রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি চেয়েছেন ইসলামী বক্তা কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহীর সিটি বাইপাস রোডে অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
আমির হামজা বলেন, ‘দেশের যে আইন আছে, সেই আইনে রামিসা, আছিয়া, তানিয়ার বিচার হবে না। এই দেশে যদি সত্যিই ধর্ষণের বিচার করা লাগে তাহলে কোরআনে সুরা আন-নূরের আয়াতের আলোকে বিচার করা লাগবে। এই আয়াতটা সংসদে কার্যকর করে দেন। তাহলে বাংলাদেশের যুবকদের ধর্ষণ তো দূরের কথা স্বপ্নদোষও বন্ধ হয়ে যাবে।’
আমির হামজা বলেন, ‘এটা কোনো ওয়াজ মাহফিল, তফসিরুল মাহফিল না, সংসদে গলাবাজি করা না, কোনো মঞ্চে বক্তব্য, বিবৃতি কিংবা মানববন্ধন করা না। ধর্ষণ জীবনেও বন্ধ হবে না, যদি শরিয়তের আইন বাংলাদেশে কায়েম না করা যায়।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনারও একটা মেয়ে আছে। এই রামিসাকেও নিজের মেয়ের মতো মনে করেন তো? রামিসার জায়গায় যদি আপনার মেয়েটা হতো। তাহলে বাংলাদেশে কী অবস্থা হয়ে যেত এতক্ষণ? আমার মনে হয়, ধর্ষক যেখানেই থাকুক তাকে ধরে নিয়ে এসে ১৪ টুকরা করে ফেলতেন। আমিও বাবা। আমারও তিনটা মেয়ে আছে। রামিসার দিকে তাকালে আমার মেজো মেয়ের কথা মনে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মানুষ এত নিচে নামে কী করে। আপনি কোন রুচিতে পাঁচ-ছয় বছরের মেয়েকে ধর্ষণ করলেন, আবার মেরেও ফেললেন। মানুষ নামের এই জানোয়ার গুলোর বিচার শুধু জেল দিয়ে, জরিমানা দিয়ে হবে না। এদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া লাগবে।’
মিরসরাইয়ে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাড়িতে মাদক সেবন নিয়ে বাবা আহমদ ডিলারের সঙ্গে মিলনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে তার বাবাকে মারধর করে। এতে গুরুতর আহত হন আহমদ ডিলার। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত আহমদ ডিলার (৭০) উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইব্রাহীম হোসেন মিলন মাদকাসক্ত জীবনযাপন করছিল। এছাড়া বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা অমান্য করে সে ক্রমেই বেপরোয়া হয়ে ওঠে।
ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে অভিযুক্ত মিলনকে আটক করে। একই সঙ্গে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, ‘পিতাকে মারধর করে হত্যার অভিযোগে ছেলেকে আটক করা হয়েছে। অভিযুক্ত ছেলে মাদকাসক্ত। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’




