মৃত্যুর দুবছর পর মামলার আসামি দুই জনপ্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে দুই জনপ্রতিনিধিকে। তাদের একজন মারা গেছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে এবং অন্যজন ডিসেম্বরে। পুলিশের করা মামলায় তাদের নাম দেখে বিস্মিত, ক্ষুব্ধ ও বিব্রত স্বজন।

গত মঙ্গলবার শ্রীপুর থানার এসআই মোশাররফ হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। এতে ১১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ৯১ নম্বর আসামি শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আজগর এবং ১০৪ নম্বর আসামি গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইদ্রিস আলী। পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের বাসিন্দা আজগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। অন্যদিকে, উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের ইদ্রিস গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মামলার এজাহারে বলা হয়েছে, ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

তবে মামলার আসামির তালিকায় মৃত দুই জনপ্রতিনিধির নাম দেখে হতবাক তাদের স্বজন। ইদ্রিস আলীর স্ত্রী মোরশেদা বেগম বলেন, এটা কোন ধরনের আইন। মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে এতে সমস্যা নেই। এবার কবর থেকে তুলে নিয়ে আমার স্বামীকে ফাঁসি দেওয়া হোক।

ইউপি সদস্যের ভাই স্কুলশিক্ষক মোক্তার হোসেন বলেন, একজন মৃত ব্যক্তি কীভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারেন! ভাইকে হারানোর শূন্যতা এমনিতেই অনেক কষ্টের। এখন নতুন করে আরেকটি কষ্ট পেলাম। একজন মানুষ মারা যাওয়ার পরও যদি এভাবে মামলার আসামি হন, তাহলে পরিবারের সদস্য হিসেবে বিষয়টি মেনে নেওয়া কঠিন।

মামলার বাদী এসআই মোশারফ হোসেন বলেন, শ্রীপুর থানায় আমি ২৫ দিন আগে যোগদান করেছি। মামলা করার আগে স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়েছিলাম। তারা ভুলক্রমে ওই দুজনের নাম বলেছিল। তবে তথ্যটা জানার পরপরই বিষয়টি লিখিতভাবে আদালতকে জানানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, মামলায় আসামির সংখ্যা অনেক। কীভাবে মৃত ব্যক্তিদের নাম আসামির তালিকায় এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী মামলা থেকে তাদের নাম বাদ যাবে।

গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) শফিকুল ইসলাম বলেন, এটা একটা ভুল। স্থানীয়দের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে মৃতদের নাম এসেছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর