জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণকে দিতে চায় সরকার: সাইমুম পারভেজ

জলবায়ু খাতে সরকারের উদ্যোগের ফলাফল সুনির্দিষ্ট সংখ্যা ও পরিমাপযোগ্য অর্জনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, বর্তমান সরকার বাস্তব পরিবর্তন আনতে এবং প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।

আজ সোমবার তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও কৃষি-খাদ্যব্যবস্থার রূপান্তরে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বাংলাদেশে বিনিয়োগের পথ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সাইমুম পারভেজ বলেন, অতীতে এই খাত নিয়ে অনেক আলোচনা ও প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। বর্তমান সরকার এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের লক্ষ্য হচ্ছে এমন ফলাফল অর্জন করা, যা জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনবে এবং সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে মূল্যায়ন করা যাবে।

তিনি আরও বলেন, এই খাতে কী পরিবর্তন এসেছে এবং কতটুকু অগ্রগতি হয়েছে, তার সুস্পষ্ট হিসাব জনগণকে দিতে চায় সরকার। সে লক্ষ্যেই নিরলসভাবে কাজ চলছে, যাতে পাঁচ বছর পর জনগণ পরিমাপযোগ্য অর্জনের ভিত্তিতে সরকারের কাজ বিচার করতে পারেন এবং সেই মূল্যায়নের ভিত্তিতে আবারও ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেন।

বক্তব্যে তিনি স্থানীয় জনগোষ্ঠীর চাহিদাভিত্তিক অভিযোজন, কার্যকর জলবায়ু অর্থায়ন এবং টেকসই কৃষি-খাদ্যব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের সহনশীলতা বাড়াতে স্থানীয় পর্যায়ের প্রয়োজনের সঙ্গে অর্থায়ন ও বিনিয়োগের সংযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর