সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেটে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হ্যান্ডকাফ ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় তার মাথায় হেলমেটও ছিল।

আগের দিন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জিয়াউল আহসানকে কেন হাতকড়া ছাড়া আদালতে হাজির করা হচ্ছে— এ প্রশ্ন তুলে সংসদে ক্ষোভ জানিয়েছিলেন বিএনপির সংসদ‌ সদস‌্য তাহসিনা রুশদীর লুনা। তিনি রোববার সংসদের বৈঠকে পয়েন্ট অফ অর্ডারে বলেন, ‘জিয়াউল আদালত প্রাঙ্গণে যে অঙ্গভঙ্গি এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, তাতে মনে হচ্ছে তিনি আনন্দভ্রমণে বের হয়েছেন। পুলিশ তাঁকে প্রটোকল দিচ্ছে।’

তাঁর এ বক্তব্যের পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘জিয়াউল আহসান এই সুযোগ আর পাবেন না।’ এ ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করেন মন্ত্রী। সংসদে এ নিয়ে আলোচনার পরদিন আজ জিয়াউল আহসানকে হ্যান্ডকাফ ও বুলেটপ্রুফ জ্যাকেটে পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো।

সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ১০ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে বেলা ১২টার দিকে হাজির করা হয় জিয়াউল আহসানকে। প্রিজনভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্য আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

এ মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি আগেই শেষ হয়েছে। আজ আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি চলছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রথমে হুইলচেয়ারে করে এজলাসে নেওয়া হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। এরপর সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে স্বাভাবিকভাবে এজলাসে নেওয়া হয়। অন্য আসামিদের দুপুর ১২টা ৫৫ মিনিটে এজলাসে নেওয়া হয়। তাঁদের আদালতে হাজিরের সময় ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এপিবিএন সদস্যরা আসামিদের দুই পাশে অবস্থান নেন। সামনে ও পেছনে ছিলেন পুলিশের অন্য সদস্যরা।

ট্রাইব্যুনালে হাজির করা ১১ আসামি হলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর