দেশীয় পণ্যের পরিচিতি বাড়ানো, স্থানীয় উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ এবং ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের বিকাশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিকের ‘এক জেলা এক পণ্য ২০২৬’ শিল্পমেলা। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। একই আয়োজনে এ বছরের জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কারও দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ের বিসিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বেনজীর আহমেদ।
বিসিক চেয়ারম্যান বলেন, দেশের বিভিন্ন জেলায় প্রায় সারাবছরই উত্যোক্তাদের নানা পণ্য নিয়ে বিভিন্ন মেলা অনুষ্ঠিত হয়। তবে এবারই প্রথমবারের মতো ‘দেশ থেকে বিশ্বে’ স্লোগান সামনে রেখে এক জেলা এক পণ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বেলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ‘এক জেলা এক পণ্য’ শিল্পমেলার আয়োজন করা হচ্ছে। মেলায় দেশের ঐতিহ্যবাহী শিল্প, দেশীয় পণ্য, স্থানীয় উদ্যোক্তা ও কারুশিল্পীদের সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য ৬৪টি স্টল থাকবে। পাশাপাশি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের পৃথক কর্নার, ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের প্রদর্শনী এবং হস্ত ও কারুশিল্প তৈরির সরাসরি কার্যক্রম দেখার সুযোগ থাকবে। প্রত্যেক জেলার নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, উৎপাদন সক্ষমতা ও বিশেষায়িত পণ্য রয়েছে। জামদানি, তাঁত, নকশিকাঁথা, মৃৎশিল্প, বাঁশ-বেতের সামগ্রী, পাটজাত পণ্যসহ বিভিন্ন কৃষি ও খাদ্যভিত্তিক পণ্যের অনেকগুলোরই জাতীয় ও আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত পরিচিতি তৈরি হয়নি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, বিসিক জেলাভিত্তিক মেলা করে এবং এখন বিসিকের একটি ক্যালেন্ডার আছে। বিসিক ভবনে প্রতিমাসেও মেলা বসে। কিন্তু এত বৃহৎ পরিসরে এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিসিক বড় পরিসরে এই প্রথম জাতীয় পর্যায়ের মেলার আয়োজন করতে যাচ্ছে। মেলায় অংশ গ্রহণ করতে উদ্যোক্তাকে কোন ফি দিতে হবে না। কারণ মেলার মূল উদ্দেশ্য- গ্রামীণ অর্থনীতিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা।
বিসিক জানিয়েছে, এ বছর পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনকে জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার দেওয়া হবে। এরমধ্যে শ্রেষ্ঠ কারুশিল্পী- কারু রত্ন একটি, দক্ষ কারুশিল্পী- কারু গৌরব পাঁচটি। ক্ষুদ্র ও নৃগোষ্ঠী দক্ষ কারুশিল্পী- কারু কিরণ দুইটি, দক্ষ নারী কারুশিল্পী- কারু জ্যোতি দুইটি এবং তরুণ দক্ষ কারুশিল্পী- কারু প্রতিভা দুইটি। দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্প সংরক্ষণ, বিকাশ এবং কারুশিল্পীদের সৃজনশীলতা, দক্ষতা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই এই পুরস্কার দেওয়া হবে।
বিসিকের প্রত্যাশা, মাটির সামগ্রী, নকশিকাঁথা, জামদানি, তাঁত, বাঁশ-বেত, পাটজাত পণ্য, কাঠ ও ধাতুর কারুশিল্পসহ বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে অসংখ্য কারুশিল্পীর শ্রম ও সৃজনশীলতা জড়িয়ে রয়েছে। তাঁদের দক্ষতা ও অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে কারুশিল্পের সঙ্গে সম্পৃক্ত করতে এ পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলন শেষে মেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানসংক্রান্ত তথ্য সহজে সবার কাছে পৌঁছে দিতে এ সংক্রান্ত একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এতে আয়োজনের উদ্দেশ্য, কর্মসূচি, অংশগ্রহণের বিবরণ, বিভিন্ন ঘোষণা ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।


