কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা নিয়ে চিন্তিত নয় বিএনপি। বাংলাদেশকে চাপে রাখতে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটিকে যে শক্তি নিয়ন্ত্রণ করছে, তাদের মোকাবিলায় রাজনৈতিক ঐক্য চায় সরকার। এতে সাড়া দিয়ে এনসিপি গণভোটের ফল অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ কয়েকটি দাবি তুলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। ঐক্যের মাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিয়েছেন তিনি। সরকারপ্রধান এবং এনসিপির নেতাদের বৈঠকে উপস্থিত সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘এখন লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়। আমরা তাদের ৫ আগস্ট পরাজিত করেছি। এখন লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। কারণ দেশটি আওয়ামী লীগকে ব্যবহার করে সীমান্তের ওপার এবং ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ফলে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় জনগণকে, রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে।’
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ দলের পক্ষে অংশ নেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দীন অপু। প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন নেতারা।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং নাহিদ ইসলাম পৃথকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মাহদী আমিন বলেন, মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় জানিয়েছে সরকার।জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে দৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। নতুন করে তা গড়ার প্রয়োজন নেই; সরকার সেই ঐক্য আরও সুসংহত করতে চায়।
মাহদী আমিন বলেন, এনসিপির প্রতিনিধি দল তাদের বক্তব্য তুলে ধরেছে। প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা হয়েছে। বৈঠকে কোনো শর্ত ছিল না।
নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা ওসমান হাদির খুনিদের দেশে এনে বিচার এবং শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের রায় কার্যকর করার বিষয়ে প্রধানমন্ত্রীকে বলেছি।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে বলেছি, কী কী করলে ঐক্য সুদৃঢ় হবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে থাকা সব শক্তিকে এক জায়গায় এনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, তার একটা ভিত্তি এবং রোডম্যাপ প্রস্তুত করা উচিত। শুধু ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য হলে তা কাজ করবে না। আমাদের একটা দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন।’
নাহিদ ইসলাম বলেন, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি, সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে। কিছুদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি, জনগণের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস থেকে কীভাবে উত্তরণ ঘটানো সম্ভব; এসব বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর জায়গা থেকে ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।
নাহিদ বলেন, ‘আমরা বলেছি, বর্তমান পরিস্থিতি এক দিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘ঐক্যের প্রশ্নে অবশ্যই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়িয়ে জেলা পর্যায়েও আদালত করার কথা বলেছি। সংবিধান সংশোধন কমিটি বাতিল চেয়েছি। জুলাই যোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিতের কথা বলেছি।’ তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি বিবেচনার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
নাহিদ বলেন, বাংলাদেশে যা কিছু হচ্ছে, এর সঙ্গে ভারত সরাসরি সম্পৃক্ত। বৈশ্বিকভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা মিস-ইনফরমেশন ক্যাম্পেইন চালানোর চেষ্টা করছে। বাস্তবে ভারতই এখন সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ। আমাদেরও বৈশ্বিকভাবে তুলে ধরতে হবে ভারতে সংখ্যালঘুরা নির্যাতিত। সরকার যেন দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার-দরগাহর সুফি, সংস্কৃতিকর্মী– সব সামাজিক শক্তির সঙ্গে বসে আলোচনা করে।
আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তারপর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে, বাসে আগুন দিয়েছে। গত ১৫ থেকে ১৮ নভেম্বর চার দিন দলটির কর্মী-সমর্থকরা গোপালগঞ্জে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর করেছে; থানায় আগুন দিয়েছে। বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িঘর পুড়িয়েছে। তারা হাসপাতালেও হামলা করেছে। এর রেশ ধরে নড়াইলের কালিয়া, পাবনার বেড়ায় সংঘর্ষ, হামলা ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বৈঠকে উপস্থিত উভয় পক্ষের সূত্র সমকালকে জানিয়েছে, প্রধানমন্ত্রীর কাছে আওয়ামী লীগ ও তার কর্মকাণ্ডকে খুব বেশি গুরুত্ব পায়নি। যারা আওয়ামী লীগকে দিয়ে এসব কাজ করাচ্ছে তাদের কীভাবে মোকাবিলা করা যায়; তাতে গুরুত্ব দিয়েছেন তিনি।
এনসিপির দাবি সংস্কার
এনসিপি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারে দাবি তুলে ধরেছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ অনুযায়ী বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার, সংসদের উচ্চকক্ষ, সাংবিধানিক প্রতিষ্ঠান-সংক্রান্ত সংস্কার বাস্তবায়নে কথাও বলে তারা।
সংস্কার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান স্পষ্ট। নির্বাচনী ইশতেহার ও নির্বাচনী পথযাত্রায় বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে, ‘নোট অব ডিসেন্ট’-এর বিষয়গুলোসহ তা শতভাগ বাস্তবায়ন করা হবে।
তবে বৈঠক সূত্র জানায়, এসব বিষয়ে প্রধানমন্ত্রী বিস্তারিত কথা বলেননি। তিনি ঐক্যের ওপর জোর দেন এবং বলেন, ঘরে সাপ রেখে অন্য কাজ হয় না। জবাবে এনসিপির তরফ থেকে বলা হয়, সাংবিধানিক সংস্কার হলে ফ্যাসিবাদ আর ফিরবে না।
ভারত থেকে চালানো গুজবে উদ্বেগ
ভারত থেকে চালানো বাংলাদেশবিরোধী গুজব, অপতথ্য ছড়ানো নিয়ে এনসিপি উদ্বেগ প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কাছে। তারা বলেন, আওয়ামী লীগ এবং ভারত একজোট হয়ে বাংলাদেশ, বিএনপি, এনসিপি, জামায়াত এবং জুলাইপন্থিদের বিরুদ্ধে লাগাতার গুজব তথ্য ছড়াচ্ছে। এটি মোকাবিলায় সরকারের দিক থেকে বড় কাজ নেই। আসন্ন স্থানীয় নির্বাচনের প্রসঙ্গও আসে আলোচনায়। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, নির্বাচনে সরকারের হস্তক্ষেপ থাকবে না।
আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া বাংলাদেশ ও ভারতের গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কাছে সরকারের অবস্থান জানতে চান এনসিপি নেতারা। এনসিপি চুক্তি নবায়নে জোর দিতে পরামর্শ দেয়।
সবাইকে নিয়ে সংলাপ
গত ১৮ নভেম্বর সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের যে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছিল, এর ধারাবাহিকতায় নাহিদ ইসলামের সঙ্গে গতকাল বৈঠক করেন সরকারপ্রধান।
গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোকে ঐক্যের সংলাপে আমন্ত্রণ জানাতে বিএনপি দলীয়ভাবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যোগাযোগ করছে। তারা জানিয়েছেন, জামায়াতের আমির শফিকুর রহমান আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার পর আনুষ্ঠানিক সংলাপের দিনক্ষণ ঠিক হবে। সম্ভাব্য সময় ২৭ বা ২৮ নভেম্বর।
বিএনপি এবং অন্যান্য দলের সূত্র জানিয়েছে, আর কোনো দলের সঙ্গে আলাদা করে বৈঠকের সম্ভাবনা নেই। বিরোধীদলীয় নেতা সব দলকে নিয়ে সংলাপের পরামর্শ দিয়েছিলেন। এনসিপি নেতারাও গতকাল একই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীকে।


