যুক্তরাষ্ট্রের শুল্কচাপ সামাল দিতে চীনের সঙ্গে বাণিজ্য বাড়াচ্ছে কানাডা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে অর্থনৈতিক চাপের মুখে পড়েছে কানাডা। বিশেষ করে মোটরগাড়ি, কৃষি ও উৎপাদনশিল্পের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্যিক অংশীদার খুঁজছে দেশটি। এ লক্ষ্যেই চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

সোমবার চীনের শেনঝেনে প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, শুল্ক হ্রাস, বিনিয়োগ এবং কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোচনা ও সমঝোতা হয়।

সমঝোতা অনুযায়ী, কানাডার মাছ, চিংড়ি ও সামুদ্রিক খাদ্যপণ্যের ওপর শুল্ক কমাতে সম্মত হয়েছে চীন। এতে প্রায় ৪০ কোটি কানাডীয় ডলারের রপ্তানিপণ্য শুল্কছাড়ের সুবিধা পাবে। পাশাপাশি দুই দেশের মধ্যে অধিকাংশ পণ্যের বাণিজ্যে শুল্ক হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে বৈদ্যুতিক গাড়ি শিল্প নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। কানাডা চীনের বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ১ শতাংশ করেছে। প্রাথমিকভাবে বছরে ৪৯ হাজার গাড়ি আমদানির সুযোগ রাখা হয়েছে। বিনিময়ে কানাডায় গাড়ি উৎপাদন, কারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগের প্রত্যাশা করছে অটোয়া।

চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিদেশি হস্তক্ষেপ, জাতীয় নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে উদ্বেগও রয়েছে কানাডার। অতীতে নির্বাচনে চীনের কথিত হস্তক্ষেপের অভিযোগে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। তবে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগের পাশাপাশি এসব বিষয়েও সতর্ক অবস্থান নিয়েছে কানাডা।

কানাডা সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে চীনে রপ্তানি ৫০ শতাংশ বাড়ানো। এ জন্য নতুন বিনিয়োগ, কৃষিপণ্য রপ্তানি, প্রযুক্তি ও শিল্প খাতে সহযোগিতা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ওপর বাণিজ্যিক নির্ভরতা কমানো এবং অর্থনীতির জন্য নতুন বাজার তৈরির কৌশলের অংশ হিসেবেই চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে কানাডা। তবে এ উদ্যোগের সফলতা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এবং চীনের সঙ্গে জাতীয় নিরাপত্তার ভারসাম্য বজায় রাখার ওপর।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর