ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ৭২৬টি হামলা চালিয়েছে তারা। এসব হামলায় ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবার বরাতে এ তথ্য জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি। তিনি বলেন, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা।
মাজেদ আল-নুজাইলি আরও দাবি করেন, এসব হামলায় হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বিভিন্ন রণাঙ্গনে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনী হুথিদের হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও রসদ সরবরাহে ব্যবহৃত বহর লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।
ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ অভিযান চালানো হচ্ছে। হুথিদের বিরুদ্ধে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান জোরদার হয়েছে। অন্যদিকে হুথিরাও সৌদি আরব লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।
শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু।
তবে সরকারি বাহিনীর দেওয়া হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


