জমিসংক্রান্ত বিরোধের জেরে রাজবাড়ীর কলেজছাত্র ফুয়াদ চৌধুরী হাসান রোহানকে শ্বাসরোধে হত্যা করা হয়। গতকাল শনিবার ভোরে তিনজনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে গতকাল দুপুরে অগ্নিসংযোগ করেছে।
ফুয়াদ চৌধুরী হাসান রোহান (১৯) উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ফরহাদ চৌধুরীর ছেলে। তিনি রাজবাড়ী শহরের একটি বেসরকারি টেকনিক্যাল ইনস্টিটিউটের দ্বাদশ শ্রেণিতে পড়তেন। গত ৫ অক্টোবর বিকেলে নিখোঁজ হন রোহান। গত বৃহস্পতিবার বিকেলে রঘুনাথপুর গ্রামের একটি ডোবায় পাওয়া যায় তাঁর বস্তাবন্দি মরদেহ এ ঘটনায় গত শুক্রবার ফরহাদ চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী থানায় হত্যা মামলা করেন।
গতকাল ভোরে পুলিশ একই ইউনিয়নের বক্তারপুর গ্রামের দুলাল সরদারের ছেলে ফিরোজ সরদার বাবু (৩৪), গণি সরদারের ছেলে রিয়াজ সরদার (২৩) ও সমেশপুর গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে মো. শরীফকে (২৭) গ্রেপ্তার করে। এদিন দুপুর ১টায় রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, হত্যাকাণ্ডের পর থেকেই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও হত্যা রহস্য উদঘাটনে কাজ করছিল পুলিশ। তিনি বলেন, জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে রোহানকে ডেকে নিয়ে প্রথমে গামছা ও টিশার্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ যেন পানিতে ভেসে না ওঠে, সে জন্য চাকু দিয়ে পেট কেটে বস্তায় ভরে ডোবায় ডুবিয়ে রাখা হয়। জড়িত ব্যক্তিরা মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তারা হত্যায় ব্যবহৃত টিশার্ট, গামছা ও ছুরি জব্দ করেছেন।
এদিকে গ্রেপ্তারের পর দুপুর পৌনে দুইটার দিকে একদল বিক্ষুব্ধ জনতা বক্তারপুর গ্রামের দুলাল সরদার, লাল সরদার ও ফিরোজ সরদারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়িতে থাকা লোকজন পালিয়ে যান। কাছাকাছি সময়ে সমেশপুর গ্রামের সিদ্দিক মণ্ডলের বাড়িতেও আগুন দেওয়া হয়। এতে পাঁচটি বসতঘর পুড়ে গেছে বলে জানা গেছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বিকেল ৫টার দিকে জানান, দুপুর ১টা ৫০ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। তাৎক্ষণিক তারা রওনা হয়েছিলেন। পথে বিক্ষুব্ধ জনতা তাদের বাধা দেয়। পরে তাদের কাছে কাকুতি মিনতি করে ঘটনাস্থলে যেতে পারেন। একই জায়গায় দুটি বাড়িতে ও দুই কিলোমিটার দূরে আরেকটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, বিক্ষুব্ধ এলাকাবাসী আসামিদের বাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


