বেশি গরম পড়লে প্রথমেই পেটের সমস্যা দেখা দেয়। অর্থাৎ গ্যাস, পেট ফাঁপা, অ্যাসিডিটি, পেটের নানান সমস্যা যেন লেগেই থাকে। তাই গরমে খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন থাকা জরুরি। পেট ভার হয়ে থাকাসহ অন্যান্য পেটের সমস্যা থেকে মুক্তি পেতে পুদিনার পানীয় বেশ ভালো কাজ করে। এমনটাই বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্থান টাইমস’-এর এক প্রতিবেদনে।
ভারতের আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডক্টর দীক্ষা বাবসার বলছেন, যদি প্রতিদিন সকালে উঠে বিশেষ পানীয় পান করা যায়, তাহলে এই গরমে পেটের সমস্যা কেটে যেতে পারে। এই বিশেষ পানীয় তৈরির রেসিপি দিয়েছেন তিনি।
প্রণালি
এক গ্লাস পানিতে ৫ থেকে ৭ টি পুদিনা পাতা মিশিয়ে নিন। ১ টেবিল চামচ জিরা ও জোয়ান মেশান। মিশ্রণটি অল্প আঁচে ফুটিয়ে নিন। তারপর তা গরম গরম পান করুন।
পানীয় পানের সময় ও উপকারিতা
এ পানীয় সকালে ঘুম থেকে উঠেই পান করা ভালো। তবে সকালে সময় না পেলে দিনের যেকোনো সময় পান করতে পারেন। যখনই পেটভার লাগবে, তখনই এটি পান করুন। এই পানীয় থাইরয়েড, অ্যাসিডিটি, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, হরমোনের ভারসাম্যহীনতা, কোষ্ঠকাঠিন্য কাটাতে উপকারী।




