভিন্ন বৌদ্ধবিহারে শুরু হয় শুভ কঠিন চীবর দান উৎসব।

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় সমকালকে বলেন, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনের পূর্ণিমা পর্যন্ত তিন মাস ভিক্ষুরা উপবাস থাকেন। এ সময়কে বলা হয় বর্ষাবাস। এই তিন মাস রোববার (আজ) শেষ হচ্ছে। এদিন তারা প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন। প্রবারণা হচ্ছে খারাপ কাজকে বারণ করা এবং ভালো কাজকে বরণ করে নেওয়া।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আজ বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনভর অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

অনুষ্ঠানমালায় রয়েছে ভোর সাড়ে ৫টায় সমবেত প্রভাতি বন্দনা, সকাল সাড়ে ৬টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ৭টা ১০ মিনিটে ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, সাড়ে ৯টায় বুদ্ধপূজা, শীল গ্রহণ, অষ্টোপকরণসহ মহাসংঘদান, বেলা ১১টা ১ মিনিটে ভিক্ষুসংঘের পিণ্ডদান, ১১টা ৫ মিনিটে অতিথিদের মধ্যাহ্নভোজন, বিকেল ৪টা ১ মিনিটে পবিত্র ত্রিপিটক থেকে সূত্রপাঠ, ৪টা ২০ মিনিটে আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ৬টায় শীলগ্রহণ, আলোকসজ্জা ও ফানুসবাতি উৎসর্গ এবং ৭টা ১ মিনিটে বর্ণাঢ্য ফানুস উৎসব।

বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাজধানীর সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে দিনভর অনুরূপ অনুষ্ঠানমালার আয়োজন করবে। সারাদেশের বৌদ্ধবিহারগুলোতেও রয়েছে নানা ধর্মীয় অনুষ্ঠান। এ ছাড়া আগামীকাল সোমবার থেকে পরের এক মাস বিভিন্ন বৌদ্ধবিহারে চলবে কঠিন চীবর দান উৎসব।

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

০

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমেছে। ফলে দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রবিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, খাঁটি স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দাম সমন্বয় করা হয়েছে। এর আগে গত ১৩, ২২ ও ২৩ অক্টোবর টানা তিন দফা স্বর্ণের দাম কমানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৮৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন মূল্য ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে অলংকারের ডিজাইন ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে যুক্ত হবে।

স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।